
আছে-এ-এ পুরোনো শিশি, বোতল, কাগজ...।
এমন একটা হাঁক শোনা গেল। কিন্তু চোখে পড়ল না কাউকে। না বাঁ, না ডান দিকে।
রাস্তাটা ফাঁকা। অবাক হওয়ার কথা। এ রাস্তা এই সকালে এত ফাঁকা কেন, তার কারণ খুঁজতে গিয়ে প্রশ্ন জাগে, আজ কী বার?
প্রশ্নের উত্তর ডান ও বাঁ—দুদিক থেকেই পাওয়া যাবে। বাঁয়ে রয়েছেন মোবাইল ফোন মহাশয়। তাঁর পেট থেকে বারের নাম বের করতে হলে বুদ্ধি খাটাতে হবে। ডানে খুবই অলস ভঙ্গিতে শুয়ে আজকের খবরের কাগজ। বেচারা। তাকে ছোঁয়াও হয়নি। রয়েছেন একেবারে ভাঁজ না ভাঙা অবস্থায়, চিত হয়ে।
হেলান থেকে সামনে খানিকটা ঝুঁকে সহজেই বারের নাম পাওয়া গেল। ওপরে, কপালেই লেখা শনিবার। শনিবারে রাস্তা ফাঁকা থাকে—এ রকম কখনো কেউ দেখেছে, বলতে পারবে না।
এটা পাড়ার ভেতরের একটা রাস্তা। তবু কখনো রাস্তাটা এমন ফাঁকা থাকে না। স্রোতের মতো রিকশা যায়-আসে। সেই স্রোতের মধ্যে নানান পদের গাড়িরও যাওয়া-আসা চলে। কত রকমের যানবাহন। তিন চাকার বাচ্চাভর্তি স্কুলের খাঁচা যায়। সবজির ভ্যান, ওষুধের গাড়ি, হঠাৎ হঠাৎ অ্যাম্বুলেন্সও যায়। ময়লার গাড়ি ও ঠেলা যায়। রোজ সাইরেন বাজিয়ে যায় মন্ত্রীর গাড়িও।
মাঝেমধ্যে যানবাহনে একেবারে ঠাসাঠেসি হয়ে যায়। এক পা-ও চলতে না পারার দশায় পড়তে হয় সবাইকে। সেই থেমে থাকা স্রোতে সবকিছুকে মাছের মতো মনে হয়। কখনো কখনো দেখা যায়, নানান আকৃতি ও নানান রঙের মাছের মধ্যে দু-তিনটে বিশালদেহী চার চাকার তিমি আটকে আছে। তাদের পেটভর্তি মানুষ। অন্য রাস্তায় ভিড় দেখে চালাকি করে এ রাস্তায় ড্রাইভারগুলো ঢুকে পড়ে। আটকায় যখন, বুঝতে পারে চালাকিটা কাজে লাগেনি। বরং দু-তিনজনের চালাকিতে পুরো রাস্তার মানুষের ভোগান্তি হয় ত্রিগুণ।
: আছে-এ-এ পুরোনো শিশি, বোতল, কাগজ...।
সেই হাঁকটা আবার শোনা গেল। এবারও চোখে পড়ল না কাউকে। না বাঁ, না ডান দিকে।
এই জানালার বয়স ১১ বছর। চেয়ার-টেবিল সমবয়সী প্রায়। কৃষ্ণচূড়াগাছটার বয়স জানা নেই। জানা নেই রাস্তার বয়সও। বয়স দূরে থাক, আজ এই দিনে যেমন করে রাস্তাটাকে দেখা হলো, সেটাই তো আজকের আগে কখনো হয়ে ওঠেনি। রাস্তা বেয়ে যা ঘটে, নিত্য দেখা হয়।
দেখা হয়নি রাস্তাটাকেই। মনে হচ্ছে, আজ সে-ই সবাইকে বলে দিয়েছে, ‘অন্য পথে যাও। আমি বিশ্রাম নেব।’ শুয়েই আছে। ডাকলে পাশ ফিরবে মনে হয়।
কী যেন নাম রাস্তাটার। সব রাস্তার মুখে অনেক কায়দা করে নাম লিখে রাখা। প্রায় পুরো শহরই ওই রকম। কায়দা মনে আসছে, রাস্তার নাম মনে আসছে না।
হাউকাউ করতে করতে আচানক একদল কাক এল। কেন তারা এল, সেটা বুঝতে বেশি দেরি করতে হলো না। দুই চাকার ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে এল এক নারী। ময়লা সাফ করতে। হাতে ঝাড়ু। রোজ আসার সময়টি ঠিক থাকে না তার, কিন্তু আসে। আজ রাস্তা ফাঁকা বলে কোথায় কোন ময়লা-আবর্জনা পড়ে আছে, সব বেশি করে চোখে পড়ছে।
সামনে বাঁ দিকে এই রাস্তা আড়াআড়ি আরেকটা রাস্তায় মিশেছে। মিশে যাওয়ার কোনাটায় কাঁচাপাকা চুলের একজন চা বিক্রি করে। সব সময় ভিড় থাকে ওখানটায়। ভিড় হয় বলে আবর্জনা জমে যায়। এ পাড়ার কাকেরা ওই জায়গাটাকে বেশি পছন্দ করে। কাকেরা চুপচাপই ছিল। ওই ময়লা কুড়ানো নারী আসামাত্রই আন্দোলনে নেমে গেল। সেটা দীর্ঘস্থায়ী হলো না। নারী যদি তার বাঁয়ে মোড় নিত, হয়তো স্লোগান, প্রতিবাদের মাত্রা বাড়তে পারত; কিন্তু সে সেদিকে না গিয়ে উল্টো দিকের কোনো কিছুর টানে এগিয়ে যায়।
ওদিকটায় একটা বাড়ি তৈরি হচ্ছে। তার কোনায় রোগা ধরনের এক সিগারেটওয়ালা বসে। সিগারেটের সে দোকানে পান বিক্রি হয়, রুটি-বিস্কুটও ঝোলানো থাকে।
এখন রাস্তাকে সাদাকালো একটা স্থিরচিত্রের মতো লাগছে। ফাঁকা রাস্তাটার প্রায় মাঝ বরাবর ডান দিকে দুই চাকার ময়লা কুড়ানো ঠেলাগাড়ি। তার হাতলে সতর্ক পাহারায় একটি কাক। আর বাকি পাঁচটি কাক অযথা রাস্তায়ই। সবারই বিহ্বল ভঙ্গি। ডান দিকে ময়লা কুড়ানো নারীটি। ছায়ার নিচে বলে খুব চোখে পড়ে না।
>এ তো সেই গল্প ফেরিওয়ালার ঝুড়ি। যেন লোকটা চিনে ফেলাটা বুঝতে পারে। হাঁক বাদ দিয়ে দাঁড়িয়ে পড়ে। একটু মুখ উঁচু করে তাকায় দূরের জানালায়।
না বলেকয়েই এক ঝাপটা বাতাস কোত্থেকে এ পথ ধরে উড়ে গেল। বেশ কিছু পাতা ঝরে যাওয়ার অপেক্ষায় ছিল। তারা ঝরে পড়ে। পথে পড়ার আগে ঘুরপাক খায় কেউ। কেউবা ধীরে হেলেদুলে নামে। কাকদের বোধ হয় এই পাতা ঝরে পড়া পছন্দ হয় না। অথবা কাজ নেই বলে ‘কাইজ্জার’ ঢঙে হইচই করল কিছুক্ষণ।
এ রাস্তায় দুই পাশজুড়ে কৃষ্ণচূড়ার মতো অসংখ্য ফুলের গাছ থাকলে সামান্য হাওয়ার যাওয়া-আসায় ফুল ঝরে পড়তে পারত। আশপাশের বাড়ির বউ-ঝিরা হয়তো ফুল কুড়াতে আসতে পারত। আজকাল সবার কোঁচড় থাকে না। তবু মুঠো ভরে ফুল নিয়ে যেত সবাই। তাদের সমবেত আনন্দে ঝরে পড়া ফুলের বেদনা উধাও হয়ে যেত নিমেষেই।
সিগারেটের ঠোঙা, চানাচুরের প্যাকেট, ডাবের বা কলার খোসা, পলিথিনের ঠোঙার ওড়াউড়ি না থাকলে ফুল আর ঝরা পাতার সৌন্দর্যের টানে শিশুরাও কোলাহল করে বেরিয়ে আসত। তাদের জন্য হাওয়াই মিঠাইওয়ালা, আইসক্রিমওয়ালা, ফিতে-চুড়িওয়ালারা ফেরি করতে হাজির হয়ে যেত। টুংটাং ঘণ্টা বাজত, কাচের চুড়ির আওয়াজ আর ঘুঙুরের শব্দের মতো অসংখ্য রঙের হাসিতে রোজকার দেখা এ রাস্তা অদেখা এক রাস্তায় পরিণত হয়ে যেত। এ রাস্তা হয়ে উঠতে পারত স্বর্গের এক টুকরো।
মেলার মধ্যে মাথায় ঝুড়ি নিয়ে কটকটি বিক্রেতা আসতে পারত। মাটির পুতুল, ঘোড়া, ঘড়া—এসবও পাওয়া যেত সে মেলায়। পাওয়া যেতে পারত দড়ি ধরে টানা মাটির গাড়ি। পাওয়া যেত সুতো টেনে চলানো রঙিন কাগজের কুমির।
আলতাবিক্রেতা থাকলে অবাকের ভিড়টা সেদিকেই থাকত সবচেয়ে বেশি। ডুগডুগি বাজিয়ে বানরওয়ালার আগমন ঘটলে অবাক মেশানো আনন্দ দ্বিগুণ হয়ে ঘুরত তার দিকেই।
এত কিছু যদি থাকে, একটা নাগরদোলা না থাকলে চলে না।
ঘুরছে নাগরদোলা, ঘুরছে। কাঠ থেকে বের হওয়া অদ্ভুত রকমের ঘোরার শব্দ আর নাগরদোলায় চড়া ছোট-বড়দের হাসি, চিত্কার, ভয়ের অজস্র রকম শব্দে মেলার ছবি সম্পূর্ণ হয়ে যায়।
একজন ফেরিওয়ালা খুব বিষণ্নমুখে হইহুল্লোড়ের মধ্য দিয়ে হেঁটে চলছে। ঘুরে ঘুরে কী দেখছে সে-ই জানে। অসহায় দেখায়। কী করবে বুঝে উঠতে পারছে না। খানিকটা ক্লান্তও। একটু ভিড় কম—এমন একটা জায়গা বেছে নিয়ে লোকটা বসে পড়ে। ঝুড়িটা নামায়। মাথার গামছাটা গুটিয়ে রাখা থেকে খুলে লম্বা করে গলার দুই পাশে ঝুলিয়ে দেয়। গামছার এক প্রান্ত দিয়ে ঘাম মুছল। ঝুড়িতে উঁকি দিয়ে তেমন কিছু চোখে পড়ে না। তবু মাছি আসে। লোকটা বিরক্ত হয়ে মাছি তাড়ায়।
: কী আছে ভাই ঝুড়িতে?
: গল্প, গল্প আছে।
ঝুড়ির দিকে তাকিয়ে থাকা দেখে লোকটা বলে, ‘আমার দিকে তাকান।’
গলা রুক্ষ নয়। তবে ঝাঁজ আর বেশ জোর আছে। জোর মানে চড়া গলা নয়। ভালো মানুষের জোর। ভালোমানুষির জোর।
: নিতে চাইলে নিতে পারেন। ঘুরে ঘুরে কাহিল। গ্রাহক পাই না। গল্পগুলো আকারে ছোট, তবে সবই তাজা। মুখের কথাকে বিশ্বাস করলে ঠকবেন না।
: কোনটা কেমন; বেছে নিতে হবে। দেখতে তো পাচ্ছি না।
হো হো করে হেসে উঠল গল্পবিক্রেতা বা গল্পের ফেরিওয়ালা। হাসলে লোকটাকে ভালো দেখায়। হাসি শেষ করে কৌতুককর মুখ বানায়।
: গল্প কি দেখা যায়? এত দিনে এ কী কথা বললেন!
বিব্রত হওয়ার মতো কথা। যা বলা হয়ে গেছে, তা ফেরত নেওয়ার উপায় নেই, তাই অস্বস্তিতে কাঁচুমাচু।
: কেমন গল্প চান, বলুন আমাকে। সব রকমেরই পাবেন। শুধু রাজনৈতিক গল্প পাবেন না। বিক্রি করতে বিরক্ত লাগে। সবাই তার ভেতরে স্বার্থ ঢুকিয়ে শিংওয়ালা শিঙাড়া বানিয়ে ফেলে। গল্পগুলোকে কেটে-চিরে এবং ফেড়ে মই বানানোর তামাশা দেখতে হয়। তাই ঝুড়িতে ওই সব গল্প আর তুলি না। তরুণ প্রজন্ম, বৃদ্ধকাল বা আপনার বয়সীদের ভালো গল্পও পেতে পারেন। ঈর্ষা, হিংসা, ক্ষোভের গল্প পাবেন। সবচেয়ে অচল এখন চুরি, ডাকাতি, লুটপাট, খুনখারাবির গল্প। চাইলে এগুলো আপনাকে অর্ধেক দামে দিয়ে দিতে পারি।
আরও অনেক ধরনের গল্পের কথা অকপটে লোকটা বলতে থাকে, বলতেই থাকে। সেই বলাকে ছাপিয়ে হঠাৎ ‘সরো, সরে যাও! সরে যাও!’ বলে সাইরেনের শব্দ ছুটে আসে, আকাশ-বাতাস চমকে দেওয়ার মতো জোর তাপে। যেন শব্দের ভেতরে চোখরাঙানিও আছে। পুরো মেলার রাস্তাটা সেই ধমকদারিতে আগের রাস্তা হয়ে যায়। ময়লা কুড়ানো নারীটি একটু খুঁড়িয়ে চলে। দৌড়ে ঠেলাগাড়িটার কাছে পৌঁছাতে চেষ্টা করলে সেটা বোঝা যায়।
কাকগুলো সেয়ানা। জানে, সাইরেনের সঙ্গে পেরে উঠবে না, তাই মূর্খের মতো গলার জোর দেখাল না, গেল উড়ে। পড়ে আছে ময়লার ঠেলাগাড়িটা। হ্যাঁ, রাস্তার প্রায় মাঝামাঝি, তবু বাঁ দিকে অনেকখানি জায়গা ফাঁকা রয়েছে।
সাইরেন বাজানো গাড়ি এবং তার পেছনের গাড়িগুলো সেই ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারত। গেল না। গতি কমাল। সারিতে তিনটি গাড়ি। দ্বিতীয় গাড়িটা মোটাসোটা রুপালি রঙের। সে গাড়িতে যিনি বসা, ময়লার ঠেলাগাড়ির ওপর তাঁর চোখ পড়ার কথা নয়। কিন্তু অন্য গাড়িগুলোর আরোহীদের চোখ-কান খোলা রাখতে হয়। তাদের দায়িত্ব সবকিছু পরিষ্কার রাখা।
ময়লা কুড়ানো নারী তার ঠেলাগাড়ির কাছে পৌঁছাতে পারেনি। পারেনি বলেই প্রচুর পরিমাণে গালিগালাজ, হুকুম আর ধমক বৃষ্টির মতো ঝরল। বোকা সাইরেনের চিত্কার-চেঁচামেচিতে একাকার হয়ে গেল সব।
মন্ত্রী মহোদয় এ পাড়ার কোথাও থাকেন। রোজ আসতে-যেতে তাঁর লোকজন জানান দেয়, উনি আসছেন, উনি যাচ্ছেন। রাস্তায় ভিড় থাকলে বা না থাকলেও একই দৃশ্য প্রত্যহের।
আজ রাস্তাটি ছিল সম্পূর্ণ নতুন এক দিনের। বোকা আর বেয়াড়া সাইরেন সব চুরমার করে দিয়ে দৌড়ে গেল মূল রাস্তায়। সে রাস্তায় গিয়ে সবাইকে সতর্ক করা, সবাইকে এলোমেলো করে দেওয়া সেই বহরের একমাত্র খেয়াল।
১১ বছর বয়সী জানালা থেকে এদিক-ওদিক খুঁজে সেই গল্পের ফেরিওয়ালাকে কোথাও দেখা গেল না। ঝরা পাতাগুলো অসহায়ের মতো পড়ে আছে। সেই ময়লা কুড়ানো নারী, ময়লার ঠেলা রাস্তার পাশে সরিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্বস্তিহীন, ভীতসন্ত্রস্ত মনে হয় তাকে। বোধ হয় কাঁপছেও। আঁচল দিয়ে মুখের ঘাম মোছে। আজ একটা মহা অন্যায় হয়ে গেছে তার।
রাস্তাটা নির্বিকার। তেমনই শুয়ে আছে। নাম ধরে ডাকলে পাশ ফিরবে। কিন্তু এত বছর হেঁটে-চলে রাস্তার নামটাই তো মনে রাখা হয়নি।
: আছে-এ-এ পুরোনো শিশি, বোতল, কাগজ...।
আবার সেই হাঁক। এবার অদেখা থাকল না। ফেরিওয়ালাটা এখন এ রাস্তায়। বাঁ দিক থেকে ঢুকে যাচ্ছে ডানে। গায়ের জামাটা, পরনের লুঙ্গিটা চেনা চেনা। মাথায় যে ঝুড়ি, তার মুখের দিকের পুরো গোলাকার অংশটা প্লাস্টিকের ফিতে দিয়ে বাঁধা ছিল।
এ তো সেই গল্প ফেরিওয়ালার ঝুড়ি। যেন লোকটা চিনে ফেলাটা বুঝতে পারে। হাঁক বাদ দিয়ে দাঁড়িয়ে পড়ে। একটু মুখ উঁচু করে তাকায় দূরের জানালায়। চেনা গেছে দেখে মুখে ফুটে ওঠে হাসি। সে হাসিতে কৌতুক। মাথা নিচু করায় সেই মুখ ও হাসি ঢেকে যায়। ফেরিওয়ালা পা চালায়। আগের চেয়ে জোর গলায়, খনখনে গলায় হাঁক ছাড়ে।
: আছে-এ-এ পুরোনো শিশি, বোতল, কাগজ...।