
খ্যাতির তো বিড়ম্বনাও থাকে। সেই বিড়ম্বনা কি ‘স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর আছে?
এভাবেই শুরু করি কথোপকথন।
প্রশ্ন শুনে হো হো করে হেসে ওঠেন স্টারের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মীর আক্তার উদ্দিন। বলেন, ‘না না, তেমন কিছু না। বরং শুরু থেকেই মানুষের ভালোবাসা আর প্রশংসা নিয়ে পথ চলছে স্টার। দিন যাচ্ছে আর স্টারের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে। মানুষের প্রতি দায়বদ্ধতাই আমাদের কাছে সবার আগে। অন্যদিকে তাই মনোযোগ দেওয়ার সুযোগ কম।’
৭ সেপ্টেম্বর স্টার হোটেলের এলিফ্যান্ট রোড শাখায় বসে বাবা মীর মমতাজ উদ্দিনের গড়ে তোলা এই রেস্তোরাঁ ব্যবসা নিয়ে কথা বলছিলেন তিনি।

যখন শুরু
১৯৬৫ সালের কোনো এক মাসে এক হাজার বর্গফুট জায়গায় মীর মমতাজ উদ্দিন চালু করেছিলেন স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পুরান ঢাকার ঠাটারীবাজার থেকে যাত্রা শুরু। এখন সারা ঢাকায় ডানা মেলেছে স্টার। অবশ্য এই রেস্তোরাঁ ব্যবসা হঠাৎ করেই শুরু করেননি মমতাজ উদ্দিন। শুরুতে তাঁর বাবা মীর হাফিজউদ্দিন ঠাটারীবাজারে চালু করেন একটি রেস্তোরাঁ। মীর হাফিজ শৌখিন মানুষ ছিলেন। তাই মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়তেন। এদিক-সেদিক ঘুরতেন কিংবা চলে যেতেন মাছ ধরতে। তখন ছেলে মমতাজ বসতেন দোকানে। তখন তিনি চালু করেন তাজ বেকারি। একসময় এই বেকারির একাংশে ‘সোসাইটি’ নামে খাবার বিক্রি শুরু করেন তিনি। সোসাইটির চায়ের সুনাম পুরো এলাকায় ছড়াতে সময় লাগেনি। এরপর ওই তাজ বেকারির উল্টো পাশেই শুরু হলো বড় পরিসরে ‘স্টার হোটেল’ নামে খাবার পরিবেশন।
কাচ্চি নিয়ে কয়েক ছত্র
শুরু থেকেই কি স্টারের কাচ্চির সুনাম ছিল?
উত্তর শুনলে ভড়কে যেতে পারেন। শুরুতে স্টারের মেনুুতে কাচ্চি ছিলই না। মীর আক্তার উদ্দিন বললেন, ‘শুরুতে কাচ্চি নয়, ছিল মোরগ পোলাও। ১৯৭১ সালের পর স্টারে যুক্ত হয় ঢাকার নবাবী খাবার কাচ্চি।’

লোভনীয় যত খাবার
শুধু কাচ্চি না, এই রেস্টুরেন্টের জনপ্রিয় খাবারের তালিকায় আছে খাসির গ্লাসি, জালি কাবাব, লেগ রোস্ট, স্পেশাল পরোটা বা ফালুদা। অনেকের কাছেই স্টারের চা বিশেষ ভালোবাসার। এসব খাবারে এখন স্টারের একটা অলিখিত সিলমোহর সেঁটে গেছে।
কাচ্চি বা গ্লাসির মতো খাবারে কীভাবে তৈরি হলো নিজস্বতা? কোন মসলায় রান্না হয় স্টারের খাবার? আক্তার উদ্দিনের ভাষ্য, ‘খাবার নিয়ে বাবা নানা রকম গবেষণা চালাতেন। কোথাও একটি ভালো খাবারের কথা শুনলেই ছুটে যেতেন। পছন্দ হলে আনিয়ে নিতেন। বারবার খেয়ে বোঝার চেষ্টা করতেন, কোন কোন মসলায় কীভাবে রান্না হয়েছে। তারপর বসতেন স্টারের বাবুর্চিদের নিয়ে।’
বারবার রান্না হতো সেসব খাবার। সুস্বাদু হলেই কেবল তুলে নেওয়া হতো মেনুু কার্ডে। হোটেলে আসা খাদ্যরসিকেরা সেটার বাছবিচার করতেন। স্টারে গ্রাহকের পরামর্শ বরাবরই বিশেষভাবে গুরুত্বের সঙ্গে নেওয়া হয় বলে জানালেন আক্তার উদ্দিন।
পঞ্চাশ পেরিয়ে
সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে গ্রাহক। ১৯৬৫ থেকে ২০১৬ সাল—মাঝখানে পেরিয়ে গেছে ৫০ বছর। স্টার এখন আরও জনপ্রিয়। পুরান ঢাকার ঠাটারীবাজারের পর রেস্টুরেন্টটির শাখা ডালপালা মেলতে শুরু করেছে সারা ঢাকায়। একে একে জয়কালি মন্দির রোডের হোটেল সুপার, ধানমন্ডির সাতমসজিদ রোড, কারওয়ান বাজার, ধানমন্ডি ২ নম্বর রোড, বনানী, এলিফ্যান্ট রোড হয়ে মাস দুয়েক আগে জনসন রোডে চালু হয়েছে স্টারের সর্বশেষ শাখা।

কোথায় গিয়ে থামতে চান?
আক্তার উদ্দিন বলেন, ‘বাবা বলতেন, সততা থাকলে ব্যবসা টিকে থাকবে। মানুষকে ঠকাবি না। ২০১৫ সালের ১২ জুন বাবা মারা গেছেন। অনেক বছর ধরে তাঁর ছায়াতলে থেকে কাজ শিখেছি। সততা ধরে রেখে এই ব্যবসা আরও অনেক দূরে নিয়ে যেতে চাই। এখন ঢাকার বাইরে আমাদের কোনো শাখা নেই। দেশের বড় শহরগুলোতে বা দেশের বাইরেও পৌঁছে দিতে চাই স্টারের স্বাদ। বর্তমানে স্টারে পরিচালক হিসেবে রয়েছেন আমার চার বোন—হালিমা খাতুন, তাসলিমা বেগম, মাসুমা বেগম ও মনিরা বেগম। সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানটি।’
স্ফীত হচ্ছে মেনুু
‘হাফ প্লেট’ হিসেবে স্টারের যে কাচ্চি ক্রেতাদের দেওয়া হয় সেটা একজনের জন্য পর্যাপ্ত। তবুও সেটা হাফ প্লেট। দাম মাত্র ১৩০ টাকা। এত কম টাকায় খাসির কাচ্চি দিয়েও স্বাদ ও মান দুটোই ঠিক রাখা সম্ভব বলে মনে করেন আক্তার উদ্দিন। বলেন, ‘খুব বেশি লাভ করার দরকার হয় না, যদি পর্যাপ্ত ক্রেতা থাকে।’
শুরু দিকে হাতে গোনা কয়েকটি পদ পাওয়া যেত স্টারে। ভারী খাবার বলতে সাদা ভাত বা মাছের পাশাপাশি বিশেষ পদ মোরগ পোলাও। এখন সেখানে প্রায় ৯০টি পদ। দিন যাচ্ছে আর বাড়ছে তাদের মেনুু কার্ডের পরিসর। কারণ, ক্রেতাদের স্বাদ ও আগ্রহ বুঝে নিত্যনতুন পদ যোগ করা হচ্ছে। সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখেই গরুর কোনো পদ রাখা হয় না মেনুুতে। নাম স্টার, তাই বলে ‘স্টারডম’-এর ভারে ক্রেতাদের নাগালের বাইরে গেলে তো চলে না। দিনশেষে স্টার তো গণমানুষেরই।

৩৫ টাকায় ‘স্টাফ খাবার’!
১৯৮২ সাল থেকে স্টার হোটেলে চালু আছে একটি বিশেষ সুবিধা। সেটি হলো ‘স্টাফ খাবার’। মীর মমতাজ উদ্দিন ‘স্টাফ খাবার’ চালু করেছিলেন দিনমজুরদের কথা ভেবে। প্রথমে এটা শুরু হয়েছিল নাশতা দিয়ে। তখন রুটি কিনতে হতো, ভাজি দেওয়া হতো বিনা মূল্যে। এরপর এখন পর্যন্ত মাত্র ৩৫ টাকায় দুপুর ও রাতের খাবার দেওয়া হয় নিয়মিত। যেখানে ওই টাকার মধ্যে ইচ্ছেমতো ভাত ও ডাল খেতে পারেন ক্রেতারা। পাশাপাশি ভাজি ও মাছ, ডিম বা গিলা কলিজার যেকোনো একটি পদ দেওয়া হয়। এই সুবিধা জনসন রোড বাদে অন্য সব শাখাতেই চালু আছে। অচিরেই নতুন শাখা জনসন রোডেও শুরু হবে এই স্টাফ খাবারের প্যাকেজ। রেস্তোরাঁয় গিয়ে ‘স্টাফ খাবার’ বললেই এই খাবারটা পাবেন দিনমজুর ক্রেতারা।

যেভাবে স্টারের কাচ্চি
স্টারের মেনুুতে কািচ্চ বিরিয়ানি যুক্ত হয়েছে ১৯৭১ সালের পর। এখন এটিই সবচেয়ে জনপ্রিয় মেনুু। এর আগে সাধারণত বিয়েবাড়িতে বিশেষ এই পদ মানুষ বেশি খেত। ঢাকার নবাববাড়ি থেকে এই পদ বাইরে ছড়ায়। স্টারের প্রতিষ্ঠাতা মমতাজ উদ্দিন বিয়েবাড়ির এই বিশেষ মেনুুকে রেস্তোরাঁয় তুলে আনেন দক্ষ বাবুর্চির মাধ্যমে। তবে এই পদটাও অনেক দিন ট্রায়াল দিয়ে তারপর ক্রেতাদের সামনে আনা হয়। এখনো সব শাখাতেই আলাদাভাবে রান্না হয় তবে রেসিপিটা একই।