চ্যানেল আই

রাগ করে রাঙ্গামাটি
চ্যানেল আইয়ে চাঁদরাত থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রাগ করে রাঙ্গামাটি। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয় করেছেন আফজাল হোসেন, সীমান্ত, অর্ষা, প্রবাল, বিনয়া, সামিয়া প্রমুখ।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা আদিবাসী রাজার সম্পত্তি লুট করে রাঙামাটির কোনো এক গুহায় রেখে গেছে। সেনারা ধনরত্ন যেখানে লুকিয়ে রেখেছিল, তা একটা মূর্তির মধ্যে নকশা করে রাখা আছে, যাতে পাহাড়ি রাস্তা চিনতে ভুল না হয়। ছোটকাকু টর্চের আলো ফেললেন সেই মূর্তির গায়ে। এরপর ঘটতে শুরু করে নানা ঘটনা।
আজকের বিশেষ অতিথি
চ্যানেল আইয়ে ঈদের দিন রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক আজকের বিশেষ অতিথি। লিখেছেন আশরাফুল অঞ্জন, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাদিয়া, সোহেল খান, খালেদা আক্তার কল্পনা, আরফান আহমেদ, মনীষা প্রমুখ।
কুমিল্লার বাগমারা থানার ভুচ্চি ইউনিয়নের মোল্লাবাড়িতে একজন অতিথি এসেছেন। নাম মো. নজরুল ইসলাম, এলাকায় তিনি নজুমামা নামে পরিচিত। বিভিন্ন প্রয়োজনে নজুমামা প্রায়ই মোল্লাবাড়িতে আসেন, তবে তাঁর আজকের আসার কারণ একটু আলাদা। আজ তিনি বিশেষ অতিথি। অতিথি হিসেবে তাঁর এই বিশেষ হবার কারণ তাঁর হাতের মিষ্টির প্যাকেটটি।

গানে গানে
চ্যানেল আইয়ে ঈদের পরদিন থেকে চতুর্থ দিন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘গানে গানে’। উপস্থাপনা ও পরিচালনা করেছেন কোনাল। গান গেয়েছেন চন্দনা মজুমদার, পান্থ কানাই, দিনাত জাহান, কনা, আশিক, কিশোর, পুলক, সাব্বির ও লিজা।
তিথির নীল তোয়ালে
চ্যানেল আইয়ে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক নীল তোয়ালে। হুমায়ূন আহমেদের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন জোহরা ইতিশা, রিয়াজ, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মীর সাব্বির, ঝুনা চৌধুরী, নৌমিতা দাস প্রমুখ।
তিথি খুব সাধারণ মেয়ে। কারও সঙ্গে রাগ করে না, কিন্তু ভীষণ অভিমানী। কেউ কিছু বললে তার খুব মন খারাপ হয়। আবার কেউ কোনো দোষ করলে সেটা যদি স্বীকার না করে, তাহলেও তার মন খারাপ হয়। এই তিথির জীবনে একদিন আসে ভালোবাসা। হুট করে এসে তা হারিয়েও যায়। তিথির জীবনের সঙ্গী হয় ‘নীল গল্প’।
কৃষকের ঈদ আনন্দ
চ্যানেল আইয়ে ঈদের পরদিন বেলা সাড়ে চারটায় প্রচারিত হবে গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ।
অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে রাজশাহীতে। আয়োজনে থাকছে সাতটি খেলা—আমচাষিদের যুদ্ধ খেলা, আম পেড়ে সাঁকো পাড়, কে কটা খায় পাকা আম, ঝিনুক দিয়ে আম ছোলা, ঝুড়ির ভেতর আম ফেলা, রশির আম কামড়ে আনা ও কলাগাছের মাথায় যাই। অংশ নিয়েছেন স্থানীয় কৃষক, তাঁদের স্ত্রী ও সন্তানেরা। রয়েছে আমের বাজার, আমের বাগান আর আম নিয়ে কথামালা।

দেবদূত
চ্যানেল আইয়ে ঈদের পরদিন বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি দেবদূত। লিখেছেন মারুফ রেহমান। পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন আহমেদ রুবেল, রুনা খান, সাজু খাদেম, রুমু, আজাদ আদর, মাহফুজ আহমেদ, মাজনুন মিজান প্রমুখ।
যদি এমন হতো, সব সমস্যার সমাধান করে দিচ্ছে এক দেবদূত। বাস্তবে তা সম্ভব? হাসপাতালে এসেছে একজন মুমূর্ষু রোগী। এরপর ঘটতে থাকে নানান ঘটনা।
নাসের গ্যাং ০০৯
চ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক নাসের গ্যাং ০০৯। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, তানিয়া আহমেদ, শখ প্রমুখ।
নাসের পেশাদার অপহরণকারী। অপহরণের কাজ সরাসরি নেয় না। তার শর্ত, সে খারাপ মানুষকে অপহরণ করবে। কাউকে মারবে না। তার কাজ শুধু অপহরণ করে একটা সময় পর্যন্ত আটকে রাখা। কিন্তু তারপরও ভুল করে বসে সে।
হাট্টিমাটিম টিম
চ্যানেল আইয়ে ঈদের পরদিন ৯ নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক হাট্টিমাটিম টিম। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সাজ্জাদ, হাসিন, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ।
পরিবারের মানুষগুলো গতানুগতিক ধারার বাইরে। এলাকায় এখন এই পরিবারকে সবাই অন্যভাবে জানে। এর মূল কারণ পরিবারের ছেলেটি। কারণ, সে কয়েক ক্লাসে প্রথম হয়েছে। তাকে নিয়ে এলাকার মানুষের কৌতূহলের শেষ নেই। সবার একটাই প্রশ্ন—ওই পরিবারের ছেলে আবার প্রথম হয় কীভাবে?