ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: আসিফুর রহমান
অলংকরণ: আসিফুর রহমান

গুড্ডুবুড়া এখন পড়ে কিশোর আলো

এক যে ছিল খোকা।

ভীষণ ভালো, কিন্তু একটু বোকা।

ক্লাস টুয়ের ছাত্র,

সবার হাসির পাত্র।

বাসার সবাই তাকে

গুড্ডুবুড়া ডাকে।

একবার তার আব্বা
এনে দিলেন আস্ত একটা ডাব্বা।

ডাব্বাভরা চকলেট সব লাল কালো নীল,

গুড্ডুবুড়া ভাবল এসব রংপেনসিল।

ক্রেয়ন কিংবা প্যাস্টেলেরই বাক্স ইহা,

এবার বসে আঁকবে ছবি, ছাপবে কিআ।

চকলেটকে কালার ভেবে জোশের তোড়ে

খাতায় গুড্ডু ক্যান্ডি ঘষে গায়ের জোরে।

পিঁপড়া এসে ভিড় জমাল ছবির খাতায়,

কামড় দিল গুড্ডুবুড়ার হাত-পা মাথায়।

আম্মা বলেন, গুড্ডু তুমি কেমন ছেলে?

চকলেটকে রংপেনসিল ভাবতে গেলে?

গুড্ডুবুড়ার জন্য ছোটেন আব্বা তখন,

আনেন কিনে বাক্সভরা রঙিন ক্রেয়ন।

বাক্স পেয়ে গুড্ডুবুড়া ভাবল এবার,

ভুল কি আমি করব আবার, না রে, নেভার।

চকলেট সব খেতেই হবে, কেটে কেটে...

রংপেনসিল পাচার হলো গুডুর পেটে।

গুড্ডুবুড়ার দাঁত মুখ হাত সবই রঙিন,

রঙিন পেশাব—অবস্থাটা হলো সঙিন!

হাসপাতালে ছুটল সবাই তাকে নিয়ে,

ডাক্তার নার্স দিলেন সেবার হাত বাড়িয়ে।

ডাক্তার তাকে দেখেন গভীর মনোযোগে—

এই ছেলেকে ধরেনি তো কোনোই রোগে।

গুড্ডুবুড়া খায় না কিছু, সমস্যা এই,

‘গুড্ডুবুড়া খাবে তুমি, আজকে থেকেই।’

গুড্ডুবুড়া চায় না খেতে সবাই জানে,

‘এখন থেকে খেতে থাকো, শুনছ কানে?’

বাসায় ফিরেই গুড্ডুবুড়া খাচ্ছে খাবার,

ভাত মাছ ডাল দুধ কলা আম করছে সাবাড়।

আস্তে আস্তে গুড্ডুবুড়ার বুদ্ধি বাড়ে,

গুড্ডুবুড়া এখন ভালো খেলতে পারে।

গুড্ডুবুড়া এখন লেখাপড়ায় ভালো,

গুড্ডুবুড়া এখন পড়ে কিশোর আলো।