
‘আমি রান্না করতে অনেক পছন্দ করি।’ কথার শুরুতেই এই তথ্য জানিয়ে দিলেন অভিনেতা জাহিদ হাসান। অবসরে বাসায় থাকলে প্রায়ই ঢোকেন হেঁশেলে। ঝালাই করে নেন রাঁধুনির হাতটা। হল ও মেস-জীবনের দুটি প্রিয় রান্নার রেসিপি দিলেন ঈদ উপহারের পাঠকের জন্য। জানালেন, বাসায় প্রায়ই এই দুই পদ রান্না করেন তিনি।
খেজুর-গরুর মাংস
উপাদান
গরুর মাংস: এক কেজি
পেঁয়াজ: আধা কেজি
রসুন: অর্ধেক করে ছাড়ানো
কাঁচা মরিচ (মাঝ বরাবর ফালি করা): পরিমাণমতো
আদা ও জিরাবাটা: পরিমাণমতো
তেজপাতা, দারুচিনি, এলাচি, হলুদ
ও লবণ: পরিমাণমতো
খেজুর: ৫-৬টা
কিশমিশ ও তেল: পরিমাণমতো
প্রণালি
কিছু পেঁয়াজ মোটা করে কেটে নিই। কিছু রেখে দিই আস্ত খোসা ছাড়িয়ে। মসলাগুলো একটা পাত্রে পানির মধ্যে ছড়িয়ে দিয়ে চুলায় বসাই। তারপর মাংস ধুয়ে নেওয়ার পালা। বড় একটা পাত্রে মাংস নিয়ে কাটা পেঁয়াজ, আদাবাটা, কাঁচা মরিচ, রসুন, জিরাবাটা ও তেল দিয়ে বেশ কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিই। হাত ধুয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। মিনিট পাঁচেক পর পাত্রটা চুলায় বসাই। বলক উঠলে নাড়াচাড়া করি। তখন বেশ কষানো ভাব চলে আসে। ধীরে ধীরে মাংসের ওপরে তেল দেখা যায়। তখনই কয়েকটা খেজুর ও কিশমিশ ছেড়ে দেওয়ার সময়। এরপর আস্ত খোসা ছাড়ানো পেঁয়াজ ও রসুন দিয়ে দিই। একটু নাড়াচাড়া করে মসলার পানি ঢালি। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। কিছুক্ষণ পরই হয়ে যায় খেজুর-গরুর মাংস!
খেজুর-খিচুড়ি
উপাদান
চিকন চাল: এক কেজি
পেঁয়াজ: আধা কেজি
রসুন: পরিমাণমতো
কাঁচা মরিচ (মাঝ বরাবর ফালি করা): পরিমাণমতো
আদাবাটা, তেজপাতা, দারুচিনি, এলাচি, হলুদ ও লবণ: পরিমাণমতো
মুগ, মসুর ও মাষকলাই ডাল: পরিমাণমতো
খেজুর: ৫-৬টা
কিশমিশ: পরিমাণমতো
তেল ও ঘি: পরিমাণমতো
প্রণালি
শুরুতে কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে এবং কিছু পেঁয়াজ খোসা ছাড়িয়ে আস্ত রেখে দিই। তারপর গরমমসলাগুলো একটা পাত্রে পানির মধ্যে ছড়িয়ে দিয়ে চুলায় বসাই। আরেক চুলায় তিন পদের ডাল ভেজে নিই। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই ডালগুলো যেন পুড়ে না যায়। তারপর চাল ও ডাল ধুয়ে নিয়ে পানি ঝরার জন্য রেখে দিতে হবে।
এরপর খিচুড়ির পাত্র চুলায় বসাতে হবে। পরিমাণমতো সয়াবিন তেল ও ঘি ঢালি। ছড়িয়ে দিই রসুন, কাটা পেঁয়াজ, মরিচগুলো। লাল রং ধারণ করলে ডাল মেশানো চাল ঢালার পালা। এরপর পরিমাণমতো আদা, রসুন, লবণ, মরিচ ও হলুদ ঢেলে দিতে হবে। তারপর নাড়তে থাকি। মাঝে আরও একবার তেল দিই। বেশ একটা তেলতেলে ভাব চলে আসে তখন, যখন দেখি সব মিশ্রিত হয়ে গেছে, সে সময়ই কিছু খেজুর ও কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করি। এরপর নাড়াচাড়া বন্ধ করে আরেক চুলায় বসানো গরম পানির মসলা থেকে শুধু গরম পানিটা ঢেলে দিই। মাঝে একবার পানি দেখার সময় আস্ত পেঁয়াজগুলো ছাড়ি। পানি দরকার হলে মসলা–পানি দিয়ে দিই। কিছুক্ষণ পরই তৈরি হয়ে যায় খেজুর-খিচুড়ি।