জীবন-মরণ হাতে রাইখা কাজ করছি
আলোন নাহার ঢাকা সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেন ১৯৯১ সালে। ৩০ বছর ধরে দৈনিক মজুরি ভিত্তিতে সড়ক ঝাড়ু দেওয়ার কাজ করছেন তিনি। করোনার সাধারণ ছুটির সময়ে সবাই যখন ঘরবন্দী, তখনো থেমে থাকেনি তাঁর কাজ। ঠিকভাবে দায়িত্ব পালন করে যাওয়া আলোন নাহারের আফসোস, এত বছরেও তাঁর চাকরি স্থায়ী হলো না।
আলোন নাহার এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী। পূর্ব রাজাবাজারের আমতলা এলাকার তিনটি সড়ক পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আলোন নাহারের। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে ষাটোর্ধ্ব এই নারী প্রতিদিন চলে আসেন কর্মস্থলে। গত ২৭ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে কথা হয় আমতলার একটি বাড়ির সামনে বসে।
পরনে কয়েক জায়গায় ছিঁড়ে যাওয়া হলুদরঙা শাড়ি। ত্বকে বয়সের ভাঁজ স্পষ্ট। কোনো এক সময়ে ডান পা ভেঙেছিল, তাই এখনো কিছুটা খুঁড়িয়ে হাঁটেন। সড়ক ঝাড়ু দিয়ে ময়লা ভ্যানগাড়িতে তুলতেও কিছুটা কষ্ট হয়। ‘মরার পরে যেন লোকজন কইতে পারে, মানুষটা ভালো কাজ করত। কাজে ফাঁকি দিই না বলে সবাই আমারে পছন্দ করে’—বৃদ্ধার চোখেমুখে কাজ নিয়ে আত্মতৃপ্তি।
করোনাকালে সারা দেশে সাধারণ ছুটির (কার্যত লকডাউন) সময়ে কাজের অভিজ্ঞতা সম্পর্কে আলোন নাহার বললেন, ‘লকডাউনে জীবন-মরণ হাতে রাইখা কাজ করছি। কয়েক জায়গা ঘুরে কাজে আসছি। ভাবসি, আমি না গেলে রাস্তাটা ময়লা থাকব। লোকজনের কষ্ট হইব।’
দেশে করোনা সংক্রমণের মধ্যেই গত নভেম্বরে আলোন নাহারের স্বামী ভোলা মিয়া মারা যান। ভোলা মিয়া ছিলেন রিকশার মিস্ত্রি। স্বামী মারা যাওয়ায় পাঁচ দিনের ছুটি দিয়েছিল সিটি করপোরেশন। কিন্তু সে ছুটিও আলোন নাহার কাটাননি। বললেন, ‘কাজ বন্ধ দিই না। পরে হইলেও নিজের কাজ তো নিজেরই করা লাগব। রোজার ঈদের রাতে ঝাড়ু দিতে আসি।’
দৈনিক ভিত্তিতে কাজ করে এখন মাসে ১৭ হাজার ৮২৫ টাকা বেতন পান আলোন নাহার। এত বছরেও সিটি করপোরেশনের স্থায়ী কর্মী হতে না পারার আক্ষেপ তাঁর। ‘অন্য চাকরি করলে এই সময়ে কত প্রমোশন পাইতাম। এই বয়সে রিটায়ার করলেও টাকাপয়সা পামু না। আমার পরে যারা কাজে আসছে, তারাও পারমানেন্ট হইছে। নেতারা আমার সুপারিশ করে না।’
দৈনিক ভিত্তিতে কাজ করে এখন মাসে ১৭ হাজার ৮২৫ টাকা বেতন পান আলোন নাহার। এত বছরেও সিটি করপোরেশনের স্থায়ী কর্মী হতে না পারার আক্ষেপ তাঁর। ‘অন্য চাকরি করলে এই সময়ে কত প্রমোশন পাইতাম। এই বয়সে রিটায়ার করলেও টাকাপয়সা পামু না। আমার পরে যারা কাজে আসছে, তারাও পারমানেন্ট হইছে। নেতারা আমার সুপারিশ করে না।’
আলোন নাহারের স্বামীর ক্যানসার ছিল। তাঁর চিকিৎসার্থে আত্মীয়স্বজন-প্রতিবেশীদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ঋণ করেছেন। বললেন, ‘চিকিৎসা করতে করতে সব শেষ। ঋণ কইরা ওষুধ-পানি খাওয়াইছি। এখন ঋণের টাকা দিতে দিতে অবস্থা শেষ।’ তাঁর নিজেরও হার্ট ও কিডনির সমস্যা। হাজারীবাগের গণকটুলী লেনে এক কক্ষের একটি বাসায় ভাড়া থাকেন। ভাড়া ছয় হাজার টাকা। এক মেয়ে, দুই নাতি আর ছোট ছেলে থাকেন তাঁর সঙ্গে থাকে। পাঁচজনের এই সংসার চলে আলোন নাহারের আয়ে।
ভোররাত চারটায় হাজারীবাগ থেকে রিকশায় রাজাবাজারে আসেন। সকাল নয়টার মধ্যেই সড়ক ঝাড়ুর কাজ শেষ করেন তিনি। কিন্তু কাজ শেষেই বাড়ি ফেরেন না। বিকেল পাঁচটায় রাজাবাজারের একটি ভবনের সিঁড়ি ঝাড়ু দেন। মাঝের এই কয়েক ঘণ্টা রাজাবাজারের একটি ভবনের নিচতলায় বসেই কাটিয়ে দেন। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা বসে থাকেন মাস শেষে অতিরিক্ত দুই হাজার টাকার জন্য। ‘শরীর খারাপ লাগে। মাথা ঘুরায়। পেটের দায়ে কাজ করি। এই বাড়তি টাকা দিয়ে ওষুধ খাই’—বলতে গিয়ে কান্নায় চোখ ভিজে যায় আলোন নাহারের।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভুঁইয়া আলোন নাহারের প্রসঙ্গে বলেন, ‘তাঁর কর্মজীবনে গরহাজিরার জন্য কখনো বেতন কাটা হয়নি।’ জানালেন, করোনার সময় পরিচ্ছন্নতাকর্মীদের ২০ কেজি করে খাদ্যদ্রব্য ও সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীর পদ না থাকায় আলোন নাহারকে স্থায়ী করা যায়নি।