জীবনে আর কিছুই চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: মজিবর রহমান খান
ছবি: মজিবর রহমান খান

প্রত্যেক নারীরই উচিত তাঁর নিজস্ব পরিচয়ে পরিচিত হওয়া। আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল ব্যতিক্রম কিছু একটা করে নিজের একটা পরিচিতি তৈরি করা। সেই ইচ্ছা থেকেই জড়িয়ে যাই সুই-সুতো, সেলাই আর ব্লক-বাটিকের কাজে। একসময় সাহস নিয়ে প্রতিষ্ঠা করে ফেলি ‘কারুপণ্য উন্নয়ন সংস্থা’ নামে একটি হস্তশিল্প প্রতিষ্ঠান।
কারুপণ্যের শুরুটা খুব একটা সুখকর ছিল না। নারী কেন ব্যবসা করবে? কেন সে দোকানে বসবে? নানা মানুষের এমন সব মন্তব্য কারুপণ্যের সামনে বাধা হয়ে দাঁড়ায়। সে বাধাগুলো এক এক করে পেছনে ফেলে সামনে চলতে শুরু করি। মানুষের রুচি বুঝে নতুন নতুন পণ্য তৈরি করতে শুরু করলাম। সেই পণ্য অল্প সময়ের মধ্যেই মানুষকে আকৃষ্ট করল। প্রসারিত হতে থাকল আমার চলার নতুন পথ।
একটি উদ্যোগের প্রাণ হলো তার কর্মী বাহিনী। সে কথা চিন্তা করে একসময় শহর ও শহরতলির আশপাশের নারীদের সঙ্গে যোগাযোগ শুরু করি। তাঁদের মধ্যে আগ্রহীদের খোঁজ করি। এভাবে প্রথমে ১২ জন আগ্রহী নারীকে বেছে নিয়ে তাঁদের সুচিকর্মে প্রশিক্ষণের ব্যবস্থা করি। প্রশিক্ষণ পাওয়ার পর সেসব নারীর সুই-সুতোর কাজ দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাই।
ধীরে ধীরে বাড়তে থাকে এই কাজে আগ্রহী নারী কর্মীর সংখ্যা। এসব নারীর মধ্যে যাঁরা কিছুটা শিক্ষিত ও চটপটে, তাঁদের একেকটি গ্রুপের নেতৃত্বের ভার দিই। তাঁদের পরিচিতি হয় টিম লিডার হিসেবে। এই টিম লিডাররা গ্রামের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পণ্য সংগ্রহ করে তা তুলে দেন কারুপণ্যের শোরুমে। এখন কারুপণ্যে রয়েছেন ৩৬ জন বেতনভুক্ত স্থায়ী কর্মী। আর মাঠপর্যায়ের কর্মীর সংখ্যা এখন প্রায় এক হাজার। তাঁদের অধিকাংশই অনগ্রসর ও অসহায় পরিবারের।
২০০২ সালে ঢাকার যুব উন্নয়ন অধিদপ্তর এক মেলার আয়োজন করে। মেলায় কারুপণ্যের একটি স্টল দেওয়ার সুযোগ পাই। সে সময় আমাদের তৈরি পণ্য দিয়ে স্টলটি সাজিয়েছিলাম। সে বছর ক্রেতাদের প্রচণ্ড সাড়ার পাশাপাশি প্রশংসাও মেলে। মেলার শ্রেষ্ঠ তিনটি স্টলের মধ্যে কারুপণ্য ছিল অন্যতম। এরপর অনেকেই যোগাযোগ করে পণ্য কেনার আগ্রহ দেখান। ২০০৪ ও ২০০৮ সালে জাতীয় মহিলা সংস্থার মেলায় স্টল দিলে কারুপণ্য পুরস্কৃত হয়।
২০০৫ সালে জাতীয় যুব দিবসে মেলায় তৈরি পোশাকসহ হস্তশিল্পের কাজের জন্য কারুপণ্য রাজশাহী বিভাগের সেরা পুরস্কার পায়। ২০১৩ সালের সফল নারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ ছাড়া ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় আয়োজিত মেলায় কারুপণ্যের পণ্য ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। আমি ও আমার প্রতিষ্ঠান এসব পুরস্কার পেলেও পুরস্কারের পেছনে কৃতিত্ব কিন্তু কর্মী বাহিনীর। এককথায় বলতে পারেন কর্মীরাই কারুপণ্যের প্রাণ।
আমি বিশ্বাস করি, কর্মীরাই পারেন একটি উদ্যোগকে সফলতার মুখ দেখাতে। কর্মীকে দক্ষ করে তুলতে নিজেদের উদ্যোগেই দুর্বল কর্মী চিহ্নিত করে প্রশিক্ষণের আয়োজন করি। পাশাপাশি যাঁরা ভালো কাজ করেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

পুরুষের বেঁধে দেওয়া সিদ্ধান্তের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হলে চলে না। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীকেও অংশ নিতে হবে। প্রয়োজনে নারীকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে হবে, নিজের উদ্যোগে কিছু করতে হবে।

যাঁরা আমার প্রতিষ্ঠানে কাজ করছেন, তাঁরা সব সময় এখানেই কাজ করবেন এমন কোনো কথা নেই। কারুপণ্যে কাজ শিখে নিজেরাই ব্যবসা দাঁড় করিয়েছেন এমন উদ্যোক্তার সংখ্যা কমপক্ষে ২০। এমন উদ্যোক্তাদের পণ্যের বাজার তৈরিতে অনেক সময় আমাকে এগিয়ে আসতে হয়েছে।
ঠাকুরগাঁও অনগ্রসর জেলা। এ অঞ্চলের নারীরা সব দিক দিয়ে পিছিয়ে আছেন। পিছিয়ে থাকা নারীদের দক্ষতা উন্নয়নে ২০১২ সালে প্রতিষ্ঠা করি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে নারীদের দরজিবিজ্ঞান, ব্লক, বাটিক, নকশিকাঁথা তৈরি, ক্রুশ কাজ ও শো-পিস পণ্য তৈরির ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে পৃষ্ঠপোষকতার অভাবে সেই প্রশিক্ষণকেন্দ্রটি এখনো সেভাবে গুছিয়ে উঠতে পারেনি।
ঠাকুরগাঁওয়ে শিশুদের নিয়ে কাজ করার উদ্যোগ খুব একটা নেই। শিশু বিকাশের কথা ভেবে ২০১৪ সালে প্রতিষ্ঠা করি ‘কারুপণ্য উন্নয়ন সংস্থা শিশু নিকেতন’, যা কুস শিশু নিকেতন নামে পরিচিতি পেয়েছে। সেখানে শিশুদের ছবি আঁকা, কবিতা আবৃত্তি, নাচ, গান ইত্যাদি সাংস্কৃতিক অনুশীলন করানো হয়। আয়োজন করা হয় শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার।
কারুপণ্য প্রতিষ্ঠা করতে গিয়ে পরিবার থেকে সব সময় উৎসাহ পেয়েছি। এ ছাড়া স্থানীয় বেসরকারি সংস্থা ও ব্যাংক পুঁজি দিয়ে আমার উদ্যোগ এগিয়ে নিতে সহযোগিতা করেছে। আমি মনে করি, সঠিক উদ্যোগ হাতে তুলে নিলে পুঁজির অভাব হয় না।
আমাদের সমাজে এখনো পুরুষেরা যে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তই নারীদের মেনে চলতে হয়। কিন্তু এই অবস্থা নারীদের সার্বিক বিকাশে সহায়ক নয়। পুরুষের বেঁধে দেওয়া সিদ্ধান্তের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হলে চলে না। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীকেও অংশ নিতে হবে। প্রয়োজনে নারীকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে হবে, নিজের উদ্যোগে কিছু করতে হবে। অমুকের মেয়ে, তমুকের স্ত্রী, ওর মা ইত্যাদি পরিচয়ে পরিচিত হলে হবে না। এসব পরিচয়ের মাঝে নারীর যে নিজস্ব একটা সত্তা আছে, তা হারিয়ে যায়। নারীকে তার নিজের সত্তা প্রতিষ্ঠিত করতে হবে। সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক বাধা পেরিয়ে উৎপাদনমুখী কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। তবেই না নারী হয়ে উঠতে পারবেন সফল উদ্যোক্তা।
ভবিষ্যৎ পরিকল্পনা আমার একটাই। বলতে পারেন এটাই আমার স্বপ্ন। আমি একজন সফল নারী উদ্যোক্তা হতে চাই। শুধু সফল নয়, আমার হাত দিয়ে যেন আরও অনেক নারী প্রতিবছর নিজেরাই প্রতিষ্ঠিত হতে পারেন, এটাই আমার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা। ভিনদেশি মানুষের রুচি, চাহিদা আর শৈল্পিক দৃষ্টির সমন্বয় ঘটিয়ে নতুন কিছু একটা করা যায় কি না ভাবছি। এটা করতে পারলেই জীবনে আর কিছুই চাই না।
যেকোনো উদ্যোগকে সব করতে সর্বাগ্রে চাই সৃজনশীলতা। কে না জানে, সৃজনশীলতার আরেক নাম পরশপাথর। এই পরশপাথরের ছোঁয়াতেই একজন উদ্যোক্তা সফল হয়ে ওঠেন। তাই উদ্যোক্তাদের ভেতরের সৃজনশীলতার পরিচর্চা করতে হবে। এ সৃজনশীল উদ্যোগই একদিন পৌঁছে দেবে সফলতার দ্বারে।
পাছে লোকে কী বলে, পারব কি পারব না, হবে কি হবে না, চারপাশে যত সমস্যা, যদি-না সফল হই, তাহলে ভবিষ্যতের কী হবে—উদ্যোগ নেওয়ার আগে যাঁরা এমন সব দোটানায় ভুগছেন, তাঁরা একটু সাহস করে একবার শুরু করুন। দেখবেন, সাফল্য ধরা না দিয়ে পারবেই না।
(অনুলিখন)
চন্দনা ঘোষ, উদ্যোক্তা, কারুপণ্য উন্নয়ন সংস্থা, ঠাকুরগাঁও।