জয়ের আছে দিগন্ত

আমার জীবনে দুঃখ ছিল দুটি। শুরুতেই কেন দুঃখের গল্প কেন? এর উত্তর দুঃখের এই গল্প দুটি থেকেই পেয়ে যাবেন।
আমার প্রথম দুঃখের নাম ‘গোলকিপার’। পাড়ার খেলায় কেউই কিন্তু গোলকিপার হতে চায় না। আমিও কি চাইতাম? কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে গোলকিপার হতে। বলা হয়েছে, ‘তুই তো দৌড়াতে পারবি না, তুই গোলকিপিং কর।’ কিন্তু একসময় এই কিপিংই ভালোবেসে ফেললাম। ছোটবেলায় গোলকিপিং করেছি বলেই আজ আমি বাংলাদেশ শারীরিক-অসমর্থ ক্রিকেট দলের উইকেটকিপার।
আমার দ্বিতীয় দুঃখের নাম ‘বিকেএসপি’ (বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান)। ছোটবেলা থেকেই আমি খেলা-পাগল। এক বেলা ভাত না খেলেও সমস্যা নেই, কিন্তু খেলতে আমাকে হবেই। সব খেলাতেই আগ্রহ ছিল ছোটবেলা থেকে। স্কুলে পড়ার সময় ইচ্ছা ছিল বিকেএসপিতে ভর্তি হব। ক্রিকেটে ট্রায়াল দিয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে নেটে দেখার জন্য নিয়ে যাওয়া হয়েছে দুবার। কিন্তু প্রতিবারই আমার পা দেখে বলা হয়েছে, এটা তোমার ক্রিকেট না। তোমার জন্য ‘অন্য রকম’, ‘আলাদা’ ক্রিকেট আছে। একবার তো হাইজাম্পে চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েও শেষ পর্যন্ত বিকেএসপিতে ভর্তি হতে পারিনি।
আশ্চর্য কী জানেন, আমার শৈশবের সেই স্বপ্নের বিকেএসপিতেই গত সেপ্টেম্বরে ফিফটি করেছি আইসিআরসি (ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস) ক্রিকেট টুর্নামেন্টে। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ৪৭ বলে করেছি ৫৬ রান। শারীরিক-অসমর্থ ক্রিকেটে স্বীকৃত পর্যায়ে এটিই বাংলাদেশের হয়ে প্রথম কোনো আন্তর্জাতিক ফিফটি।
সেদিন প্রচণ্ড গরম ছিল। খুব ঘামছিলাম। বেশ কয়েকবার মাটিতে বসেও পড়তে হয়েছে। কিন্তু মনে মনে ভেবেছি, কষ্ট হয় হোক। আমার স্বপ্নের বিকেএসপির ঘাসে ঘাসে মিশে থাকুক আমার ঘাম।
আমার জীবনের দুটো দুঃখই কাকতালীয়ভাবে আমার জীবনে অন্য রকম আনন্দের, গর্বের, সুখের গল্প হয়ে গেছে। জীবনের সব দুঃখ নিয়ে তাই অভিযোগ করার কিছু নেই। হতাশ হওয়ারও কিছু নেই। নিজের জীবন থেকে আমি শিখেছি, আমার কাছে যেটি সবচেয়ে বড় কষ্টের, আমার পাশেই হয়তো কেউ আছেন যার কষ্টের তুলনায় এটি কিছুই নয়।
ছোট থেকেই কষ্টে বড় হয়েছি। ১৯৮৮ সালে আমার জন্ম। মাত্র নয় মাস বয়সেই আমার পায়ে কী এক সমস্যা ধরা পড়ে। তখন তো আর আমি অত কিছু বুঝতাম না। বড় হয়ে শুনেছি, ঢাকার বড় বড় ডাক্তারও নাকি আমার পায়ের সমস্যাটি ধরতে পারেননি। বাঁ পায়ের পুরো পাতা আমি হারিয়েছি। মাত্র এক বছর বয়সে হারিয়েছি বাবাকে। ২০০৩ সালে এসএসসিতে আমার অঙ্ক পরীক্ষার দিন জীবনের অঙ্ক এলোমেলো হয়ে গেল। হারালাম মাকেও।
গল্প-উপন্যাসে পড়েছি, দুঃখে যাদের জীবন গড়া, তাদের আর দুঃখ কী। হারানোতেই যার জীবন গড়া, তারই বা হারানোর আর কিসের ভয়! কষ্ট ছিল। কিন্তু সব কষ্ট ভুলতে চেয়েছি খেলার মাঠে। ভুলেছিও। এই খেলাই যে আমার জীবন বদলে দিয়েছিল।
ছোটবেলা থেকেই পায়ের সমস্যার কারণে অনেকের বাঁকা চাহনি দেখেছি। এ কথা শুনে শুনেই বেড়ে উঠেছি যে সে ওটা পারবে না, এটা পারবে না। একটা জেদ তাই ছিল। ছোটবেলা থেকে কোনো খেলাতেই আমি শারীরিক-অসমর্থদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করিনি। অনেক পুরস্কার আর মেডেল জিতেছি শারীরিকভাবে শক্ত-সমর্থদের সঙ্গে লড়াই করেই।
বিশ্বাস করুন, শারীরিক-অসমর্থ ক্রিকেট দলে খেলার কোনো পরিকল্পনা আমার ছিল না। না, সতীর্থদের আমি খাটো করছি না। এর কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার শরীরের কোনো একটা অংশের অসমর্থতার জন্য নিজেকে ‘প্রতিবন্ধী’ ভাবতে চাইনি কখনো। ক্রিকেটেও আমার ইচ্ছে ছিল নিজের যোগ্যতা পরীক্ষা করে দেখার। কিন্তু বিকেএসপিতে তিনবার অনেক দূর গিয়েও শেষ পর্যন্ত যখন কিছুই হলো না, বাধ্য হয়ে বিকল্প খুঁজতে হলো।
২০০৯ সালে চীনের গুয়াংজুতে প্যারালিম্পিক খেলতে গিয়েছিলাম। ব্যাডমিন্টন আর হাইজাম্পে অংশ নিয়েছি। একসময় পরিচয় হলো মাকসুদ স্যারের সঙ্গে। মাকসুদ স্যার তখন জাতীয় প্যারালিম্পিক কমিটির সেক্রেটারি ছিলেন। স্যারকে আমার সব সার্টিফিকেট দেখালাম। ইচ্ছার কথা বললাম। এরপর থেকেই স্যার কোনো খেলা হলেই আমাকে ডেকে পাঠাতেন।
এমনই একদিন স্যার ডেকে পাঠালেন। তখনো বাংলাদেশ ডিজঅ্যাবলড ক্রিকেট দল বলে কিছু ছিল না। মাকসুদ স্যার, মহসিন ভাইসহ (হুইলচেয়ারে বসেও ক্রিকেট খেলেছেন) আরও কয়েকজন মিলে উদ্যোগ নিলেন একটা ক্রিকেট দল করার। ঢাকার শাহবাগে মাকসুদ স্যারের অফিসে গিয়ে দেখলাম সেখানে বেশ কজন একত্র হয়েছেন। গঠন করা হলো বিসিএপিসি (বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড)। সবাই মিলে একটা ক্রিকেট দলও বানানো হলো।
গত বছর প্রথম আমরা বড় কোনো টুর্নামেন্ট খেলেছি ভারতে। প্রথম ম্যাচটা ছিল গোয়ালিয়রে। এখানেই শচীন টেন্ডুলকার ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছিলেন। সেই একই মাঠে খেলব আমিও! ভাবা যায়! কিন্তু রোমাঞ্চ কিছুক্ষণের মধ্যেই পরিণত হলো হতাশায়। দীর্ঘ ৩৬ ঘণ্টার ট্রেন যাত্রার ধকল সামলাতে পারিনি বলে ফিল্ডিং করেই অসুস্থ হয়ে যাই। মাঠ থেকে অ্যাম্বুলেন্স করে সোজা হাসপাতালে। দেড় দিনের মতো ছিলাম হাসপাতালে।
আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই। আমি চাই, বাংলাদেশের ‘ডিজঅ্যাবলড ন্যাশনাল ক্রিকেট টিম’কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হোক
আমাদের দলে উইকেটকিপিং নিয়ে খুব সমস্যা হচ্ছিল। তখনো কিপিং করতাম না। কিন্তু যাকে নেওয়া হয়েছিল, উনিও পারছিলেন না। আসলে কিপিংয়ের কাজটা খুবই কঠিন শারীরিক বাধার কারণে। আমি যেহেতু ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটা ভালো করতে পারতাম, সুস্থ হতেই মাঠে নিয়ে আসা হলো। বলা যায় হাসপাতাল থেকেই মাঠে। শুধু কিছুক্ষণের জন্য হোটেলে গিয়েছিলাম পোশাক বদলাতে।
টুর্নামেন্টের দ্বিতীয় আর তৃতীয় ম্যাচটাও আমরা জিতেছিলাম। প্রথম বড় ট্রফি, ভারতকে ভারতের মাটিতে ২-১-এ হারিয়ে! আমরা খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম সেদিন। জাতীয় পতাকা নিয়ে মাঠে ছুটে বেড়িয়েছিও। শেষ ম্যাচটা ছিল আগ্রায়। দেখতে গিয়েছিলাম তাজমহল। আমাদের প্রতিযোগিতার নামও ছিল তাজমহল ট্রফি। ইসলামের ইতিহাসে পড়েছি, তা ছাড়া তাজমহলের নাম কে না জানে! চোখের সামনে দেখলাম প্রথম। আহা, কী সুন্দর! কিন্তু সত্যি বলি, তাজমহলের চেয়েও আমাদের জেতা তাজমহল ট্রফিটা আমার কাছে এখনো বেশি সুন্দর লাগে!
এই ট্রফির গুরুত্ব অনেক। এটিই আমাদের প্রথম আলোচনায় এনেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডেকে সংবর্ধনা দিয়েছিলেন। আমাদের হাতে তুলে দিয়েছিলেন এক লাখ করে টাকা। জীবনে প্রথম এত বড় আয়। অন্য কেউ হলে যা করত, আমিও তা-ই করেছি। সে টাকা তুলে দিয়েছি ‘মায়ের’ হাতে। না, আমার জন্মদাত্রী মা তো মারা গেছেন আগেই। এরপর থেকে বড় বোন আমাদের মানুষ করেছেন একেবারে মায়ের যত্নে। বোনই আমার মায়ের মতো।
ভারতের ওই টুর্নামেন্টটাও সে রকম স্বীকৃত কিছু ছিল না। তবে আইসিআরসি ক্রিকেট টুর্নামেন্টটা হওয়ার পেছনে ওই টুর্নামেন্টটা বড় ভূমিকা রেখেছে বলে আমার মনে হয়। এর আগে তো আমাদের বলতে গেলে দলই ছিল না। এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও আমরা দলের স্বীকৃতি পেলাম। বুকের মধ্যে বাংলাদেশ লেখা জার্সি। একই রকম জার্সি পরেই আমাদের জাতীয় দলও তো খেলেছে। খুব গর্ব হচ্ছিল।
খুব গর্ব হয়েছে বাংলাদেশের পক্ষে এ ধরনের ক্রিকেটে প্রথম ফিফটি করার পর। অবশ্য সেদিন মনটা খারাপ হয়ে গিয়েছিল। সেদিন ম্যাচটা জিততে পারিনি। দল না জিতলে নিজে যত বড় কিছুই করুন না কেন, কী লাভ! সেদিন আরেকটি ব্যাপার ঘটেছিল। খেলার সময় জানতেও পারিনি আমি ফিফটি করেছি। মাঠ ছেড়ে বেরিয়ে আসার পর একজন জানাল। মাঠে জানতে পারলে ব্যাট উঁচিয়ে উদ্যাপন করতাম!
পরে এই দুঃখ ঘোচানোর সুযোগ অবশ্য আবার এসেছে। কদিন আগে ভারতে আরও একটা বড় টুর্নামেন্ট হয়েছে। ওই টুর্নামেন্টে ছিল বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আমি ৩৪ বলে ৫৯ করেছিলাম। ফিফটি করেছিলাম সম্ভবত ২৬ বলে। সেবার ফিফটির পর সবাই অভিনন্দন জানিয়েছিলেন। আমিও ব্যাট উঁচিয়ে অভিবাদন নিয়েছি।
আমি সৌভাগ্যবান, বাংলাদেশের পক্ষে এ ধরনের স্বীকৃত ক্রিকেটে প্রথম দুটো ফিফটিই আমার। আরও একটি ফিফটি পেতে পারতাম। ওই টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৪৯ রানে অপরাজিত ছিলাম। মাত্র চার রান দরকার ছিল জেতার জন্য। ব্যাট করছিলাম ৪৫ রানে। চার মেরে দলকে জিতিয়েছি। ওই টুর্নামেন্টে তিন ম্যাচে ১২৮ করেছিলাম, টুর্নামেন্টে সব দল মিলিয়েই সর্বোচ্চ। সবচেয়ে বড় কথা আরও একটা বড় ট্রফি জিতে দেশে ফিরেছি।
অনেকেই জানতে চায়, এরপর আমার বা আমাদের লক্ষ্য কী? চাওয়া কী? সত্যি বলতে কি, আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই। আমি চাই, বাংলাদেশের ‘ডিজঅ্যাবলড ন্যাশনাল ক্রিকেট টিম’কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হোক।
সমাজের ভ্রুকুটির কারণে শারীরিক ও মানসিকভাবে অসমর্থ মানুষ ঘরের ভেতর নিজেকে আটকে ফেলে। সমাজকে দৃষ্টিভঙ্গি বদলাতে বলে কতটুকু কী হবে আমি জানি না। তবে নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হয়। যাঁরা নিজেদের ঘরে বন্দী করে রেখেছেন, বেরিয়ে আসুন। সামনে জয় করার জন্য আছে দিগন্ত। সবাইকে যে খেলোয়াড়ই হতে হবে, এমন তো নয়। সৃষ্টিকর্তা সবাইকেই কোনো না কোনো বিশেষ প্রতিভা দিয়ে পাঠান। আসুন, আমরা খেলি, গান গাই, ছবি আঁকি, নাচি, অভিনয় করি।
যে কষ্ট পুষে ঘরে নিজেকে আটকে রেখেছেন, নিজের জীবন থেকে শিখেছি বলেই বলছি, কিছু কিছু কষ্ট দেখবেন রূপ নিয়েছে আনন্দে!
শাহারীয়া শামীম: শারীরিক-অসমর্থ ক্রিকেটার