টাঙ্গাইল-জামদানি শাড়ি শিল্প হাজার বছর টিকে থাকুক

বেড়ে ওঠা কুমিল্লাতেই। বাড়ির আশপাশে প্রাকৃতিক সৌন্দর্য সব সময় মুগ্ধ করত। এ ছাড়া মাঝে মাঝেই ঘুরতে যেতাম আমাদের গ্রামের বাড়ি চৌদ্দগ্রামে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যও মুগ্ধ করত আমাকে। তাই বলা যেতে পারে, বাংলার স্নিগ্ধ প্রকৃতির মাঝেই আমার বেড়ে ওঠা। এর ফলেই বাংলার সৌন্দর্যকে অনেক কাছ থেকে দেখেছি এবং এই প্রাকৃতিক সৌন্দর্যকে নিজের কাজে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের বাড়ির দুই পাশেই ছিল হিন্দু পরিবার। ছোটবেলায় দেখতাম তারা খুব সুন্দরভাবে সুই দিয়ে লেইস তৈরি করত। একসময় তাদের দেখাদেখি আমিও লেইস বানানো শিখে গেলাম এবং সবাইকে অবাক করে দিয়ে বড় লেইস বানিয়ে ফেললাম অনেকগুলো। সেখানেই হয়তো শুরু হয়েছিল!
একবার আমাদের স্কুল থেকে ঠিক হলো সবাইকে ক্যান্টনমেন্ট এলাকায় ঘুরতে নিয়ে যাওয়া হবে। আমার মা আমার জন্য একটা সোয়েটার বুনছিলেন। ঘুরতে যাওয়ার সময় চলে এল কিন্তু সোয়েটার বোনা শেষ হলো না। যাওয়ার দিনের আগের রাতে আমি নিজেই বসলাম। আমি সব সময় যা করি, মন-প্রাণ দিয়ে করি। সারা রাত বসে আমি সোয়েটারটা বোনা শেষ করলাম এবং সকালে সেই সোয়েটার পরেই ঘুরতে গেলাম! ইচ্ছা ছিল সবাইকে দেখাব যে আমি এই সোয়েটার নিজে বুনেছি! কিন্তু সারা রাত না ঘুমানোর কারণে আমি পিকনিকের বাসে উঠেই ঘুমিয়ে পড়লাম, সে জন্য আমার বোনা সোয়েটারটা কাউকে দেখাতে পারিনি!
ছোটবেলায় আমার মধ্যে আরেকটি গুণ ছিল। ফিটফাট থাকা। ছোটদের কাপড়চোপড় বা জিনিসপত্র সব সময় এলোমেলো থাকে কিন্তু আমার সবকিছু থাকত ফিটফাট। এ কারণে আমার বাবা আমার নাম দিয়েছিলেন ‘ফ্যাশনবাবু’! এ ছাড়া পরিবারের সবার মাঝে একটা চিন্তা তৈরি হয়ে গিয়েছিল যে আমার পছন্দ, কালার সেন্স নাকি অনেক ভালো। তাই ছোট থেকেই যেকোনো কিছু পছন্দের সময় আমার ডাক পড়ত। বিভিন্নজন মার্কেটে যাওয়ার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যেত, তাদের কাপড় পছন্দ করে দেওয়ার জন্য! এ ছাড়া আমাদের সময়ে বাড়িতে সেলাই মেশিন থাকত এবং মেয়েরা তাদের কাপড় নিজেরাই সেলাই করত। আমি আমার নিজের মতো ডিজাইন করে পোশাক বানিয়ে ফেলতাম। সবাই প্রশংসা করত। ফলে বলা যেতে পারে, কাপড়ের সঙ্গে বন্ধুত্ব ছোটবেলা থেকেই।
একটু বড় হতেই বিয়ে হয়ে গেল। স্বামীর সংসারে চলে এলাম। আমার স্বামী প্রকৌশলী ইমদাদুল হক সব সময় চাইতেন আমি নিজে থেকে কিছু করি। ফলে ১৯৮০ সালের দিকে তিনি আমাকে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত একটি কোর্সে ভর্তি করিয়ে দেন। এই কোর্স করার পর আমাদের বেইলি রোডের জমিতে একটি টিনের ঘর বসিয়ে ‘ভয়েজার ট্র্যাভেল এজেন্সি’ নামে একটি ট্র্যাভেল এজেন্সির ব্যবসা শুরু করি। কিন্তু তখন মানুষের বিদেশে যাওয়ার আগ্রহও কম ছিল এবং আমিও এই ব্যবসায় কোনো আগ্রহ পাচ্ছিলাম না।
এই সময় একদিন আমার ছোট বোনের শ্বশুরবাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে ঘুরতে গেলাম। সেখানে গিয়ে আমি তাঁতিদের তৈরি নানা ধরনের শাড়ি দেখে মুগ্ধ হলাম। কিন্তু শাড়িগুলো সাড়ে ১০ থেকে ১১ হাত। কিছু শাড়ির কালার কম্বিনেশন ততটা ভালো ছিল না। তবে এ কথা সত্যি, তাঁতিরা প্রত্যেকেই দক্ষ এবং তাদের দ্বারা অনেক ভালো কাজ করানো সম্ভব। সেখান থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, টাঙ্গাইল শাড়ি বিক্রি করার। স্বামীর অনুপ্রেরণায় নিজে টাঙ্গাইলে গিয়ে তাঁতিদের সঙ্গে কথা বললাম। শাড়ির সাইজ বাড়ানোর জন্য ১০টা শাড়িকে ৯টা শাড়ি বানাতে বললাম। কিছু কিছুর কালার কম্বিনেশন আমি নিজেই দেখিয়ে দিলাম। তিনজন তাঁতি, ১৩০টি শাড়ি, একজন কর্মচারী নিয়ে বেইলি রোডের সেই ঝুপড়ি ঘরে যাত্রা শুরু করল ‘টাঙ্গাইল শাড়ি কুটির’। দোকানে কাঠ দিয়ে শাড়ি রাখার তাক তৈরি করে শোরুমের মতো বানালাম। তখন ঢাকার কোথাও এ রকম দেশি শাড়ির দোকান ছিল না। ফলে মানুষ খুবই পছন্দ করতে শুরু করল। আমার মনে আছে, প্রথম মাসেই আমি শাড়ি বিক্রি করে ২৫ হাজার টাকা লাভ করেছিলাম। ফলে আর পেছনে ফিরে তাকাইনি।
এক বছর পর ১৯৮৪ সালে আমরা টাঙ্গাইল শাড়ি কুটিরের শোরুম হিসেবে তিনতলা বিল্ডিং স্থাপন করি। টাঙ্গাইল শাড়ির সঙ্গে ধীরে ধীরে যোগ হয় জামদানি, মিরপুর, পাবনা ও মণিপুরি শাড়ি। মানুষ আমার উদ্যোগকে পছন্দ করে। দেশ-বিদেশে বিখ্যাত মানুষজন আমার দোকানে আসে, শাড়ি কেনে; আমার মন খুশিতে ভরে ওঠে। মাত্র কয়েকজন নিয়ে শুরু করা এই উদ্যোগ এখন অনেক বড় উদ্যোগে রূপান্তরিত হয়েছে। কয়েক হাজার তাঁতি এখন আমার জন্য কাজ করে, ৬০ জন কর্মচারী আছে, সারা ঢাকায় আমাদের এখন ছয়টি শোরুম।
আমি চাই এই শিল্প হাজার বছর টিকে থাকুক। আমি তাঁতিদের জন্য কাজ করেছি, করছি এবং সামনের দিনেও কাজ করে যেতে চাই। তারা এখন আমার পরিবারের মতো
আমার এই উদ্যোগের জন্য ১৯৮৪ সালে আমাকে ‘বিচিত্রা পুরস্কার’ প্রদান করা হয়। একই বছর জাতীয় মহিলা সংস্থা থেকে বস্ত্রশিল্পে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়। ১৯৯৭ সালে পেয়েছি ‘অনন্যা পুরস্কার’। পেয়েছি শেলটেক ইন্ডিয়া অ্যাওয়ার্ড। এ ছাড়া ইউনেসকো আয়োজিত হ্যান্ড স্কার্ফ প্রতিযোগিতায় ২০০৪ ও ২০১৪ সালে পেয়েছি ‘সিল অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। এসব পুরস্কার আমাকে আরও বেশি কাজ করতে অনুপ্রেরণা জুগিয়েছে।
টাঙ্গাইল শাড়ি কুটিরে কাজের পাশাপাশি আমি ‘বাংলাদেশ ক্রাফট কাউন্সিল’-এ কাজ করেছি এবং এখনো করছি। জয়নুল আবেদিন, কামরুল হাসানসহ বিখ্যাত ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত এই সংগঠনে ২০০৭-০৮, ২০১১-১২ ও ২০১২-১৩ বর্ষে আমি প্রেসিডেন্ট ছিলাম। ২০১৩ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলা একাডেমি, ডিজাইনার বিবি রাসেলসহ বিভিন্নজনের সহযোগিতায় আমরা বাংলাদেশের জামদানিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করার জন্য ইউনেসকোর কাছে প্রস্তাব করি। আমাদের তৈরি প্রকাশনা দেখে, জামদানির ইতিহাস-ঐতিহ্যের কথা বিবেচনা করে জামদানিকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।
‘বাংলাদেশ ক্রাফট কাউন্সিল’-এর পক্ষ থেকে আমি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, জর্ডান, চীনসহ পৃথিবীর অনেক দেশে গিয়েছি এবং এ কথা আমি গর্বের সঙ্গে বলতে পারি, বাংলাদেশের জামদানি-টাঙ্গাইল শাড়ি সারা বিশ্ববিচারে মানের দিক থেকে কোনো অংশে কম নয়। বাংলাদেশের তাঁতিরাও অনেক দক্ষ। তারা আগে সকাল-সন্ধ্যা পর্যন্ত কাজ করত এবং অনেক মনোযোগের সঙ্গে কাজ করত। কিন্তু এখনকার তরুণ প্রজন্ম এই পেশায় খুব একটা আসছে না। নানা ধরনের সুযোগ-সুবিধার অভাবে তারা অন্য পেশা গ্রহণ করছে। ফলে দক্ষ তাঁতিদের সংখ্যা কমে যাচ্ছে। আমি মনে করি, তাঁতি ও প্রকৃত দেশীয় শাড়ির সংখ্যা কমে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো বাংলাদেশ শাড়ি তৈরির কাঁচামাল বা সুতার অভাব এবং তাঁতিদের কোনো রকম সুযোগ-সুবিধা না দেওয়া। গার্মেন্টস শিল্প বাংলাদেশে অনেক উন্নত থাকলেও তাঁতিদের শাড়ি প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সুতা তারা দিতে রাজি হয় না। ফলে কাঁচামাল বা ভালো সুতার অভাবে ভালো মানের শাড়ি তৈরি করা কষ্টকর হয়ে পড়ছে। আমি আমার কাপড়ের উন্নত মান বজায় রাখার জন্য বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির সঙ্গে নিজে যোগাযোগ করে বা পাশের দেশ ভারত থেকে সুতা নিয়ে আসি।
আমরা সবাই জানি টাঙ্গাইল শাড়ি ও জামদানি শাড়ির চাহিদা শুধু দেশে নয়, দেশের বাইরেও আছে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকার যদি উদ্যোগ নিয়ে কোনো সুতা তৈরির কারখানা থেকে তাঁতিদের সুতা দেওয়ার ব্যবস্থা করে এবং তাঁতিদের কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধি করে, তাহলে এই শিল্প দেশের মর্যাদা আরও বাড়াবে। আমি চাই এই শিল্প হাজার বছর টিকে থাকুক। আমি তাঁতিদের জন্য কাজ করেছি, করছি এবং সামনের দিনেও কাজ করে যেতে চাই। তারা এখন আমার পরিবারের মতো, আমাকে ওরা ‘দিদিমণি’ ডাকে। আমার নিজের ছেলেমেয়ে দুজনই দেশের বাইরে থাকে; ব্যবসা করে। আমাকে তাদের কাছে যেতে বলে। কিন্তু তাঁতিদের ছেড়ে, টাঙ্গাইল-জামদানি শাড়ির প্রতি ভালোবাসা ছেড়ে ওদের কাছে আর যাওয়া হয়ে ওঠে না এবং হয়তো মৃত্যু ছাড়া এই ভালোবাসার বন্ধন ছিন্ন হবে না।
(অনুলিখন)
মনিরা ইমদাদ, ব্যবস্থাপনা পরিচালক, টাঙ্গাইল শাড়ি কুটির