তরুণরাই বাংলাদেশের অগ্রদূত

রাস্তায় আজকাল ধারালো অস্ত্র দিয়ে কাউকে আঘাত করতে দেখলে আমরা কাছে এগিয়ে যেতে ভয় পাই, অন্যায়ের প্রতিবাদ তো অনেক দূরে, এমনকি সত্য বলতেও ভয় পাই। মনে মনে বলি, সমস্যা তো আমার সঙ্গে হয়নি, ‘থাক, মেনে নিই।’ আমাদের প্রত্যেকের মধ্যে ‘থাক মেনে নিই’—এ ধরনের মনোভাব সৃষ্টি হয়েছে। যার প্রতিফলন আমরা সব সময় সবখানে দেখতে পাই। কিন্তু একটু ইতিহাসের দিকে লক্ষ করলে আমরা কী দেখি? ১৯৪৭, ৫২ বা ৭১ সালে আমাদের পূর্বপুরুষেরা যদি ‘থাক মেনে নিই’ মনোভাব প্রদর্শন করতেন, আমরা এই স্বাধীন দেশ পেতাম না।
১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী মোটেই ফেলনা ছিল না। তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কারা? যুদ্ধ করেছে সেই সব মানুষ, যারা প্রশিক্ষণ তো দূরে থাক, তার আগে অস্ত্র চোখেও দেখেছে কি না সন্দেহ। তবু কেন আমরা তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মতো একটি প্রশিক্ষিত, চৌকস সেনাবাহিনীকে পরাজিত করতে সক্ষম হলাম? কারণ হয়তো তখনকার বাঙালিদের অনেক কিছুরই অভাব ছিল, কিন্তু দেশের প্রতি ভালোবাসার, দেশের জন্য কিছু করার সদিচ্ছা, সর্বোপরি যেকোনো বিপদে দেশকে রক্ষা করার ইচ্ছার এক বিন্দুও কমতি ছিল না। আর এ জন্যই আমরা বীরের জাতি হিসেবে পরিচিত।
ফেসবুক, টুইটার, ব্লগের কারণে প্রকাশের পদ্ধতি বদলেছে তা যেমন ঠিক, তেমনি ভালোবাসার পরিমাণও কমেছে, তা-ও অনেকাংশেই ঠিক। তবু যারা সব হতাশা পেছনে ঠেলে বিশ্বদরবারে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরেছে, তাদের জন্য রইল সাধুবাদ।
প্রতিভার দিক দিয়ে বাংলাদেশ একটুও পিছিয়ে নেই, কেননা এ দেশের কলসিন্দুর গ্রামের মেয়েরা বাংলাদেশকে ট্রফি এনে দেয়। কক্সবাজারের শিশু জাহিদ বিশ্বকে তাক লাগিয়ে দেয়, ওসামা বিন নূর ব্রিটেনের রানির কাছ থেকে পদক লাভ করে।
আরও এ রকম হাজারো প্রতিভা ছড়িয়ে আছে, যা কিনা আমরা হাঁটতে-চলতে-ফিরতে খুঁজে পাই। প্রয়োজন খানিকটা যত্নের।
আমাদের এই দেশকে নিয়ে আমরা আরও বহুদূর যেতে পারতাম, যদি আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা সবাই কথা বলতে পারতাম, সবার কথা শুনতে পারতাম, সর্বোপরি সব কাজে জবাবদিহিতা থাকত।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পেছনে যুক্তরাষ্ট্রের হয়তো অনেক কারণ আছে, কিন্তু একজন বিতার্কিক হিসেবে আমি যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর হওয়ার পেছনে সবচেয়ে যৌক্তিক যে কারণটি খুঁজে পাই, তা হলো তাদের প্রেসিডেনশিয়াল বিতর্ক। যেখানে দুজনে একই বিষয়ে দুই রকম কথা বলেন এবং কেন তাঁর কথা ঠিক তা প্রমাণ করার জন্য কথা বলেন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। যেখানে কেউ হয়তো বলেছেন আমি আমার দেশের উন্নয়নের জন্য সীমান্ত আটকে দেব, শরণার্থী প্রবেশ করতে দেব না। আবার অন্যজন হয়তো বলেছেন তিনি দেশের উন্নয়নের জন্য সীমান্ত খুলে দিয়ে শরণার্থী প্রবেশ করতে দেবেন। এসব বিষয়ে কথা বলতে বলতেই তারা একে অপরের ব্যক্তিগত জীবনের দোষ, গুণ, অপরাধ ইত্যাদি বিষয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করতে চান। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বিতর্কে কোনো ফলাফল কিন্তু পাওয়া যায় না।
আরেকটি লক্ষণীয় বিষয় যে, স্বয়ং রিপাবলিক বা ডেমোক্র্যাট দলের প্রধানও রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, যদি তাঁর দল না চায়। অর্থাৎ, সবচেয়ে যোগ্য দুজন প্রার্থীই রাষ্ট্রপতি হওয়ার জন্য লড়াই করেন।
>যদি মনে থাকে সাহস, চোখে স্পষ্ট লক্ষ্য আর বুকের ভেতর ৭১-এর প্রেরণার শক্তি, সে স্বপ্নের বাস্তবায়ন দূরে নয়
পল্লিকবি জসীমউদ্দীন তাঁর ‘ধুলি বালি’ নামক গল্পে দুই অতি চালাক বন্ধুর কথা বলেছেন। তার মধ্যে একটি অংশে এমন ছিল, ধুলি চায় বালির চালের ওপর দিয়ে যাতে তার সকালের খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। তাই সে বাড়ির সামনে একটি হাঁড়িতে শুধু পানি সেদ্ধ করতে দিয়ে বালিকে জানায়, সে ভাত রান্না করছে। আবার নদীর ওপার থেকে বালিও চিন্তা করে ওর চাল দিয়েই যদি সকালের খাবারটা হয়ে যায় তো মন্দ কী? তাই সে গামছায় অনেক চাল আছে এমনভাবে ধরে নদী পার হয়ে এসে বসল। আকাশে একটা পাখি দেখে সে ধুলিকে বলে, দেখো, কী সুন্দর পাখি। ধুলি সেদিকে তাকাতেই গামছা থেকে চাল ঢালার ভান করলে ধুলিও ভাবল সত্যিই সে চাল ঢেলেছে। আবার বালিও ভাবছে কাঁঠালটা সত্যিই তার মাথায় ভাঙা গেছে। দুজনে খুশিমনে অনেক গল্প করতে করতে অনেকক্ষণ পর হাঁড়ির ঢাকনা সরিয়ে দেখে সেখানে ভাত তো দূরের কথা, একটি চালও নেই। দুজনই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকল ও অপরের মনের ইচ্ছা বুঝতে পারল।
আমরাও অন্যের মাথায় কাঁঠাল ভাঙতে গিয়ে হাঁড়িটিকে শূন্যই রেখে দিচ্ছি নাতো? আমরা কেউই পীর-ওলি-আউলিয়া নই যে, মুখ দেখে অন্যের মনের কথা বলে দেব। আমাদের নেতৃত্বস্থানীয় সবার মধ্যে স্বচ্ছতা প্রয়োজন।
নেতাদের মনের কথা সাধারণ জনগণকে জানাতে হবে। মানুষ বেছে নিক, কাকে তাদের প্রয়োজন, তাহলে শুধু যোগ্যতা থাকলেই হবে। ভোট বেচাকেনা এ রকম কোনো শব্দই আমাদের দেশে আর থাকবে না।
এমন একটি দেশ চাই, যে দেশে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সে সিদ্ধান্ত বাতিল করতে যেন ছোট ছেলেমেয়েদের পরীক্ষা বাদ দিয়ে রাস্তায় নেমে আসতে না হয়। সিদ্ধান্ত নিতে হবে খুব ভেবেচিন্তে।
এমন একটি দেশ চাই, যে দেশে পুলিশের পোশাক দেখলেই সাধারণ মানুষ প্রথমেই ভয় পাবে না। অথবা আইন অমান্য ও দুর্নীতি করে পার পাওয়া যাবে এমন চিন্তা কারও মাথায় আসবে না।
এমন একটি দেশ চাই, যে দেশে শত বাধা এলেও যোগ্যদের তালিকার ওপরে রাখা হবে। আবারও বলি, যোগ্যতার কোনো কমতি নেই আমাদের শুধু তাদের সঠিক স্থানে থাকতে দিতে হবে। তাহলে আর বাংলাদেশের উন্নয়ন কে আটকায়?
এমন একটি দেশ চাই, যে দেশের রাজধানী যানজটে স্থবির হয়ে পড়বে না। দেশের রাস্তাঘাটের উন্নয়ন হবে পরিকল্পনামাফিক। অযথাই গর্ত করে দিনের পর দিন মানুষের ভোগান্তি সৃষ্টি করা হবে না, শুধু টেন্ডার দেওয়ার জন্য নয়, সাধারণ মানুষের কথা চিন্তা করে টেকসই সড়ক নির্মাণ করা হবে এমন দেশের স্বপ্ন রাতে ঘুমালেই দেখি।
আইন হতে হবে সবার জন্যই সমান। মুষ্টিমেয় কোনো জনগোষ্ঠী আইনের ঊর্ধ্বে থাকবে, তা নয়। আইন নিয়ন্ত্রণ ও প্রয়োগকারী সংস্থাগুলোকে হতে হবে স্বচ্ছ ও জবাবদিহিপরায়ণ।
আমরা আমাদের ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই, ১৯৫২ ও ১৯৭১-এর সবচেয়ে বড় দুটি আন্দোলনে তরুণসমাজের ভূমিকা ছিল অসাধারণ। তাই তরুণদের করতে হবে নতুন বাংলাদেশের অগ্রদূত।
যারা ক্ষণস্থায়ী স্বার্থের কথা চিন্তা করে মাদক ও অস্ত্র তুলে দিয়ে এই তরুণসমাজকে বিপথগামী করছে, তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। মাদক থেকে দূরে রাখতে যুবসমাজের কাছে পৌঁছাতে হবে খেলাধুলার সরঞ্জাম, বই। তাদের সামনে খুলে দিতে হবে উদ্ভাবনী সম্ভাবনার দুয়ার। তাদের জ্ঞান, সাহস, শক্তিকে কাজে লাগিয়ে দেশের যেকোনো চ্যালেঞ্জ জয় করতে হবে। যথাযথ মূল্যায়ন হলে তরুণেরা নিজ উদ্যোগেই দেশের কল্যাণে বিভিন্ন সমস্যায় এগিয়ে আসবে। আর এ ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, যাতে প্রতিভাবানদের জায়গায় তোষামোদকারী কেউ প্রবেশ করতে না পারে। তাহলে তাদের তোষামোদের কাছে শুধু প্রতিভাবানরাই নয়, হেরে যাবে দেশও।
এককথায় বলতে গেলে একটি শান্ত, শ্যামল, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি। যে দেশে কেউ ধর্মের অজুহাতে শিক্ষিত যুবকদের বোকা বানাতে পারবে না। যে দেশে অকারণেই খালি হবে না মায়ের বুক।
ক্ষমতা নিয়ে লড়াই তো চলবেই, তবে সে লড়াইয়ের অস্ত্র হতে হবে বুদ্ধিদীপ্ত, যৌক্তিক ও জবাবদিহিমূলক। যুদ্ধাস্ত্র, শক্তির অপব্যবহার, কূটকৌশল কখনোই সে লড়াইয়ের অস্ত্র হতে পারে না।
যদি মনে থাকে সাহস, চোখে স্পষ্ট লক্ষ্য আর বুকের ভেতর ৭১-এর প্রেরণার শক্তি, সে স্বপ্নের বাস্তবায়ন দূরে নয়।
শুধু মাথায় রাখতে হবে এ পি জে আবদুল কালামের সেই বিখ্যাত উক্তি,
‘স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখ
বরং স্বপ্ন সেটা যা তোমায় ঘুমাতে দেয় না।’
* কাজী তাওহীদ : তরুণ বিতার্কিক