তাঁর শেষের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের পথচলা। সেই পথের শেষটা কি দেখতে শুরু করেছেন মাশরাফি বিন মুর্তজা? লিখেছেন তারেক মাহমুদ
.
.

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নতুন কেউ এলেই ওখানটায় একবার দাঁড়ান। নিচতলায় দুই ড্রেসিংরুমের মাঝে লবির মতো প্রশস্ত জায়গা। দেয়ালে সারি বেঁধে ঝোলানো সাবেক অধিনায়কদের ছবি। শামীম কবির থেকে শুরু করে হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল সবাই আছেন। আর কিছুদিন পরই সেখানে নতুন একটা ছবি উঠতে যাচ্ছে। ছবিটা মাশরাফি বিন মুর্তজার।
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে যন্ত্রণাময়, সবচেয়ে বিয়োগান্ত এবং সবচেয়ে আবেগঘন সময়টা বুঝি কাছেই চলে আসছে! ১৫ বছর ধরে বাংলাদেশ দলে খেলছেন মাশরাফি। ২০০১ সাল থেকে গায়ে পরে আছেন লাল-সবুজ জার্সি। মাঝে অনেক ঘাত-প্রতিঘাত গেছে। চোটাঘাত আর অস্ত্রোপচার লম্বা সময়ের জন্য তাঁকে নিয়ে গেছে মাঠের বাইরে। মানুষ প্রার্থনা করেছে। অধীর অপেক্ষায় থেকেছে তাঁর মাঠে ফেরার। নিজের সঙ্গে লড়াইয়ে প্রতিবার জয় নিয়েই ফিরেছেন মাশরাফি। লড়াই তবু থামেনি। মাঠে দাঁড়িয়ে থাকা প্রতিটা মুহূর্তে ভাবতে হয়, পরের ওভারটা করতে পারব তো? সুস্থ থেকে শেষ করতে পারব তো ম্যাচটা?
তবে ৩২ পেরিয়ে যাওয়া মাশরাফির জন্য এখন এমনই এক যাওয়ার সময় আসন্ন, যে যাওয়াটা হবে স্বেচ্ছায় এবং আর কখনো ফিরে না আসার জন্য। এতে কোনো সন্দেহ নেই যে খেলা ছেড়ে দেওয়ার পরও ক্রিকেটকে অনেক কিছুই দেওয়ার থাকবে মাশরাফির। খেলা ছাড়লেও হয়তো ক্রিকেট তাই ছাড়বেন না। তবে খেলোয়াড় মাশরাফির শেষের শুরু বলতে পারেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকেই। ভারত বিশ্বকাপের পর আন্তর্জাতিক পর্যায়ে ২০ ওভারের ক্রিকেট যে তিনি আর খেলবেন না, এটা এখন অনানুষ্ঠানিকভাবে চূড়ান্ত। আর টেস্ট তো শারীরিক কারণেই তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। খেললেও হয়তো কোনো উপলক্ষে একটা বিদায়ী টেস্ট খেলতে পারেন। বাকি থাকল ওয়ানডে। তবে সেই ক্যারিয়ারটাও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত যাবে কি না সন্দেহ। গেলে সেটা বড় পাওয়াই হবে। তবে তার আগেও আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে ‘বিদায়’ বলে দিতে পারেন এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র কিংবদন্তি ক্রিকেটার।
মাশরাফিকে ‘কিংবদন্তি’ বলায় আশা করি কেউ আপত্তি করবেন না। বাংলাদেশে এই একজন ক্রিকেটারই তো আছেন, সবদিক দিয়েই যাঁর ভাবমূর্তি আসল ক্রিকেটের মতোই সফেদ। সাদাকে সাদা আর কালোকে মুখের ওপর কালো বলে দেওয়ার অসম্ভব সাহসী গুণ তাঁকে করেছে সর্বজন গ্রহণযোগ্য। বয়সের সঙ্গে সঙ্গে ক্রিকেট আর মানবীয় চিন্তায় প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেও। মাশরাফির কথা শুনে একসময় তাঁরই সঙ্গে জাতীয় দলে খেলা জ্যেষ্ঠ ক্রিকেটাররাও অবাক হয়ে যান। এশিয়া কাপ চলাকালে প্রেসবক্সে এসে সাবেক এক ব্যাটসম্যান নিজের বিস্ময়টা প্রকাশ করে ফেললেন, ‘মাশরাফি ইদানীং কীভাবে কথা বলে, দেখেছেন? ওকে যত দেখি তত অবাক হই। আমাদের দেশের একজন ক্রিকেটার এত গুছিয়ে চিন্তা করে, কথা বলে...শুনলে মনে হয় ও যা বলে তাই ঠিক।’
শুধু সাবেক-বর্তমান সতীর্থদের কাছ থেকেই নয়, এমন প্রশংসা হররোজ মাশরাফি পাচ্ছেন সব মহল থেকে। বাংলাদেশের সবচেয়ে পরিণত ও চিন্তাশীল ক্রিকেট মস্তিষ্কটা কয়েক বছর ধরেই ডেভ হোয়াটমোরের এক সময়কার ‘পাগলা’র মাথায়। প্রবল ক্রিকেট জোয়ারে ভেসেও মাশরাফির পক্ষেই মনে করিয়ে দেওয়া সম্ভব, ক্রিকেটাররা বীর নন। বীর তো মুক্তিযোদ্ধারা! মাশরাফিরই আছে অফ স্পিন করেও ঘরোয়া লিগে কোনো ক্লাবকে চ্যাম্পিয়ন করে দেওয়ার মতো মনের জোর। সাফল্য, নেতৃত্বগুণ আর দেশপ্রেম মিলিয়ে সাধারণ মানুষের কাছে বাংলাদেশের ক্রিকেটের মুখ হয়ে উঠেছেন নড়াইলের এই বিস্ময়। ইউএনডিপির মতো সংস্থাও তাই তাঁকেই বেছে নিয়েছে শুভেচ্ছাদূত হিসেবে।

অনেকের তো এমনও চাওয়া, মাশরাফি রাজনীতিতে আসুক। ক্রিকেট দলের মতো বদলে দিক দেশটাকে। একজন নাগরিক হিসেবেও যে তাঁর চিন্তাভাবনায় নেতার ছাপ সুস্পষ্ট! হয়তো একটা সময়ে মাশরাফিও উপলব্ধি করবেন দেশের জন্য খেলার মাঠের বাইরেও কিছু করার তাড়না। তবে মাশরাফি আপাতত ভাবছেন শুধু খেলোয়াড়ি জীবনের শেষের শুরুটা নিয়ে। গত বছর ওয়ানডের বাংলাদেশ দলকে সমীহ করার জায়গায় নিয়ে গেছেন। বিদায়ের আগে নিশ্চয়ই চাইবেন টি-টোয়েন্টিতেও বাংলাদেশ হোক নতুন এক শক্তির নাম। বিদেশের মাটিতে সাফল্য পাওয়ার নেশাটাও ঢুকে যাক রক্তে।
কয়েক বছর ধরে মাশরাফি যেটাতেই হাত দেন, সোনা হয়ে যায়। সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর থেকেই এটা বেশি হচ্ছে। জাতীয় দলকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন ওয়ানডেতে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল তাঁর নেতৃত্বেই প্রথম খেলল বাংলাদেশ। আর ঘরোয়া ক্রিকেট? পরপর তিনটি বিপিএলের ট্রফি উঁচিয়ে ধরা ছবির কেন্দ্রীয় চরিত্র তো মাশরাফিই! কখনো ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে, কখনো বা কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক হিসেবে উঠেছেন পুরস্কার বিতরণী মঞ্চে।
উল্টোমুখী স্রোতের সামনে বুক চিতিয়ে সাঁতরে তীরের সন্ধান পাওয়া ছোটবেলা থেকেই মাশরাফির নেশা। চিত্রা নদীর পাড়ের সেই মাশরাফি ক্রিকেটার জীবনটাও কাটালেন যোদ্ধার মতো। তাঁর ক্যারিয়ারের হাইলাইটস জুড়ে দিয়ে তৈরি হতে পারে যেকোনো অ্যাডভেঞ্চার মুভির ট্রেলার। সেই মাশরাফির হাতে শেষের শুরুতেও থাকুক আলোর মশাল। শেরেবাংলা স্টেডিয়ামে সাবেক অধিনায়কদের সারিতে তাঁর ছবিটা তখন শুধু একটা ছবি হিসেবেই থাকবে না। সোনালি ফ্রেমের ঔজ্জ্বল্যে সেই ছবি নতুন প্রজন্মকে মনে করিয়ে দেবে, ক্রিকেট শুধু জীবনের জন্য নয়। কারও কারও জীবনটাও ক্রিকেটের জন্য।