তারানকো: বছর শেষের ঔৎসুক্য

নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অচলাবস্থা কাটাতে গত এক বছরে দেশ-বিদেশের নানা চেষ্টা ছিল। সব চেষ্টা বিফলে যাওয়ায় বছর শেষে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর ঢাকা সফর।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসেবে এক বছরে তিন দফা ঢাকায় আসেন তারানকো। প্রথমবার ২০১২ সালের ডিসেম্বরে, তারপর এ বছরের মে মাসে এবং সর্বশেষ গত ৬ ডিসেম্বর পাঁচ দিনের সফরে ঢাকা আসেন তিনি। তাঁর এই সফরের আগে গত ২৩ আগস্ট বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে ফোন করে সংঘাতের পথ ছেড়ে শান্তিপূর্ণভাবে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে অনুরোধ জানান। কিন্তু তার পরও বিবদমান দল দুটির অবস্থানে পরিবর্তন ঘটেনি, বরং রাজনীতি আরও সংঘাতময় রূপ ধারণ করে। এই প্রেক্ষাপটে গত ২৫ নভেম্বর তিনি দুই নেত্রীকে চিঠি লেখেন; সময় ফুরিয়ে আসছে বলে উদ্বেগ প্রকাশ ‘বাস্তবিক অর্থেই বিশ্বাসযোগ্য’ ও ‘সহিংসতামুক্ত নির্বাচনের’ সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ‘পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধানে’ পৌঁছানোর তাগিদ দেন। তারপর দুই পক্ষকে সংলাপে উৎসাহ জোগাতে তিনি ঢাকায় পাঠান তাঁর সহকারী অস্কার তারানকোকে।
ছয় দিনের সফরকালে তারানকো মোট ২৫টি বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্রসচিব, নাগরিক সমাজ, ঢাকায় কর্মরত কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন। দুই নেত্রীর সঙ্গে তারানকোর দুই দফা বৈঠক হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর শেষ বৈঠকটি হয়নি।
তারানকো ঢাকা ছাড়ার আগে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর এ সফরের লক্ষ্য কী? তিনি বলেন, নিজের উপস্থিতিতে দুই দলকে সংলাপে বসানো। আরও বলেন, আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব এ দেশের রাজনীতিবিদদের। সমাধানটাও খুঁজে নিতে হবে তাঁদের। ঢাকা ছাড়ার দিন বিকেলে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তারানকো বলেন, অনেক চেষ্টার পর দুই দলকে আলোচনার টেবিলে বসানো গেছে। তবে দুই পক্ষ নিজেদের অবস্থানে এতটাই অনড় যে এ আলোচনার সাফল্য নিয়ে তাঁর সংশয় রয়েছে।
জাতিসংঘ সদর দপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, তারানকো নিউইয়র্ক ফিরে মহাসচিব বান কি মুনের কাছে ঢাকা সফরের আদ্যোপান্ত তুলে ধরে বলেছেন, দুই দল সংলাপে বসেছে ঠিকই, তবে রাজনৈতিক সংকট সমাধানের কোনো আভাস মেলেনি।
রাহীদ এজাজ