তারুণ্যের চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয়

তারুণ্যের শক্তি ও চেতনা, মানবিক মূল্যবোধ, সমাজ-রাষ্ট্র ও মানবতার প্রতি দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ১৮তম বর্ষপূর্তি উদ্যাপন করেছে প্রথম আলো। এ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবন মিলনায়তনে প্রথম আলোর কর্মীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪ নভেম্বর ১৮ বছর পূর্ণ করেছে প্রথম আলো।
অনুষ্ঠান শুরু হয় তানভীর আলম সজীবের কণ্ঠে ভূপেন হাজারিকার কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্য’ দিয়ে। এবারের বর্ষপূর্তির অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সাহসী তরুণ ফারাজ আইয়াজ হোসেনের স্মৃতির উদ্দেশে। গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন ফারাজ। নিজের জীবন বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও বন্ধুদের ছেড়ে যেতে রাজি হননি তিনি।
প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। সুমনা শারমীন বলেন, ফারাজের সাহস, মানবিকতা ও বন্ধুত্বের জন্য আত্মত্যাগের প্রেরণা নিয়ে এগিয়ে যাবে প্রথম আলো। ফারাজকে নিয়ে রেদওয়ান রনির তৈরি একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে দেখানো হয়। পরে ফারাজের মা সিমিন হোসেন ও বড় ভাই যারেফ আয়াত হোসেনের হাতে প্রামাণ্যচিত্রের একটি কপি তুলে দেওয়া হয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারাজের বড় ভাই যারেফ বলেন, ফারাজ পরিণতির কথা না ভেবে অন্যায় আর অপশক্তির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি সাহসের প্রতীক। বন্ধুত্বের জন্য তিনি জীবন দিয়েছেন। ভয়হীনভাবে সত্য তুলে ধরার একই আদর্শ ধারণ করার কারণে ফারাজ প্রথম আলো পত্রিকারও ভক্ত ছিলেন। যারেফ বলেন, ফারাজের বড় ভাই হিসেবে তিনি এত দিন তাঁর আদর্শ হয়ে উঠতে চেয়েছেন। এখন ফারাজ হয়ে উঠেছেন তাঁর আদর্শ।
ফারাজের মা সিমিন হোসেন বলেন, ‘ফারাজ ভয়কে জয় করে মৃত্যুকে আলিঙ্গন করেছে। আমাদের জীবনের কঠিন সময়ে প্রথম আলো পরিবার আমাদের পাশে ছিল। সে জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’ ফারাজের মতো প্রথম আলোও শত প্রতিকূলতা সত্ত্বেও সত্য প্রকাশের আদর্শ ধারণ করে বলে তিনি মন্তব্য করেন।

প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, যেটা সমাজের জন্য, মানবতার জন্য, বাংলাদেশের জন্য ভালো, তার পক্ষে প্রথম আলো দাঁড়ায়। দীর্ঘ ১৮ বছরে এখানে একটি মূল্যবোধ তৈরি হয়েছে, যেখানে প্রথম আলোর সবার অবদান রয়েছে। ফারাজের আত্মত্যাগ ও প্রথম আলোর অগ্রযাত্রার মধ্যে মিল রয়েছে উল্লেখ করে লতিফুর রহমান বলেন, যে নৈতিকতা নিয়ে ফারাজ তাঁর বন্ধুদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই একই নৈতিকতা নিয়ে ভবিষ্যতে প্রথম আলো এগিয়ে যাবে। উভয়েরই মূল্যবোধের ভিত্তি মানবতা।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘ফারাজ আমাদের শক্তি, আমাদের প্রেরণা, আমাদের ভালোবাসা।’ তিনি বলেন, ১৮ বছরের পদযাত্রা সহজ ছিল না। অনেক উত্থান-পতন ও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই সময়ে অনেক সফলতা ছিল, অনেক উদ্যোগ ছিল। কিন্তু এখানেই শেষ নয়। আরও অনেক কিছু করার রয়েছে। প্রত্যেককে পরিবর্তন হতে হবে। শুধু বলেই দায়িত্ব শেষ করলে হবে না।
অনুষ্ঠানে সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়। ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ সেরা কর্মীদের নাম ঘোষণা করেন। পুরস্কার তুলে দেন মিডিয়া স্টার লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য ও প্রথম আলোর বিভিন্ন বিভাগের প্রধানেরা।
২০১৬ সালের জন্য সেরা প্রতিনিধির পুরস্কার পেয়েছেন মৌলভীবাজারের আকমল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার শাহাদৎ হোসেন।
সেরা দল হিসেবে পুরস্কার পেয়েছে বিজ্ঞাপন বিভাগ।

সেরা নবীন কর্মী হিসেবে পুরস্কার পেয়েছেন নিজস্ব প্রতিবেদক সামছুর রহমান ও সহসম্পাদক আদর রহমান। বিভিন্ন বিভাগের সেরা কর্মীদের মধ্যে রয়েছেন বিশেষ প্রতিনিধি (ক্রীড়া) তারেক মাহমুদ, বিশেষ আলোকচিত্র সাংবাদিক শামসুল হক, জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার হোসেন, জ্যেষ্ঠ সহসম্পাদক তপতী বর্মন, জ্যেষ্ঠ সহসম্পাদক ফারুক হোসেন, সহসম্পাদক মাহফুজুর রহমান, চট্টগ্রামের আলোকচিত্রী সৌরভ দাশ, ব্যবস্থাপক (সাপ্লাই চেইন) নাহিদুল আদনান, ডিজিটাল সেলসের জ্যেষ্ঠ নির্বাহী (অ্যাড সেলস) কে এম আমিনুর রহমান ও অফিস সহকারী নুরুল হক হাওলাদার।
এ ছাড়া রিপোর্টিং বিভাগে পাঁচজন বিশেষ পুরস্কার পেয়েছেন। সেরা গবেষণাধর্মী প্রতিবেদনের জন্য বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান, সেরা বিশ্লেষণী প্রতিবেদনের জন্য উপপ্রধান প্রতিবেদক টিপু সুলতান, বিচিত্রধর্মী প্রতিবেদনের জন্য জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ, নারী-বিষয়ক প্রতিবেদনের জন্য জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন এবং সেরা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে প্রথম আলোর উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূরের নির্দেশনায় কণ্ঠশীলনের শিল্পীরা কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতার দলীয় আবৃত্তি করেন। সব শেষে ব্যান্ড দল চিরকুট পরিবেশন করে ডি এল রায়ের অমর গান ‘ধনধান্য পুষ্পভরা’। অনুষ্ঠানের কর্মীরাও চিরকুটের লিড ভোকালিস্ট সুমির সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়ে ওঠেন দেশাত্মবোধক এই গান।

মিডিয়া স্টার লিমিটেডের পরিচালক শাহনাজ রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান ও শাজরেহ হক, ট্রান্সকম বেভারেজেসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কুদ্দুস চৌধুরী, এবিসি রেডিওর নির্বাহী পরিচালক জালাল উদ্দিন আহমেদ, ট্রান্সকম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ প্রথম আলোর সব বিভাগের সকল কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।