থিয়েটারই হতে পারে একজন শিল্পীর ভিত্তিমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্মীমালা
শর্মীমালা

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই আমি বিভিন্ন ক্লাবে যাতায়াত করতাম। তখনই একদিন হঠাৎ নোটিশ বোর্ডে একটা নোটিশে চোখ আটকে গেল। প্রাচ্যনাট নতুন ছেলেমেয়ে নেবে তাদের থিয়েটার স্কুলের জন্য। অনেক রংচঙে নোটিশের ভিড়ে ছিমছাম শৈল্পিক নোটিশটা খুব নজর কাড়ল আমার। ব্যস, তখন থেকেই আসলে আমার গল্পটা শুরু।

প্রাচ্যনাট অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন স্কুল থেকে ছয় মাসের কোর্সটা শেষ করার পর আমি অন্য আমিকে আবিষ্কার করলাম। আমি আসলে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। নানান চরিত্রে নানাভাবে নিজেকে ভাঙাগড়ার এই খেলাটা আসলে আমার প্রিয় খেলা হয়ে উঠল, আর এখন তো এটা নেশা। কত সাজে নিজেকে যে সাজিয়েছি, মঞ্চের আয়নায় নিজেকে যে কতভাবে দেখেছি। কত স্থানে—শিল্পকলা একাডেমির মঞ্চ থেকে অজপাড়া গাঁ—সবখানে অভিনয় করেছি। মানুষকে যেমন হাসিয়েছি, তেমনি কাঁদিয়েছিও। প্রচণ্ড রোদ-গরমে যেমন কাজ করেছি, বৃষ্টি মাথায় নিয়েও তেমন কাজ করেছি। থিয়েটার করতে এসে নিজের পরিবার থেকে শুরু করে সমাজের কাছেও বারবার নানান প্রশ্নের মুখে পড়েছি। প্রতিদিনই সন্ধ্যার পর রিহার্সাল থাকত, আর আমি রিহার্সাল করার জন্য থাকতাম বাসার বাইরে—এ যেন ভয়ংকর অন্যায় কাজ। তাই পড়াশোনাসহ সবদিক ঠিক রেখে নাটক চালিয়ে যাওয়াটা ছিল আসলেই অনেক কঠিন একটা কাজ। প্রাচ্যনাটের কোর্স শেষ করেই পালাকার নাট্যদলে যোগ দিলাম। সেই ২০০৬ থেকে এখনো পালাকারের সঙ্গেই আছি, থাকবও আশা করি।

পেছনে তাকিয়ে যখনই এই পথপরিক্রমা দেখি, আসলেই অবাক লাগে—কীভাবে পেরেছি! তবে মায়ের কথা না বললেই নয়। তিনি আসলে আমার সবকিছুর সঙ্গেই ছায়ার মতো ছিলেন।

তারপর তো মঞ্চ থেকে টিভি, টিভি থেকে সিনেমা। এখন সবগুলো মাধ্যমেই কাজ করে যাচ্ছি।

প্রচণ্ড অস্থির একটা সময় পার করছি আমরা। সবকিছু খুব দ্রুত পেয়ে যাওয়ার একটা প্রবণতা যেন আমাদের মোহাবিষ্ট করে রেখেছে। আজ যখন দেখি কোনো নতুন ছেলেমেয়ে মিডিয়াতে আসার পরপরই দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে না দেখে হতাশ হয়ে যাচ্ছে, খুব অবাক লাগে তখন। একটা চরিত্রকে নির্মাণ করতে পারার যে আনন্দ, তা আসলে চাপা পড়ে যায় জনপ্রিয় হয়ে ওঠা বা না ওঠার চক্করে। পাণ্ডুলিপি বিশ্লেষণ, চরিত্রের মনস্তত্ত্বকে বুঝতে পারা, নির্দেশকের সঙ্গে বোঝাপড়া করে চরিত্রের আদলে নিজেকে বদলে ফেলা—আজ নতুন অনেক ছেলেমেয়ের কাছে খুব অবাক করা বিষয়।

আসলেই একটা অদ্ভুত ক্রান্তিকালে আমরা আছি যখন মানের চেয়ে পরিমাণের দিকেই সবার ঝোঁক। নাটক বা সিনেমা যা-ই হোক না কেন গল্প বা পাণ্ডুলিপি হচ্ছে তার প্রাণ, আর নির্দেশক হচ্ছে কান্ডারি। নির্দেশকের ইচ্ছা বা যোগ্যতার প্রতিফলন হচ্ছে টোটাল নাটক বা সিনেমাটা। তাই পরিচালককে তাঁর কাজের প্রতি সৎ থাকতে হয়। কিন্তু ইদানীং অনেক পরিচালকের মধ্যে এইসব ক্ষেত্রে বিচ্যুতি ও ঘাটতি দেখা যায়।

এটা আমাদের কাজের জায়গা। এখন পরিবেশ সুস্থ রাখার দায়িত্ব আমাদের সবার। দেশে এতগুলো চ্যানেল থাকার পরও ভারতীয় চ্যানেলের দিকে সবাই ঝুঁকে আছে। প্রায়ই শোনা যায়, ভারতীয় চ্যানেল দেখে মারামারি, কাটাকাটি হয়েছে, আত্মহত্যা করেছে, আরও কত-কী। অভিযোগগুলো কিন্তু সবার জানা। স্বল্প বাজেট, অতিরিক্ত বিজ্ঞাপন, মানসম্মত অনুষ্ঠানের অভাব ইত্যাদি। এগুলো সবাই জানে কিন্তু কোনো সমাধান কেউ দিতে পারে না। একটাই সমাধান বের করেছেন সেটা হলো, ভারতীয় চ্যানেল বন্ধ করে দেওয়া। কিন্তু বন্ধ করে দিলেই কি সমস্যার সমাধান হবে? আমি তো ১০ জনের রুচিকে নিয়ন্ত্রণ করতে পারব না। এই আকাশ সংস্কৃতির যুগে সবকিছু যখন আমাদের হাতের মুঠোয়, তখন কি এভাবে দর্শকদের আমাদের চ্যানেলমুখী করা সম্ভব হবে? তার চেয়ে অনুষ্ঠানের বা নাটকের মান বাড়িয়ে দর্শকদের এমুখী করাটা অনেক সহজ এবং টেকসই বলে আমার মনে হয়। একসময় আমাদের নাটক আমাদের কথা বলত, তার নিজস্বতা ছিল, সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নয়নে কোথায় আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত তা না, আমরা আরও পিছিয়ে পড়ছি। কিন্তু অচিরেই যদি আমরা আমাদের সমস্যাগুলো সমাধান না করতে পারি, তাহলে বিপদ আসন্ন।

একটা ছেলে বা মেয়ে মিডিয়াতে আসবে, তার দরকার উপযুক্ত প্রশিক্ষণ। অভিনয় হচ্ছে সব কলার সামষ্টিক রূপ। অথচ কিছু রিয়েলিটি শো ছাড়া আর কী আছে এদের তুলে আনার, প্রস্তুত করার? কিন্তু সেখানেই কি তারা উপযুক্তভাবে প্রশিক্ষিত হচ্ছে? সবার সঙ্গে প্রশ্নটা আমারও। যখন দেখি একটা নতুন ছেলেমেয়ে এসে মাতৃভাষাটাই সঠিকভাবে বলতে পারছে না, তখন আসলে প্রশ্নটা মাথায় আসেই যে এরা আসলে কী শিখছে আর কী শিখবে?

>নিজের শিল্প-সংস্কৃতি-কৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল না হয়ে প্রকৃত শিক্ষা অর্জন আসলে কোনো দিনই সম্ভব নয়। তাই এসব কিছুকে শ্রদ্ধা করতে হবে, সঙ্গে নিজেকে, নিজের কাজকে

সব সময় একটা কথা খুব শোনা যায়, আগের দিনগুলো ভালো ছিল। বাবা-চাচা থেকে শুরু করে দাদাদের মুখেও একই কথা শুনেছি। প্রত্যেকের ভেতরেই আসলে এই নস্টালজিক ব্যাপারটা থাকে—তাদের আগের সময়টা ভালো ছিল। আসলে ভালো-মন্দ মিলিয়েই প্রতিটা সময়। এটা সত্যি যে আমাদের নাটক-সিনেমা একসময় ঝড় তুলেছিল মানুষের মনে, পথেঘাটে। তখন শুধু যে মান ভালো ছিল তা-ই না, আরও অনেক কিছুই নিয়ামক হিসেবে কাজ করেছিল। আমাদের এখনকার নাটক-সিনেমাও কিন্তু কম যায় না। আমাদের সিনেমা তো দেশের গণ্ডি পার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করছে। বাংলাদেশকে বিশ্বের মানুষ এখন নতুন করে জানতে পারছে। একটা দেশের মানুষ শুধু তাদের মায়ের ভাষাতে কথা বলার জন্য বুকের তাজা রক্ত ঝরিয়েছে, এটা আসলে তাদের কাছে খুব বিরল। পৃথিবীর খুব কম দেশেরই নিজস্ব শিল্প-সংস্কৃতির প্রাচুর্য থাকে। আমাদের আছে কিন্তু তারপরও আমরা তার যথাযথ চর্চা না করে নিজেদের অদ্ভুত এক আঁধারে নিমজ্জিত করছি। আজ সমাজে যত অবক্ষয় ঘটছে এটা তার অন্যতম কারণ। পুঁথিগত বিদ্যা দিয়ে আর যা-ই হোক নিজেকে আলোকিত করা যায় না, মানুষ হওয়া যায় না। তাই মানুষ হতে হলে প্রকৃত শিক্ষার কোনো বিকল্প নেই। আর নিজের শিল্প-সংস্কৃতি-কৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল না হয়ে প্রকৃত শিক্ষা অর্জন আসলে কোনো দিনই সম্ভব নয়। তাই এসব কিছুকে শ্রদ্ধা করতে হবে, সঙ্গে নিজেকে, নিজের কাজকে।

হ্যাঁ, পৃথিবীর অনেক গুণী অভিনয়শিল্পী আছেন, যাঁদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, নেই মঞ্চের প্রশিক্ষণ। তারপরও তাঁরা নিজস্ব অভিনয়শৈলী দিয়ে হয়েছেন কালোত্তীর্ণ। কিন্তু সেটা বিরল। অভিনয় করতে হলে আসলে জেনেশুনে, বুঝেই তা করতে হবে। আমি বিশ্বাস করি, সেই জন্য থিয়েটারই হতে পারে একজন শিল্পীর ভিত্তিমূল। নাটক বা সিনেমা হচ্ছে একটি সামষ্টিক কাজ। একটি কাজ পিছিয়ে পড়া মানে সমষ্টিগতভাবে পিছিয়ে পড়া। আমরা একটি কাজকে সফল করার জন্য যেমন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব তেমনি কারও বিপদেও আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু দুঃখজনকভাবে সেটা বেশির ভাগ সময়ই হয়ে উঠছে না। এই পেশা এবং এই পেশায় জড়িত সবার জীবন অনিশ্চয়তায় পরিপূর্ণ। আমাদের জীবনের ঘড়িতে যেমন নয়টা-পাঁচটার কাঁটা নেই, তেমনি সরকারি বন্ধ, শীত, গ্রীষ্ম বলেও কোনো কথা নেই। অনেক সময় মন না চাইলেও পরিবার-পরিজন রেখে কাজের জন্য দূর-দূরান্তে চলে যেতে হয়। বাসায় প্রচণ্ড অসুস্থ মাকে রেখে শুটিংয়ে এসে প্রচণ্ড হাসির দৃশ্যে অভিনয় করতে হয়। এখানে একজন শিল্পী অসুস্থ হলে তাঁকে সাহায্য করার মতো কোনো তহবিল নেই। যৌবনে প্রচণ্ড দাপুটে অভিনেতা বৃদ্ধকালে নিজ চিকিৎসার জন্য চেয়ে থাকেন হয় সরকারের দিকে, না হয় মানুষের সাহায্যের দিকে। অথচ পৃথিবীর প্রতিটা দেশে শিল্পীদের অনুদানের বিষয়টা আছে। এ ক্ষেত্রে যদি আমাদের সরকার কিছু করে, তবে তা হবে আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক।

শর্মীমালা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী