দাদিমার রঙিন ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলারা জামান। ছবি: সুমন ইউসুফ
দিলারা জামান। ছবি: সুমন ইউসুফ

প্রথমবার পোলাও রান্নার অভিজ্ঞতা এখনো ভুলতে পারেন না প্রবীণ অভিনয়শিল্পী দিলারা জামান। সেটা আবার অন্যের বাড়িতে! বিয়ের পর স্বামীসহ বন্ধু কবি জিয়া হায়দারের বাসায় বেড়াতে গিয়েছেন দিলারা জামান। তো জিয়া হায়দার নিজেই বাজার করে এনে ঘোষণা দিলেন, ‘আজ দিলারা আমাদের রান্না করে খাওয়াবে।’ সেবারই প্রথম পোলাও রান্না। হিসাব না থাকায় পানি দিয়েছিলেন হাঁড়ির গলা ভরে। এরপর সেটা কী হয়েছিল, ডিম–ভাজির অভিজ্ঞতা থাকা পাঠকেরও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।
এ প্রজন্মের অনেকের কাছেই দিলারা জামানের পরিচয় ‘দাদিমা’। একসময় ছিলেন বাবা–মায়ের আদরের মেয়ে। তবে মা–বাবার আদুরে মেয়ে হলেও রান্নার প্রতি তাঁর দুর্বলতা বিয়ের আগ থেকেই। বেগম পত্রিকায় প্রকাশিত জিবে জল আসা ছবি আর রেসিপি দেখে যেতেন রসুইঘরে। দিলারা জামানদের বাড়িতে তখন রান্না হতো বাবুর্চির হাতে। তবে বিশেষ কোনো দাওয়াত বা ঈদের দিন এলেই রান্না নিয়ে দেখতেন মায়ের দারুণ তোড়জোড়। স্মৃতি মেলে ধরলেন দিলারা জামান, ‘দেশভাগের আগে খুব ছোটবেলায় আব্বার চাকরির সুবাদে আমরা ছিলাম আসানসোল। দেশভাগের পর আব্বা বদলি হলেন যশোরে। এসব জায়গায় ঈদে কখনো গরুর মাংস খাইনি। পাড়ায় পাড়ায় খাসি জবাই হতো। ভাগ করে সেই মাংস কিনে নিত পাড়ার লোক। মা অবশ্য খাসির পাশাপাশি মুরগি রান্না করতেন। এ ছাড়া পোলাও, জর্দা, সেমাই—এসব তো ছিলই। ঈদের আগের রাতেই আম্মা মসলাপাতি কেটে-বেটে রাখতেন। অনেক রান্নাই শেষ করে রাখতেন ঈদের আগের রাতে। সেগুলো সকালে উঠেই খেতে শুরু করতাম আমরা।’
যশোরে আসার পরই কোরবানি করার জন্য সাত টাকা দিয়ে একটা গরু কিনে আনলেন দিলারার বাবা রফিকউদ্দিন আহমেদ। কোরবানি হলো, রান্না হলো নানা পদের গরুর মাংস। সবই মায়ের হাতে। দিলারার ভাষায়, ‘বিশেষ দিনে মায়ের হাতের সেসব খাবার ছিল অমৃত।’ ঈদের সময়ে তাঁর আরেকটা বিশেষ মজা ছিল, নতুন জামা লুকিয়ে রাখা। ঈদের দিন না এলে সেটা কাউকে দেখানো যাবে না। ষাটের দশকে বাবার বদলির সুবাদে ভাইবোনসহ যখন ঢাকায় এলেন, স্কুলপড়ুয়া দিলারা তখন বাড়িতে পেলেন বৈদ্যুতিক বাতি।
ঢাকায় এসে পলাশী ব্যারাকে দুই রুমের এক বাসায় বাবা-মায়ের সঙ্গে শুরু হলো কিশোরী দিলারার নতুন জীবন। ইডেন কলেজে ভর্তি হওয়ার কিছুদিন আগে থেকেই শাড়ি পরতে শুরু করেন। এরপর ঈদেও ১০ থেকে ১২ টাকায় কেনা তাঁতের শাড়ি পরে তাতে নানা রকম কুঁচি দিয়ে স্টাইল করতেন। চুলে করতেন হাতখোঁপা। কপালে একটা টিপ—এই তো ছিল এ অভিনেত্রীর বিশেষ দিনের সাজগোজ। আর বিয়ের পর বিশেষ দিনের রান্নাবান্না?
প্রশ্ন শুনে কিছুটা চুপচাপ দিলারা জামান। এরপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘বিয়ের পর একটু একটু করে রান্না শিখেছি। তবে যেটা রান্না করতাম, মনের মাধুরী মিশিয়েই চেষ্টা করতাম। বিয়ের পর থেকে নিজেই রান্না করেছি। আমার দুই মেয়েও আমার রান্না অনেক পছন্দ করে। তাদের বিয়ে হয়েছে। দুই মেয়ের একজন এখন যুক্তরাষ্ট্রে, আরেকজন রয়েছে কানাডায়। মেয়েদের কাছে বেড়াতে গেলে তাই মাঝেমধ্যে ওদের রান্না করে খাওয়াই। আর এখন তো নাটকের শুটিংয়ে গেলেই ছোট সহশিল্পীরা বলে, দাদিমা, এটা খাব, ওটা নিয়ে আসবা। আমিও হয়তো একটু নাড়ু করে বা পায়েশ রেঁধে নিয়ে যাই। ওরা খেলে দেখতেও ভালো লাগে।’
২০১৪ সালে বিয়ের ৫০ বছর পার করে সে বছরই হারিয়েছেন স্বামীকে। এবারের ঈদ তাই দিলারার কাছে কিছুটা অন্য রকম। বিশেষ দিনে একা থাকতে চান না বলেই ঈদের আগে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। জানালেন, কানাডা থেকে আরেক মেয়েও সেখানে আসবে। ঈদের দিন সন্তানদের পছন্দের নানা খাবার রান্নার ইচ্ছা আছে বলেও জানালেন। তবে সেটা তাঁরা অনুমোদন দিলেই।
দিলারা জামান বলেন, ‘যখন সন্তানেরা কলেজে পড়ত, তাদের বন্ধুবান্ধব আসত, আমাদের আত্মীয়স্বজনও আসত, সে সময় প্রতি ঈদেই বিশেষ কিছু রান্নার চেষ্টা করতাম। পোলাও, মুরগির কোরমা, কালো ভুনা, মাছের বিভিন্ন পদ, সেমাই, ইলিশের নানা পদ, বিভিন্ন রকম ডেজার্ট—এসব রান্না করতাম। এখনো টেলিভিশনে বিদেশের বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখে রান্না করি।’
বিয়ের পর চাঁদপুরে শ্বশুরবাড়িতে যেতেন তিনি। শাশুড়িও অপেক্ষা করতেন দিলারার জন্য। ছেলের বউ তিনি, তাই তাঁর শাশুড়ি বউয়ের জন্য ঘি, পোলাওয়ের চাল, মাংস ও মুরগির জোগাড়যন্ত্র করে রাখতেন। দিলারা জামান গিয়ে রান্না শুরু করতেন। এ সময়ে তাঁর শাশুড়িও দাওয়াত করতেন অন্যদের। দিলারা বলেন, ‘এখনো আমি নিজের হাতেই রান্না করি। তবে আগের মতো শরীরে শক্তি নেই এবং হাতে সময় কম বলেই সহজ দুটি পদের রান্না করলাম। আমার সন্তানেরাও এই দুই পদসহ চিড়ার পোলাও খেতে ভালোবাসত। এখানে ফলের ডেজার্টটা দিয়েছি, কারণ ঈদের দিন সব বাসায় মিষ্টি বা সেমাই থাকে বলে অনেকে খেতে চায় না। স্বাদবদলের জন্য এই খাবারের পদটা মুখে ভিন্ন স্বাদ দেবে।’

.
.

ফলের ডেজার্ট
উপকরণ: কাস্টার্ড পাউডার প্রয়োজনমতো, পছন্দের কয়েক রকম ফল (আম, স্ট্রবেরি, পাকা কলা, আঙুর, চেরি ইত্যাদি) তিন কাপ, সেদ্ধ সাগুদানা পরিমাণমতো, পছন্দের ফ্লেভারের আইসক্রিম দুই কাপ।
প্রণালি: প্যাকেটে লেখা নিয়ম অনুযায়ী কাস্টার্ড বানিয়ে নিন। এবার তাতে ফল, সাগু ও আইসক্রিম দিয়ে সেই পাত্রটি ডিপ ফ্রিজে রেখে দিন। এক ঘণ্টা পর বের করে নিলেই তৈরি হয়ে যাবে ফলের এই সহজ ডেজার্ট। চাইলে ফ্রিজে না রেখে সঙ্গেও সঙ্গেও পরিবেশন করতে পারেন।

.
.

মোরগ পোলাও
উপকরণ: একটা গোটা মুরগি, টকদই দুই কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫–৬টা, পোলাওয়ের চাল আধা কেজি, পেঁয়াজ ২৫০ গ্রাম, দারুচিনি, এলািচ ও তেজপাতা কয়েকটা। তেল ২৫০ গ্রাম।
প্রণালি: আদা, রসুনবাটা, টকদই, লবণ দিয়ে মুরগিটা এক ঘণ্টা মেরিনেট করে নিন। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজকুচি ভেজে নিন। বেরেস্তার জন্য কিছুটা তুলে রেখে বাকি পেঁয়াজের মধ্যে মুরগিটা দিয়ে নাড়তে থাকুন। এরপর দারুচিনি, এলািচ, তেজপাতা—এসব দিয়ে নেড়ে কষিয়ে নিন। ব্রয়লার হলে পানি লাগবে না; দেশি মুরগি হলে একটু পানি দিয়ে নরম করে নিন। আলাদা একটি পাত্রে পানি ঝরানো পোলাওয়ের চাল দিয়ে তেলে ভেজে নিন। তারপর আধা কেজি চালের মধ্যে এক লিটার পানি দিয়ে পোলাও রান্না করুন। পোলাওয়ের পানি কমে এলে মুরগিটা দিয়ে মিশিয়ে দমে রেখে দিন। ফুটে গেলে নামিয়ে পরিবেশন করুন।