
দেড় দশক ধরে দারিদ্র্যবিমোচনে আশাব্যঞ্জক সাফল্য দেখিয়েছে বাংলাদেশ, যা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। এ সময়ে প্রায় দুই থেকে আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে।
২০০১ সালে বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করত। তখন দারিদ্র্যের হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। তখনকার জনসংখ্যার হিসাবে সোয়া ৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করত।
গত দেড় দশকে দরিদ্র মানুষের সংখ্যা ব্যাপক হারে কমে এসেছে। ২০১৬ সালের জুন মাস পর্যন্ত সরকারের প্রাক্কলন অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার সাড়ে ২৩ শতাংশ। এর মানে হলো, এক-চতুর্থাংশেরও কম মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তবে এখনো ৩ কোটি ৭০ লাখের মতো মানুষ গরিব।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন নিয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জেনারেল ইকোনমিক ডিভিশন—জিইডি) কর্তৃক তৈরি প্রতিবেদন বিশ্লেষণ করে এ চিত্র উঠে এসেছে।
খানা আয় ও ব্যয় জরিপ করে দেশের দারিদ্র্য পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রতি পাঁচ বছর অন্তর এ জরিপ করা হয়। বিবিএসের ২০১০ সালের খানা আয় ও ব্যয় জরিপের ফলাফল ধরে দারিদ্র্য পরিস্থিতির হালনাগাদ তথ্য গণনা করেছে জিইডি। এ তথ্য প্রাক্কলনভিত্তিক।
শুধু আয়ের ভিত্তিতে নয়, বাংলাদেশে দারিদ্র্য পরিস্থিতি নির্ণয় করা হয় মৌলিক চাহিদা পূরণের খরচের ভিত্তিতে। মৌলিক চাহিদা পূরণে ব্যয়পদ্ধতি অনুযায়ী একজন ব্যক্তিকে দৈনিক ২ হাজার ১২২ ক্যালরি গ্রহণের জন্য খাবার কিনতে যে পরিমাণ আয় করতে হবে, ওই ব্যক্তি সেই আয় করতে ব্যর্থ হলেই তিনি দরিদ্র। অতিদরিদ্র হলো সেই ব্যক্তি, যিনি দৈনিক ১ হাজার ৮০৫ ক্যালরি গ্রহণের খাবার কিনতে যে টাকা দরকার, তা আয় করতে পারেন না।
জিইডির প্রাক্কলনে ২০১৬ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, দেশে অতিদারিদ্র্যের হার ১২ দশমিক ১ শতাংশ। সংখ্যার দিক
থেকে প্রায় ২ কোটি মানুষ এখনো অতিদরিদ্র।
জিইডি সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, পরিকল্পিত অর্থনীতির কারণে ২০১০ সালের পর দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে সড়ক যোগাযোগ স্থাপন হওয়ার কারণে অকৃষিজ উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত হতে পারছে গরিব মানুষ, যা দারিদ্র্য বিমোচনকে ত্বরান্বিত করেছে। এ ছাড়া প্রবাসী আয়ও দারিদ্র্য বিমোচনে সহায়তা করেছে।
বিশ্বব্যাংকের মতো বহুজাতিক দাতা সংস্থাও দারিদ্র্য বিমোচনে পারদর্শিতাকে বাংলাদেশের বড় অর্জন বলে মনে করে। সারা বিশ্বের বিভিন্ন দেশের দারিদ্র্য পরিস্থিতি নিয়ে ৩ অক্টোবর ‘টেকিং অন ইনইক্যুয়ালিটি’ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। সেখানে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের প্রশংসা করা হয়। এ দাতা সংস্থার হিসাবের সঙ্গেও সরকারের হিসাব মিলে যায়।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছর এসে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার ১২ দশমিক ৯ শতাংশ। সাত বছর আগে এ হার ছিল সাড়ে ১৮ শতাংশ।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো প্রতিষ্ঠান দারিদ্র্য পরিমাপ করে একটু ভিন্নভাবে। ক্রয়ক্ষমতার সমতার পিপিপি (পারচেজিং পাওয়ার প্যারিটি) অনুসারে কোনো ব্যক্তি দৈনিক ১ দশমিক ৯০ ডলার আয় করলেই তাঁকে আর গরিব ধরা হয় না। পিপিপি ডলারের মান অনুযায়ী, বাংলাদেশের একজন মানুষ মাসে ১ হাজার ২৯৭ টাকার বেশি আয় করলেই ওই ব্যক্তি দারিদ্র্যসীমার ওপরে উঠে যান।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, অতিদরিদ্র লোকের সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি হলো বাংলাদেশ। এ তালিকায় শীর্ষে থাকা ভারতে প্রায় ২৫ কোটি লোক অতিদারিদ্র্যসীমার নিচে বসবাস করে।
দারিদ্র্য বিমোচনে এত অর্জনের পরও শহর ও গ্রামের মধ্যে আয়বৈষম্য প্রকট। এ নিয়ে সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় দেখা গেছে, রাজধানী ঢাকার একটি পরিবার গ্রামের একটি পরিবারের চেয়ে তিন গুণের বেশি আয় করে। এমনকি দেশের অন্য শহরের চেয়ে দ্বিগুণের বেশি আয় করে রাজধানীর একটি পরিবার। গবেষণা প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর একটি পরিবার প্রতি মাসে গড়ে ৫৫ হাজার ৮৬ টাকা আয় করে। অন্যদিকে গ্রামের একটি পরিবারের মাসিক আয় গড়ে ১৮ হাজার ৩৪৯ টাকা। আর দেশের শহরাঞ্চলের একটি পরিবারের এ আয়ের পরিমাণ ২৪ হাজার ৩১ টাকা। মোটা দাগে বাংলাদেশে একটি পরিবারের গড় মাসিক আয় ৩১ হাজার ৮৮৩ টাকা।
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, অর্থনৈতিক উন্নতির কারণে দারিদ্র্য কমেছে। তবে এখনো ২ কোটি অতিদরিদ্র, যা সংখ্যার দিক থেকে অনেক বেশি। তিনি মনে করেন, দারিদ্র্যের চেহারা পাল্টেছে। নগর দারিদ্র্য এখন বড় চ্যালেঞ্জ।
দারিদ্র্য নিরসনে সরকার নানামুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেয়। এসব কর্মসূচির মাধ্যমে গরিব লোকজনকে সুরক্ষা দেওয়া হয়, যা দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে। ইতিমধ্যে সরকার জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল (এনএসপিএস) চূড়ান্ত করেছে। এ কৌশলে শিশুর জন্মের পর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত নানা ধরনের সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।
বর্তমানে ১৪২টি কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা দেওয়া হয়। এর মধ্যে বয়স্কভাতা, বিধবাভাতা, উপবৃত্তি, কাজের বিনিময়ে খাদ্য, ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) অন্যতম।
তবে, কত মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পান এর কোনো সুনির্দিষ্ট হিসাব নেই। কেননা, একজন সুবিধাভোগী একাধিক সামাজিক সুরক্ষার সুবিধা পেতে পারেন। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ ২০১০-এর হিসাবে দেশের সাড়ে ২৪ শতাংশ পরিবার অন্তত একটি সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পায়।