দিনবদলের পথচলা

আমি ভাষা আন্দোলন দেখিনি, দেখিনি মুক্তিযুদ্ধ। আমি এই তরুণ প্রজন্মের একজন। তাই বলে যে আমি আমার দেশের মুক্তিযুদ্ধকে, আমার দেশের হাজার বছরের ইতিহাসকে অনুভব করি না, তা নয়। আজও আমার বন্ধু রাশেদ উপন্যাসের শেষ পাতাটি পড়া হয়নি। পড়া হয়নি মুক্তিযুদ্ধের অনেক উপন্যাসের শেষটা। পরিষ্কার করে যদি বলি, তাহলে বলতে হয় পড়ার সাহস হয়নি। সাহস হয়নি, কারণ উপন্যাসগুলোর প্রতিটি অক্ষরকে আমি অনুভব করেছি। চোখের সামনে দেখতে পেয়েছি সেই সময়টাকে। আমার দেশের মানুষের প্রতি করা নির্মমতা আমাকে কাঁদিয়েছে, ভেঙে দিয়েছে আমার সহ্যের বাঁধকে। আজ তাই বুঝি কতটা কষ্টে স্বাধীন হয়েছে আমার এই দেশ। আর এখন আমি একজন স্বাধীন দেশের নাগরিক। সেই জায়গা থেকে আমি আমার দেশের ভাষা, সংস্কৃতি এবং ইতিহাসকে সম্পূর্ণ শ্রদ্ধা করি। আমাদের তরুণ প্রজন্মের ওপর একটা দোষ সব সময়ই দেওয়া হয়, সেটা হলো আমরা আমাদের দেশের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। মিশিয়ে ফেলছি বিদেশি অপসংস্কৃতির সঙ্গে। কথাটা যেমন পুরোপুরি মিথ্যে না, ঠিক তেমনি পুরোপুরি সত্যও না। প্রযুক্তির কল্যাণে আমরা আজ বিশ্বগ্রামের বাসিন্দা। এটা খুবই স্বাভাবিক যে আমরা বিশ্ব সংস্কৃতির একটা অংশ এবং আমাদের চলতে হবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। আর সেটাই আমরা করছি।
আমার খুব ইচ্ছা চারুকলায় পড়ার। তবে মোটামুটি আমি একদিকে আর আমাদের পুরো পরিবার অন্যদিকে। তারা একেবারেই রাজি না। এমন সময় আমি একদিন আমার মাকে প্রশ্ন করলাম,‘আচ্ছা মা, তুমি আসলে কী চাও? মানে লেখাপড়া করে আমি কী করব?’ মা বললেন, ‘কী আর চাইব। তুই সচ্ছল হবি, নিজের পায়ে দাঁড়াবি এটাই।’ এখন আমার সবার কাছে প্রশ্ন, এটাই যদি লেখাপড়ার আসল উদ্দেশ্য হয়, তাহলে চিত্রশিল্পী জয়নুল আবেদিন কি জাতীয়ভাবে সমাদৃত ছিলেন না? সাকিব আল হাসান কি নিজের পায়ে দাঁড়াননি? সচ্ছলতা, নিজের পায়ে দাঁড়ানো, এই সবকিছুর সঙ্গে মিশে আছে আমার নিজের জীবন, আমার ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ—সবকিছু। যে কাজ করে আমি কোনো আনন্দ পাই না, আমাকে সে কাজ করেই কেন সচ্ছল হতে হবে?
আমাদের দেশ অনেক এগিয়েছে কিন্তু এই একটি জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। এখনো বাবা-মায়েদের দৃষ্টিভঙ্গি এমন—যারা সায়েন্সে পড়ে তারাই ভালো শিক্ষার্থী, যারা আর্টসে পড়ে তারা নয়। অথচ এই আর্টসে পড়েই বারাক ওবামা যুক্তরাষ্ট্র শাসন করলেন। তাঁর নেতৃত্বকে অযোগ্য বলার যোগ্যতা কি আমাদের কারও আছে?
আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গির সামান্য একটু পরিবর্তন ঘটাই তাহলে হয়তো খুব সহজেই আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। পৃথিবীতে কোনো কাজই ছোট না। একটি দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ারের যেমন প্রয়োজন আছে, তেমনি প্রয়োজন আছে গায়ক, নায়ক, কবি-সাহিত্যিক, চিত্রশিল্পী সবার। এসবের কোনো কিছুকে বাদ দিয়ে কিন্তু একটি দেশের সংস্কৃতি গড়ে তোলা সম্ভব নয়। আজ বাংলাদেশ ক্রিকেট টিম যখন জিতে যায়, তখন মনে হয় আরেকটা যুদ্ধ জয় করে ফেলেছি। আমাদের ক্রিকেটাররাই কিন্তু তুলে ধরেছে আমাদের দেশকে। বিশ্বকে জানিয়ে দিচ্ছে আমরাও আছি। আসলে এটাই মূল বিষয়। জীবনে সফল হওয়াটাই সবকিছু। আর কোনো কাজে সফলতা তখনই আসে, যখন ওই কাজের প্রতি আমাদের ভালোবাসা থাকে। এখন প্রশ্ন আসে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা করব কীভাবে। আমরা মনে হয় এই লেখাপড়ার মানটান নিয়ে যত আলোচনা-সমালোচনা করা হয়, ততটা যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা হয়, তাহলে হয়তো কিছুটা হলেও পরিবর্তন আসলেও আসতে পারে। তবে এই পরিবর্তনটা যত তাড়াতাড়ি সম্ভব আনতে হবে।
যে ছেলে বা মেয়েটি আজ তার মনের রঙে রাঙিয়ে চলেছে ক্যানভাস, হয়তো সে একদিন হয়ে উঠবে বিরাট এক শিল্পী। তার তুলির আঁচড়ে জেগে উঠবে বাংলাদেশ। তার স্বপ্নকে রুদ্ধ করার কোনো অধিকার কি আমাদের আছে? যেই ছেলেটা আজ সারা দিন খেলার মাঠে পড়ে থাকে, ঘুমের মধ্যেও চিত্কার করে বলে ‘ক্যাচ ক্যাচ’, হয়তো একদিন তার হাত ধরেই হবে বাংলাদেশের বিশ্বকাপ জয়। তার স্বপ্নকে রুদ্ধ করার কোনো অধিকার কি আমাদের আছে? অনেকেই বলেন, ‘তোমরা তরুণ প্রজন্ম দেশটাকে যে কোথায় নেবে কে জানে?’ তারপর মুখটা হতাশ করে বসে থাকেন। কিন্তু ঠিক সেই সময় আমি দেখি হাজারো সম্ভাবনা। আমরা তরুণ প্রজন্ম অনেক পজিটিভ। আমাদের কৌতূহল সীমাহীন, উচ্ছ্বাস বাঁধভাঙা। আমরা ছুটে চলেছি নতুনের পিছু। তাকে আবিষ্কার করার নেশায়। দেশের দায়ভার যখন আমাদের হাতে থাকবে, তখন প্রতিযোগিতা নয়, সহযোগিতাই হবে আমাদের দেশের চলার পথের মূলমন্ত্র।
আজ যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন আনি তাহলে হয়তো বা সকল সমস্যা কাটিয়ে ওঠা তেমন কোনো ব্যাপার হবে না। নষ্ট হয়ে যাবে না আমার দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা হাজারো সম্ভাবনা। আমরা পাব হাজারো কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, অলিম্পিকে গোল্ড মেডেল পাওয়া অ্যাথলেট। একটি ছেলে বা মেয়ে যখন স্বাধীনভাবে বিচরণ করতে পারবে নিজের স্বপ্নের রাজ্যে, তখন থেকেই শুরু হয়ে যাবে আমার দেশের দিনবদলের পথচলা। যে পথ চলায় মিশে থাকবে ভালোবাসা, শ্রদ্ধা আর সীমাহীন অনুপ্রেরণা।
কানিজ মেহজাবীন মেহের তোরসা
’ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন