দুনিয়া পুনর্বাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক নিয়াল ফার্গুসন
হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক নিয়াল ফার্গুসন

২০১৩ সালকে সম্ভবত আমাদের ওয়াইনহাউস অর্থনীতির বছর বলতে হবে। প্রয়াত জনপ্রিয় ইংরেজ গায়িকা ঋ্যামি ওয়াইনহাউস যেমন গেয়েছিলেন, ‘ওরা আমাকে নিরাময় কেন্দ্রে পাঠাতে চেয়েছে; কিন্তু আমি বলেছি, না, না, না’। ২০১৩ সালে গায়কেরা ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংক, যার নেতৃত্বে ছিল ফেডারেল রিজার্ভ।
গ্রীষ্মে ফেডারেল ও পিপল্স ব্যাংক অব চায়না উভয়েই মুদ্রানীতি স্বাভাবিক করার কথা বলেছিল। ফেডের চেয়ারম্যান বেন বারনার্ক প্রকাশ্যেই ফেডের উন্মুক্ত বন্ড—যাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ইজিং বা কিউই—ক্রয়ের পরিমাণ হ্রাসের ঘোষণা দিয়েছিলেন। পিবিওসি গভর্নর ঝৌ জিয়াওচুয়ান সে দেশের নিয়ন্ত্রণহীন ঋণ বৃদ্ধির ঘোড়ার ওপর লাগাম টানার চেষ্টা করে। কিন্তু উভয় দেশের বাজার অপ্রত্যাশিতভাবে বেশি অস্থির হয়ে উঠলে বন্ডের সুদের হার মার্কিন দেশে বাড়তে থাকে, চীনেও আন্তব্যাংক সুদের হার বাড়তে থাকে। মুদ্রানীতির প্রণেতারা পিছিয়ে আসেন।
অনেক পপগায়কই এ সমস্যায় পড়েছেন। বছরের পর বছর প্রণোদনা দেওয়ার পরও দেখা গেল শুশ্রূষা সহজ কাজ নয়।

স্পেনে ২০১৩ সালে বেকারদের প্রতিবাদ মিছিল
স্পেনে ২০১৩ সালে বেকারদের প্রতিবাদ মিছিল

এটা সত্য যে, এই ক্রমাগত অর্থনৈতিক প্রণোদনার পেছনে অনেক বুদ্ধিবৃত্তিক যুক্তি দাঁড় করানো সম্ভব। নভেম্বরে ল্যারি সামার্স—যাকে একসময় বার্নার্কের স্থলাভিষিক্ত হিসেবে ভাবা হয়েছিল—বলেছিলেন, মার্কিন অর্থনীতি ভবিষ্যতে একধরনের ‘সেক্যুলার স্থবিরতা’র খপ্পরে পড়তে পারে। অন্যান্য অর্থনীতিবিদ বলেন, যুক্তরাষ্ট্রে না হলেও অন্তত ইউরোপে মূল্যস্ফীতির এই উদারনৈতিক হ্রাসপ্রাপ্তি একসময় ক্ষতিকর মুদ্রাহ্রাসে রূপ নিতে পারে।
আবার বিশ্ব অর্থনীতি সামগ্রিকভাবে চাঙা হয়ে ওঠার লক্ষণও দেখা যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, বার্ষিক বৈশ্বিক প্রবৃদ্ধি ২. দশমিক ৯ শতাংশ থেকে ২০১৪ সালে ৩ দশমিক ৬ শতাংশে উন্নীত হবে। আর পরবর্তী চার বছরে তা ৪ শতাংশ বা এরও বেশি হবে। ১৯৮০, ১৯৯০ ও ২০০০-এর দশকের গড় প্রবৃদ্ধির চেয়ে এ হার বেশি।
উন্নত অর্থনীতির নিম্ন পর্যায়ের নৈপুণ্য ও বিশ্বের অন্যান্য প্রান্তের বর্ধিষ্ণু প্রবৃদ্ধি আমাদের সামনে সাতটি প্রশ্নের জন্ম দেয়, বিশেষত প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর সামনে। এই প্রতিটি প্রতিষ্ঠানেরই নিজস্ব কিছু জাতীয় এজেন্ডা রয়েছে। তার পরও এই আন্তসংযোগের দুনিয়ায় তাদের সিদ্ধান্তের প্রভাব বিশ্বপরিসরে পরিলক্ষিত হয়।
প্রথম প্রশ্ন: ফেড তার নতুন প্রধান জ্যানেট ইয়েলেনের নেতৃত্বে আসলে কী করবে? তাঁর কথা শুনে মনে হয়, নিষ্প্রাণ তুরস্কে যে দাওয়াই দেওয়া হয়েছে, তিনি তার পক্ষে। আজ হোক বা কাল, কিউইর লাগাম টেনে ধরতে হবে। কিন্তু মার্কিন শ্রমবাজার সম্পর্কে তাঁর প্রধান বিবেচ্য বলে মনে হচ্ছে, তিনি সুদের হার কমানোর ওপর গুরুত্ব দেবেন। বিভিন্ন সূচকে যা দেখা যাচ্ছে, তার চেয়েও বেশি সময়ের জন্য তা করা হবে বলে মনে হচ্ছে। তাঁর প্রধান চ্যালেঞ্জ হবে এই ‘ভবিষ্যৎমুখী দিকনির্দেশ’ বাস্তবায়ন করা, যদি অন্যান্য সূচক থেকে এ আভাস পাওয়া যায় যে পুনরুদ্ধারের প্রক্রিয়াটি শুরু হয়েছে (ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মার্ক কার্নিকে জিজ্ঞেস করুন)।
যুক্তরাষ্ট্র নানাভাবেই ক্ষতে প্রলেপ দেওয়া শুরু করেছে। শেল গ্যাস অ্যান্ড অয়েল শক্তি খাতে বিশাল দাও মেরেছে। সিলিকন ভ্যালিও ঊর্ধ্বমুখী। স্টকবাজার রেকর্ড পরিমাণ উচ্চতায় উঠেছে। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে, গভীরভাবে মেরুকৃত মার্কিন কংগ্রেস আর্থিক খাত বিষয়ে দুই বছরের জন্য একটি মতৈক্যে পৌঁছেছে। এতে স্বল্প মেয়াদে খরচ কিছুটা বাড়বে, তবে দীর্ঘ মেয়াদে ঘাটতি কমে আসবে।
এমন একটি সম্ভাবনা রয়েছে যে এটি ও অন্য ভালো খবরগুলোর দিকে না তাকিয়ে বাজার কিউইর লাগাম টেনে ধরবে এবং দীর্ঘমেয়াদি সুদের হার বাড়িয়ে দেবে। এর একটি স্বল্পমেয়াদি ফল হিসেবে আমরা স্টকবাজারের কিছু ত্বরিত সংস্কার দেখতে পারি, ১৯৮০ ও ১৯৮৭ সালে যেমন ঘটেছিল। ওয়ালস্ট্রিট ফেডের নতুন চেয়ারম্যানকে একটু বাজিয়ে নিতে চাইবে।
দ্বিতীয় প্রশ্ন: অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক ওয়াশিংটনের পরিবর্তিত মুদ্রানীতির প্রতি কী প্রতিক্রিয়া দেখাবে? ফ্রাঙ্কফুর্টে অবস্থিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক জানে, স্পেন, আয়ারল্যান্ড ও গ্রিসের অর্থনীতি অনেকটা গতি পেলেও ইউরোজোন সীমানা উচ্চতর সুদের হারের জন্য এখনো পরিপক্ব হয়ে ওঠেনি। এখানে বেকারত্বের হার এখনো অনেক বেশি। ইউরোপের সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি হচ্ছে, সেখানে এখনো জনপ্রিয়তাবাদী রাজনৈতিক প্রবণতা রয়ে গেছে। এতে আগামী বছরে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে ফ্রান্সের অতি দক্ষিণপন্থী নেতা মারিন লে পেঁ ক্ষমতায় চলে আসতে পারেন।
তৃতীয় প্রশ্ন: ইউরোপের আর্থিক খাতকে টেকসইভাবে ঘুরে দাঁড়াতে হলে যে ব্যাংকিং ইউনিয়ন গড়ে তোলা দরকার, এই জনপ্রিয়তাবাদীরা কি সেই জটিল প্রক্রিয়ায় বাদ সাধবেন? সম্ভবত না। বটেই, জনপ্রিয়তাবাদীদের সফলতায় উৎসাহী হয়ে ইউরোপীয় সংসদে সোশ্যাল ডেমোক্র্যাট ও খ্রিষ্টান ডেমোক্র্যাটরা ‘বৃহত্তর ঐক্য’ গঠন করতে পারে। এতে ইউরোপীয় ইউনিয়নের নীরব জার্মানকরণের আরেকটি ধাপ সম্পন্ন হবে।
জাপানে মুদ্রানীতি সংস্কারের ব্যাপারে আগ্রহ-উদ্দীপনা আরও কম। এবিই সরকার ব্যাংক অব জাপান থেকে আরও ঋণ চায়। তা ছাড়া, ‘আবেনোমিক্স’-এর জাপানের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ২ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা ধূলিসাৎ হয়ে যাবে।
চতুর্থ প্রশ্ন: যুক্তরাষ্ট্র যখন কমাচ্ছে, তখন জাপান কি কিউই বজায় রাখতে পারবে? সম্ভবত, কিন্তু তা কত দূর পর্যন্ত টেকসই উন্নয়ন ও উচ্চহারের মুদ্রাস্ফীতির সহায়ক হবে, সেটা নির্ভর করবে কাঠামোগত সংস্কারের তথাকথিত ‘তৃতীয় সারি’র ওপর, যা এখনো বাস্তব লক্ষ্যমাত্রাকে ছুঁতে পারেনি।
জাপানের কৌশলগত শত্রু এবং অন্যদিকে প্রতিবেশী চীনের সঙ্গে বৈপরীত্য বেশ কৌতূহলোদ্দীপক। এখানে এমন কিছু তথ্য-প্রমাণ আছে যে মুদ্রানীতিতে পিবিওসির সংকোচন ঘটানোর উদ্দেশ্য হচ্ছে দেশের ছায়া ব্যাংকিং খাতে ঋণ বিতরণব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ আরোপ। এর ফলে আমার মনে শেষ তিনটা প্রশ্ন উদিত হয়েছে:
পঞ্চম প্রশ্ন: চীন কি মুদ্রার লাগাম টেনে ধরে একই সঙ্গে তার প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে বা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তৃতীয় প্লেনামে ঘোষিত কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে পারবে?
ষষ্ঠ প্রশ্ন: পঞ্চম প্রশ্নের উত্তর ‘না’ হলে চীনের বিশাল বিকাশমান মধ্যবিত্ত কীভাবে তা গ্রহণ করবে?
সপ্তম প্রশ্ন: বিদেশি শক্তিগুলোর সামরিক আগ্রাসনের হুমকির কারণে সৃষ্ট গণ-অসন্তোষকে এ বছর চীনা নেতৃত্ব কি আমলে নেবে?
এমন ভান আমি করব না যে শেষ প্রশ্নগুলোর উত্তর আমার জানা আছে। কিন্তু ‘বিশ্ব পুনর্বাসন’নীতি কতটা ভালো বা খারাপভাবে বাস্তবায়িত হবে, এগুলো তা পরখ করার মাপকাঠি হয়ে উঠতে পারে।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
অনুবাদ: প্রতীক বর্ধন