দুনিয়াজুড়েই গণমাধ্যম চাপের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বিভিন্ন দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকতা জগতের ২০ জন বিশিষ্ট ব্যক্তি। মতপ্রকাশের স্বাধীনতা, প্রযুক্তির উন্নয়ন, রাজনৈতিক ও গোষ্ঠীগত স্বার্থের বাধা, উগ্রপন্থার উত্থান ইত্যাদি নানা ধরনের চ্যালেঞ্জের পটভূমিতে সংবাদপত্র এবং সাংবাদিকতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরা। তাঁদের এসব সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। আজ চতুর্থ কিস্তি
এসবেন কেদেস হার্বে
এসবেন কেদেস হার্বে
এসবেন কেদেস হার্বে ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) প্রোগ্রাম ম্যানেজার। এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোর ব্যাপারে তিনি দায়িত্বপ্রাপ্ত। সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া

প্রথম আলো: আপনি ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আন্তর্জাতিকভাবে গণমাধ্যমগুলোকে আপনারা কীভাবে সাহায্য-সহযোগিতা করেন?

এসবেন কেদেস হার্বে: আমরা একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। আমরা বিশ্বের ৩২টি দেশে কাজ করি। এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা ও আফ্রিকা। আমাদের তো মনে হয় এখন মার্কিন যুক্তরাষ্ট্রেও কাজ করতে হবে, বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনের পর। আমরা যেসব দেশে কাজ করি, সেখানে সাংবাদিকদের কাজের পরিবেশ উন্নত করার জন্য কাজ করি। সাংবাদিকেরা যাতে ঠিকভাবে ও স্বাধীনভাবে কাজ করতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা করি। এ জন্য সেসব দেশে সাংবাদিকদের জন্য দরকারি আইন প্রণয়ন, নীতিমালা তৈরি ও গণমাধ্যমের নানা দিক সংস্কারের জন্য কাজ করি।

প্রথম আলো: আপনারা কি মূলত সরকারের সঙ্গে কাজ করেন?

এসবেন কেদেস হার্বে: অনেক জায়গায় আমরা কাজ করি। বিশেষ করে যেখানে সরকার আগ্রহী, সেখানে আমরা সরকারের সঙ্গে কাজ করি। যাঁরা আন্তর্জাতিক গণমাধ্যম সম্পর্কে জানতে ও সেখান থেকে কিছু নিতে চান, তাঁদের সে ব্যাপারে আমরা সহায়তা করে থাকি। সরকার যদি সহায়তা না করে, তবে আমাদের জন্য সেসব দেশে কাজ করা কঠিন। তবে যেসব সরকার এসব ব্যাপারে খুব আগ্রহী নয়, আমরা তাদেরও গঠনমূলক সহায়তা করতে আগ্রহী এবং এ ব্যাপারে আমাদের সব সময়ই চেষ্টা থাকে। আমরা স্বাধীন গণমাধ্যমের ব্যাপারে আমাদের অবস্থান ও উদ্বেগের বিষয়গুলো তাদের জানাতে থাকি। সরকারের পাশাপাশি আমরা বিভিন্ন দেশের সিভিল সোসাইটি গ্রুপ, সাংবাদিকদের সংগঠন ও প্রেস কাউন্সিলের সঙ্গেও কাজ করি। তথ্য অধিকার নিয়ে যারা কাজ করে, সেসব প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করি। সামগ্রিকভাবে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করে বা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের সঙ্গেই আমরা কাজ করি। সাংবাদিকেরা যাতে নিরাপদে থেকে কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এটা শুধু শারীরিক নিরাপত্তার বিষয় নয়, সামগ্রিকভাবে সাংবাদিকতার নিরাপত্তার বিষয়টিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

প্রথম আলো: আপনাদের কি বাংলাদেশে কাজ করার কোনো পরিকল্পনা আছে? থাকলে এর ধরন কী হবে?

এসবেন কেদেস হার্বে: আমরা বাংলাদেশে আমাদের বন্ধুদের কাছ থেকে কাজ করার আমন্ত্রণ পেয়েছি। তবে আমাদের পার্টনার কারা হবে বা কাদের সঙ্গে আমরা কাজ করব, তা এখনো ঠিক হয়নি। আমাদের গণমাধ্যমসংশ্লিষ্ট বা তাদের নিয়ে কাজ করেন, এমন লোকজনের সঙ্গে কথা বলছি। আমরা বাইরে থেকে দেখছি বা বাইরের দুনিয়া উদ্বেগের সঙ্গে এটা বুঝতে পারছে যে বাংলাদেশের গণমাধ্যম চ্যালেঞ্জ ও আক্রমণের মুখে রয়েছে। গণমাধ্যমের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিশেষ করে দু-তিন বছর ধরে। পরিস্থিতি বেশ জটিল এবং বিষয়টি সাদা-কালো নয়। এখানকার বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে এবং বাংলাদেশের ব্যাপারে মনোযোগ দিতে আগ্রহী।

প্রথম আলো: আপনি যেহেতু প্রতিষ্ঠানটির এশিয়া ও লাতিন আমেরিকার অংশের দায়িত্বপ্রাপ্ত, এ দেশের গণমাধ্যমের ব্যাপারে আপনার নিশ্চয়ই একধরনের ধারণা রয়েছে। আপনি যে ধারণা নিয়ে বাংলাদেশে এসেছেন, আসার পর বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে আপনার ধারণায় কি ইতিবাচক বা নেতিবাচক কোনো পরিবর্তন হয়েছে, নাকি একই জায়গায় রয়েছেন?

এসবেন কেদেস হার্বে: আসলে আমি খোলা মন নিয়ে এসেছি। আমি যেখানে যাই, খোলা মন নিয়েই যাই। এখানে বিভিন্নজনের সঙ্গে আলাপ-আলোচনার সময় আমি কোনো পূর্বধারণাকে বিবেচনায় নিইনি। আমি এর আগেও বাংলাদেশে এসেছি, মাস ছয়েক আগে। তবে কোথাও গেলে আপনি প্রতিবারই নতুন কিছু জানবেন, শিখবেন। এবারও তা-ই হয়েছে। আমি যেহেতু গণমাধ্যম নিয়ে কাজ করি, তাই আগে থেকেই জানি যে এখানকার গণমাধ্যম বেশ সরব ও সক্রিয়। তৃণমূল পর্যায়ে তা বিস্তৃত। তথ্য অধিকার আইন এখানে কার্যকর রয়েছে। তুলনামূলকভাবে বিচার করলে আমরা দেখব যে বিশ্বের অনেক দেশের অবস্থা বাংলাদেশের তুলনায় আরও খারাপ। একই সঙ্গে গণমাধ্যম যে চ্যালেঞ্জগুলোর মুখে পড়ছে, সেগুলো মোকাবিলা করতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্যোগ রয়েছে। এটা খুবই উৎসাহব্যঞ্জক।

প্রথম আলো: মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার সঙ্গে গণতন্ত্রের একটি সম্পর্ক রয়েছে। গণতন্ত্রের মান পড়তে থাকলে গণমাধ্যমের পক্ষে স্বাধীনভাবে কাজ করা কঠিন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি বিষয়টিকে কীভাবে দেখবেন?

এসবেন কেদেস হার্বে: এটা আমার জন্য খুবই কঠিন প্রশ্ন। আমি শুধু বলতে পারি যে গণতন্ত্রের মান উন্নয়ন বা গণতন্ত্রকে জোরদার করার ক্ষেত্রে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে। বিষয়টিকে আমরা এভাবেও দেখতে পারি। যেখানে গণতন্ত্র প্রকৃতই হুমকির মুখে আমরা সেসব দেশেও গণমাধ্যমের জন্য কাজ করছি। আমরা আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও লিবিয়ার মতো দেশেও কাজ করছি। বাংলাদেশের অবস্থা সেসব দেশের মতো নয়। এখানে গণমাধ্যমকে গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখতে ও গণতান্ত্রিক ক্ষেত্রকে বিস্তৃত করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে।

প্রথম আলো: আমরা দেখছি যে দুনিয়াজুড়েই গণতন্ত্রের মান পড়ে যাচ্ছে। সরকারগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠছে। আপনি কি মনে করেন এই বৈশ্বিক প্রবণতা মুক্ত গণমাধ্যমের জন্য সামনের দিনগুলোতে বড় হুমকি হয়ে দাঁড়াবে?

এসবেন কেদেস হার্বে: আমিও তা-ই মনে করি। এখানে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের সাংবাদিকদের সঙ্গেও এ প্রসঙ্গে কথা বলেছি। গণতন্ত্রের মানের অবনতি ও স্বাধীন গণমাধ্যমের ওপর হুমকির বিষয়টি এখন বাংলাদেশ বা কোনো দেশের একক সমস্যা নয়। এই বৈশ্বিক প্রবণতার ফলে দুনিয়াজুড়েই গণমাধ্যমকে চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং এটা হুমকি হিসেবে থেকে যাচ্ছে। ইউরোপ বলি আর আমেরিকা বলি, সবখানেই গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়ে আসছে; যারা ক্ষমতায় আছে বা বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী স্বাধীন গণমাধ্যমগুলোকে টার্গেট করছে অথবা তাদের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমও স্বাধীন গণমাধ্যমের সামনে হুমকি হয়ে দেখা দিয়েছে। এর মধ্য দিয়ে মিথ্যা ছড়িয়ে পড়ছে। ফলে দেখা যাচ্ছে, বিশ্বজুড়েই স্বাধীন গণমাধ্যমের পরিসর চাপের মুখে পড়েছে এবং সংকীর্ণ হয়ে আসছে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই আমরা কাজ করার চেষ্টা করছি।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

এসবেন কেদেস হার্বে: ধন্যবাদ।