দুরন্ত মাকসুদা

২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর, দুপুরবেলা। হঠাৎই খবর এল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলার এক বাসায় একজনের মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়েই দলবল নিয়ে ছুটলেন সহকারী পুলিশ সুপার কাজী মাকসুদা। ঘটনাস্থলে গিয়ে দেখেন ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। ঘরে তীব্র দুর্গন্ধ। এর মধ্যেই ঘরে ঢুকে খাট উল্টে দেখা গেল সেটির নিচে এক নারী ও দুই শিশুর মৃতদেহ।
বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাকসুদা তখন প্রশিক্ষণ শেষ করে সবে কর্মস্থলে যোগ দিয়েছেন। চোখের সামনে চারজনের মৃতদেহ দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোনালিসা বেগমকে বিষয়টি জানান। মামলার তদন্ত তদারকের ভার তাঁকেই দেন ঊর্ধ্বতনেরা। মাকসুদার জীবনে যোগ হয় নতুন এক অধ্যায়।
মাকসুদা বলেন, ‘চার-চারটি মৃতদেহ, কিন্তু কারও পরিচয় এমনকি নামটাও জানা যাচ্ছিল না। ঘরে তেমন আসবাব ছিল না। সারা ঘর খুঁজে পরিচয় জানার মতো কোনো কিছু পাওয়া গেল না। ওই বাড়ির মালিক, দারোয়ান, কয়েকজন প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করেও পরিচয় জানা যায়নি। এ সময়ই ঘরের এক কোনা থকে বের হলো চার টুকরা করা একটি কাগজ। তা জোড়া দিয়ে দেখা গেল, সেটা কেরানীগঞ্জ ট্রাক সমিতির একটা পরিচয়পত্র। নাম লেখা ছিল সাজু।’ তৎক্ষণাৎ কেরানীগঞ্জের ট্রাক সমিতিতে ফোন করে জানা গেল, এই নামে একজন দেড় বছর আগে ট্রাক চালাতেন। তাঁর বাড়ি পঞ্চগড়ে। পরে পঞ্চগড়ে খোঁজ নিয়ে পরিচয় পাওয়া গেল। নিহতরা হলেন সাজু আহমেদ (৩৫), তাঁর স্ত্রী রাজিয়া বেগম (২৬), তাঁদের ছেলে ইমরান (৫) ও মেয়ে সানজিদা (৩)। খোঁজ করার একপর্যায়ে জানা গেল নিহত সাজু ট্রাক চালানো ছেড়ে সিএনজি অটোরিকশা চালাতেন। পরে সিএনজি স্ট্যান্ডে খোঁজ নিয়ে জানা গেল, সাজু একটি সিএনজি ডাকাত চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। এখান থেকে তথ্য পেয়ে সন্দেহজনকভাবে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে সুমন নামে একজনকে গ্রেপ্তার করা হলো। সুমন জানালেন, এই চারটা খুনের সঙ্গে তাঁরা পাঁচজন যুক্ত ছিলেন। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই ঘটল এসব ঘটনা। নাওয়া-খাওয়া তখন শিকেয় উঠেছে এএসপি মাকসুদার।
জিজ্ঞাসাবাদে নাসির নামে একজনের নাম বলেছেন সুমন। নাসিরের বাড়ি পাবনায়। খবর পাওয়ামাত্রই নাসিরকে ধরতে দলবল নিয়ে মাকসুদা গেলেন পাবনার বেড়ায়। বড় এলাকা। গাড়ি রেখে নৌকায় পাঁচজনের দল নিয়ে রওনা হলেন নাসিরের বাড়িতে। সেখানে গিয়ে জানা গেল নাসির শ্বশুরবাড়িতে। তাঁকে ধরতে তিন দিন বেড়ায় থাকতে হয় মাকসুদা ও তাঁর দলকে। চতুর্থ দিনে ধরা পড়ে ডাকাত দল।
মাকসুদা বলেন, এক বছরের মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত পাঁচজনের মধ্যে চারজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ৪ মার্চ সকালে মাকসুদার ঢাকার বাসায় বসে যখন তাঁর সঙ্গে এসব কথা হচ্ছিল, তখন তিনি জিনিসপত্র গোছাতে ব্যস্ত। ঢাকা জেলা থকে বদলি হয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান সার্কেলে। তাঁকে সহায়তা করছেন তাঁর স্বামী আশরাফুল ইসলাম। প্রায় তিন বছরের কর্মস্থল ছেড়ে যেতে একটু খারাপ লাগছে। তবে ঢাকায় থেকেও যে পরিবারকে খুব বেশি সময় দিতে পারতেন এমনটা নয়। এর জন্য স্বামী আশরাফুলের কখনো কোনো অনুযোগ নেই।
তবে শুধু যে পরিবারকে সময় দিতে না পারা, তা নয়। আছে পেশাগত ঝুঁকিও। বছর দুয়েক আগে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কেরানীগঞ্জ মডেল থানায় থাকার সময় ঘাটারচরে যান আসামি ধরতে। তল্লাশির সময় কৌশলে মাকসুদার দুই সহকর্মীকে একটি ঘরে আটকে ফেলে অপরাধীরা। পরে তিনি আরও ফোর্স নিয়ে তাঁদের উদ্ধার করেন। এসব নানা কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে পান ‘বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড’। চলতি বছরের ৮ জানুয়ারি ফরেনসিক সায়েন্সে ২২ দিনের প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ভারতের গুজরাট থেকে।
মাকসুদা আট বছর বয়সে বাবাকে হারিয়েছেন। সেই শূন্যতা এখনো কাটেনি। মা অক্লান্ত পরিশ্রম করে মানুষ করেছেন পাঁচ ভাই-বোনকে। মাকসুদা সবার ছোট। ঝালকাঠির নলছিটিতে শিক্ষাজীবন শুরু, শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে। এখন চাকরির পাশাপাশি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আইন বিষয়ে। মাকসুদা মনে করেন, পথ এখনো অনেক বাকি। সব শিখে এগোতে চান।