
২০১১ সালের কথা। ইলিশের ভরা মৌসুম। এক দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে গেলাম আমরা। দেখলাম, স্থানীয় রাসেল, বিপ্লব ও মোফাজ্জেলদের পরিবার চরম সংকটে। ২০০৭ সালে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত হয় দেশের উপকূলীয় এলাকার অসংখ্য মানুষ। সেটারই ছাপ যেন ওই পরিবারগুলোর ওপরে। ওই দুর্যোগে জাল-ট্রলার হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ে মধুখালী গ্রামের মো. রাসেল, বিপ্লব, মোফাজ্জেল, মো. সুমন, মো. মাহাতাব, ইদ্রিস মিয়া ও স্বপনের পরিবার।
সিডরের পর বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আবার মাছ ধরার জাল-ট্রলার তৈরি করেন তাঁরা। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়েনি। ২০০৮ সালে ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছ্বাসে আবারও জাল-ট্রলারসহ ঘরবাড়ি হারায় ওই সাত জেলে পরিবার। দ্বিতীয়বারের ধাক্কার পর আর দাঁড়াতে পারছিলেন না তাঁরা। এক দিকে ঘরবাড়িসহ সবকিছু হারানো, অন্য দিকে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণের জন্য চাপ। শেষমেশ পেশা পরিবর্তন করে ঢাকায় গিয়ে দিনমজুর ও পোশাক তৈরির কারখানায় কাজ করার সিদ্ধান্ত নেন ওই সাত পরিবারের সদস্যরা। কিন্তু ঋণের টাকা পরিশোধ না করে তো এলাকার বাইরে চলে যাওয়া সম্ভব নয়!
পরপর দুটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মধুখালী গ্রামের সাতটি জেলে পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট। ২০১১ সালের ডিসেম্বর মাসে ঢাকার বাসিন্দা চার নারীর আর্থিক সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট তাঁদের হাতে তুলে দেয় একটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার, ইলিশজাল ও মাছ ধরার অন্যান্য উপকরণ।
এসব উপকরণ কাজে লাগিয়ে আবার সচ্ছলতা ফিরে পেতে শুরু করেন তাঁরা।
মো. রাসেল বলেন, ২০১৪ সালে মাহাতাব, ইদ্রিস ও স্বপন ভিন্ন একটি ট্রলার তৈরি করে আলাদা হয়ে যান। বাকি চারজন একসঙ্গেই আছেন।
মোফাজ্জেল হোসেন বলেন, ‘একটা ট্রলার তো তিন-চাইর বছরের বেশি টেকে না। প্রথম আলোর দেওয়া ট্রলারটা থাকতেই স্বপনরা আলাদা হইয়া গ্যাছে। ওরা যাওনের পর আমরা বাকি চাইরজন এক সাথেই আছি। এই বছর আমরা নতুন দুইডা ট্রলার বানাইছি। ওপরওয়ালার ইচ্ছায় সাগরে-নদীতে অনেক মাছ ধরা পড়ছে। এখন আমাগো কারোরই কোনো দেনা নাই। ইচ্ছা আছে, প্রত্যেকেই আলাদা একখান কইরা ট্রলার গড়ার। কপালে থাকলে হইবে।’