দৃষ্টিভঙ্গির বাঁক ফেরা

চৈত্রাগুনের আসন্নতায় মনের কোণে একটা দম আটকানো অন্ধকার নিয়ে দগ্ধ হচ্ছিলাম। ক্রিকেটের হ্রস্বতম সংস্করণ নিয়ে স্বপ্ন নির্মাণে মগ্ন হতে গিয়ে এমন হচ্ছিল। প্রথমত, ঘরের মাঠের এশিয়া কাপটা ৫০ ওভার থেকে অপছন্দের ২০ ওভারে নেমে আসায় এবং দ্বিতীয়ত, প্রায় সমাগত ওয়ার্ল্ড টি–টোয়েন্টিতে আমাদের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার শর্তটা পোড়াচ্ছিল ভীষণ। এমনিতে এক দিবসী ক্রিকেটে আমাদের শক্তপোক্ত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে টি–টোয়েন্টির ক্ষেত্রে ভাসমান দুর্বলতা বামুন ক্রিকেটের আবাহনে গা ভাসাতে মন টানত না। কিন্তু ত্রয়োদশ এশিয়া কাপটা শুরু হতেই একটু একটু করে আবহটা বদলে যেতে শুরু করল। মনে হতে লাগল, বাংলাদেশের দলটা এ মঞ্চেও কিছু একটা করার, বড় কিছু একটা করার সম্ভাবনা ধারণ করেই আছে। প্রয়োজন শুধু ধারণাটিকে একটি মজবুত কাঠামোয় ধারণ করা। আর সে জন্য চাই একটি যথাযোগ্য উপলক্ষ এবং সেই উপলক্ষ যখন সাড়ম্বরে মার্চের দ্বিতীয় দিনে উপস্থিত হলো বুম বুম আফ্রিদিদের হারিয়ে ফাইনালে উত্তরণের মাধ্যমে, তখন ফুঁৎকারে উড়ে গেল টি-টোয়েন্টি নিয়ে আমাদের সব হীনম্মন্যতা। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির কোয়ালিফাইং রাউন্ড খেলার বিষয়টা এখন আর গাত্রদাহনের পর্যায়ে নেই। অনেক ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এখন ওটাকে দেখছি। মনে হচ্ছে, অবস্থার পরিপ্রেক্ষিতে ওটা খেলতে হচ্ছে মাত্র। প্রতিপক্ষদের শক্তি এবং অকুস্থল বিবেচনায় মাশরাফিদের জন্য ওটা আনুষ্ঠানিকতামাত্র। যোগ্যতর দল হিসেবেই আমরা মূল পর্বে খেলব এবং ছোটদের পর্যায় পেরিয়ে অনেক চমকও দেখাব। ৮ মার্চ শুরু এ বৈশ্বিক ক্রিকেট আয়োজনে আমাদের একটা এমন অবস্থান থাকবে, যা ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও আমাদেরকে অতিসতর্কতার সঙ্গে বিবেচনার দল হিসেবে প্রতিষ্ঠিত করবে। ভালো যে করব, তা বলতে গিয়ে অনেক যদির নদীতে সাঁতরাচ্ছি বটে, তবে সেসব যদির সঙ্গে বাস্তবতার যে খুব একটা ফারাক নেই, তা তো এশিয়া কাপের ফাইনাল খেলেই প্রমাণ দিয়েছে আমাদের দল। প্রাথমিকভাবে যা প্রয়োজন, সেটা হলো বিশ্বাস। এশিয়া কাপের পূর্বে বর্তমান ফরম্যাট নিয়ে আমরা নিজেদের সম্পর্কে যে দুর্বল ধারণা পোষণ করতাম, তা থেকে অনেক ওপরে তুলে আনতে পেরেছি নিজেদের। মাঠে এবং মাঠের বাইরে একটা দৃশ্যমান পরিবর্তন এসেছে। আসন্ন ওয়ার্ল্ড টোয়েন্টিকে তাই আমরা অনেক আগ্রহভরে আস্বাদন করার কথা ভাবতে শুরু করেছি। দুই সপ্তাহ আগেও দৃশ্যপটটা এমন ছিল না। আমাদের ক্রিকেটাররা আমাদের ক্রিকেট–চিন্তায় এই মোড় ফেরানো কাজটা করে দিয়েছেন। ধুম-ধামাক্কা ক্রিকেটে আমাদের এ নুতন লড়াকু চেহারাটা ফুটিয়ে তোলার জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আগ্রহহীনতার বৃত্ত থেকে বেরিয়ে উৎসাহ নিয়েই আমরা সামনের কিছুদিন ভারতের নানান ভেন্যুর দিকে চেয়ে থাকব। অনেক দূর যেতে চাইব।
আমাদের শুদ্ধাচারী ক্রিকেট–মনস্কতা নানা কারণে টি-টোয়েন্টিতে মন বসাতে পারত না। বিশেষ করে এ ক্রিকেট আয়োজনের বাণিজ্যিক অনুষঙ্গ নানাবিধ অনৈতিকতার প্রভাবে ক্রিকেটের মৌলিক দর্শনকে আহত করছে বলে। কিন্তু বাস্তবতা হচ্ছে, তাৎক্ষণিক দর্শনান্দ এর জনপ্রিয়তা দ্রুত বাড়িয়ে দেওয়ায় একে উপেক্ষাও করা যাচ্ছে না। প্রচুর অর্থের উৎস বলে ক্রিকেটাররাও একে আগ্রহভরে বাহুডোরে বাঁধছেন। সুতরাং টি-টোয়েন্টিকে বেশিদিন আধেক আঁখির কোণে রাখা যাবে না। এর দিকে সরাসরি তাকাতে হবে।

টি-টোয়েন্টির ভালো–মন্দ নিয়ে আলোচনার অবকাশ এখানে নেই। স্বল্প কথায় বলতে গেলে বলতে হয়, এ খেলা প্রশিক্ষকের কাজ বাড়িয়ে দিয়েছে, সে কাজ সহজ নয়। খেলোয়াড়ের দায় বাড়িয়েছে বহুগুণ। উদ্ভাবনের দায় এনে দিয়েছে প্রচুর। স্বল্প সময়ের ব্যবধানে তাকে বদলে বদলে নিতে হচ্ছে দ্রুত। কৌশলগত রূপান্তরে অভ্যস্ত হতে হচ্ছে। অন্যদিকে দর্শক পাচ্ছেন তাঁর আনন্দলোকের কল্পভাবনার সঙ্গে তাল রাখা ক্রিকেট উপভোগ। আসছে আসরে আমরাও আমাদের দল নিয়ে একটি উপভোগ্য অধ্যায়ের আশায় রইলাম।
আর থাকব নাই–বা কেন? এশিয়া কাপ তো দেখিয়ে দিয়েছে আমরা সুযোগ তৈরি করতে সক্ষম। শুধু সুযোগগুলো ধারাবাহিকভাবে, বেশির ভাগ সময় কাজে লাগানোর অপেক্ষামাত্র। বিশ্বমঞ্চে পরাশক্তি হয়ে ওঠার হাতছানি দেখতে পাচ্ছি। সামনের আসর সেটাকে অবশ্যই উজ্জ্বলতা দেবে। হাসবেন না। এ রকম কথায় গত ৪০ বছরে বহুবার অনেকেই হেসেছেন। আবার নিজের মধ্যে সময়ের ব্যবধানে সে হাসি ফিরিয়ে নিয়েছেন। আমাদের ক্রিকেটাররাই সে প্রক্রিয়াটা তৈরি করেছেন। আবারও করবেন।
একটু আগে আশার কথা বলতে গিয়ে বলেছিলাম, অনেক যদির নদীতে সাঁতার কাটছি। কিন্তু যদিগুলো বাস্তবতার চেয়ে খুব দূরের নয়। ধরুন, তামিম-সৌম্য একসঙ্গে অন্তত ১০ ওভার মধ্যমাঠে, সাব্বির যখনই নামুক ৫০টি বল খেলছেন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহরা স্বপ্নযাত্রার শেষটায় ঝোড়ো সংগত যোগ করছেন। ব্যাটিং–সহায়ক উইকেটে ২০০–এর আশপাশের যেকোনো সংখ্যা তখন কল্পনাতীত কোনো বিষয় নয়। আর উইকেট যদি স্লথ-মন্থর হয়, তবে দেড় শ–এর নিকটবর্তী লক্ষ্যমাত্রা অর্জন খুবই স্বাভাবিক। আমাদের পেসাররা ঢাকার মাঠে যা বোলিং করেছেন, এক সপ্তাহের ব্যবধানে তা ভুলে যাওয়ার কোনো কারণ দেখি না। ভালোয়–ভালোয় মুস্তাফিজটা ফিরলেই হয়। এমনিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ঘুম সে কেড়ে নিয়েছে। খেলতে পারলে একটা বাড়তি চাপ অবশ্যই তৈরি হবে। সাকিবের নেতৃত্বে আমাদের স্পিন তো এমনিতেই কৃপণ স্বভাব। নতুন বাতাসে তা হবে আরও সংহারী। আমাদের ফিল্ডিংও এখন আগাপাছতলা ত্রুটিহীন না হলেও উৎসাহ সঞ্চারী। দলীয় সংহতির মাত্রাটাও এখন উঁচু লয়ে বাঁধা। মাশরাফি নামের মহিরুহ আছে না! দেখুন, কোথায় উড়িয়ে নিয়ে যায়। ওরা বৈরী সময়ের স্রোতকে নিজেদের দিকে ফেরাতে শিখেছে। ওদের নিয়ে চিন্তাভাবনায় নিরাশার কোনো অবকাশ নেই।