দেবী যুদ্ধের পাহাড় চূড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণাটকের মহিশুরের চামুণ্ডশ্বরী মন্দির
কর্ণাটকের মহিশুরের চামুণ্ডশ্বরী মন্দির

আধুনিক ভারতের কর্ণাটক রাজ্যের আদি নাম মহিশুর। উপমহাদেশীয় ইতিহাসের অন্যতম মহানায়ক টিপু সুলতানের স্মৃতি ধারণ করে মহিশুর নামটি আমাদের কাছে অতি পরিচিত এবং প্রিয়। মহিশুর নামটি কিন্তু অনেক অনেক কালের পুরোনো। এর সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনি। নামের উৎপত্তি দেবী দুর্গার হাতে নিহত মহিষাসুর থেকে।

কথিত আছে প্রবল পরাক্রান্ত মহিষাসুরে উৎপাতে দেবতাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়লে তাকে দমন করার জন্য দেবী দুর্গা চণ্ডী বা চামুণ্ডা রূপে আবির্ভূত হন। এই অসুর বা অপশক্তিকে যুদ্ধে নিহত করে চামুণ্ডা দেবকুল তথা সৃষ্টিকে রক্ষা করেন। দক্ষিণ ভারতে প্রচলিত পুরাণ-কথায় জানা যায় দুর্গা আর মহিষাসুরের এ যুদ্ধ সংঘটিত হয়েছিল মহিশুরনগরের কাছে চামুণ্ডা পাহাড়ে। স্থানটি তাই সেই আদিকাল থেকেই এক তীর্থভূমি। সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত আছে চামুণ্ডশ্বরী মন্দির আর মহিষাসুরের সুবিশাল মূর্তি।

মহিশুর শহর থেকে তিন-সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়টি দুর্গা বা চণ্ডীর নাম ধারণ করে চামুণ্ডা হিল হলেও গোটা এলাকা পরিচিত হয়ে ওঠে মহিষাসুরের নামে। মহিষাসুর থেকে প্রথম মহিশুরু এবং পরে মহিশুর নাম জনপ্রিয় হয়ে ওঠে।

২০১১ সালে বেঙ্গালুরু যাই ছেলের কাছে। ওখানে তিন মাস অবস্থানের অবকাশে ইতিহাসের পথ ধরে টিপু সুলতানের সন্ধানে কিছু ঘোরাঘুরি করি। শ্রীরঙ্গপতন আর মহিশুর নগর পরিক্রমণের শেষে চামুণ্ডা পাহাড় পরিদর্শনের লোভও অদম্য হয়ে ওঠে। মাত্র তিন-সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত হলেও সুউচ্চ এই পাহাড়ে উঠতে হয় ঘুরে ঘুরে। তাই সময়ের প্রয়োজন। বেলা পড়ে এলেও আমাদের গাড়ির চালক রবি যাদব জানালেন রাস্তা ভালো, অসুবিধের কিছু নেই।

সত্যি, জনপ্রিয় তীর্থ। রোজই বিপুলসংখ্যক তীর্থযাত্রীর সমাগম ঘটে। পিচঢালা দীর্ঘপথ বেশ মসৃণ। চলার পথের দৃশ্যও নয়ন-নন্দন। আমরা তাই সন্ধ্যার মুখেই চামুণ্ডা পাহাড়ের শীর্ষে পৌঁছে গেলাম। পাহাড়ের শীর্ষ একটা বিস্তীর্ণ চাতালের মতো। তারই এক পাশে পাথরে তৈরি আকাশে মাথাতোলা চামুণ্ডেশ্বরী মন্দির। তার এ চাতালে পৌঁছার মুখেই মহিষাসুরের বিশাল মূর্তি।

হিজরি হিসাবে সময়টা ছিল রমজান। আমি রোজা ছিলাম। ওপরে ওঠার পথেই ইফতারের সময় পেরিয়ে গেছে। গাড়িতে এক ঢোক পানি আর দুখানা বিস্কুট দিয়ে ইফতার সেরেছি। নেমেই তাই ব্যস্ত হলাম কিছু খাবারের খোঁজে। আর বউমা মাহিনকে বললাম সম্ভব হলে দেবী মূর্তি আর মন্দিরের ছবি তুলে নিতে।

সন্ধ্যা পেরিয়ে গেলেও দর্শনার্থীদের ভিড় কমেনি। মহিষাসুর মূর্তির অদূরেই দেখলাম সারি সারি খাবারের দোকান। ভাজিভুজি নানা পদের খাবার তৈরি ও বিক্রি হচ্ছে। অপরিচিত খাবারে রুচি হলো না। পোড়ানো ভুট্টা দিয়েই ক্ষুন্নিবৃত্তি করতে হলো।

আমি যখন ভুট্টা কিনতে গেছি, মাহিন ফিরে এলেন মন্দির থেকে। জানালেন, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। দেবীর ছবি নেওয়া যায়নি। তবে মন্দিরের ছবি পাওয়া গেছে। মাহিনই এরপর মহিষাসুর মূর্তির ছবি তুলে নিলেন। আমরা ভিড়ের মধ্যেই ঘুরে ঘুরে পৌরাণিক এক যুদ্ধের ক্ষেত্র পরিদর্শন করতে লাগলাম।

মন্দিরের চত্বরটা বাদ দিলে সর্বত্র অন্ধকার বেশ ঘন হয়েই নেমে গেছে। আলো বলতে ছোট দোকানগুলোর বাতিই ভরসা। খাবারদাবার ছাড়া কিছু কিছু স্মারক-সামগ্রীও বিক্রি হচ্ছে। তখনো গোটা এলাকায় বেজায় ভিড়। অনেকেই কেনাকাটা করছেন। মন্দিরে প্রণাম সেরে এসে দাঁড়াচ্ছেন মহিষাসুরের কাছে। কেউ কেউ হাত তুলে তাঁকেও প্রণাম জানাচ্ছেন। দর্শকদের ভিড়ে কয়েকটি বিদেশি মুখও দেখা গেল।

আমাদের হাতে সময় ছিল কম। বেঙ্গালুরু ফিরতে আড়াই শ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। ভাসাভাসা দেখেই তাই ফেরার পথ ধরতে হলো।

মন্দিরে মূর্তি দেখা না হলেও ইতিহাসের বইয়ে ছবি দেখা ছিল। ফেরার পথে এই দুটি মূর্তি নিয়ে ভাবছিলাম। প্রাচীন ভারতীয় ভাস্কর্যে বাস্তবানুগতার ঠাঁই ছিল না। ভাবটাই ছিল মুখ্য। চামুণ্ডেশ্বরী মূর্তির শৈলীও তাই। দেখলে বুঝতে অসুবিধা হয়নি এই দেবী মূর্তি সুপ্রাচীন। মহিষাসুর মূর্তিটি কিন্তু ভিন্ন আদলেই। অনেকটাই বাস্তবানুগ করে মূর্তিটি নির্মাণ করা হয়েছে। স্বভাবতই প্রশ্ন জাগে, এ মূর্তি কি অনেক পরের সংযোজন? পাথরে তৈরি মূর্তির গায়ে রঙের প্রলেপও একই প্রশ্ন জাগায়।

দেবী দুর্গা বা চামুণ্ডা এখানে অবতীর্ণ হয়ে অসুর দমন করেছিলেন। সে জন্য পাহাড়টির নাম হয়েছে চামুণ্ডা পাহাড়। অন্যদিকে সংশ্লিষ্ট এলাকা বা দেশটির নাম হয়েছে মহিষাসুরের নামে—মহিশুরু থেকে মহিশুর। এই নামকরণ কি এমন ইঙ্গিত বহন করে যে একসময় এ এলাকায় মহিষাসুরের প্রভাবই ছিল প্রবলতর? এসব প্রশ্নের নিশ্চিত উত্তর জানার আর উপায় নেই।

এখানে বলে রাখা দরকার গোড়ায় মহিশুর কিন্তু এমন বিস্তীর্ণ রাজ্য ছিল না। রাজ্যের পত্তন কালে কারও মতে তিনটি, কারও মতে ৩৩টি গ্রাম নিয়ে গঠিত ছিল সামন্ত এলাকা মহিশুর। ক্রমে যা বিস্তৃত হয়ে স্বাধীন রাজ্যে পরিণত হয়।

উপসংহারে টিপু সুলতান প্রসঙ্গে একটি কথা না বললে এই অনন্যসাধারণ মানুষটির প্রতি অবিচার করা হবে। টিপু তার শৈশবে ধর্মীয় শিক্ষাই লাভ করেছিলেন। শোনা যায় ব্যক্তিগত জীবনেও ছিলেন নিষ্ঠাবান ধার্মিক। অথচ আজও কর্ণাটক ভ্রমণে গেলে সুপ্রাচীন মন্দিরগুলো দেখলেই বোঝা যায় মহিশুরের এই শাসক ধর্মের প্রশ্নে কেমন সহনশীল এবং উদার ছিলেন। চামুণ্ডা হিলেই নয়, গোটা রাজ্যে, এমনকি তাঁর প্রাসাদসংলগ্ন কোনো মন্দিরই ধ্বংস করা হয়নি। ইতিহাসে জানা যায়, তাঁর আমলে প্রতিটি মন্দিরই সরকারি অর্থ সাহায্য পেয়েছে। মহিশুরের সব শ্রেণীর মানুষের কাছেই তিনি তাই আজও পরম শ্রদ্ধার পাত্র।