দেশ টিভি
জোকস টোকস
দেশ টিভিতে ঈদের দিন সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে বিনোদনমূলক অনুষ্ঠান ‘জোকস টোকস’। এতে অংশ নিয়েছেন সাজু খাদেম, ইরেশ যাকের, রোজী সিদ্দিকী, স্বাগতা এবং শাওন মজুমদার। এই তারকারা সুন্দর সুন্দর স্থানে বেড়াতে যাবেন। সেখানে হবে জোকস, আড্ডা, গল্প, খাওয়া আর গান। প্রযোজনা করেছেন সুমনা সিদ্দিকী।
স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র
দেশ টিভিতে ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমেল হক। অভিনয় করেছেন সাজু খাদেম, তিশা, আনন্দ খালেদ, জয়নাল জ্যাক প্রমুখ।
তিন বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছে নূপুর। এই শহরে তার আপন কেউ নেই। কিন্তু কারাগারের বাইরে ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে আনিস। শিগগিরই তারা বিয়ে করবে। মহাসমারোহে চলছে বিয়ের কেনাকাটা। ভালোবাসার হাওয়ায় দুলতে থাকে আনিস আর নূপুর। এদিকে নূপুরকে অপহরণ করে শহরের শীর্ষ সন্ত্রাসী জেমস ও বন্ড। কেন? কোথাও কোনো ভুল হচ্ছে নাতো?

ফিরে এলো রূপবান
দেশ টিভিতে ঈদের পরদিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক ফিরে এলো রূপবান। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্। অভিনয় করেছেন শ্রিয়া সর্বজয়া, ইরেশ যাকের, সাঈদ বাবু প্রমুখ।
অন্ধকার জগতের সঙ্গে জড়িত রূপবান। একদিন এক ঘটনায় রূপবান বুঝতে পারে, তার আশপাশের মানুষজনকে কেউ হত্যা করছে। কে? জানা যায়, তার প্রতিপক্ষের এই নেতা রাম। এবার রাম আর রূপবান মুখোমুখি। রামের বুকে অস্ত্র তাক করেছে রূপবান।
বিলম্বিত বিরহে
দেশ টিভিতে ঈদের তৃতীয় দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক বিলম্বিত বিরহে। লিখেছেন আশরাফুল চন্চল, পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন রিয়াজ, নাদিয়া, মাজনুন মিজান প্রমুখ। এক রাতে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় মামুন। রাস্তায় হাঁটতে থাকে। দূর থেকে ভেসে আসে মাইকের শব্দ। কবিগানের আসর বসেছে। সেদিকেই হাঁটছে মামুন। উদ্দেশ্য গানের সুরের সঙ্গে নিজের কষ্টকে ভাসিয়ে দেওয়া। কিন্তু অনেক বাধার মুখোমুখি হতে হয় তাকে। একসময় নিজের ভুল বুঝতে পারে সে। ফিরে আসতে চায় স্ত্রীর কাছে।