
কষ্টের ফল যে মধুর হয়, হয়তো আমিই তার প্রমাণ। ক্রিকেট খেলার জন্য জীবনে কষ্ট কম করিনি। ক্রিকেটার হওয়ার পরও কষ্ট করতে হয়েছে। দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয়েছে একটা ভালো সুযোগ পাওয়ার জন্য। সেটা যখন পেয়েছি, আমাকে তখন আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না। কষ্ট করেছি বলেই হয়তো জীবনে এই সময়টারও দেখা পেলাম।
আন্তর্জাতিক ক্রিকেটে আমার অভিষেক ২০১২ সালের নভেম্বরে। আর সাফল্যের ধারাটা খুঁজে পেয়েছি ২০১৩-তে এসে। নিউজিল্যান্ডের বিপক্ষে একই টেস্টে সেঞ্চুরি, হ্যাটট্রিকসহ ৬ উইকেট! মনে হচ্ছিল, স্বপ্নের জগতে আছি। আমার বয়স এখন ২২ বছর। আগের ২১ বছরের অপেক্ষারই পরিসমাপ্তি ঘটেছে যেন ২০১৩ সালে এসে।
বয়সভিত্তিক পর্যায়ে খেলার সময় কখনোই কোনো টুর পাইনি আমি। অনেক দিন ধরে খেলেছি, ভালোও খেলেছি, তার পরও কীভাবে কীভাবে যেন বাদ পড়ে যেতাম। জাতীয় দলে আসার পর সেই যন্ত্রণার অবসান হয়েছে। হয়তো আল্লাহও বুঝতে পেরেছেন আমার কষ্টটা। সে জন্যই কষ্ট সার্থক হয়েছে।
আমার ক্যারিয়ারে বড় একটা মাইলফলক হয়ে থাকবে ২০১৩ সাল। এটা ছিল আমার পরীক্ষার বছর। জাতীয় দলে এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে হয়। দলে এসে শুরুতেই ভালো কিছু করতে না পারলে টিকে থাকা কঠিন। আমি বোধ হয় সেই পরীক্ষায় পাস করে গেছি। তা না হলে তো এখন দলেই থাকতাম না।
গত বছরটা শুধু আমার একার জন্যই নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যই সাফল্যমণ্ডিত এক বছর। এ বছর ছয়টা টেস্ট খেলে তিনটিতে ড্র করতে পেরেছি আমরা, জয়ও পেয়েছি একটাতে। ওয়ানডের কথা বললে, নয় ম্যাচের পাঁচটাতেই তো জিতলাম! ২০১০ সালের পর নিউজিল্যান্ড দলকে আরেকবার ‘উপহার’ দিলাম ধবল ধোলাইয়ের তেতো স্বাদ। ক্রিকেটে এমন সাফল্যের বছর বাংলাদেশের জন্য কমই এসেছে।
এই সাফল্য আমাদের ক্রিকেটকে যেমন এগিয়ে দিয়েছে, তেমনি দাঁড় করিয়ে দিয়েছে নতুন চ্যালেঞ্জের সামনেও। সেই ভালো চ্যালেঞ্জ ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। ২০১৪ সালের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ। এরপর দেশের মাটিতে পর পর হওয়ার কথা এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছরের পারফরম্যান্সের পর এই প্রতিটা আসরেই আমাদের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা থাকবে।
একই প্রত্যাশা আমাদেরও আছে এবং গত বছরের ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেটা পূরণ হবেই। বিশেষ করে এশিয়া কাপের কথাই বলব। আগেরবার ফাইনালে গিয়েও আমরা হেরে গেছি। এবার আর সেই ভুল করতে চাই না। দলের আর কারও সঙ্গে আলোচনা না করেও আমি বলে দিতে পারি—এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের লক্ষ্য হবে শিরোপা জেতা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে যাওয়ার আগে আমাদের প্রথম রাউন্ড উতরাতে হবে। মনে হয় না খুব একটা কঠিন পরীক্ষা দিতে হবে আমাদের সেখানে। আমি বরং বিশ্বাস করি, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে গিয়েও ভালো একটা অবস্থান নেওয়ার সামর্থ্য আছে আমাদের দলের। প্রয়োজন শুধু নিজেদের সেরা খেলাটা খেলার। আমার হাত ধরেই হোক বা অন্য কারও হাত ধরে, ২০১৪ সালে বাংলাদেশের ক্রিকেট উন্নতির পথে হাঁটুক, এটাই কেবল প্রত্যাশা।
দলীয়ভাবে বড় লক্ষ্যের পাশাপাশি নতুন বছরে আমার ব্যক্তিগত লক্ষ্যও বড়ই থাকবে। তবে আগেই নির্দিষ্ট করে কিছু বলব না। শুধু বলব, ২০১৩ সাল শেষে নিজেকে যে জায়গায় দেখছি, ২০১৪ সাল শেষে যেন তার চেয়েও সামনে এগোনো দেখতে পাই। জাতীয় দলে একজন অফ স্পিনার হিসেবে যেন মাথা উঁচু করে খেলতে পারি, সেটাই প্রত্যাশা। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর এই এক বছরে যা পেয়েছি, তার তুলনায় দিতে পারিনি কিছুই। নতুন বছরে সেটাই দিতে চাই। নিজেকে উজাড় করে দেশকে দিতে চাই বড় কিছু। যেন সোহাগ গাজীকে মানুষ নামে নয়, তার কীর্তিতে মনে রাখে
অনুলিখন: তারেক মাহমুদ