দেশের বাইরে তারকাদের ঈদ

জয়া আহসান
বিরক্তি, আনন্দ ও চমকের ঈদ
স্রেফ ঘোরাঘুরি আর অবসর যাপনের জন্য বেশ কয়েকবার দেশের বাইরে ঈদ উদ্যাপন করেছি আমি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়াসহ পৃথিবীর বেশ কয়েকটা দেশেই কাটিয়েছি ঈদ। সেসব ঈদ-স্মৃতির কোনোটা অনেক বেশি আনন্দের, কোনোটার সঙ্গে মিশে আছে কিঞ্চিৎ বিরক্তিও। তবে এক ঈদে আমাকে শাকিব খান যে চমক দিয়েছিলেন, তা ভোলার নয়। সেই গল্প বলব যথাস্থানে। এখন তবে কোন গল্প দিয়ে লেখাটি শুরু করব? প্রথমেই বলি যে দেশের বাইরে ঈদ উদ্যাপনে বরাবরই আমার সঙ্গী মা রেহানা মাসউদ।

দু-বছর আগে একবার ঈদ করেছিলাম ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়। ছিলাম সিডনিতে। সেখানে আমার কাজিনরা থাকেন। রিতা আপা ও তিথি—ছোটবেলায় আমরা একসঙ্গে বড় হয়েছি। তো, কাজিনদের পেয়ে যেন ফিরে পেয়েছিলাম ছোটবেলার ঈদ। হাসি-আনন্দ-আড্ডায় ওই সময় মনেই হয়নি, দেশের বাইরে আছি।
ঈদের ক্ষণে সিডনিতে আনন্দ উদ্যাপন চলল কয়েক দিন ধরে। বিভিন্ন বাসায় দাওয়াত খাচ্ছিলাম আমরা। সিডনিতে আমরা যেখানে ছিলাম, সেখানেও ঈদের দিন গভীর রাত পর্যন্ত ছিল অতিথিদের আনাগোনা।
দেশের বাইরে আনন্দের ঈদ যেমন কাটিয়েছি, একইভাবে আছে কষ্টের অভিজ্ঞতাও। গতবার ঈদের সময় আমাকে থাকতে হয়েছিল কলকাতায়। কলকাতায় ঈদ খুব জাঁকজমকপূর্ণ হয়। পার্টি থাকে অনেক। কিন্তু ওখানে গেলবারের ঈদটা কেন যেন ভালো কাটেনি আমার। একপর্যায়ে হোটেল রুমে বসে পোলাও অর্ডার করলাম। দেখলাম, হলুদ রঙের পোলাও এবং জর্দা দিয়ে রান্না করা একটি তরকারি দিয়ে গেছে। খাবার দেখেই মেজাজ গেল চড়ে। ঈদের দিন কোথায় মায়ের হাতের পোলাওয়ের স্বাদ নেব, তা না; হোটেলে বসে মিষ্টি মিষ্টি পোলাও খেতে হচ্ছে—ভাবতেই কেমন বিষণ্ন হয়ে গেলাম। কান্না পাচ্ছিল।
শুটিংয়ের কারণে একবার ঈদ কাটিয়েছিলাম মালয়েশিয়ায়। হ্যাঁ, সেই ঈদটা আমার জন্য ছিল চমকে ভরা। এই ‘চমক’-এর সঙ্গে জড়িয়ে আছেন শাকিব খান।
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমার শুটিং হচ্ছে। ছবিতে আমার নায়ক শাকিব। তো, ঈদের দিন মা-মেয়ে খুব মন খারাপ করে বসে আছি মালয়েশিয়ার হোটেলে। বারবার মনে পড়ছে দেশের আনন্দময় ঈদের কথা। এর মধ্যে বেলা ১১টায় নামলাম খেতে। কিন্তু না, মন ভালো হওয়ার লক্ষণ নেই, কিছুই ভালো লাগছে না। এমন সময় দেখলাম, পাঞ্জাবি ও টুপি পরে আমাদের দিকে এগিয়ে আসছেন শাকিব। এসেই তিনি পা ছুঁয়ে সালাম করলেন আমার মাকে। আর ওই দৃশ্যটা দেখে এত ভালো লাগল যে মুহূর্তে ফুরফুরে হয়ে উঠলাম। শাকিব খানের চমকে অন্য রকম হয়ে গেল মালয়েশিয়ার সেই ঈদ।
অনুলিখন: মনজুর কাদের

তামিম ইকবাল
শুধু আয়েশা, আরহাম ও আমি
চট্টগ্রামে আমাদের বড় পরিবার। সবাই মিলে একসঙ্গে ঈদ করি। গত রোজার ঈদই ছিল ব্যতিক্রম—বাড়ির বাইরে পরিবারসহ প্রথমবারের মতো ঈদ করেছি। আমার ছেলে আরহাম ও স্ত্রী আয়েশাকে নিয়ে ঈদের কয়েক দিন আগে প্রথমে ব্যাংকক যাই। আমরা দুজনই খেতে, কেনাকাটা করতে পছন্দ করি। তাই ব্যাংককের নানান খাবারের দোকানে ঢুঁ মেরেছি। নামী রেস্তোরাঁতে যেমন খেয়েছি, আবার রাস্তার পাশের খাবারের দোকানগুলোও বাদ যায়নি। এই দোকানগুলোর খাবার খেতে খুব মজা। ব্যাংককে আমরা ছিলাম সাত দিন। মনে হয়, ওই শহরের সব দোকানেই খেয়েছি আমরা।

বিশ্বখ্যাত একটা রেস্তোরাঁ আছে ব্যাংককে। এক মাস বা পনেরো দিন আগে বুকিং দিতে হয়। যাওয়ার আগে আমরা বুকিং দিয়েছিলাম। ওদের নিয়ম এমন যে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে না যেতে পারলে বুকিং বাতিল হয়ে যায়। ব্যাংককের রাস্তায় ভয়াবহ যানজট থাকে, অনেকটা আমাদের দেশের মতোই।
সেই রেস্তোরাঁর খাবার খাওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই হোটেল থেকে বের হলাম আমরা। রাস্তায় একই জায়গায় আটকে আছি প্রায় ৪৫ মিনিট। সময় পার হয়ে যাচ্ছে, আর বাড়ছে টেনশন—অবস্থা খারাপ হওয়ার জোগাড় আমার ও আয়েশার। কী করব, বুঝে উঠতে পারছি না কিছুই। তো, রাস্তায়ই প্রায় সাতটা বেজে গেল। উপায় না দেখে আরহামকে কোলে নিয়ে ট্যাক্সি থেকে নেমে গেছি আমি আর আয়েশা।
এক কিলোমিটার হেঁটে অবশেষে পৌঁছলাম রেস্তোরাঁয়। আমরা ভেবেই নিয়েছিলাম, দেরির কারণে বাতিল হয়ে গেছে আমাদের বুকিং। পরে ওদের বোঝালাম, কত কষ্ট করে এসেছি এখানে খাওয়ার জন্য।
ঈদের দিন নিজেদের মতো করে আনন্দ করেছি। চট্টগ্রামে সবার সঙ্গে কথা বলেছি ‘ফেস টাইমে’।
ব্যাংকক থেকে পরে আমরা গিয়েছি দুবাই। ওখানেও ছিলাম কয়েক দিন। বিভিন্ন জায়গা ঘুরে দেখার চেয়ে কেনাকাটা করতে এবং নতুন নতুন ধরনের খাবার খেতে বেশি পছন্দ আমাদের। দুবাইতে আমার একটি প্রিয় রেস্তোরাঁ আছে—করাচি দরবার। দুবাই গেলেই ওখানে খাই। আবার আয়েশার পছন্দের পিএফ চ্যান্স নামের রেস্তোরাঁতেও খাওয়া হয়। এই খাওয়া আর ঘোরাঘুরি বাদে বাকি যে সময় থাকল, ব্যয় হলো আয়েশা ও আরহামের কেনাকাটায়। আমিও কিনেছি। তবে ওদের ব্যাগই বহন করতে হয়েছে বেশি।
বিদেশ-বিভুঁইয়ে এবারের ঈদে আয়েশাকে একটা চমক দেব ভেবেছিলাম। অনেক আগে ও একটা আংটি পছন্দ করেছিল। দুবাই গিয়ে সেটা কিনে দিয়েছি।
খাওয়াদাওয়া কেনাকাটা, ঘোরাঘুরি—এভাবেই কেটেছে বিদেশে আমাদের ঈদ।
অনুলিখন: তৌহিদা শিরোপা

আরিফিন শুভ
ক্ষণিকের পাওয়া উচ্ছলতা
মফস্বল শহরের ছেলে আমি। ঈদের আনন্দ আমার কাছে অন্য রকম উন্মাদনা নিয়ে আসে—এ দিন বন্ধুবান্ধব মিলে ঘোরাঘুরি, আড্ডাবাজি আর খাওয়াদাওয়ার যে আনন্দ, তা কি বিদেশে কাটানো ঈদে পাওয়া সম্ভব! সে কারণেই বিদেশে উদ্যাপন করা ঈদগুলো আমার কাছে অতটা উজ্জ্বল নয়।

সাত-আট বছর আগের কথা। সেবারই প্রথম দেশের বাইরে ঈদ করি। নাটকের শুটিং করতে গিয়েছিলাম, থাইল্যান্ডে। শুটিংয়ের সময়েই পড়েছিল ঈদ। যে হোটেলে ছিলাম, শহর থেকে সেটি বেশ দূরে। আশপাশে দোকানপাট তেমন কিছুই নেই। ঈদের দিন সকালে কিছু খাব, সে ব্যবস্থাও ছিল না। শেষমেষ নিজেই কফি বানিয়ে খেয়েছিলাম। দিনটি পার করতে হয়েছিল হোটেলে শুয়ে-বসেই। বিদেশে আমার পয়লা ঈদের স্মৃতিটি দুঃসহ, ভাবলে এখনো মন খারাপ হয়ে যায়।
গেল বছরের কোরবানির ঈদও কাটাতে হয়েছে মুখ গোমড়া করে। মৃত্যুপরী ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় ছিলাম। ঈদের আগের দিন পর্যন্ত শুটিং ছিল। তাই ঈদের দিনটিও কাটল বিদেশে। আমার সব সময় পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনের অভ্যাস। ঈদের দিন সকালে উঠেই প্রথমে মা-বাবাকে ফোন করলাম। কথা বললাম পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও। কিন্তু হাজার মাইল দূরে থেকে ফোনে কথা বলে কি ঈদের মজা পাওয়া যায়!
অস্ট্রেলিয়ার যে এলাকায় ছিলাম, সেখানে ঈদের আমেজের ছিটেফোঁটাও খুঁজে পাইনি। সারা দিনই হোটেলে বন্দী থাকতে হয়েছে। বিকেলে বন্ধু সাদির সঙ্গে গিয়েছিলাম তাঁর বোনের বাসায়। বলার মতো কথা হলো, ওখানে শহরের মধ্যে কোনো পশু কোরবানি করা হয় না, হয় শহরের বাইরে। সাদির বোনের পশু কোরবানিও হয়েছিল শহরের অদূরে।
বাসায় ঈদের দিনের সব খাবারই তৈরি করেছিলেন তিনি। তাঁর বাসায় যতক্ষণ ছিলাম, চারপাশে ছিল আনন্দময় পরিবেশ। রাতের আহার সেরে এরপর যখন হোটেলে ফিরে এলাম, ফুরিয়ে গেল ঈদের দিনে ক্ষণিকের জন্য পাওয়া উচ্ছলতাও।
বিদেশে একটি ঈদে আমার মন ছিল দারুণ তরতাজা—সেটি ইন্দোনেশিয়ায়। এ বছর ঈদের সময় ইন্দোনেশিয়াতে গিয়ে পুরোই ঈদের আমেজ উপভোগ করেছি। পারিবারিক ভ্রমণে ওখানে গিয়েছিলাম ঈদের দু-তিন দিন আগে। ছিলাম বালি দ্বীপের কাছাকাছি কুটা বিচ এলাকায়। হোটেলের পাশে ঈদের নামাজের নির্ধারিত স্থান ছিল। ঈদের দিন সকালে উঠে জামাতে নামাজ পড়লাম। ঈদোৎসব উপলক্ষে হোটেলগুলোতেও ছিল নানা খাবারের আয়োজন। দেশের বাইরে যতগুলো ঈদ উদ্যাপন করেছি, আমার স্মৃতিতে ইন্দোনেশিয়ার ঈদের স্মৃতিই বেশি উজ্জ্বল।
অনুলিখন: শফিক আল মামুন