নতুন বছর, নতুন পৃথিবী

২০১৪ সালে কোনদিকে যাচ্ছে পৃথিবী? কোনো রাশিগণনার মাধ্যমে এ ভবিষ্যদ্বাণী কারও পক্ষেই করা সম্ভব নয়। ভবিষ্যৎ এগোয় অতীতের ওপর ভর করে।
বর্তমান দশকের সূচনার পর যে বড় তিনটি ঘটনার মধ্য দিয়ে পৃথিবী পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহে প্রবেশ করেছে—আরব বসন্ত, জুলিয়াস অ্যাসাঞ্জ-প্রতিষ্ঠিত উইকিলিকসের গোপন মার্কিন নথি ফাঁস ও অর্থনৈতিক মহামন্দা। ২০১৩ সালে এ তিন মহাঘটনা নানা খাতে গড়িয়েছে এবং তার গভীর প্রভাব ফেলেছে। এই ঘটনাপ্রবাহে বিগত বছর নতুন মাত্রা যোগ করেছে মিশরে সেনাবাহিনীর হাতে মুরসির নিবার্চিত সরকারের উৎখাত, এডওয়ার্ড স্নোডেন কর্তৃক বিশ্বব্যাপী মার্কিন নিবিড় গোয়েন্দাগিরির তথ্য ফাঁস এবং পশ্চিমা বিশ্বের নানা দেশে বেকারত্বের ক্রমবর্ধিত হার। এসবের সঙ্গে এসে যুক্ত হয়েছে আরও নানা ঘটনার তরঙ্গ। চীনের অর্থনৈতিক স্ফীতি ও প্রযুক্তিগত উত্থান, ইরান-মার্কিন আলাপের সূত্রপাত, পাকিস্তানে নতুন দলের ক্ষমতাগ্রহণ ও ভারতে কংগ্রেসের জনপ্রিয়তা হ্রাস ইত্যাদি এশিয়া ও এ ভূখণ্ডের রাজনীতিতে ছায়াপাত ঘটাচ্ছে।
কিন্তু মানববিজ্ঞান ভবিষ্যতের সম্ভাবনা বিচার করতে পারে। আগামী সময় কেমন যাবে, সাম্প্রতিক ইতিহাসের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে তা পারে তার আগাম আন্দাজ দিতে। কিন্তু মানুষ পারে স্বপ্ন দেখতে আর সে স্বপ্নের জন্য প্রাণ বিসর্জন দিতে। সমস্ত আগাম হিসাব-নিকাশ চূর্ণ করে সে পারে ঘটনাপ্রবাহের চাকা ঘুরিয়ে দিতে। একদিকে হিসাব, আরেকদিকে স্বপ্ন—এই দুই চাকার ওপর ভর করে ২০১৪ সালের মধ্য দিয়ে পৃথিবী যাত্রা করবে তার ভবিষ্যতের দিকে।
যেসব ব্যক্তির নেতৃত্ব, স্বপ্ন, ভাবনা বর্তমান বিশ্বের ঘটনাক্রমকে আকার দিচ্ছে, তাঁদের কয়েকজন নতুন বছরের পৃথিবী নিয়ে এ সংখ্যায় লিখেছেন। এঁরা সবাই বিশ্বব্যক্তিত্ব। এঁদের কেউ রাষ্ট্রপ্রধান, কেউ নোবেলবিজয়ী, কেউ বিশ্বের প্রথম সারির উদ্যোক্তা, কেউ তার্কিক। এঁদের কেউ বলেছেন স্বপ্নের কথা, কেউ প্রকাশ করেছেন বিপুল আশাবাদ, কেউ জানাচ্ছেন শঙ্কা, কেউ দিয়েছেন নিপুণ বিশ্লেষণ। তাঁদের লেখার প্রকাশিতব্য পৃথিবীর একটি চেহারা আমাদের কাছে ধরা পড়বে।
বাংলাদেশে প্রকাশের জন্য এ রচনাগুলো প্রথম আলোকে এককভাবে সরবরাহ করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘প্রজেক্ট সিন্ডিকেট’। ‘প্রজেক্ট সিন্ডিকেট’-এর পাঠানো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের রচনা প্রথম আলো এ বছর থেকে নিয়মিত প্রকাশ করবে। পরিবর্তমান পৃথিবীকে আরও গভীরভাবে অনুধাবন করার জন্য পাঠকদের প্রতি ২০১৪ সালে এটি প্রথম আলোর উপহার।
আমাদের ও বিশ্ববাসীর জন্য নতুন বছর শুভ হোক।