নানা রকম ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ইটনায় রিকশায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, অক্টোবর ২০১৩। ছবি: প্রথম আলো
কিশোরগঞ্জের ইটনায় রিকশায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, অক্টোবর ২০১৩। ছবি: প্রথম আলো

রাষ্ট্রপতি মো. আবদুল হামিেদর গ্রামের নাম কামালপুর। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার এই গ্রামের মানুষের আর্থিক অবস্থা ভালো ছিল না একসময়। সেটি আবদুল হামিদের শৈশবের কথা। গ্রামের ১১৫টি পরিবারের মধ্যে অর্ধেকেরই আর্থিক অবস্থা তখন ছিল খুব খারাপ। ঠিকমতো জুটত না তিন বেলা খাবার, ঈদে নতুন কাপড় কেনার সামর্থ্য তো অনেক দূরের কথা। ঈদে খাবারের আয়োজনের সামর্থ্য ছিল হাতে গোনা কয়েকটি পরিবারের।
তবে গ্রামের মধ্যে অবস্থাসম্পন্ন ছিল রাষ্ট্রপতি আবদুল হামিদের পরিবার। ঈদে নতুন কাপড় পরতেন তাঁরা। ফলে ঈদের আগেই উদ্ভাসিত থাকতেন সেই আনন্দে। তাঁদের বাড়ির পাশে সমবয়সীদের মধ্যে যাদের ঈদে কাপড়চোপড় কেনার সামর্থ্য ছিল না, তাদের তিনি দিয়ে দিতেন তাঁর পুরোনো শার্ট-প্যান্ট। তখন ঈদের সময় সরকারিভাবে গরিব মানুষকে অনুদান দেওয়ার কোনো প্রচলন ছিল না। কাউকে উপহার দেওয়ার রীতিও ছিল না ঈদে। বড়জোর তাঁর বোন ও ভগ্নিপতিকে নতুন কাপড় উপহার দেওয়া হতো। এর বাইরে কাউকে কিছু দেওয়া হতো না। বাড়ির মেয়েদের ঈদে কাপড় দেওয়া ছিল খুবই বিরল ঘটনা।
আবদুল হামিদ যখন ছোট, তখন কিনতে পাওয়া যেত না কোনো তৈরি পোশাক। থান কাপড় কিনে দরজির কাছ থেকে বানানো হতো তাঁদের পোশাক। এলাকায় মাত্র একজন দরজি—হরিদাস বণিক। তিনি থাকতেন আবদুল হামিদদের বাজারের দোকানে। কেবল হাটবার ছাড়া কাপড় কেনার সুযোগ ছিল না। মঙ্গলবার ছিল তাঁদের বাজারের হাটবার।
তিনি তখন চতুর্থ শ্রেণির ছাত্র। ঈদ ছিল শনিবারে। এর আগের বুধবার পর্যন্ত বিভিন্ন জনের কাপড়ের মাপ নিতে থাকলেন দরজি। তো, সবাইকেই ঈদের আগের দিন কাপড় বানিয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি। আবদুল হামিদকেও বললেন একই কথা। তবে কেন যেন তাঁর সন্দেহ হচ্ছিল, শেষমেশ সময়মতো কাপড় দিতে পারবেন তো হরিদাস? তাঁকে তিনি বললেন, এত কম সময়ে এত কাপড় কীভাবে দেবেন আপনি? ঈদের এক মাস পরও তো এসব কাপড় দিতে পারবেন না। হরিদাস বললেন, কথা ঠিক। ঈদের আগের দিন সবাইকে কাপড় দেওয়া সম্ভব হবে না। তখন আবদুল হামিদ বললেন, তাহলে আমারটার কী হবে? হরিদাস বললেন, ‘তোমারটা ঈদের আগের দিন সন্ধ্যায় দেব।’
এরপর অপেক্ষার পালা।
ঈদের আগের দিন সন্ধ্যায় আবদুল হামিদ গেলেন হরিদাস দরজির দোকানে। দরজি তাঁকে বললেন, ‘কাপড় বানানো হয়নি। আজ রাতে বানিয়ে সকালে দেব। কাল সকালে আমার ছেলে কাপড় নিয়ে যাবে তোমাদের বাড়িতে।’
এ কথা শুনে ভীষণ মন খারাপ হলো তাঁর। হরিদাসকে তিনি বললেন, সকাল আটটার মধ্যে আমার কাপড় না পেলে তোমার ছেলের ঠ্যাং ভাঙব। দেখা গেল, ঈদের দিন সকাল আটটার আগেই দরজির ছেলে কাপড় নিয়ে তাঁদের বাড়িতে হাজির। তাকে সেমাই খেতে দিলেন তিনি।
তখনকার সময় পুরোনো কাপড় পরে ঈদ করলেও মানুষের মধ্যে আনন্দ থাকত। গরিব ছেলেদের ডেকে খাওয়ানো হতো ঈদের দিন। রাষ্ট্রপতিদের বাড়ির পাশে যেসব গরিব পরিবার ছিল, ঈদের দিন দুয়েক আগে তাদের গোপনে ঘর থেকে চাল দিয়ে আসতেন আবদুল হামিদ। তাঁর মা দেখেও অনেকটা না দেখার ভান করতেন। যখন তিনি অষ্টম বা নবম শ্রেণিতে পড়েন, সে সময় এমন হয়েছে যে ৫০-৬০ জনকে এক মণ, দুই মণ ধান দিয়ে দিয়েছেন।
এই দীর্ঘ জীবনে ঈদকে ঘিরে বর্ণিল অভিজ্ঞতা রয়েছে আবদুল হামিদের। যখন তিনি ভৈরব কেবি উচ্চবিদ্যালয়ে পড়তেন, বাড়িতে যেতেন ঈদের চাঁদ ওঠার পাঁচ-সাত দিন আগে। ঈদের দিন বাড়িতে লোকজন এলে সবাইকে আপ্যায়ন করতেন সেমাই-পিঠা দিয়ে। সেসব দিন এখন কেবল সোনালি অতীত।
ঈদের দিন নতুন জামাকাপড় না পেয়ে কান্নাকাটি করত অনেক ছেলেমেয়ে। তাদের সেই কান্না থামাতে অনেক সময়ই মারধর করতেন বাবা-মায়েরা। এসব ঘটনা রেখাপাত করত আবদুল হামিদের মনে। তাই নিজের পরনের কাপড়টি ওই ছেলেমেয়েদের দিয়ে দিতেন তিনি। তাঁর জীবনে এমন ঘটনা ঘটেছে অসংখ্যবার।
রাজনীতিতে প্রবেশের পর, বিশেষত, কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক ও সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হওয়ার পর মানুষকে আরও বেশি সাহায্য করার সুযোগ ঘটল আবদুল হামিদের। ঈদের সময় পুরো গ্রাম ঘুরতেন, জানতে চেষ্টা করতেন প্রত্যেকের অবস্থা—কেমন আছেন সবাই। সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতাও করতেন।
পাকিস্তান আমলে দুবার জেলে যান তিনি। প্রথমে ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর, দ্বিতীয়বার ’৬৮ সালে। তবে ’৬৮–তে যখন জেলে ছিেলন, তখন একবার কোরবানির ঈদ আসে। ওই ঈদে তাঁর বাড়ি থেকে পোলাও-মাংস এসেছিল। জেলখানায় সবাইকে নিয়ে খেয়েছিলেন তিনি। জিয়াউর রহমানের আমলে চারটা ঈদ কাটিয়েছিলেন জেলে। ঈদের সময় জেলখানায় উন্নত খাবার দিত। সেটাই ছিল কারাগারে ঈদ পালনের প্রধান আকর্ষণ।
স্পিকার হওয়ার পর গ্রামের বাড়িতে আর ঈদ করা সম্ভব হতো না তাঁর। সংসদ ভবনে ঈদের জামাতের ব্যবস্থা করেছিলেন তিনি। সেখানেই নামাজ পড়তেন। এখনো সংসদ ভবনে ঈদের জামাত হয়। তবে তিনি এখন রাষ্ট্রপতি। এখন তিনি নামাজ পড়েন জাতীয় ঈদগাহে।
ছোটবেলায় ঈদে সবাইকে সাহায্য-সহযোগিতা করে আনন্দ পেতেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেই চেষ্টা করেন এখনো। তাঁর আনন্দ যেন এসবের মধ্যেই।