নারীর সংখ্যা বাড়লে গণমাধ্যমের চেহারা পাল্টাতে থাকবে

সাংবাদিকতার সঙ্গে জড়িত নারীদের চলার পথটি মসৃণ নয়। পরিবার, সমাজ এমনকি কর্মক্ষেত্রেও নানান বাধাবিপত্তি পোহাতে হয়। পেশাটি চ্যালেঞ্জিংও। পেশাদারি, দায়িত্ববোধ এবং পেশার প্রতি ‘প্যাশন’ থাকলেই এ পেশায় টিকে থাকা সম্ভব এবং নিজেদের জন্যই এ পেশায় টিকে থাকতে হবে। গণমাধ্যমে নারীদের সংখ্যা যত বাড়বে, তত চেহারা পাল্টাতে থাকবে।
ভারতের দুটি গণমাধ্যম এবং প্রথম আলোর বিভিন্ন বিভাগের নারী কর্মীদের এক বৈঠকে এ কথা বলেন নারী সাংবাদিকেরা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রথম আলো আয়োজিত বৈঠকে আমন্ত্রিত অতিথি ছিলেন ভারতের মেঘালয়ের প্রথম ইংরেজি দৈনিক দ্য শিলং টাইমস-এর সম্পাদক প্যাট্রিসিয়া মুখিম এবং কলকাতার আনন্দবাজার পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক স্বাতী ভট্টাচার্য। তাঁরা প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন। বিভিন্ন আনুষ্ঠানিকতার ফাঁকে গতকাল শনিবার দুপুরে তাঁরা এ বৈঠকে অংশ নেন।
আলোচনায় দুই দেশের নারী সাংবাদিকদের যেসব সমস্যা বা চ্যালেঞ্জ আছে এবং তা মোকাবিলার কৌশলের বিষয়টি প্রাধান্য পায়।
স্বাতী ভট্টাচার্য আলোচনার শুরুতেই বলেন, নারীদের মধ্যে সম্পাদক হয়েছেন এমন উদাহরণ এখন পর্যন্ত বিরল। সেই বিরল স্থানটি দখল করেছেন প্যাট্রিসিয়া। মেঘালয় রাজ্যের শিলংয়ে জন্ম নেওয়া প্যাট্রিসিয়া ২০০৮ সাল থেকে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুই দেশের সাংবাদিকদের আলোচনায় দেখা যায়, নারী সাংবাদিক হিসেবে চ্যালেঞ্জগুলো মোটামুটি একই রকম। রাজধানীকেন্দ্রিক দু-একটি বড় পত্রিকা ছাড়া পত্রিকা অফিসগুলোতে নারীবান্ধব কর্মপরিবেশের অভাব, শিশু দিবাযত্ন কেন্দ্র না থাকা, যাতায়াতের সুব্যবস্থা না থাকা এবং পুরুষ সহকর্মীদের কাছ থেকে অবহেলা তো আছেই। নারী সাংবাদিকদের কাজে ধরে রাখতে চাইলে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং সুযোগ-সুবিধা দিতে হবে।
প্যাট্রিসিয়া বলেন, বাংলাদেশ সীমান্তের কাছে হওয়ায় মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব গভীর। তবে এখন পর্যন্ত এ সম্পর্ক অবৈধ অভিবাসনসহ নানা নেতিবাচক কারণেই আলোচিত হচ্ছে। দুই ভূখণ্ডের মধ্যে সম্পর্ক তৈরির জন্য এ ধরনের উদ্যোগ খুবই কার্যকর ভূমিকা রাখবে।