নাহিদ, তুই এই পথে পা দিস না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এ রকম একটি বিষয় নিয়ে কিছু লেখার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই শিক্ষক নামের মহামানুষদের নিয়ে কখনো লেখা হয়ে ওঠে না। তবে আপনাদের জন্য আজ লেখা হচ্ছে। আমার জীবনে এমন একজন শিক্ষক আছেন যার কথা বলে শেষ করা যাবে না। আমার হাইস্কুল জীবনের পুরোটা সময় তিনি আমায় সাহস দিয়েছেন। দিয়েছেন অনুপ্রেরণা।

আমি বলছি মোহাম্মদ আনোয়ারুল আজিম জাহেদ স্যারের কথা। পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে আমি ভর্তি হই ২০১৩ সালে। আর স্যার ঠিক তার এক বছর আগেই ইংরেজির শিক্ষক হিসেবে এই স্কুলে যোগ দেন। প্রথম বছরে আমি স্যারকে চিনলাম না। কিন্তু যখন আমি ক্লাস সেভেনে তখন চিনতে পারি স্যারকে। আর ধীরে ধীরে পুরোদমে চেনা শুরু হলো। স্কুলের সব কাজে স্যারকে দেখা যেত খুব উৎসাহী হয়েই কাজ করতেন। কোনো ভালো কাজেই পিছপা হতেন না তিনি। যখন যেখানে কোনো ছাত্র-ছাত্রীকে বিপদে পড়তে দেখেছেন, তখনই তাকে সাহায্য করতে বন্ধুর মতো এগিয়ে গেছেন।

আমাদের স্কুলের খারাপ ছেলেদের জন্য তিনি হলেন যম। কোনো খারাপ কাজ তিনি সহ্য করতেন না। তিনি খারাপদের ভালো কীভাবে করতে হয়, তা খুব ভালো করে জানেন। কাউকে কখনো জোর করে কিছু করাননি। কিন্তু ওই যে কথায় আছে, চিনি মিষ্টি বলেই পিঁপড়া আসে। তেমনি আমার স্যারও অনেক ভালো বলেই, তার কাছে ছাত্রছাত্রীরা বন্ধুর মতো আসে। আসলে তাকে শুধু স্যার বললে ভুল হয়ে যাবে আমার। তিনি হলেন একজন বীর, একজন অভিভাবক, একজন প্রকৃত শিক্ষক। শিক্ষার্থীদের বিপদের বন্ধু তিনি।

এই যে দেখুন, আমি যে আপনাদের এই লেখাটি পাঠালাম, আপনারা ইচ্ছে হলে কিছু একটা করবেন নয়তো করবেন না। হয়তো স্যার লেখাটি পাবেনও না। কিন্তু তারপরেও স্যারকে ভালোবাসি বলেই লেখাটি পাঠালাম। আসলে স্যারকে নিয়ে লিখতে গেলে আমার শেষ হবে না। যখনই কোনো খারাপ দিকে যেতাম, তখনই স্যার আমার ডাকনাম ধরে বলতেন—‘নাহিদ, তুই আমার ছাত্র। সুতরাং তুই এই পথে পা দিস না।’ কোনো পড়া না বুঝলে রাতবিরেতেও স্যারকে কল দিতে দ্বিধা ছিল না। আর স্যারকে আমি কোনো দিন বিরক্ত হতে দেখিনি। আমার মতে, জীবনে কিছু একটা করতে চাইলে এমন একজন আদর্শ শিক্ষকের ছায়া প্রতিটি শিক্ষার্থীরই প্রয়োজন।

লেখক: বর্তমানে সাতক্ষীরার ম্যাটস–এ অধ্যয়নরত