নায়করাজের এই ঈদ, সেই ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক। ছবি: প্রথম আলো
রাজ্জাক। ছবি: প্রথম আলো

রাজ্জাকের বাড়ির নাম ‘লক্ষ্মীকুঞ্জ’। শহরের যে এলাকায় তাঁর বাড়ি, সে এলাকাকে অনেকে এই লক্ষ্মীকুঞ্জ নামেও চেনে। রাস্তার এক পাশে দাঁড়িয়ে বললেই চলে, ‘লক্ষ্মীকুঞ্জটা কোন দিকে?’ স্থানীয় ব্যক্তিরা জ্বলজ্বলে চোখে দেখিয়ে দেয় পথ। তাদের চোখ জ্বলে ওঠাতেই যেন দেখা মেলে রাজ্জাকের। সেই বাড়ির প্রধান ফটক পেরোলেই পুরোনো দিনের বাংলা ঘরের মতো বসার জায়গা। সেখানেই অপেক্ষা। রাজ্জাক এসে আজ শোনাবেন তাঁর ঈদ ঘিরে থাকা স্মৃতিকথাগুলো।
রাজ্জাকের লক্ষ্মীকুঞ্জের মূল বৈঠকখানা যেন একটা ছোটখাটো জাদুঘর। ঘরের একদিকে রাখা তাঁর অর্জিত বড় বড় সম্মাননা ও পুরস্কারগুলোর একটি অংশ। আর দেয়ালে ঝুলছে কিছু স্মৃতিময় ছবি। বৈঠকখানা ছেড়ে মূল বসার ঘরে গেলে চোখ যেন অস্থির হয়ে ওঠে, কোনটা রেখে কোনটা দেখব? চারদিকেই যে ছড়িয়ে আছে নায়ক রাজ্জাকের বর্ণাঢ্য জীবনের টুকরো টুকরা অংশ। তবে খোদ নায়ক রাজ্জাক যখন এলেন বসার ঘরে, তখন চোখ তাঁর ওপর গিয়েই স্থির হলো।
‘নায়করাজ’ উপাধি পাওয়া ব্যক্তির মুখ থেকে এবার স্মৃতিকথা শোনার পালা। কিন্তু হায়! একটা লম্বা অসুস্থতার ধকল গেছে তাঁর ওপর দিয়ে। জানালেন, কদিন আগ পর্যন্তও তাঁর গলা ধরে ছিল, মুখ থেকে বের হতো না কথা। এখনো শরীর দুর্বল, হঠাৎ হঠাৎ খুব জরুরি কথাগুলোও ভুলে যান তিনি। সেখানে শৈশবের ঈদ স্মৃতি? তা তো পুরোনো অ্যালবামের ঝাপসা ছবির মতোই। তবুও নিরাশ করলেন না। শ্রোতা মাত্র দুজন হলেও রাজ্জাক দারুণ আগ্রহ নিয়েই স্মরণ করলেন ছেলেবেলার ঈদ। বললেন, ‘একান্নবর্তী পরিবারের ঈদ তো হয় দারুণ আনন্দের। এখন কি আর সেই আনন্দ কেউ করতে পারে? সেই সময়ের ঈদের সঙ্গে আর কিছুর তুলনা হয় না।’
রাজ্জাকের শৈশব কেটেছে ভারতের কলকাতায়। সেখানকার নাকতলায় বিশাল পরিবার ছিল তাঁদের। সেই নাকতলায়, যেখানে রাজ্জাকের প্রতিবেশীদের মধ্যে ছিলেন ছবি বিশ্বাস, কানন দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো পশ্চিমবঙ্গের কিংবদন্তি শিল্পীরা। সে সময়টায় দাপুটে ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল রাজ্জাকের। খেলতেন নিয়মিত। সেই দুরন্ত শৈশবে ঈদ আসত বছরের সবচেয়ে ‘কাঙ্ক্ষিত’ দিন হয়ে। রাজ্জাক বললেন, ‘কোরবানির ঈদটা হতো সবচেয়ে আনন্দের।’ একান্নবর্তী পরিবারগুলোয় নাকি এমনই হয়, বোঝালেন নায়করাজ। কিন্তু এর পুরো ব্যাখ্যা দিলেন না। কথার খেই হারিয়ে ফিরে এলেন এ সময়ের ঈদে। তাঁর কথার বাঁক হারিয়ে ফেলার ধরনেই বোঝা গেল, অসুস্থতা কতটা গভীর প্রভাব ফেলেছে কিংবদন্তি এ অভিনেতার ওপর।

>‘এবারের ঈদে নিজে হয়তো কিছুই করতে পারব না। কিন্তু ছেলেদের ব্যস্ততা দেখব। কোরবানির ঈদে ঘরে অনেক কাজ থাকে। আগে এগুলো আমি নিজেই করতাম। কিন্তু এবার শুধুই নাতি-নাতনিদের নিয়ে দেখব।’

এ সময়ের ঈদের কথায় ফিরে এসে রাজ্জাক বললেন, ‘এবারের ঈদে নিজে হয়তো কিছুই করতে পারব না। কিন্তু ছেলেদের ব্যস্ততা দেখব। কোরবানির ঈদে ঘরে অনেক কাজ থাকে। আগে এগুলো আমি নিজেই করতাম। কিন্তু এবার শুধুই নাতি-নাতনিদের নিয়ে দেখব।’
গত জুন মাসে দারুণ অসুস্থ হয়ে পড়েছিলেন নায়ক রাজ্জাক। শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে চিকিৎসকদের চোখ পর্যন্ত ভিজে গিয়েছিল। কিন্তু হাল ছাড়েননি কেউ। না চিকিৎসকেরা, না রাজ্জাকের পরিবার—খোদ রাজ্জাক তো ননই। সব শঙ্কাকে হার মানিয়ে তিনি গত ঈদুল ফিতরের আগেই ফিরে আসেন বাড়িতে। তখন থেকেই নাকি ঈদের আমেজ তাঁর লক্ষ্মীকুঞ্জে। সেই ঈদ থেকে এই ঈদ পর্যন্ত মাঝের সময়টায় এক দিনের জন্যও উৎসবের আমেজ কাটেনি। রাজ্জাক বললেন, ‘ঈদ তো এখন প্রতি বেলাতেই লেগে আছে।’
এখন শৈশবের দুরন্ত ঈদের আনন্দটা আর নেই। কিন্তু কিছু কিছু তাৎক্ষণিক উপলব্ধি রাজ্জাককে শৈশবে ফিরিয়ে নেয়। ‘আগে তো গরু কিনতে যেতাম। হয় গাড়িতে বসে থাকতাম কিংবা নিজেই হাটে নেমে পড়তাম। কিন্তু এবার ছেলেদের শক্ত নিষেধ। এখন বাড়ি থেকে একটু বেরোলেই তাঁরা একেবারে তাঁদের ছোট ছেলের মতো করেই আমাকে শাসন করেন। তাই এবার ঈদে ইচ্ছা হলেও এই কাজগুলো করতে পারব না। তবে সবার দোয়ায় সুস্থ হয়ে বাড়িতেই ঈদ করব, এ আনন্দ অতুলনীয়।’