নিজের স্বপ্নে দেশের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা খাতুন। ছবি: শামসুল হক
সাবিনা খাতুন। ছবি: শামসুল হক

শৈশব থেকেই খেলাধুলার সঙ্গে ছিল আমার সখ্য। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস—সবকিছুতেই ছিল সদর্প বিচরণ। কিন্তু বড় পরিসরে আমার প্রতিভা ছড়িয়ে দেওয়ার সুযোগ সত্যিকার অর্থেই ছিল না। পরিবার ছিল অভাবী। দরিদ্র বাবার পক্ষে মেয়ের প্রতিভার পরিচর্যা করা মোটেই সম্ভব ছিল না। খেলাধুলার সরঞ্জাম কিনে দেওয়ার সামর্থ্য তাঁদের কোথায়? কিন্তু বাবা ছিলেন দারুণ ক্রীড়াপ্রেমী। এই যে সাতক্ষীরার মতো দেশের একটি প্রান্তে আমরা থাকি। সেখানে মেয়ে হয়েও যে খেলাধুলা করছি, দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছি, এ নিয়ে তাঁর কোনো মাথাব্যথা ছিল না। তিনি খুব করেই চাইতেন আমার ক্রীড়াপ্রতিভা যেন ভালোমতো বিকশিত হয়।
আমার জীবনটা আসলে বদলে দিয়েছেন সাতক্ষীরার ফুটবল প্রশিক্ষক আলী আকবর স্যার। আমার প্রতিভা স্ফুরিত হওয়ার সিঁড়িটা প্রথম দেখিয়ে দিয়েছিলেন তিনিই। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তিনি একদিন আমাদের বাড়িতে এসে বাবা-মাকে বললেন, তাঁদের মেয়েকে তিনি ফুটবলার বানাতে চান। আমি ভেবেছিলাম, এমন একটি প্রস্তাব শুনে বাবা-মা আপত্তি করবেন। কিন্তু কেন যেন তাঁরা আকবর স্যারের প্রস্তাবে রাজি হয়ে গেলেন কোনো আপত্তি ছাড়াই।
প্রতিকূলতা তো ছিলই। মেয়ে হয়ে ফুটবলার হওয়ার ভাবনাটাই যেখানে আমাদের দেশে অনেক দূরের, সেখানে সাতক্ষীরায় বসে এই স্বপ্ন লালন করা ছিল যথেষ্টই কঠিন। কিন্তু সব প্রতিকূলতাকে আমি জয় করেছি। নাহ্, কথাটা বোধ হয় পুরোপুরি ঠিক হলো না। স্বার্থপরের মতো বাহবাটা নিজেই নিয়ে নিলাম! আমার বাবা সৈয়দ গাজী আর মা মমতাজ বেগমের সহায়তা আর উৎসাহ ছাড়া কি আমি একটি পাও এগোতে পারতাম? আকবর স্যার যদি আমাকে নিয়ে পড়ে না থাকতেন, তাহলে কীভাবে আমি এই পর্যায়ে উঠে আসতে পারতাম!
আকবর স্যার আক্ষরিক অর্থেই আমাকে নিয়ে পড়ে ছিলেন। ছোটবেলায় আমার শারীরিক গড়ন ছিল খুবই দুর্বল। ওজনও ছিল নিচের দিকে। আকবর স্যার নিজের পকেটের পয়সা খরচ করে আমাকে ভালো ভালো খাবার কিনে খাওয়াতেন। বাড়িতে বড় বোন সালমা খাতুনও আকবর স্যারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় খাবার রান্না করে রাখতেন। আমার ফুটবলার হয়ে ওঠার পেছনে বড় আপুর অবদানও অনেক।
আমার জীবনের মোড় ঘুরে গেল ২০০৮ সালে। আমি সন্ধান পেয়ে গেলাম সেই সিঁড়িটির, যা আমি খুঁজে বেড়াচ্ছিলাম। সাতক্ষীরা জেলা নারী দলের হয়ে ঢাকায় খেলতে এসেই নজরে পড়ে গেলাম ফুটবল-কর্তাদের। জাতীয় চ্যাম্পিয়নশিপের পরপরই আমি ডাক পেয়ে গেলাম জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন শিবিরে। দুই মাস পর হাতে পেয়ে গেলাম জাতীয় ফুটবল দলের গর্বের সেই লাল-সবুজ জার্সি। এরপর আর পেছনে ফিরে তাকানোর তো কিছু নেই।

মেয়ে হয়ে ফুটবলার হওয়ার ভাবনাটাই যেখানে আমাদের দেশে অনেক দূরের, সেখানে সাতক্ষীরায় বসে এই স্বপ্ন লালন করা ছিল যথেষ্টই কঠিন

দেশের হয়ে দেশে-বিদেশে এখন খেলে চলেছি। ২০১০ সালে ঢাকার এসএ গেমসে প্রথম খেললাম। ২০১২ সালে কলম্বোয় আবারও এসএ গেমসে খেলতে গেলাম। পাকিস্তানেও খেলেছি। দেশের মাটিতেও জাতীয় দলের জার্সি গায়ে অনুভব করেছি জাতীয় দলে খেলার গর্ব তুলনাহীন।
২০১৫ সালটা আমার জীবনকে সত্যি সত্যিই বদলে দিয়েছে। এ বছর প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে বিদেশের কোনো ক্লাবের হয়ে খেলার সুযোগ পেলাম। মালদ্বীপে ফিয়েস্তা ফুটবল লিগে তাদের পুলিশ ক্লাবে খেললাম। অসাধারণ অভিজ্ঞতা। ৬ ম্যাচে আমি কীভাবে যে ৩৭টি গোল করেছি, সেটি নিজের কাছেই অবিশ্বাস্য মনে হয়। একটি ম্যাচেই করেছিলাম ১৬ গোল। পরপর পাঁচটি ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
সাগর-কন্যা মালদ্বীপে বসে সব সময়ই মনে হতো দেশের কথা। আমার বাবা-মা, বড় বোন আর কোচ আকবর স্যারের কথা। তাঁদের জন্যই তো আমার এত দূর আসা। ফুটবল আমাকে প্রত্যাশার চেয়েও বেশি দিয়েছে। এখন আমার এ দেশের ফুটবলের জন্য নিজের প্রতিভার সবটা উজাড় করে দেওয়ার পালা।
ফুটবল আমাকে যেভাবে পরিচিতি দিয়েছে, সে ব্যাপারটা আমাকে খুব অবাক করে। এই খেলাটা খেলি বলেই আমাকে সবাই চেনেন। আমার সঙ্গে সবাই ছবি তোলেন, কথা বলেন। পত্রিকার সাংবাদিকেরা ফোন করে সাক্ষাৎকার নেন। ফুটবল আমাকে সচ্ছলতাও দিয়েছে। পরিবারের খরচ এখন আমিই সামলানোর চেষ্টা করি। বাবা-মা তো সারাটা জীবন কেবল কষ্টই করে গেলেন, এবার আমি না হয় তাঁদের কষ্টের খানিকটা ভাগ নিই। কিছুদিন আগে সাতক্ষীরা শহরে তিন কাঠা জমি কিনেছি।
তবে সবকিছু ছাপিয়ে ফুটবলই আমার ধ্যান-জ্ঞান। অন্য কিছু নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না। আরও বেশ কয়েক বছর ভালোমতো খেলে যেতে চাই। দেশের ফুটবল নিয়ে আমার স্বপ্ন অনেক। আমি এশিয়ার মধ্যে বাংলাদেশের নারী ফুটবল দলকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। ইউরোপে খেলার স্বপ্ন দেখি। জানি না, সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে কি না।
ফুটবল খেলে চলেছি বটে, কিন্তু লেখাপড়াটা ছাড়িনি। গত বছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছি। ফলটা খুব খারাপ করিনি। ‘এ’ মাইনাস নিয়ে আমি খুশি। ২০১৬ সালে উচ্চমাধ্যমিকে আরও ভালো করতে চাই। লেখাপড়াটা আসলে খুব জরুরি। এটা আমি ঠেকে শিখেছি। লেখাপড়া না জানলে নিজেকে তুলে ধরা যায় না। নিজের দেশকেও বাইরে ঠিকভাবে তুলে ধরা যায় না। বাংলাদেশের জন্যই যে আমার ফুটবল খেলা!
সাবিনা খাতুন: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়