নিজেরা বিভক্ত থেকে আঞ্চলিক ঐক্যের ডাক দেওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বিভিন্ন দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকতা জগতের ২০ জন বিশিষ্ট ব্যক্তি। মতপ্রকাশের স্বাধীনতা, প্রযুক্তির উন্নয়ন, রাজনৈতিক ও গোষ্ঠীগত স্বার্থের বাধা, উগ্রপন্থার উত্থান ইত্যাদি নানা ধরনের চ্যালেঞ্জের পটভূমিতে সংবাদপত্র এবং সাংবাদিকতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরা। তাঁদের এসব সাক্ষাৎকার আজ থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে
উগিয়েন পেনজোর
উগিয়েন পেনজোর
উগিয়েন পেনজোর ভুটানের কুয়েনসেল পত্রিকার প্রকাশনা বিভাগের সম্পাদক ও সাবেক ব্যবস্থাপনা সম্পাদক। প্রচারসংখ্যায় এটি ভুটানের শীর্ষ পত্রিকা। তিনি ভুটানের সাংবাদিকতার পরিস্থিতি, সামাজিক ও অনলাইন মাধ্যমের উত্থান এবং মুদ্রিত সংবাদপত্রের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ

প্রথম আলো: বাংলাদেশে অনেকগুলো দৈনিক পত্রিকা আছে। জাতীয় পত্রিকার পাশাপাশি আঞ্চলিক পত্রিকার সংখ্যাও প্রচুর। তবে বেশির ভাগের প্রচারসংখ্যা তুলনামূলক কম। ভুটানে কী অবস্থা?

উগিয়েন পেনজোর: বাংলাদেশের চেয়ে ভুটানের জনসংখ্যা অনেক কম। সেখানে মাত্র আট লাখ মানুষের বাস। ভুটানে আমাদের কুয়েনসেল পত্রিকাটির প্রচারসংখ্যা সবচেয়ে বেশি। আমাদের পত্রিকা ইংরেজি ও স্থানীয় ভাষায় প্রকাশিত হয়। এটির ইংরেজি সংস্করণ প্রায় আট হাজার কপি ছাপা হয়। আর স্থানীয় ভাষায় ছাপা হয় প্রায় তিন হাজার। তবে সার্বিকভাবে ভুটানের জনসংখ্যার অনুপাতে পত্রিকার পাঠকসংখ্যা কম।

প্রথম আলো: পাঠক কম কেন?

উগিয়েন পেনজোর: কারণ, ভুটানে পত্রিকার সংস্কৃতি নতুন। ২০০৬ সালের আগে ভুটানে মাত্র একটি দৈনিক পত্রিকা ছিল। এখন আছে ১১টি। এর আগে বেসরকারি খাতে পত্রিকার অনুমোদন দেওয়া হতো না। সেখানে টেলিভিশন চ্যানেল একটি, যা সরকারি মালিকানাধীন। বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ নয়। তবে এ জন্য যে বিনিয়োগ দরকার, তা পাওয়া কঠিন।

প্রথম আলো: এখন তথ্যপ্রাপ্তির নানা মাধ্যম আছে। মানুষ সামাজিক মাধ্যম থেকে অনেক তথ্য পাচ্ছে। অনলাইনে পত্রিকা পড়ছে। কুয়েনসেল নতুন পরিস্থিতির সঙ্গে কীভাবে মানিয়ে নিচ্ছে? পত্রিকার প্রচারসংখ্যা কি কমে যাচ্ছে?

উগিয়েন পেনজোর: প্রচারসংখ্যা প্রকৃতপক্ষে সেভাবে বাড়ছে না। তবে আমরাও নতুন মাধ্যমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা ফেসবুকে আছি, টুইটারে আছি, অনলাইনে আছি। প্রথমে আমরা মুদ্রিত পত্রিকার খবর দিনের শুরুতেই অনলাইনে দিয়ে দিতাম। এখন সেটা বিকেলে দিই, যাতে মানুষ খবর পড়তে চাইলে পত্রিকা কিনে পড়ে।

প্রথম আলো: আপনি বলছিলেন, ২০০৬ সালের আগে বেসরকারি খাতে কোনো পত্রিকা ছিল না। এরপর থেকে অনুমোদন দেওয়া হচ্ছে। কিন্তু সরকার বা ব্যবসায়িক দিক থেকে পত্রিকাগুলোর ওপর কি কোনো চাপ আছে?

উগিয়েন পেনজোর: ভুটানে পত্রিকার জন্য ভালো সময় ছিল ২০০৬ ও ২০০৭ সাল। তখন পত্রিকার সংখ্যা কম ছিল। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সবাই ব্যবসা করার চেষ্টা করত। এখন পত্রিকার সংখ্যা বেড়ে গেছে। কিন্তু ভুটানে তো বিজ্ঞাপনের বাজার ছোট। ভুটানে বিজ্ঞাপনদাতা হিসেবে করপোরেট প্রতিষ্ঠান নেই। সেখানে বড় বিজ্ঞাপনদাতা সরকার। সবাই সরকারের বিজ্ঞাপনের ওপর নির্ভর করে। বিজ্ঞাপনের বাজার ছোট হওয়ায় সবাই ভুগছে। তবে কুয়েনসেল পত্রিকা তথ্য দেওয়ার পাশাপাশি পরামর্শসেবাসহ আরও কিছু ব্যবসা করে থাকে। এটি পত্রিকাকে আর্থিক দিক থেকে সহায়তা করে।

প্রথম আলো: বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেখা যায়, করপোরেটরা তাদের ব্যবসা সুরক্ষা অথবা প্রসারের জন্য পত্রিকাকে ব্যবহার করে। ভুটানে কি এমন প্রবণতা আছে?

উগিয়েন পেনজোর: শুরুতে আমাদের পত্রিকা পুরোপুরি সরকারি মালিকানাধীন ছিল। এখনো এর ৫১ শতাংশ শেয়ার সরকারের মালিকানায় আছে। তবে সরকার সম্পাদকীয় নীতিতে হস্তক্ষেপ করে না। আমাদের পত্রিকার নীতি পরিষ্কার—আমাদের জবাবদিহি পাঠকের কাছে। তবে অন্য যেসব পত্রিকা বেসরকারি মালিকানাধীন, তারা আয় করতে না পারলে বেতন দিতে পারবে না। এ ক্ষেত্রে তারা চায় না বিজ্ঞাপনদাতা খেপে যাক। এটাই ভুটানের সাংবাদিকতার উভয়সংকট।

প্রথম আলো: কোনো ঘটনা নিয়ে লিখতে গেলে কি সেখানে সাংবাদিকদের ওপর আঘাত আসে? বিশেষ করে রাজনৈতিক কর্মীরা বা সন্ত্রাসীরা হামলা চালায়? অথবা সরকার কি চাপ দেয়?

উগিয়েন পেনজোর: না, তা হয় না। এদিক দিয়ে আমরা ভালো আছি। সরকারের বিরুদ্ধে কড়া কিছু লিখলে ডেকে হয়তো বলে, এটা এ রকম নয়। তবে হস্তক্ষেপ করে না। এদিক দিয়ে আমরা স্বাধীন বলতে পারেন।

প্রথম আলো: আপনার পত্রিকার বৃহৎ মালিকানা সরকারের। এ ক্ষেত্রে সরকারের কাছ থেকে বিজ্ঞাপনের ক্ষেত্রে কি কোনো সুনজর থাকে?

উগিয়েন পেনজোর: না। তবে আমাদের প্রচারসংখ্যা বেশি বলে সরকারি বিজ্ঞাপন বেশি আসে। আমার মনে হয়, এটা ঠিকই আছে।

প্রথম আলো: ভুটানে কি সাংবাদিকতা পড়ার কোনো সুযোগ আছে?

উগিয়েন পেনজোর: আমাদের দেশে একটি কলেজে এটা শুরু হয়েছে। আমরা চাই দক্ষ লোক, যারা সাংবাদিকতাকে পেশা হিসেবে নয়, নেশা হিসেবে নেবে। কিন্তু তা পাওয়া যায় না।

প্রথম আলো: ভুটানে সাংবাদিকের আর্থিক বা পেশাগত অবস্থা কেমন?

উগিয়েন পেনজোর: আমাদের পত্রিকার বেতন সরকারি চাকরিজীবীদের চেয়ে বেশি। তবে অন্যান্য পত্রিকা কম বেতন দেয়। অনেক সময় দিতেও পারে না। এ কারণে সাংবাদিকদের পেশা পরিবর্তনের ঝোঁক দেখা যায়। যখন ভালো বেতন দেওয়া যায় না, তখন দক্ষ কর্মী মেলে না। মান ধরে রাখা যায় না। এটা ভুটানের একটি বড় সমস্যা।

প্রথম আলো: বাংলাদেশে একটি পত্রিকার পেছনে যে খরচ, বিক্রি করে তার চেয়ে কম টাকা পাওয়া যায়। বাকি টাকার জন্য পত্রিকাগুলোকে বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল থাকতে হয়। ভুটানে কী অবস্থা?

উগিয়েন পেনজোর: সেখানেও একই অবস্থা। পত্রিকা বিক্রি করলেই লোকসান হয়। এ জন্য বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল থাকতে হয়। ভুটানে কাগজ, রংসহ সবকিছুই আমদানি করতে হয়। তবে আমরা কাঁচামাল আমদানিতে পাঁচ বছর কর অবকাশ সুবিধা পেয়েছি। বেসরকারি খাতের পত্রিকাগুলো এখনো তা পাচ্ছে। সরকার বেসরকারি খাতে পত্রিকাকে উৎসাহ দিতে কর অবকাশ সুবিধা দিয়ে রেখেছে।

প্রথম আলো: তাহলে দেখা যাচ্ছে, আপনাদের সরকার পত্রিকার প্রতি উদার।

উগিয়েন পেনজোর: আসলে তা-ই। কর অবকাশ সরকারের আনুষ্ঠানিক সহায়তা।

প্রথম আলো: বাংলাদেশেও সরকার সাংবাদিকতার প্রতি আপাতদৃষ্টিতে উদার। তবে অনেক সময় অনেক ঘটনা ঘটে, যা সত্যিই উদ্বেগজনক।

উগিয়েন পেনজোর: হ্যাঁ, আমি এখানকার সাংবাদিকদের কথা শুনেছি। কারও কারও সঙ্গে কী হয়েছে, তা আমি জানি। বাংলাদেশে কি সাংবাদিকদের শক্ত ঐক্য আছে? এখানে প্রেস কাউন্সিল কি শক্তিশালী?

প্রথম আলো: সাংবাদিকদের ইউনিয়ন এখানে দুই ভাগে বিভক্ত। দুই পক্ষ দুই রাজনৈতিক দলকে সমর্থন করে। এখানে প্রেস কাউন্সিল আছে, তবে যথেষ্ট শক্তিশালী নয়। ভুটানে কী অবস্থা?

উগিয়েন পেনজোর: ভুটানে প্রেস কাউন্সিল নেই। আমাদের দেশে সাংবাদিকদের একটি সমিতি আছে। গণতান্ত্রিক দেশ হলে সাংবাদিকদের বিভেদ হয়। গত নির্বাচনের আগে আমাদের দেশেও এমন বিভক্তি হয়েছিল। এখন পত্রিকার ওপর রাজনৈতিক দলের প্রভাব খুব কম। তবে সতর্ক না হলে ভবিষ্যতে তা বাড়তে পারে।

প্রথম আলো: সংবাদপত্রের স্বাধীনতার ওপর চাপ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার পত্রিকাগুলো বা সাংবাদিকদের কোনো ঐক্য হতে পারে কি?

উগিয়েন পেনজোর: সাত-আটটি দেশের পত্রিকাগুলো একজোট হওয়ার আগে একটি নির্দিষ্ট দেশের পত্রিকা ও সাংবাদিকদের এক হতে হবে। যেমন বাংলাদেশে সাংবাদিকদের নিজেদের মধ্যের বিভেদ দূর করতে হবে। নিজেরা বিভক্ত থেকে আঞ্চলিক ঐক্যের ডাক দেওয়া যায় না।

প্রথম আলো: দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক মিল আছে। তারা পাশাপাশি অবস্থান করছে। তবু এদের মধ্যে বাণিজ্য বাড়ছে না। এর কারণ কী? দেশগুলোর মধ্যে কি আস্থার সংকট আছে?

উগিয়েন পেনজোর: আস্থার সংকট একটি বড় কারণ। যদিও সার্ক গঠনের পর তিন দশক চলে গেছে, এরপরও শুধু বাণিজ্য নয়, নানা দিক দিয়ে সম্পর্ক স্থাপনের বিষয়টি এগোচ্ছে না।  তবে বাণিজ্য বাড়ছে। ভুটানে বাংলাদেশি সিরামিক পণ্য বেশ জনপ্রিয়। পোশাক জনপ্রিয় হচ্ছে। আমার মা একজন ব্যবসায়ী। তিনি বঙ্গবাজার থেকে পোশাক কিনে নিয়ে ভুটানে বিক্রি করেন। গত সপ্তাহেও তিনি বাংলাদেশে এসেছিলেন।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

উগিয়েন পেনজোর: আপনাকেও ধন্যবাদ।