নিত্য ওথেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: নিয়াজ চৌধুরী
অলংকরণ: নিয়াজ চৌধুরী

‘দাঁড়াও জোজো! আরেকবার ভেবে দেখো!’
আমার অন্তরাত্মা বলে উঠল। ঢুলুঢুলু চোখে গাড়ির হুইল ধরে আছি। চোখের সামনে মহাসড়কটি যেন সম্মোহিত করে রেখেছে আমায়। সিটের নিচ থেকে বোতলটা তুলে নিলাম, যেটুকু ছিল নিঃশেষ করে ফেললাম এক ঢোকে। আমি চাই না আমার মাথার ভেতর থেকে আবার কেউ বলে উঠুক, আমাকে থামানোর চেষ্টা করুক। করলেও লাভ হবে না। আমি আমার জীবনের চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি!
রামোনা, আমার স্ত্রী, আমি ওকে খুন করতে যাচ্ছি এখন। সত্যি বলতে শুধু ওকে নয়, আরও একজকে খুন করতে যাচ্ছি আমি!
বাঁ হাত দিয়ে কোমরে গুঁজে রাখা পিস্তলটার অস্তিত্ব আরেকবার অনুভব করলাম। ফুল লোডেড। তবে আমি নিশ্চিত, দুটোর বেশি গুলির দরকার পড়বে না। গতকাল রাত এগারোটা পর্যন্ত আমার জীবনটা অন্য রকম ছিল। ব্যাংক থেকে একটু দেরিতে বাসায় ফিরেছিলাম। হুট করেই দুই দিনের জন্য রামোনা ওর বাপের বাড়িতে গেছে, সঙ্গে করে নিয়ে গেছে কলিকে। এই মেয়েটা আমাদের ছোট্ট সংসারে রামোনাকে সব কাজে সাহায্য করে। যা-ই হোক, পুরো বাড়ি ফাঁকা বলে তাড়াতাড়ি ফিরে যাওয়ার কোনো তাড়না বোধ করিনি। দশটার পর যখন ফিরলাম তখনো বুঝিনি ঘণ্টা খানেক পরই আমার পুরো জগত্টা এলোমেলো হয়ে যাবে।
রামোনা না থাকলে যা হয়, ক্লজিটের জামা-কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা ওয়াইনের বোতলটার সদ্ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু ওটা নিতে গিয়ে চমকে উঠি। একটা কিছু গুঞ্জন করছে রামোনার সাজিয়ে রাখা জামা-কাপড়গুলোর ভেতর থেকে। কয়েক মুহূর্ত পরই বুঝতে পারলাম, শব্দটা কিসের। কাপড়চোপড় হাতড়ে খুঁজে পেলাম একটি সেলফোন। রামোনা ভুল করে তার সেলফোন রেখে যায়নি। ওর ফোনটা আমি ভালো করেই চিনি। তাহলে এটা কার? এখানে কেন লুকিয়ে রেখেছে?
ফোনটার রিংটোন বন্ধ করে রাখা, অধৈর্যের মতো ভাইব্রেট করতে থাকে আমার হাতে। কলারকে সেভ করা হয়েছে ‘জান’ নামে! প্রচণ্ড কৌতূহল আর আতঙ্কের মধ্যে কলটা রিসিভ করে কানে চেপে ধরি আমি, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়াশব্দ পাইনি। কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলেই ফেলি, ‘কে?’
আমার কণ্ঠ শোনামাত্রই লাইনটা কেটে দেওয়া হয়। যে ফোন করেছে তার দিক থেকে একদম সঠিক আচরণ!

>বিশ্বাসই করতে পারছিলাম না রামোনার কাছে বাড়তি একটা সেলফোন আছে, আছে গোপন একজন পুরুষ!

কলব্যাক করলে কোনো লাভ হবে না জেনেও করেছিলাম একবার। আমার ধারণাই ঠিক। রিং বেজে চললেও কলটা রিসিভ করা হয়নি। ফোনসেটটা খুব বেশি দামি নয়, তবে তার কোনো দরকারও নেই। ফোনবুকে মাত্র একটিই নম্বর! মাত্র একজনকে ফোন করার জন্যই এটা ব্যবহার করা হয়। গোপন একজন!
ইনবক্স চেক করে দেখি একটা ইনকামিং আর একটা আউটগোয়িং এসএমএস আছে, দুটোই বাংলা ফন্টে লেখা। মেসেজ দুটো পড়ার সময় আমার মাথা ভনভন করে ঘুরতে শুরু করেছিল।
‘যা করার জলদি করো। আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে! এখন যদি কিছু না করো, বিপদে পড়ে যাব!’
‘তুমি কোনো চিন্তা কোরো না, সোনা। আমি ব্যবস্থা করছি। একদম চিন্তা করবা না। ঠিক আছে?’
সত্যি বলতে, মেসেজ দুটো পড়ার পর আমার পা দুটো টলে গেছিল। ধপাস করে বসে পড়ি মেঝের কার্পেটের ওপর। এলোমেলো মাথাটা গুছিয়ে নিই দ্রুত। রামোনা প্রায়ই গাজীপুরে ওদের বাড়িতে যায়। কয়েক দিন থেকে চলে আসে। তাই আজ সকালে আমি অফিসে যাওয়ার আগে যখন বলল, দুই দিনের জন্য মায়ের বাড়িতে যাবে, আমি একটুও অবাক হইনি। কলিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে বলে ফ্রিজে দুই দিনের খাবার রান্না করে রেখে গেছে। একটু কষ্ট করে ওভেনে গরম করে খেয়ে নিতে বলেছে আমাকে। রামোনাকে ওর মায়ের বাড়িতে পৌঁছে দিয়ে রাত আটটার দিকে ফিরে আসে ড্রাইভার।
বিশ্বাসই করতে পারছিলাম না রামোনার কাছে বাড়তি একটা সেলফোন আছে, আছে গোপন একজন পুরুষ! তার চেয়েও বড় কথা, সে প্রেগন্যান্ট! আমার নিশ্বাস দ্রুত হয়ে উঠেছিল। বোতল খুলে ঢক ঢক করে পান করতে শুরু করি আমি। খুব দ্রুতই বুঝতে পারি ঘটনা কী। রামোনা আর আমার সুখের সংসারে একটাই খামতি—বিয়ের সাত বছর পরও আমাদের কোনো সন্তান হয়নি। ডাক্তারের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এ জীবনে আমাদের পক্ষে সন্তানের মুখ দেখা সম্ভবও নয়, যদি না রামোনা অন্য কারোর সঙ্গে...!
উফ্! আমি আর ভাবতে পারিনি। মেডিকেল টেস্টে ধরা পড়েছে সমস্যাটা একান্তই আমার। এটা শোনার পর ভীষণ মুষড়ে পড়েছিলাম, সুকঠিন দুঃখবোধে আক্রান্ত হয়েছিলাম আমি। কিন্তু আমার সমস্ত দুঃখ ভুলিয়ে দিয়েছিল রামোনা। আমার সমস্ত অক্ষমতাকে মেনে নিয়ে আমার পাশে থাকার অঙ্গীকার করেছিল সে।
কিন্তু এখন মনে হচ্ছে বন্ধু সুহাসের কথাই শোনা উচিত ছিল। মেডিকেল রিপোর্টের কথাটা রামোনাকে জানাতে নিষেধ করেছিল সে। পরামর্শ দিয়ে বলেছিল, আমি যেন বলি, দুজনের কারোর সমস্যা নেই। ডাক্তার বলেছে চেষ্টা করে যেতে, একসময় হয়ে যাবে। কিন্তু আমি সেটা করিনি। রামোনার সঙ্গে এত বড় প্রতারণা করা সম্ভব হয়নি আমার পক্ষে। গত রাত থেকেই নিজেকে খুব ফালতু, পরিত্যক্ত আর প্রবঞ্চিত একজন মনে করতে শুরু করি। প্রচুর পান করে ভুলে থাকার চেষ্টা করেছি কিন্তু ফল হয়েছে উল্টো। আমার বুকের ভেতরে রাগ-ক্ষোভ আর জিঘাংসার জন্ম নিয়েছে। সারাটা রাত কীভাবে কেটেছে বলতে পারব না। শৈশবে, পাশের বাড়ির রাশেদ চাচার মতো লজ্জায় আর অপমানে গলায় ফাঁস দেওয়ার কথা মাথায় আসেনি। তার স্ত্রী অন্য এক পুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল; কারণ, মহিলা জেনে গিয়েছিল তার স্বামী সন্তান জন্ম দিতে অক্ষম। ঠিক আমার মতো!
রাশেদ চাচার ঘরের জানালা দিয়ে উঁকি মারতে গিয়ে আমিই তার ঝুলন্ত দেহটা প্রথম দেখেছিলাম। ওই ঘটনার পর থেকে দীর্ঘদিন নারী জাতির প্রতি একধরনের চাপা ঘৃণা নিয়ে বেড়ে উঠেছি আমি। আমার সেই ঘৃণা আর ভয় রামোনা তার ভালোবাসা দিয়ে দূর করে দিয়েছিল। কিন্তু আমার বোঝা উচিত ছিল, মাতৃত্বের আকাঙ্ক্ষার কাছে ভালোবাসা হেরে যাবে।
অবশেষে ভোরের দিকে কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। দুই হাতে গাড়ির হুইল ধরে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই ছুটে চলেছি এখন। দুনিয়ার কোনো শক্তিই আমাকে দমাতে পারবে না। পিস্তল থেকে বুলেট বের হয়ে গেলে যেমন সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না, তেমনি দু-দুটো খুন করার আগে আমিও থামব না। যে সুতীব্র দুঃখ আর অপমানের চোরাবালিতে আমি নিপতিত হয়েছি, সেখান থেকে কেবল দুটো খুনই আমাকে মুক্তি দিতে পারে।
রামোনাদের বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে গাড়িটা রেখে এগিয়ে গেলাম। ওদের বাড়ির সামনে ওর বড় ভাইয়ের বিশাল পোলট্রি ফার্মের কাছে আসতেই একটা গাছের নিচে দাঁড়িয়ে নিজের পরিকল্পনাটা গুছিয়ে নিলাম শেষবারের মতো। গভীর করে নিশ্বাস নিয়ে পা বাড়ালাম ওদের বাড়ির দিকে। আমি জোনায়েদ জোয়ার্দার জোজো, নিজের হাতে আমার স্ত্রী রামোনাকে খুন করব। কোনো কথা নয়, কোনো ব্যাখ্যা নয়। সোজা তার কপালে একটা বুলেট ঢুকিয়ে দেব। এটা করার সময় ভুলেও ওর চোখের দিকে তাকাব না। সম্ভবত ওই মায়াভরা চোখের দিকে তাকালে আমার আঙুল ট্রিগার চাপতে পারবে না। এরপরই দেরি না করে...
আমার সমস্ত চিন্তা আচমকা ঝাঁকি খেল। দূর থেকে দেখতে পেলাম বাড়ির বিশাল উঠোনটা পেরিয়ে দুজন পুলিশসদস্য আমার দিকে আসছে! সঙ্গে সঙ্গে কাছের একটা ঝোপের আড়ালে গিয়ে লুকালাম। মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছি না। ওদের বাড়িতে পুলিশ কেন?
আমার এ প্রশ্নের জবাব দিয়ে দিল ওই দুই পুলিশসদস্য। হেলেদুলে ঝোপের সামনে এসে একটু থামল তারা।
‘এইটা হইল প্রেম-পিরিতের মামলা...বুঝলা...পুরাই ফালতু কেস’, গোঁফওয়ালা পুলিশসদস্য বলল তার সহকর্মীকে, ‘কামাল ভাই খামোখাই উল্টাপাল্টা ভাবতাছে।’
কামাল হলো রামোনার বড় ভাই। এখানকার নেতাগোছের একজন। বেশ ক্ষমতাবান।
‘মিয়া-বিবি রাজি থাকলে পুলিশ কী করব, অ্যা? কামাল ভাইয়ের উচিত দুইটারে ধইরা আইনা বিয়া পড়াইয়া দেওয়া।’
দাঁত বের করে হাসল গোঁফওয়ালা, ‘মাইয়া তো পোয়াতি হয়া গেছে, এহন ওরা নিজেরাই বিয়া কইরা লইব, কাউরে আর দিতে হইব না।’
‘হুম। আমাগো কপালে আর বিয়াবাড়ির খাওন নাই।’
দাঁত বের করে হাসল পুলিশের লোকটা, ‘তাইলে এহন কী করুম?’
‘ধুরো, এসব কেস লইয়া টাইম নষ্ট করণের কাম নাই, ওরা নিজেরাই মীমাংসা কইরা লইব। এই রকম কেস জীবনে বহুত দেখছি। একটা জিডি কইরা রাখলেই হইব।’
আবারও হেলেদুলে কথা বলতে বলতে পুলিশসদস্য দুজন এগিয়ে যেতে লাগল রাস্তা দিয়ে।
ঝোপের আড়ালে আমি ঝিম মেরে বসে রইলাম আরও কিছুটা সময়। তাহলে রামোনা ভেগে গেছে ওর গোপন প্রেমিকের সঙ্গে! ও যে প্রেগন্যান্ট এটাও জেনে গেছে সবাই। দেরি করে ফেলেছি আমি। কাল রাতেই রওনা দেওয়া উচিত ছিল। এমন আক্ষেপে যখন পুড়তে শুরু করেছি, তখনই আমার ফোনটা বেজে উঠল। ডিসপ্লে দেখে খুবই অবাক হলাম। রামোনার বড় ভাই!
তার বোন যে আরেক পুরুষের হাত ধরে পালিয়ে গেছে এটাই জানাবে হয়তো। একটু শরমিন্দাও হবে মনে হয়। মাফটাফ চাইবে। ব্যাপারটা মেনে নেওয়ার জন্য অনুরোধ করবে ওদের পরিবারের পক্ষ থেকে। এ নিয়ে যেন ঝামেলা না করি। হুমকি–ধমকিও দিতে পারে আমাকে।
সমস্ত দ্বিধা ঝেড়ে কলটা রিসিভ করলাম, ‘হ্যালো?’
‘তুমি কি অফিসে?’
রামোনা! ভিরমি খেলাম আমি। ‘তু-তুমি?’ অবিশ্বাসে বলে উঠলাম। আমার দু-কানে ভোঁ ভোঁ শব্দ হতে শুরু করল।
‘শোনো, একটা ঘটনা ঘটে গেছে...’, ওপাশ থেকে বলল সে। তার কণ্ঠে কোনো দুশ্চিন্তা নেই, ‘তার আগে বাড়িতে কেন এলাম সেটা বলি। তুমি আবার রাগ কোরো না। আজকাল তোমার যা মেজাজ হয়েছে...একটুতেই রেগে যাও...খুব ভয়ে ভয়ে থাকি।’
‘ক্-কি হয়েছে?’, টের পেলাম কথা বের হতে চাইছে না গলা দিয়ে। উদ্বিগ্নতা নাকি কষ্ট আমি জানি না।
‘আমাদের কলি...যে ভয়ে এখানে এলাম সেটাই করেছে, বুঝলে...ভোরের দিকে ও একটা ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে গেছে।’
‘কলি!’, আমার সমস্ত চিন্তাভাবনা উল্টো দিকে ঘুরতে শুরু করল একনিমেষে। কলি মেয়েটা রামোনাদের দূরসম্পর্কের এক অভাবী আত্মীয়, তাকে ঠিক কাজের মেয়ে বলা যায় না। ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছে। বেশ চটপটে। এসব আমার মাথায়ই ছিল না।
তারপর একনাগাড়ে রামোনা যা বলে গেল তা শুনে দুই চোখ বন্ধ করে ফেললাম। আমার নিশ্বাস আটকে গেল যেন। নিজেকে ধিক্কার দিতে শুরু করলাম আমি। আরেকটু হলেই আত্মঘাতী এক খুনি হয়ে যেতাম। স্ত্রীকে খুন করার পর শেষ করে দিতাম নিজেকে।
গতকাল সকালে কলিকে একটা মোবাইল ফোনসহ হাতেনাতে ধরে ফেলে রামোনা। সেটটা জব্দ করে ক্লজিটে রেখে দেয়। কলি স্বীকার করেছে ফোনসেটটা তাকে দিয়েছে তার প্রেমিক। দীর্ঘদিন ধরে নাকি ওদের এই সম্পর্ক চলছে। ছেলেটার সঙ্গে মেলামেশা করার কারণে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সে কারণেই বিয়ের জন্য চাপ দিচ্ছিল। বিষয়টা জানার পরই রামোনা আর দেরি করেনি। আমাকে বললে আমি খুবই হাউকাউ করতাম, রেগেমেগে মেয়েটাকে হয়তো বাড়ি থেকে বেরই করে দিতাম, তাই আমাকে না জানানোর সিদ্ধান্ত নেয়। রামোনা চেয়েছে মেয়েটার বাবা-মাকে সব জানিয়ে ওদের হাতে তুলে দেবে। রামোনাদের কয়েকটা গ্রাম পরেই কলিদের বাড়ি। রাতেই ওর বাবা-মাকে খবর পাঠিয়ে দিয়েছিল সকালে চলে আসার জন্য, কিন্তু রাতের কোনো এক সময় মেয়েটা রামোনার ফোনসেট চুরি করে প্রেমিককে সব জানিয়ে দিয়েছিল সম্ভবত। খুব সকালে সবার চোখ ফাঁকি দিয়ে ছেলেটার সঙ্গে চলে গেছে সে। রামোনার বড় ভাইয়ের ফার্মে কাজ করে এ রকম এক ছেলে মেয়েটাকে এক লোকের সঙ্গে চলে যেতে দেখেছে। পরে কলির কিছু হলে তারা যেন ঝামেলায় না পড়ে সে জন্য পরিচিত দুজন পুলিশসদস্যকে ডেকে এনে ঘটনা জানানোর সিদ্ধান্ত নেয় রামোনার বড় ভাই।
‘এখন আসল খবরটা বলি তোমাকে’, রামোনার চাপা হাসির শব্দ শুনতে পেলাম বোধ হয়।
‘আসল খবর?’, অস্ফুটভাবে বলে উঠলাম আমি।
‘হুম।’ তারপর একটু বিরতি দিয়ে বলল সে, ‘আমি বোধ হয় কনসিভ করেছি।’
‘কী!’
‘পুরোপুরি শিওর না। তবে মনে হচ্ছে...কাল বাসায় আসার পর শরীর খুব খারাপ করেছিল, বেশ কয়েকবার বমিও করেছি। বড় ভাবির কাছে প্রেগন্যান্সি টেস্ট স্টিক ছিল...আমাকে বলল একটু টেস্ট করে দেখতে...রেজাল্ট পজিটিভ...বিশ্বাস হয়, বলো? আমার কাছে তো অলৌকিক বলে মনে হচ্ছে।’
‘কী বলছ তুমি!’, অবিশ্বাসের ঘূর্ণিপাকে পড়ে গেলাম। টের পেলাম আমার পা দুটো আবারও টলে যাচ্ছে। আমার মনের একটা অংশ বলছে, এটা হতে পারে না। আমি অক্ষম। ডাক্তার অনেক টেস্ট করার পর নিশ্চিত হয়ে বলেছে। তাহলে? ও নিশ্চয় অন্য কারোর সঙ্গে...!
আমার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে বলে উঠল রামোনা, ‘প্রথমে তো আমার বিশ্বাসই হয়নি...ভাবিকে বললাম ডাক্তারের কথা...ভাবি বলল, ডায়াগনস্টিক নিশ্চয় ভুল হয়েছে। এ রকম হরহামেশাই হয়। আসলে আমাদের দুজনের কোনো সমস্যাই নেই।’
আমার কম্পিত হাত কোমরে গুঁজে রাখা পিস্তলটার দিকে চলে গেল। গত রাত থেকে যে চিন্তাগুলো জেঁকে ধরেছিল সেগুলো যেন ঝড়ের মতো ফিরে এল আবার। লন্ডভন্ড করে দিতে চাইল আমাকে। একটা ঘোরের মধ্যে উঠে দাঁড়ালাম, পা বাড়ালাম রামোনাদের বাড়ির দিকে, আর ঠিক তখনই আমার অন্তরাত্মা বলে উঠল—
‘দাঁড়াও জোজো! আরেকবার ভেবে দেখো!’