প দা ব লি প দা ব লি প দা ব লি

আল মাহমুদ
বান এসেছে একুশ তারিখ
একুশ এলো হুঁশ জাগাতে
দোষ তাড়াবার মাস
কোরাস ধরো গানের সুরে
পরে দীর্ঘশ্বাস।
কোথাও কোনো ভয়ের ভীতি
ঠাঁই পাবে না মনে
একুশ এসে জাগায় স্মৃতি
সাহসের অঙ্গনে।
গানের টানে বান এসেছে
জোয়ার ভাঙে খিল
পায়ে পায়ে এগোয় দেখো
তারুণ্যের মিছিল।
এগিয়ে যাবার গান বেঁধেছি
প্রাণেতে কল্লোল—
কে যেন হায় বলছে ডেকে
বন্ধ দুয়ার খোল।
জাহিদ হায়দার
আলাপ, অববাহিকায়
আশা, বৃক্ষ হবে কবে?
আশা, পুষ্পদিন ছিল?
শেকড়ে জলের ধারা আছে?
আশা, দেখালে পাহাড়-চূড়া,
শোনালে আকাশ-ফেরা বাণী,
চূড়ায় মেঘের বাড়ি হাঁটে
আমাকে কখন নেবে তুমি?
আশা, নাছোড় শেকল তুমি,
কেন বাঁচাও চোখের আলো?
আমার বজ্রপোড়া ঘর,
পরিস্থিতি, কালো কড়া নাড়ে;
আশা, তোমার উপনিবেশ
আমার করুণ জাগরণে
আনে শীতের হাওয়া;
আশা, হঠাৎ কালোবেলায়
আমার পোড়া চোখের ’পর
ঝরল সেদিন পাতা,
কেন যে মনে হলো,
অন্ধ, পুষ্পশাখা কই?
শিহাব সরকার
রক্তে ভিজুক পা
দাঁড়িয়ে আছো কেন, দাঁড়াবে না
ভুলেও থামতে নেই কোথাও
ছুটতে থাকো, সাঁতরাও উল্টো স্রোতে
ধরো মুঠো মুঠো ফুলরেণু, ঘ্রাণ নাও
কাঁচা ডালে হাত রাখতেই নিষিদ্ধ ফল,
গুপ্ত ঝরনা খুঁজতে থাকো অরণ্যপাহাড়ে
অমাবস্যায় উড়ছে দৈব অগ্নিকণা।
যে ঢোকে পান্থশালার মত্ত মহলে
সুরায় অজ্ঞান, ভোলে না উঠানে কাদামাখা শিশু।
ওরা ওঠে না, পড়ে থাকে, মৃত্যুঘুম আসে
তারপর একদিন জীবাশ্ম হয়
থেমেছিলে কেন, স্বপ্নে রাশি রাশি মরচে
বুক চাপড়ায় ভূতসন্ন্যাসী, ভূতবৃক্ষ
এখনই ছুটতে থাকো, রক্তে ভিজুক পা।
আবিদ আনোয়ার
দেশমাতৃকার প্রতি
হবে কবে সর্বমাতা, পুরাণের বিরল গান্ধারী
না-হয়ে তোমার মতো একচক্ষু মমতার নারী।
রক্তসূত্রে যে-মায়েরা বোঝে শুধু কৌরবের মন
তাদের প্রশ্রয় পেয়ে ঘরে-ঘরে বাড়ে দুর্যোধন।
প্রকৃত মায়ের কাছে সন্তানের জাতিধর্ম নেই,
সে জানে সবাই জন্মে তারই মতো মায়ের গর্ভেই।
ইতিহাস খুঁড়ে দেখো, পেয়ে যাবে অজর চিরকুট:
গৌতম বুদ্ধের শিরে পরিয়েছ তোমার মুকুট।
কখনো লক্ষ্মণ সেন, কখনো বা নবাব সিরাজ
রাজদণ্ড হাতে পেয়ে সগৌরবে পরেছে এ-তাজ।
সময় নিষ্ঠুর বড়, দম্ভ কারও চিরস্থায়ী নয়—
পাতালে বিলীন হবে শোনা যায় দৃপ্ত হিমালয়।
যেদিন সকলে বলবে সমস্বরে: এ-দেশ আমার
তোমার আঁঁচল শুঁকে গন্ধ পাব দেশমাতৃকার।
মারুফ রায়হান
ধুলোলিপি
কোথায় তোমার নাড়ি, কতকাল চলেছ চুলোয়, আর ধসিয়েছ বাড়ি; বুঝতে চাঁদের ভাষা এককালে, অবোধ্য নিজেরই বুলি আজ; ফাঁকা খুলি ঠনঠন, উড়ে গেছে মানী বুলবুলি, হাওয়ায় ওড়াচ্ছ খুব চকচকে নুড়ি, নিজে ভূপাতিত ঘুড়ি; উপড়ে ফেলেছ প্রেম স্বরচিত সুর বেহালার, তিরিশোত্তর অপার্থিব উত্তরীয় নর্দমায় ছুড়ে ভেবেছ পাথর নেমে গেল বুঝি বেহুদাকাতর; ভুল মহাভুল—মহাশূন্যসম শূন্যতার স্রষ্টা হয়ে জানলে কি ভালোবাসাভারে কী মহিমা, অসামান্য সুখ নিরর্থক মানবজনমে; ভুলে গেছ গানের পিপাসা কারে বলে, ভেবে বলো সন্তানের মুখে চুমু দিয়েছিলে শেষ কবে; বনেছ সম্রাট হা হা অলীক সাম্রাজ্যে, ভেতরে ভিখিরি মাগে এক ফোঁটা কবিতার সুধা, নির্বাপিত তোমারই বসুধা...
আসাদ চৌধুরী
জলের গান
জল মেশে জলে
আপত্তি করে না অশ্রু।
দীর্ঘশ্বাস ছায়াসঙ্গী তার—
গুন গুন করে উচ্চারিত সংগীতের।
নাওরির দুরু দুরু বুক,
নারকেল-ডালে এলোমেলো কাকের কোরাস;
মেয়েরা চিৎকার করে ওঠে:
‘পিছা মার কাউয়াডারে।’
সুখে-দুঃখে ভয়ে-উল্লাসে
আশঙ্কা-আতঙ্ক নিয়ে
জল মেশে জলে।
বদরে মুনীর
নিরিবিলি অবলোকন
বাসের বাতাসে ওড়ে সমীরণ-সেন্সেটিভ সিল্ক—
গাত্র থেকে, পাত্র থেকে
প্রিয় সঙ্গলিপ্সার মর্মার্থ থেকে পিছলে পিছলে যায়,
কিসের করুণ ইশারায়?
কখনো পালের মতো ফুলে ওঠে,
কখনো কিনার ঘেঁষে, খাদের অতল নিম্নদেশে
ওড়ে সিল্ক, সিল্কের বলিষ্ঠ কাঁধে ব্রোচে বাঁধা রঙিন নিশান!
তরতাজা পিঠের হাসি, দুহাত দুরন্ত বানভাসি;
চশমা-ঢাকা চক্ষুলজ্জা, চঞ্চলতা তথাপি উদ্যত।
হায় সিল্ক, এত সাবধানতা, তবু
গ্রীবার গভীর ডাকে বনে-বনে উৎকর্ণ বাঘেরা।
রোকসানা আফরীন
শ্যামা মা
মরণে মরিব আমি
সখী আমার মরণ হয় না
মরণে মরিব আমি
সখী আমার তো আর সয় না
পাঁজরে ফুটেছে কলি, ফুটেছে রক্তজবা
তুই যে কালো, কৃষ্ণকালো
তোর কালো রূপের মায়াজালে
আমায় ঢেকে রাখ না
মৃত যে জন পড়ে আছে পথের ধুলায়
তার জন্য তোর প্রাণে কি একটু দয়া হয় না
এই অবেলায়, বৃথা খেলায়
জনম গেল অশ্রুজলে
আহা, আর তো প্রাণে সয় না