পরচুলায় ভাগ্যবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: ইকবাল গফুর
ছবি: ইকবাল গফুর

ওয়ান থেকে সিক্স পর্যন্ত আমি ক্লাসে ফার্স্ট ছিলাম। স্যারেরা বলতেন, ‘তুমি বড় হয়ে ডাক্তার হবে।’ রাতে স্বপ্ন দেখতাম সত্যিই ডাক্তার হয়েছি। গরিব রোগীদের সেবা করছি। আর স্বপ্ন ভাঙলে দেখি, সেই মাটির ঘরেই খড় দিয়ে বানানো তোশকে ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি।
ক্লাস সিক্সে উঠলেও বাবার বই কিনে দেওয়ার সামর্থ্য না থাকায় পড়া বন্ধ হয়ে যায়। বাড়ির ভিটে ও একটা গাভি ছিল আমাদের পরিবারের সম্বল। মাটির ঘটিতে করে এক সের দুধ বিক্রি করতে বাবার সঙ্গে পাশের মল্লিকবাড়ি বাজারে যেতাম। আট-দশ টাকায় দুধ বিক্রি করে বাবা চাল কিনে আমাকে দিতেন, আমি বাড়ি ফিরে আসতাম। ভাই না থাকায় আর তিন বোনের মধ্যে আমি বড় হওয়ায় সংসারের সব দায়িত্বই যেন আমার ঘাড়ে চাপে।
আমার এক মামাতো বোন ঢাকায় গার্মেন্টসে চাকরি করত। এক ঈদে সে বাড়ি আসে। তাকে বললাম, আমিও তোমার মতো চাকরি করব। মাসে মাসে বাড়িতে টাকা পাঠাব। সংসারের অভাব দূর করব। বোনদের লেখাপড়া করাব। ঈদে বাড়ি আসব। মায়ের শাড়ি, বাবার জন্য শার্ট আর বোনদের জন্য নতুন জামা আনব। ঈদের আগের দিন আমি বাড়ি আসব বলে ওরা আমার অপেক্ষায় থাকবে। মল্লিকবাড়ি স্টেশনে দাঁড়িয়ে থাকবে। আমাকে দেখামাত্র জড়িয়ে ধরবে। গার্মেন্টসে চাকরি করছি—প্রতিরাতেই এ ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম।
আমার বয়স তখন ১১ বছর। খুবই হালকা-পাতলা ছিলাম। এত ছোট বয়সে ঢাকায় গিয়ে চাকরি করব—বাবা কিছুতেই রাজি হলেন না। একদিন মামাতো বোনটা বাবাকে বলল, হাছিনাকে চিড়িয়াখানা দেখাতে ঢাকায় নিয়ে যাব। বাবা অনুমতি দিলেন। মা-বাবার সঙ্গে অনেকটা ছলনা করেই ঢাকা এলাম। সাত দিন ধরে এই গার্মেন্টস ওই গার্মেন্টসে ঘুরলাম। চিকন, পাতলা আর খুবই ছোট বলে কোথাও আমার চাকরি হলো না। একদিন বোনের হিল জুতা আর বড় জামা পরে এক গার্মেন্টসের লাইনে দাঁড়ালাম। কিন্তু তাতেও চাকরি মিলল না। বড় হওয়ার জন্য অনেক কৌশল করলাম, তারপরেও চাকরিদাতাদের চোখে ছোটই রয়ে গেলাম। তাঁরা হয়তো ভেবেছিলেন, ছোট বলে আমি কাজ করতে পারব না, অথবা শিশু শ্রমিক খাটালে তাঁদের সাজা হবে।
বড় জামা ও হিল জুতা পরে লাইনে দাঁড়ানো দেখে সাদা দাড়িওয়ালা এক বুড়ো আমাকে ফলো করেছেন। চাকরি না হওয়ার হতাশা দেখে তিনি আমাকে ডাক দিলেন। বললেন, ‘তুমি কি আসলে কাজ করতে পারবে?’ বললাম, যেকোনো কাজ করতে পারব। তিনি বললেন, ‘কাল উত্তরার অমুক জায়গায় আসো, দেখি কী করা যায়।’
পরদিন সেই ঠিকানায় হাজির হলাম। তিনি আমাকে নীরা হেয়ার ফ্যাশনে নিয়ে গেলেন। পরচুলা বানানোর কাজ। সম্পূর্ণ কুশিকাঁটা নামের সুচের মতো যন্ত্র দিয়ে চুল আটকাতে হয়। তাঁরা বললেন, ‘তিন দিন সময় দিলাম, কাজ শিখতে পারলে চাকরি।’

আমি কোরিয়া বসেই স্বপ্ন দেখেছিলাম গ্রামে গিয়ে ওই পরচুলার একটা ছোটখাটো কারখানা করব। গ্রামের অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণ দিয়ে আমার কারখানায় চাকরি দেব... গত ১৫ বছরে ১৫ থেকে ২০টি গ্রামের ২৫০ জন নারীকে পরচুলা তৈরির প্রশিক্ষণ দিয়ে তাদের আয়-রোজগারের ব্যবস্থা করেছি। এ কাজে গরিব ও অসহায় মেয়েরাই আসে। কারণ, এটা কুটিরশিল্প। নিপুণ হাতে সূক্ষ্মভাবে করতে হয়। কষ্ট করে রোজগার করতে হয়। তাই, ধনী ও শিক্ষিত মেয়েরা এ পেশায় সাধারণত আসে না। পরচুলা বানাতে প্রাথমিক কাজটা হাতেই করতে হয়। পরে ঢাকায় কারখানায় মেশিনে ফিনিশিং দিয়ে দেশের বাইরে পাঠানো হয়।

জীবনে প্রথম চ্যালেঞ্জ নিলাম। জিতে গেলাম। তাঁরা আমার কাজে খুশি হলেন। ৬০০ টাকা বেতনে ওই কারখানায় চাকরি পেলাম। বাবা দুধ বিক্রি করে দিনে আট থেকে দশ টাকা পেতেন, আর আমি মাসে ৬০০ টাকা বেতন পাব—খুশিতে মন ভরে গেল। চাকরিটা দুই মাস করার পর ওই কারখানার মালিক দক্ষিণ কোরিয়ার এক নারীর সঙ্গে আমার খাতির হলো। জানতে পারলাম, ওই কারখানা থেকে প্রতিবছর ১০ জন করে দক্ষ কর্মীকে ওরা বিদেশে নেয়। পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার কথা শুনে আমার ভালো লাগল। কারণ, আমি প্রাইমারিতে সব পরীক্ষাতেই ফার্স্ট হতাম। মনোযোগ দিয়ে পরচুলার কাজ আরও দ্রুতগতিতে শিখতে লাগলাম। এক হাজার নারী পরীক্ষায় অংশ নিল, তাদের মধ্যে আমি প্রথম ১০ জনের একজন হলাম। ঠিক হলো তারা আমাকে কোরিয়া পাঠাবে।
দুই মাস পর আমি দক্ষিণ কোরিয়া যাব। পাসপোর্টসহ সব কাগজপত্র রেডি করতে আত্মীয়স্বজনের কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিলাম। কোরিয়া গিয়ে মাসে ২০ হাজার টাকা বেতন পাব। শুনে তো আমার আর ঘুম আসে না। কবে ওই দিন আসবে। রাতে একটু ঘুমালেই স্বপ্ন দেখি, বিমানে চড়ে যাচ্ছি। স্কুলে কাগজ দিয়ে বিমান বানানো শিখেছিলাম। সেই বিমানে আমি উঠব? যাওয়ার আগেই স্বপ্নে অনেক পরিকল্পনা আঁকলাম। ভবিষ্যতে কী করব। কীভাবে জীবন গড়ব।
দুই বছর পর ১৯৯৭ সালে দেশে ফিরে এলাম। সেই বাড়িতে। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার নিভৃত পল্লি, যার নাম নয়নপুর। সেই চেনা নিজ গ্রাম। আমি বাড়ি আসার আগেই আমার পাঠানো টাকায় বাবা সেই মাটির ঘর পাল্টে চকচকে টিনের ঘর বানিয়েছেন। বাবার জীবনও বদলে গেছে। বাবাকে সবাই এখন ‘আবুল সাহেব’ বলে। কোরিয়া থেকে যেদিন গ্রামে এলাম, সবার মুখে মুখে একই কথা, ‘সেই চিকনা ছেরিটা, সেই হাচিনা আর হাচিনা নাই।’ আমাকে দেখতে এলাকার মানুষ ভিড় করল। যেন সিনেমার কোনো নায়ক-নায়িকা গ্রামে এসেছে।
আমাকে বিয়ে করতে আমার বাবার কাছে অনেকেই প্রস্তাব নিয়ে আসে। শেষমেশ পারিবারিক আয়োজনে বিয়ে হলো আমার চাচাতো ভাই এসএসসি পাস বিল্লালের সঙ্গে। বাবার ছেলে নেই বলে পরিবারের শক্তি বাড়াতে বিল্লাল আমাদের বাড়িতেই ঘরজামাই হয়ে আসে। পরে ২০০০ সালে স্বামীর বাড়ি সখীপুরের আড়াইপাড়া গ্রামে চলে আসি।
আমি কোরিয়া বসেই স্বপ্ন দেখেছিলাম গ্রামে গিয়ে ওই পরচুলার একটা ছোটখাটো কারখানা করব। গ্রামের অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণ দিয়ে আমার কারখানায় চাকরি দেব। ঢাকায় যোগাযোগ করলাম। সেখান থেকে কুশিকাঁটা, সুচ, চুল আর মাথার টুপির মতো প্লাস্টিকের তৈরি মাথা এনে গ্রামের কিছু অসহায় নারীর কাজ শিখিয়ে চাকরি দিলাম। বাড়িতে লম্বা একটা ঘর বানালাম। সেখানে ১০ জন নারীকে দিয়ে কারখানার যাত্রা শুরু করলাম। খবরটা এ গ্রামে ও গ্রামে ছড়িয়ে পড়ল। আশপাশের গ্রামের অসহায় নারীরা আমার কাছে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করল। কেউ কেউ কাজ শিখে চুক্তিতে মাথাপ্রতি ৫০০ টাকা মজুরিতে নিজের বাড়িতে বসেই আয়-রোজগার শুরু করল।
গত ১৫ বছরে ১৫ থেকে ২০টি গ্রামের ২৫০ জন নারীকে পরচুলা তৈরির প্রশিক্ষণ দিয়ে তাদের আয়-রোজগারের ব্যবস্থা করেছি। এ কাজে গরিব ও অসহায় মেয়েরাই আসে। কারণ, এটা কুটিরশিল্প। নিপুণ হাতে সূক্ষ্মভাবে করতে হয়। কষ্ট করে রোজগার করতে হয়। তাই, ধনী ও শিক্ষিত মেয়েরা এ পেশায় সাধারণত আসে না। পরচুলা বানাতে প্রাথমিক কাজটা হাতেই করতে হয়। পরে ঢাকায় কারখানায় মেশিনে ফিনিশিং দিয়ে দেশের বাইরে পাঠানো হয়। ঢাকা অফিস থেকে শুনেছি, পরচুলার চাহিদা পাশের দেশ ভারতে বেশি।
আমার দুই মেয়ে। বড়টা জান্নাতুল ফেরদৌস সপ্তম শ্রেণিতে আর ছোটটা ফারিয়া প্রথম শ্রেণিতে পড়ে। আমি আবার মা হতে চলেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ‘পল্লী সমাজ’ নামের সংগঠন ও ঢাকার একজন কর্মকর্তা আমাকে অনেক সাহস ও উৎসাহ জুগিয়েছেন।
আমার বাবার বাড়ি নয়নপুরেও আরেকটি কারখানা করেছি। সেই কারখানা দেখভাল করে আমার ছোট দুই বোন রুমা ও নাজমা। আমার মা ও বাবা এখনো বেঁচে আছেন। প্রতি মাসে মা-বাবার জন্য পাঁচ হাজার করে টাকা পাঠাই। স্বামী বিল্লালকে আড়াইপাড়া বাজারে একটি দোকান করে দিয়েছি। আপনাদের দোয়ায় আমি মাসে ৩০ হাজার টাকা রোজগার করি, আর স্বামীর ব্যবসা থেকেও ভালো আয় হয়। পরিবারের সবাইকে নিয়ে ভালোই আছি।
আড়াইপাড়ায় এ বছর জানুয়ারি থেকে এলাকার শিক্ষিত লোকজনকে নিয়ে একটি স্কুল চালু করেছি। ধনীদের ছেলেমেয়েরা ওই স্কুলে বেতন দিয়ে পড়বে, কিন্তু অসহায় গরিবদের কোনো বেতন নেওয়া হয় না।
আমি এখনো শুধু স্বপ্নই দেখি। ছোটবেলায় ঘুমিয়ে স্বপ্ন দেখতাম, আর এখন দেখি জেগে জেগে। অসহায়, নির্যাতিত ও গরিব পরিবারের নারীরাও যেন রোজগার করে ভালো থাকতে পারেন, তাঁদের ছেলেমেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হতে পারে—সেই চেষ্টা করছি।
(অনুলিখন)
হাছিনা আক্তার, সফল পরচুলা ব্যবসায়ী, সখীপুর, টাঙ্গাইল