পরাজয়ের কথা কখনো ভাবিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুন চৌধুরী l ছবি: লেখকের সৌজন্যে
মামুন চৌধুরী l ছবি: লেখকের সৌজন্যে

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে আমার জন্ম। বাবা হাবিবুর রহমান চৌধুরী পাইকারি ও খুচরা পণ্যের ব্যবসা করতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাবার গড়া ব্যবসাপ্রতিষ্ঠানটি পুড়িয়ে দেয় পাকিস্তানিরা। ধানি জমি ছাড়া বাবার আর কিছুই তখন থাকল না। সব হারিয়ে আমার বাবা ভেঙে পড়েন।
দেশ স্বাধীন হওয়ার দুই বছরের মাথায় বাবা মারা গেলেন। সত্যি কথা বলতে, বাবা যেন আর ঘুরে দাঁড়ানোর সাহসই খুঁজে পাননি। তখন আমার বয়স ছিল ১২ বছর। ওই বয়সে বাবার এমন হেরে যাওয়ার যন্ত্রণা দেখেছি আমি, যা আমাকে পরবর্তী সময়ে কিছু জয়ের জন্য উন্মুখ করে তোলে।
বাংলাদেশে কিছু একটা করার জন্য অনেক চেষ্টা করেছি। শেষতক ১৯৮৫ সালে ভাগ্যের চাকা ঘোরাতে আমি সৌদি আরবে পাড়ি জমাই। পরিবার–পরিজন ফেলে তরুণ বয়সে প্রবাসজীবনের নানা সংগ্রামে অবতীর্ণ হতে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই হেরে যাই। শেষ পর্যন্ত ভাগ্য আমার বসত গেড়ে দেয় যুক্তরাজ্যে। ২০১৪ সালের ১৪ জুলাই একমাত্র ব্রিটিশ বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে আমার গড়া ‘লন্ডন ট্র্যাডিশন’ যুক্তরাজ্যের রপ্তানি খাতে অসাধারণ সাফল্যের জন্য ব্রিটিশ রানির দেওয়া যুক্তরাজ্যের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘কুইন্স অ্যাওয়ার্ড’ লাভ করে। এই সম্মান অর্জন যেন পৃথিবী জয়ের আনন্দ, যা আমার সারা জীবনের শত পরাজয়ের গ্লানিকে মুহূর্তে মুছে দেয়।
একজন বাঙালি হয়ে যুক্তরাজ্যের সর্বোচ্চ ব্যবসায়িক সম্মান অর্জন এবং রাজপ্রাসাদে রানির সঙ্গে হাত মেলানোর সময় নিজেকে একজন বাংলাদেশি হিসেবে উপস্থাপনের চেয়ে বড় সফলতা আর কী হতে পারে? আমার মনে হয়েছে, যে দেশে আমার জন্ম, যে জাতির পরিচয়ে আমি বড় হয়েছি, সেই জাতির গৌরবের সঙ্গে আমি কিছু সংযোজন করতে পেরেছি—এটাই আমার জীবনের পরম সার্থকতা।
সৌদি আরবে পাড়ি জমালেও আমার স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রে যাওয়ার। মূলত যুক্তরাষ্ট্রে পাড়ি দিতেই ১৯৯১ সালের ডিসেম্বরে আমি কিছুদিনের জন্য ইংল্যান্ডে আসি। কিন্তু আমার সেই যুক্তরাষ্ট্র যাওয়া আর হয়নি। ইংল্যান্ডে বিয়ে করে শুরু হয় যাপিত জীবন।
নতুন সংসার। তখন আমার হাতে বড় অঙ্কের কোনো অর্থ ছিল না। জীবিকার তাগিদে কাজ নিলাম বাঙালি রেস্তোরাঁয়। সেই কাজ ভালো লাগল না। সপ্তাহ খানেকের মাথায় কাজ নিলাম পোশাক তৈরির কারখানায়। তখন পূর্ব লন্ডনে অনেক বাঙালি মালিকানাধীন পোশাক কারখানা ছিল। উদ্দেশ্য ছিল, কারখানায় ভালোভাবে কাজ শিখে নিজেই একটি প্রতিষ্ঠান খুলে বসব। সেই চিন্তা থেকে কারখানায় কাজের পাশাপাশি বাংলাদেশ থেকে তৈরি পোশাক (শার্ট) আমদানি করে লন্ডনের বিভিন্ন দোকানে সরবরাহ শুরু করলাম। নিরসল চেষ্টা ছিল কিন্তু কোনোভাবেই যেন হয়ে উঠছিল না। নানা টানাপোড়েনের মধ্যেও সম্ভাবনা খোঁজার চেষ্টা করতাম সব সময়। তখন অসম্ভব প্রতিযোগিতার মধ্যে আমার পক্ষে কোনো কিছু শুরু করাটাই ছিল কষ্টকর।

আর আমি তাদের কাছ থেকে তরুণ প্রজন্মের ফ্যাশন প্রবণতা জানতাম, পাশাপাশি ডিজাইনের কলাকৌশলও শিখে নিতাম। বর্তমানে আমার যে ডিজাইন জ্ঞান, তার সবটুকুই ওই ছেলেমেয়েদের কাছ থেকেই শেখা

প্রতিবার হেরে যাই আর নিজেকে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি করার যুদ্ধে নামি। এ যেন এক জীবন-মরণ লড়াই এবং এ লড়াইয়ে জিততে হবে।
আমি যতবারই নতুন কোনো উদ্যোগ নিয়েছি, হারার কথা একবারও ভাবিনি। আমি ভাবতাম, মাইকেল মার্কস একজন পোলিশ (পোল্যান্ডের নাগরিক) শরণার্থী হয়ে যদি ইংল্যান্ডে মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন কিংবা লিকা সিং যদি হংকংয়ের একটি প্লাস্টিক কারখানার কর্মচারী থেকে এশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী হয়ে উঠতে পারেন—তাহলে আমার পক্ষে নিশ্চয়ই কিছু না কিছু করা সম্ভব। কিছু অর্জনের স্বপ্ন আমাকে এগিয়ে দেয় সামনের দিকে।
পোশাক কারখানার কাজের অভিজ্ঞতাকে পুঁজি করে শেষ পর্যন্ত ১৯৯৪ সালে আমি ‘লন্ডন ক্লথিং লিমিটেড’ নামে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলি। অন্য দেশ থেকে পোশাক কারখানার মালামাল নিয়ে তা ইংল্যান্ড ও ইউরোপের বাজারে সরবরাহ করতাম। পাশাপাশি ছোট একটি কারখানায় পোশাক তৈরি করে স্থানীয় দোকানে সরবরাহ করতাম। ওই সময় লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে হাজার হাজার পোশাক তৈরির কারখানা ছিল। বেশির ভাগ ব্যবসায়ী একে অন্যের ব্যবসা ভাগিয়ে নেওয়ার জন্য কে কত কম দামে পণ্য তৈরি করতে পারেন, সেই প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। এতে অনেকেই লোকসানের শিকার হতেন। আমি ওই প্রতিযোগিতার মধ্যে কোনো ভবিষ্যৎ খুঁজে পাইনি।
প্রতিবছর শত শত কারখানা বন্ধ হতে লাগল। দ্রুত আমার নিজের ব্যবসায়িক পরিকল্পনা পরিবর্তন করলাম। তখন ব্রিটিশ ঐতিহ্যবাহী পোশাক ডাফলকোট ও ওভারকোট তৈরির কারখানা তেমন একটা ছিল না বললেই চলে। এসব পোশাক সাধারণ পোশাকের চেয়ে যেমন আলাদা, তেমনি বুননের কাজটিও বেশ কষ্টসাধ্য ও ব্যয়বহুল। ফলে বাঙালি মালিকানাধীন প্রতিষ্ঠান দূরের কথা, ব্রিটিশদের কারখানাগুলোতেও এই পোশাক তেমন একটা তৈরি হতো না। আবার ফ্যাশনের দিক থেকে এই পোশাক যেমন অভিজাত, তেমনি ব্যবসায়ীদের জন্য বেশ লাভজনক। যে কারণে তুলনামূলক কম প্রতিযোগিতাপূর্ণ ডাফলকোট ও ওভারকোট তৈরি নিয়ে আমি রীতিমতো গবেষণা শুরু করলাম। একপর্যায়ে ১৯৯৬ সালের মাঝামাঝিতে আমার কারখানায় শুরু হলো ব্রিটিশ ঐতিহ্যবাহী পোশাক তৈরির কাজ। আমার সঙ্গে প্রতিযোগিতা করার মতো তখন তেমন কেউ ছিল না। ফলে দ্রুতগতিতে আমার ব্যবসা বাড়তে থাকে। মাত্র চার বছরে আমার কারখানার কর্মীর সংখ্যা ১৫ থেকে বেড়ে হয় ২০০ জন।
তখন পূর্ব লন্ডনের কারখানাগুলোতে সাধারণ মেশিনে পোশাক বুননের কাজ হতো। আমি জার্মানি থেকে কম্পিউটারচালিত মেশিন এনে পূর্ব লন্ডনে একটি আধুনিক পোশাক কারখানা গড়ে তুলি। যদিও আমার সেই কারখানা ছিল ছোট পরিসরে।
পোশাক কারখানায় কাজ করার সুবাদে আমি কারখানা পরিচালনা ও পোশাক সেলাইয়ের অনেক কিছুই রপ্ত করতে পেরেছিলাম। কিন্তু পোশাকের ডিজাইন নিয়ে আমার জ্ঞান ছিল একেবারেই কম। ব্যবসার চাহিদার সঙ্গে তাল মেলাতে গেলে ডিজাইন সম্পর্কে ধারণা লাভ আমার জন্য খুবই জরুরি ছিল।
নিজে ডিজাইন শেখার জন্য লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেছে নিই। তাদের আমার কারখানায় কাজের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দিই। ফ্যাশন ও ডিজাইন নিয়ে কাজ করার জন্য আমি এসব শিক্ষার্থীকে একটি অংশ ছেড়ে দিই। তারা তাদের পছন্দমতো নানা রকম ফ্যাশন ও ডিজাইন নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করত। আর আমি তাদের কাছ থেকে তরুণ প্রজন্মের ফ্যাশন–প্রবণতা জানতাম, পাশাপাশি ডিজাইনের কলাকৌশলও শিখে নিতাম। বর্তমানে আমার যে ডিজাইন জ্ঞান, তার সবটুকুই ওই ছেলেমেয়েদের কাছ থেকেই শেখা। আমার প্রতিষ্ঠানে অভিজ্ঞতা নেওয়া অনেকেই এখন যুক্তরাজ্যের সফল ডিজাইনার।
যা হোক, তখন আমার কারখানার তৈরি বেশির ভাগ পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হতো। কিন্তু ব্যবসা যখন খুবই ভালো চলতে শুরু করল, তখনই ঘটে একটি বড় দুর্ঘটনা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ঘটে সন্ত্রাসী হামলার ঘটনা।ওই টাওয়ারে ছিল মার্কিন আমদানিকারক ব্রুক ব্রাদার্সের অফিস। আমরা টিবেট পিএলসির মাধ্যমে ব্রুক ব্রাদার্সের কাছে পণ্য রপ্তানি করতাম। ব্রুক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে টিবেট পিএলসি আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়ে। এতে আমাদের এক কোটি টাকার মতো ক্ষতি হয়। ছোট কারখানার মালিক হিসেবে আমার জন্য ওটা ছিল একটি বিশাল ধাক্কা। দেউলিয়া হওয়ার উপক্রম। প্রতিষ্ঠানের অনেক কর্মীকে ছাঁটাই করতে হয়।
অনেকটা অভ্যাসগতভাবেই আমি সব সময় তাৎক্ষণিক সমস্যা এড়াতে একটি তহবিল আলাদা করে রাখি। তখনো আমার ওই ধরনের একটি তহবিল ছিল। ফলে মোটামুটিভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার মতো অবস্থা আমার ছিল। এ ছাড়া তত দিনে বিভিন্ন দেশের পোশাক আমদানিকারকদের সঙ্গে আমার যোগাযোগ বেড়েছে।
বিশেষ করে দেউলিয়া হয়ে পড়া টিবেট পিএলসির কর্মকর্তা রবার্ট হিউসনের সঙ্গে আমার বেশ সখ্য ছিল। চাকরি হারিয়ে তিনিও নতুন কিছু করার কথা ভাবছিলেন। শেষ পর্যন্ত রবার্টকে আমার ব্যবসার অংশীদার করে ২০০২ সালের জানুয়ারিতে শুরু করি ‘লন্ডন ট্র্যাডিশন’। হাতে গোনা কয়েকটি পণ্য নিয়েই বাজারে যাত্রা শুরু করি আমরা। তবে রপ্তানি দিয়েই আমাদের ব্যবসার শুরু। শুরুতেই ফ্রান্সের বাজারে গেল লন্ডন ট্র্যাডিশনের পণ্য।
তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ২০০৪ সালে আমরা ব্রিটিশ ঐতিহ্যবাহী পোশাক ডাফলকোট ও ওভারকোটের ডিজাইনে নতুনত্ব আনতে শুরু করি। দিনে দিনে বাড়তে থাকে লন্ডন ট্র্যাডিশনের পোশাকের চাহিদা। বর্তমানে আমাদের ডিজাইন করা পণ্য জাপান, জার্মানি, ইতালি, ফ্রান্স, হল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ, কোরিয়া, হংকং, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের মোট ১৭টি দেশে রপ্তানি হচ্ছে।
ডাফলকোট সাধারণ কোটের চেয়ে একদমই আলাদা। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই কোট ছিল ব্রিটিশ নৌবাহিনীর পরিধেয় শীতবস্ত্র। এমনকি ফিল্ড মার্শাল মন্ডগোমেরি সেনাদের অনুপ্রাণিত করতে এই কোট পরিধান করতেন। যেন সেনারা মনে করেন, তিনিও তাঁদের একজন। ক্যামেল (উটের পশমের রং) থেকে শুরু করে বিভিন্ন রঙের নানা মাত্রার ও ধাঁচের কোট তৈরি হয় লন্ডন ট্র্যাডিশনে। লন্ডন ট্র্যাডিশনের পোশাকের আলাদা কদর হলো এটি ‘মেইড ইন লন্ডন’। বিশ্বের বিভিন্ন দেশের ফ্যাশন–সচেতন অভিজাত মানুষদের কাছে ‘মেইড ইন লন্ডন’ মানে বিশেষ কিছু। যে কারণে দেশে দেশে অভিজাত ফ্যাশন হাউসগুলোতে লন্ডন ট্র্যাডিশনের পোশাকের এত চাহিদা।
লন্ডন ট্র্যাডিশন এখন বছরে ৫০ থেকে ৬০ হাজার কোট রপ্তানি করে। রপ্তানির এই হার আমাদের প্রতিষ্ঠানের মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশ। বাকি ১০ শতাংশ পণ্য যায় স্থানীয় অভিজাত ফ্যাশন হাউসগুলোতে।
২০০৭ সালে বিশ্বব্যাপী মন্দার ধাক্কা লাগে যুক্তরাজ্যেও। এ সময় অনেক বড় বড় প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে লোকসানের শিকার হয়ে দেউলিয়া হয়ে যায়। কিন্তু ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত লন্ডন ট্র্যাডিশনের রপ্তানি বেড়েছে ৮৬৫ শতাংশ। অন্য কোনো ব্রিটিশ কোম্পানির পক্ষে এমন প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়নি। এই সাফল্যের স্বীকৃতি হিসেবেই ২০১৪ সালে কুইন্স অ্যাওয়ার্ডস পেয়েছে আমাদের কোম্পানি।সাধুবাদ পেয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বিভিন্ন মহল থেকে। ব্রিটিশ পার্লামেন্টের ৭৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত দ্য স্টোরি অব পার্লামেন্ট স্মারক গ্রন্থে লন্ডন ট্র্যাডিশনকে সাফল্যের নিদর্শন হিসেবে তুলে ধরে একটি নিবন্ধ ছাপা হয়েছে।
লন্ডন ট্র্যাডিশনের এমন কৃতিত্বের ভাগ আমার একার নয়। যাঁরা আমার প্রতিষ্ঠানে কাজ করেন, সুন্দর সুন্দর পোশাক তৈরি করেন, মূলত এই কৃতিত্বের সিংহভাগ তাঁদের। এ ছাড়া আমি যখন লন্ডনে আসি, তখন বাঙালিরা মূলত পোশাক কারখানা এবং রেস্তোরাঁর কাজে বিভক্ত ছিলেন। দক্ষ বাঙালি পোশাকশ্রমিকদের কাছ থেকেই বুননশিল্পে আমার হাতেখড়ি। ফলে আমার আজকের সাফল্যের জন্য সেসব পোশাকশ্রমিকের কাছেও আমি কৃতজ্ঞ। আমার কাছে মনে হয়, বাংলাদেশের নানা চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা আমাকে বিদেশের মাটিতে সফল হতে সাহায্য করেছে।
নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কোনো কাজকে ছোট করে দেখার উপায় নেই। আমার সঙ্গে হাজার হাজার লোক পোশাকশ্রমিক হিসেবে কাজ করেছেন। আমি যতটা না বেতনের জন্য কাজ করেছি, তার চেয়ে বেশি চেষ্টা করেছি কাজ শিখতে এবং ব্যবসা পরিচালনা রপ্ত করতে। কারণ, আমি স্বপ্ন দেখতাম শ্রমিক থেকে মালিক হওয়ার। আমার সেই স্বপ্ন আজ বাস্তবে ধরা দিয়েছে। সময়ের বাস্তবতায় সেই স্বপ্নের পরিধিও বিস্তৃতি লাভ করেছে।

লেখক পরিচিতি
মামুন চৌধুরী পোশাকশিল্প উদে্যাক্তা। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে জন্ম। ১৯৮৫ সালে সৌদি আরবে পাড়ি জমালেও থিতু হন যুক্তরাজ্যে। গত বছর প্রথম ব্রিটিশ–বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে তাঁর গড়া ‘লন্ডন ট্র্যাডিশন’ রপ্তানি খাতে ব্রিটিশ রানির দেওয়া যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ কুইন্স অ্যাওয়ার্ড লাভ করে।


সেসব কীর্তিগাথা শোনাচ্ছেন দেশের মুখ উজ্জ্বল করা কয়েকজন প্রবাসী: