পরিত্রাণ কীভাবে সম্ভব?

১৯৯০ সালে গণ-অভ্যুত্থানে সামরিক স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়, আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের দুই প্রধান নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে বৈরিতার কারণে সেই যাত্রাপথ ক্রমেই অধিক মাত্রায় কণ্টকময় হয়ে উঠেছে। অবাধ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের স্থিতিশীল ব্যবস্থা ও সংস্কৃতি দুই দশকেও গড়ে ওঠেনি। ক্ষমতাসীন দলের ক্ষমতা আঁকড়ে থাকার প্রবল বাসনা নির্বাচিত সরকারের মেয়াদ শেষে দেশকে ঠেলে দিয়েছে রাজনৈতিক সংকট ও সামগ্রিক নৈরাজ্যের দিকে।
২০০৬ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতা আঁকড়ে থাকার কূটকৌশল অবলম্বন করতে গিয়ে দেশকে যে রাজনৈতিক কানাগলিতে নিয়ে যায়, তার ফলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিন্ন হয়; পরিণাম সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের জরুরি শাসন। তারপর, ২০০৮ সালের শেষে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের মেয়াদ শেষেও সৃষ্টি হয়েছে আরও জটিল, আরও সহিংস, আরও বিপর্যয়কর পরিস্থিতি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে ক্ষমতা আঁকড়ে থাকার দূরপ্রসারী অভিসন্ধি থেকে। যে আস্থার সংকটের কারণে সব দলের পক্ষে গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা হিসেবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, সেই আস্থা ফিরে আসেনি; বরং তা আরও বৃদ্ধি পেয়েছে এবং দুই প্রধান দলের বৈরিতায় যুক্ত হয়েছে জিঘাংসা, পরস্পরকে ধ্বংস করার অবিমৃশ্যকারী তাড়না।
ক্ষমতাসীন আওয়ামী লীগ তার অপেক্ষাকৃত দুর্বল রাজনৈতিক মিত্রদের সঙ্গে নিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার যে দৃশ্যমান প্রয়াস চালাচ্ছে, সেখানে স্বাভাবিক গণতান্ত্রিক রীতিনীতির কোনো স্থান তারা রাখেনি। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার পরিবর্তে তাকে দমন করার কাজে ব্যবহার করছে রাষ্ট্রযন্ত্র ও তার নিরাপত্তা বাহিনীগুলোকে এবং তা করতে গিয়ে তারা আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ ঘটাচ্ছে। প্রধান প্রতিপক্ষ বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচন দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা পাবে না—এটা জানা থাকা সত্ত্বেও একতরফা নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগের অদ্যম প্রয়াসের মধ্যে রয়েছে অন্ধ ক্ষমতালিপ্সা। তারা মনে করছে, প্রতিপক্ষ বিএনপি ও তার শক্তিশালী মিত্র জামায়াতে ইসলামীকে নির্মূল করতে এই ক্ষমতা তাদের প্রয়োজন। এটিকে তারা দেখছে একটি যুদ্ধ হিসেবে, সম্ভবত শেষ যুদ্ধ, যে যুদ্ধের পরিণতি নির্ধারণ করে দেবে তাদের অস্তিত্বের ভবিষ্যৎ। এই যুদ্ধে জেতার বেপরোয়া প্রয়াসে তারা গণতন্ত্র বিসর্জন দিতে বিন্দুমাত্র দ্বিধান্বিত নয় বলে প্রতীয়মান হচ্ছে।
অন্যদিকে, চরম কোণঠাসা বিএনপিও এটিকে দেখছে অস্তিত্ব রক্ষার চূড়ান্ত যুদ্ধ হিসেবে এবং সহিংস ও অপেক্ষাকৃত সংগঠিত মিত্র জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে সহিংস উপায়ে। জনজীবনকে বিপর্যস্ত করা, জাতীয় সম্পদের ক্ষতিসাধন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা চালানো, সরকারি অফিস-আদালত ও নিরাপত্তা বাহিনীগুলোর ওপর আক্রমণ চালানোসহ ব্যাপক সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টিই হয়ে উঠেছে তাদের প্রধান রণকৌশল। ২০১৩ সাল জুড়েই তাদের এসব তৎপরতা লক্ষ করা গেছে। রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির সংখ্যা ও ধ্বংসযজ্ঞের মাত্রার দিক থেকে এমন নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশে গত দুই দশকে আর কখনো সৃষ্টি হয়নি।
যে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের পথে বিশেষভাবে সহায়ক হতে পারত, সামরিক স্বৈরতন্ত্র অবসানের দুই দশক পরে আজ সেটাই কেন বাংলাদেশি গণতন্ত্রের প্রধান সংকট হিসেবে এক চরম রূপে প্রকটিত হয়ে উঠল—এই জিজ্ঞাসার উত্তর নিহিত থাকতে পারে দুই প্রধান নেত্রীর নেতৃত্বের স্বরূপের মধ্যে। নিজ নিজ দলে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উভয়ের আচরণে একাধিক মেয়াদে যে একাধিপত্যমূলক, চূড়ান্তবাদী প্রবণতা লক্ষ করা গেছে, তার সঙ্গে তাঁদের পারস্পরিক বৈরিতার চূড়ান্ত মাত্রা যুক্ত হয়েই আজ বাংলাদেশের এই চরম সংকটময় দশা। তাহলে, চরম বৈরী ও মুখোমুখি সংঘাতে উপনীত দুই রাজনৈতিক পক্ষের নিরঙ্কুশ নেতৃত্বে যতক্ষণ তাঁরা আছেন, ততক্ষণ এই দশা থেকে বাংলাদেশের পরিত্রাণ কীভাবে সম্ভব?
মশিউলআলম: সাংবাদিক