পরিশ্রমের কোনো বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য সব দিনের মতো একের পর এক মিটিং। তার মধ্যেও সময় দিলেন। ব্যবসা, আইন, সাফল্য-জীবনের সঙ্গে যুক্ত এই কঠিন বিষয়গুলো নিয়ে সাক্ষাৎকারটা শুরু হওয়ার কথা ছিল। তা না হয়ে ব্যক্তি নিহাদ কবিরের প্রিয়, আগ্রহের জায়গাগুলো সামনে এল আগে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরের সঙ্গে ঢাকার ধানমন্ডির সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের চেম্বারের পাশে তাঁদের পারিবারিক প্রতিষ্ঠান কেদারপুর টি কোম্পানির অফিসে বসে কথা হচ্ছিল ২ মার্চ। সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের আইন পরামর্শক ও অংশীদার এই আইনজীবী।
ঘরটি তাঁর মা লায়লা রহমান কবিরের কাজের জায়গা। তিনি চা-শিল্পে বাংলাদেশীয় চা-সংসদের প্রথম নারী সভাপতি। এমসিসিআইয়েরও প্রথম নারী সভাপতি ছিলেন। বাবা আহমদুল কবির। বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সংবাদ-এর প্রতিষ্ঠাতা।
হাসতে হাসতে বললেন, ‘আমি এই বয়সেও মায়ের কাছে বকা খাই।’ বাসায় নিহাদ কবিরের তিনটি বিড়াল আছে—ট্যাঙ্গো, সামবা ও ছোট। সামবার শরীর খারাপ। কেন ঠিকমতো ওদের দেখভাল করছেন না, তাই মায়ের কাছে বকা খেতে হলো। ফোনটা রেখেই হেসে মোবাইলে ওদের ছবি দেখালেন। সন্তানের মতো ওরা নিহাদ কবিরকে ঘিরে থাকে।
ঘরের ছবিগুলো দেখে বোঝা যাচ্ছিল, মায়ের অনুপ্রেরণা কতখানি তাঁর সঙ্গে। ‘আমি পারিবারিক ব্যবসায় জড়িত। কিন্তু পারিবারিকভাবে এই পদ পাইনি। মেট্রোপলিটন চেম্বারে আমি কেদারপুর নয়, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের মনোনীত প্রতিনিধি। ধাপে ধাপে এখানে এসেছি। তবে এটিও ঠিক যে অন্যদের যে পরিমাণ জীবনসংগ্রাম করতে হয়, পরিবারের কারণে আমাকে সেটা করতে হয়নি।’ সহজ স্বীকারোক্তি নিহাদ কবিরের। যাঁরা সত্যিকার অর্থে জীবনসংগ্রামে জয়ী হন, এগিয়ে যান, তাঁদের স্যালুট দেন তিনি।
পরিশ্রম, একাগ্রতা ও নিষ্ঠা তাঁকে এখানে পৌঁছে দিয়েছে। ছোটবেলায় মায়ের সঙ্গে তাঁর অফিসে যেতেন মতিঝিলে। তাই ব্যবসার সঙ্গে তখন থেকেই পরিচয়। আলাদা করে শিখতে হয়নি। এখনো দরকার হলে মায়ের কাছ থেকে পরামর্শ নেন। তবে মা সব সময় তাঁকে শিখিয়েছেন, কখনো কারও ওপর নির্ভরশীল হবে না।
‘নৈতিকতা, নিষ্ঠার সঙ্গে ছাড় না দেওয়ার চেষ্টা যথাসাধ্য করি। যার যতটুকু দায়িত্ব তাকে ততটুকু করতে হবে। কঠোর পরিশ্রমের বিকল্প কিছু হতে পারে না। সফল হতে হলে কোন কাজটি করতে চাই, সেটা বুঝতে হবে। নিজের সঙ্গে এই বোঝাপড়া ভালো থাকতে হবে।’ বলছিলেন ব্যারিস্টার নিহাদ কবির।
চলার পথ মসৃণই ছিল তাঁর। তাঁর সহকর্মী, পরিবার, স্বামী সবার অবদান এখানে। ‘এমসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার সময় অন্য পার্টনারদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। তাঁরা সমর্থন দিয়েছেন। আমি আসলে খুব সৌভাগ্যবান।’ বলেন তিনি।
মায়ের পরামর্শে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে যান। নিজেকে সবার আগে একজন আইনজীবী ভাবেন এখন। একসময় ক্রিকেটার হতে চেয়েছিলেন। বাংলাদেশে মেয়েদের তখন ক্রিকেট খেলার তেমন সুযোগ ছিল না। থাকলে হয়তো ক্রিকেটার হতেন। ছোটবেলায় দুই ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলতেন। চাচার সঙ্গে মাঠে খেলা দেখতে যেতেন। বাংলাদেশ ক্রিকেট দলের খুব ভক্ত তিনি। বিশেষ করে মুশফিকুর রহিমের। কোনো খেলা দেখা বাদ যায় না। নিজে ছবি তুলতে পছন্দ করেন। ভালোবাসেন বই পড়তে। রবীন্দ্রনাথ প্রিয় লেখক। সত্যজিত রায়, সুকুমার রায় এখনো পড়েন।
বাংলাদেশের বড় ব্যবসায়ীরা এমসিসিআইয়ের সঙ্গে আছেন, যাঁদের মধ্যে অনেকের বয়স ও অভিজ্ঞতা আপনার থেকে বেশি। পুরো বিষয়টি কীভাবে সামলান? উত্তরে বলেন, ‘শুধু আমি না, যখনই কেউ সভাপতি হন, তাঁকে সবাই মিলে সর্বোচ্চ সহযোগিতা করেন। আমার আগে আরও দুজন নারী এই পদে ছিলেন। আমার ওপর তাঁরা আস্থা রেখেছেন। এখানে পারস্পরিক শ্রদ্ধা নিয়ে কাজ করি। ফলে কোনো অসুবিধা হচ্ছে না।’
অনেকে মনে করেন, কর্মজীবী মায়ের সন্তানেরা ‘ঠিকমতো’ মানুষ হয় না। বেশ হেসে নিলেন। বললেন, ‘কারা এটা মনে করে আমি জানি না। কিন্তু কর্মজীবী মায়ের সন্তানেরা অনেক স্বাবলম্বী হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় দ্রুত। আমি নিজেও একজন কর্মজীবী মায়ের মেয়ে। আমাকে গড়ে তুলেছেন স্বাবলম্বী হিসেবে, যা এখন আমার পেশাজীবনে কাজে লাগছে।’
যেকোনো পেশায় সাফল্য পেতে হলে প্রতিদ্বন্দ্বী কোনো পুরুষের তুলনায় অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে একজন নারীকে। এই মন্ত্র তিনি মেনে চলেছেন সারা জীবন।