পরীক্ষার সময়সূচি
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচিটি তোমার পড়ার টেবিলের সামনে অবশ্যই লাগিয়ে রাখবে। এতে পরীক্ষার দিন ও তারিখ সহজেই দেখে নিতে পারবে।
পরীক্ষার আগের রাত
তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, পরীক্ষার আগের রাত। এই রাতে পরবর্তী দিনের পরীক্ষার বিষয়ে মনোযোগ দিয়ে বারবার পড়তে হবে। প্রস্তুতি অনুসারে ‘রিভিশন’ দিতে হবে। কোনো অবস্থাতেই অনেক রাত পর্যন্ত জেগে থাকা যাবে না। কারণ, ভালো পরীক্ষা দেওয়ার জন্য ভালো ঘুম যথেষ্ট প্রয়োজন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে
পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষাসংক্রান্ত সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগেই প্রবেশপত্র, কলম, পেনসিল, ইরেজার, স্কেল ইত্যাদি গুছিয়ে রাখবে। কারণ, পরের দিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় যদি এসব গোছাতে যাও, তাহলে সময় অপচয় হবে এবং তাড়াহুড়োর কারণে অস্থিরতায় ভুগতে হবে। তাই পরীক্ষার উপকরণগুলো রাতেই ঠিকঠাক করে রাখবে।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অবশ্যই দেখে নেবে তোমার প্রবেশপত্র ও পরীক্ষাসংক্রান্ত সব সামগ্রী অর্থাত্ পর্যাপ্ত কলম, পেনসিল, স্কেল, ইরেজার ইত্যাদি ঠিকঠাক আছে কি না। মনে রাখবে, প্রবেশপত্র ও পরীক্ষাসামগ্রী ছাড়া অন্য কোনো বই, খাতা বা কাগজ সঙ্গে নেওয়া যাবে না। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে হলে তোমার আসন গ্রহণ করবে।
যা নেওয়া যাবে না
পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা ক্যালকুলেটর বা মোবাইল ফোন সঙ্গে নেওয়া যাবে না।
খসড়ার জন্য
খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। পর্যাপ্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে। এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে।
অবশ্যই করণীয়
পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ের জন্য হাজিরা শিটে অবশ্যই স্বাক্ষর করতে হবে। না হলে এ বিষয় বা বিষয়সমূহে তাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা