প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, চূড়ান্ত প্রস্তুতির এই সময়ে কোন কোন বিষয়ে আমাদের সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার, তা জেনে নেওয়া যাক।
পরীক্ষার খাতায় প্রথম কাজ
পরীক্ষার হলে প্রবেশ করার পর পরীক্ষা শুরুর ঘণ্টা বাজলে পরীক্ষার খাতাটি তোমাকে দেওয়া হবে। তখন তোমার প্রথম কাজ হবে, পরীক্ষার খাতার কাভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থান দেখে নেবে ও লিখবে। যেখানে পরীক্ষার্থীর ‘নাম...’, ছাপানো থাকবে, তার সামনে তোমার পূর্ণ নাম লিখবে। যেখানে ‘রোল নম্বর...’ ছাপানো থাকবে, তার সামনে তোমার পরীক্ষার রোল নম্বর লিখবে। ‘বিষয়...’ যেখানে লেখা থাকবে, তার সামনে ওই দিনের বিষয়ের নাম লিখবে এবং যেখানে ‘পরীক্ষার্থীর স্বাক্ষর...’ কথাটি ছাপানো থাকবে, তার সামনে তোমার স্বাক্ষর দেবে। পরীক্ষা ‘অনুষ্ঠানের তারিখ...’-এর জায়গায় ওই দিনের তারিখ লিখবে। এসব দরকারি তথ্য অবশ্যই সুন্দর ও পরিষ্কার করে লিখবে। সঠিকভাবে লেখার জন্য প্রবেশপত্রের সাহায্য নেওয়াই ভালো।
আরেকটি কথা, প্রবেশপত্রে যেমন স্বাক্ষর দিয়েছ, পরীক্ষার খাতা এবং হলের স্বাক্ষরপত্রে ঠিক সে রকমই স্বাক্ষর করবে। পরীক্ষার খাতার দ্বিতীয় পৃষ্ঠায় কাটা চিহ্ন দেওয়া থাকবে, সেখানে কোনো কিছু লিখবে না।
খাতায় মার্জিন যেভাবে টানবে
পরীক্ষার খাতার কাভার পৃষ্ঠায় তথ্য লেখা শেষকরার পর তোমার প্রথম কাজ খাতায় মার্জিন টানবে। স্কেল দিয়ে খাতার প্রতিটি সাদা পৃষ্ঠার বাঁ পাশে এক ইঞ্চি এবং ওপরে দেড় ইঞ্চি পরিমাণ মার্জিন টানবে। সাবধান, খাতা ভাঁজ করে মার্জিন করবে না।
খাতায় যেভাবে উত্তর লিখবে
পরীক্ষার খাতায় প্রতিটি উত্তর লেখার সময় যে প্রশ্নটির উত্তর লিখবে, সেই প্রশ্নের নম্বর অবশ্যই খাতার মাঝামাঝি জায়গায় লিখবে। খাতার বাঁ পাশের মার্জিনের বাঁয়ে কিছু লেখা যাবে না। ওপরের মার্জিনের নিচে তুমি যে প্রশ্নের উত্তর লিখবে, সেই প্রশ্নের নম্বর লিখবে। সংক্ষেপে উত্তর ও কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর প্রশ্নে ক, খ, গ কিংবা a, b, c ইত্যাদি অংশ থাকে, তবে সেই প্রশ্নের উত্তর লেখার সময় খাতার মাঝখানে ওই প্রশ্নের নম্বর লিখবে। তারপর ঠিক তার সরাসরি নিচে (ক), (খ), (গ) কিংবা (a) (b) (c) ইত্যাদি নম্বর সমপরিমাণ দূরত্ব রেখে স্পষ্ট করে উত্তর লিখবে।
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ