পাকিস্তানে 'ঐতিহাসিক' নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফের দলের নির্বাচনী প্রচারণা
নওয়াজ শরিফের দলের নির্বাচনী প্রচারণা

২০১৩ সালের ১১ মে পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেশটির গণতান্ত্রিক যাত্রাপথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বর্ণনা করা হয়েছে। একে ‘ঐতিহাসিক’ নির্বাচনও বলা হয়েছে। কারণ, পাকিস্তানের ছয় দশকের ইতিহাসে এবারই প্রথম একটি নির্বাচিত সরকারের মেয়াদপূর্তির পর সর্বজনীন অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে একটি সাধারণ নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে নবনির্বাচিত সরকারের কাছে। পাকিস্তানের রাজনীতিতে গণতন্ত্র-অভিমুখী এই ইতিবাচক ঘটনায় দক্ষিণ এশীয় অঞ্চলে গণতন্ত্র বিকাশের আশাবাদ আরও জোরালো হয়েছে।
পাকিস্তান জাতীয় পরিষদের মোট ৩৪২টি আসনের মধ্যে সরাসরি নির্বাচন হয় ২৭২টিতে। সংরক্ষিত আসন রয়েছে নারীদের জন্য ৬০টি এবং সংখ্যালঘুদের জন্য ১০টি। এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ ১৬৬ আসনে জয়ী হয়ে সর্বোচ্চসংখ্যক আসন লাভ করে। নওয়াজের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল, তিনি পাকিস্তানে আমেরিকার ড্রোন হামলা বন্ধ করবেন, তালেবানের সঙ্গে সংলাপের মাধ্যমে দেশটিতে শান্তি ফিরিয়ে আনবেন, দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠা করবেন। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন থেকে ছয়টি আসন কম পায় তাঁর দল।
ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির ভরাডুবি ঘটে; তারা পায় মাত্র ৪৫টি আসন। আর ৩৫টি আসনে জয়ী হয়ে তৃতীয় স্থান অর্জন করে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নতুন দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ। ইমরানেরও প্রতিশ্রুতি ছিল তিনি আমেরিকার ড্রোন হামলা বন্ধ করবেন; তবে তাঁর বিশেষ প্রচারণা ছিল দুর্নীতির বিরুদ্ধে এবং যুবসমাজের কর্মসংস্থান ও শিক্ষাবিস্তারের মাধ্যমে এক ‘নয়া পাকিস্তান’ গড়ে তোলার পক্ষে।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭২ আসন না পাওয়ায় নওয়াজ শরিফকে জোট সরকার গঠনের চেষ্টা করতে হয়; তিনি ১৯ জন স্বতন্ত্র সাংসদকে দলে টানতে সক্ষম হন। তাঁদের নিয়ে ১৯ মে একটি জোট সরকার গঠিত হয়। পরের মাসে নওয়াজ শরিফ পাকিস্তানের ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
বিভেদ ও সহিংসতার দেশ পাকিস্তানে এবারের নির্বাচনের সময়ও বেশ কিছু সহিংসতা হয়েছে। তালেবান জঙ্গিরা জনগণকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়েছিল এবং নির্বাচনে অংশগ্রহণকারীদের হত্যার হুমকি দিয়েছিল। পিপিপির নেতা বিলওয়াল জারদারি ভুট্টো নিরাপত্তাহীনতার আশঙ্কায় দেশ ছেড়ে চলে যান এবং নির্বাচনের দিন পর্যন্ত আর ফেরেন না। তালেবানের সম্ভাব্য হামলা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। সারা দেশে মোতায়েন করা হয়েছিল ৭০ হাজার সেনাসহ প্রায় ছয় লাখ নিরাপত্তাকর্মী। বিদেশি জঙ্গি ঠেকাতে ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে প্রতিবেশী ইরান ও আফগান সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকায় শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হতে পেরেছে।
 মিজান মল্লিক