পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনা হবে : আ হ ম মুস্তফা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ হ ম মুস্তফা কামাল
আ হ ম মুস্তফা কামাল

প্রথম আলো: টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) অন্যতম লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে অতিদারিদ্র্য নিরসন। এ বিষয়ে সরকারের পরিকল্পনা কী?
আ হ ম মুস্তফা কামাল: সরকারের সর্বোচ্চ উন্নয়ন দলিল সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০১৬-২০) এসডিজির লক্ষ্যসমূহ সমন্বয় করা হয়েছে। এ লক্ষ্যসমূহের সঙ্গে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক এসডিজি ম্যাপিং খসড়া চূড়ান্ত করা হয়েছে। একটি সার্বিক এসডিজি বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে পরিকল্পনা কমিশন। ধারাবাহিকভাবে উচ্চতর প্রবৃদ্ধির মাধ্যমে সবার জন্য কর্মসংস্থানের পাশাপাশি পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করা হচ্ছে সরকারের অগ্রাধিকার। এ জন্য উন্নয়ন বাজেটে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়ে অতিরিক্ত ১ কোটি ২৯ লাখ লোকের কর্মসংস্থানের লক্ষ্য রয়েছে। সরকার মনে করে প্রকৃতপক্ষে কর্মসংস্থানের মাধ্যমেই টেকসই দারিদ্র্য নিরসন সম্ভব।
প্রথম আলো: জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা কৌশল নেওয়া হয়েছে। সেখানে ২২টি মন্ত্রণালয়কে এক জায়গায় এনে কাজ করতে হবে। কীভাবে সমন্বয় করা হবে?
মুস্তফা কামাল: সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে জীবনচক্র পদ্ধতির ভিত্তিতে একীভূত করার প্রস্তাব করা হয়েছে। জীবনচক্রভিত্তিক মূল কর্মসূচিগুলো হলো শিশুদের জন্য কর্মসূচি, বিদ্যালয়গামী শিশুদের জন্য কর্মসূচি, কর্মোপযোগী নাগরিকদের জন্য কর্মসূচি, কর্মক্ষম নারী-পুরুষদের জন্য কর্মসূচি, বয়স্ক ব্যক্তিদের জন্য তিন স্তরে পেনশনব্যবস্থা (বয়স্কভাতা, জাতীয় সামাজিক বিমা প্রকল্প ও ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড, প্রতিবন্ধীদের জন্য কমর্সূচি এবং ক্ষুদ্র ও বিশেষ কমর্সূচি)। নিরাপত্তা কর্মসূচিগুলোকে পাঁচটি বিষয়ভিত্তিক ক্লাস্টারে ভাগ করা হবে। প্রতিটি ক্লাস্টারের নেতৃত্ব দেবে সংশ্লিষ্ট একটি মন্ত্রণালয়।

প্রথম আলো: দরিদ্রদের চিহ্নিত করতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। সে ক্ষেত্রে দরিদ্র নির্বাচনপ্রক্রিয়ায় কীভাবে বেসরকারি খাত বিশেষ করে এনজিওকে সম্পৃক্ত করা যায়?

মুস্তফা কামাল: সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রক্সি মিনস টেস্ট (পিএম​িট) পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশ দারিদ্র্য তথ্যভান্ডার (বিপিডি) তৈরির উদ্যোগ নিয়েছে। পিএমটি পদ্ধতির সীমাবদ্ধতা বিবেচনায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ লোকজনকে চিহ্নিত করতে স্থানীয় সরকার ও এনজিওদের সহায়তায় একটি সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের ওপর ভিত্তি করে সামাজিক নিরাপত্তামূলক সেবা প্রদানের ক্ষেত্রে সরকার এনজিওদের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখবে। প্রয়োজনে এ অংশীদারত্ব আরও গভীরভাবে বিস্তৃত করবে। যেসব ক্ষেত্রে এনজিও সহায়ক হতে পারে, সেগুলো হলো ভবিষ্যতে বিস্তৃতির সম্ভাবনা আছে এমন উদ্ভাবনীমূলক পাইলট কর্মসূচি সৃজন, বিশেষ করে দুর্গম এলাকায় বসবাসকারী অথবা প্রান্তিক বা বিপদাপন্ন জনগোষ্ঠীর যেসব মানুষের কাছে সেবা পৌঁছানো কঠিন, তাদের মধ্যে উপকারভোগী চিহ্নিত করা। এ ছাড়া জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়ন-সম্পর্কিত অভিযোগ ও বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করা।

প্রথম আলো: সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সামাজিক নিরাপত্তা খাতে টাকার অঙ্কে বরাদ্দ বেড়েছে। কিন্তু জিডিপির অনুপাতে কমেছে। ব্যয় পরিকল্পনা কি পর্যাপ্ত বলে আপনি মনে করেন?

মুস্তফা কামাল: ২০০৭-০৮ অর্থবছরে এ খাতে মোট ব্যয় ছিল ১১ হাজার ৪৬৭ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৮২ শতাংশ এবং বাজেটের ১১ দশমিক ৪৭ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ২৩০ কোটি টাকা, যা জিডিপির ২ দশমিক ৩১ শতাংশ এবং বাজেটের ১৩ দশমিক ২৮ শতাংশ। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বাজেটে সরকারের পক্ষ থেকে পৃথক বরাদ্দ দেওয়া হয়। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকার হলো জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়ন। তবে এ পরিকল্পনায় সামাজিক নিরাপত্তায় গড় ব্যয় জিডিপির ২ দশমিক ৩ শতাংশ প্রাক্কলন করা হয়েছে।

প্রথম আলো: অতিদরিদ্রদের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেটাবেইস তৈরির অগ্রগতি কতটুকু?

মুস্তফা কামাল: কর্মসূচিভিত্তিক পরিবীক্ষণ তথ্যপদ্ধতির ওপর ভিত্তি করে একটি জাতীয় একক রেজিস্ট্রি প্রতিষ্ঠা করা হবে। এ একক রেজিস্ট্রি প্রতিষ্ঠায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নেতৃত্ব দেবে। জাতীয় সংস্কার প্রক্রিয়ার সহায়তার অংশ হিসেবে বিবিএস ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ খানা তথ্যভান্ডার প্রস্তুতির কাজ এগিয়ে চলছে, যা ২০১৭-১৮ অর্থবছর নাগাদ শেষ হবে।

প্রথম আলো: শহর এলাকায় দারিদ্র্য নিরসনে পরিকল্পনা আছে কি?

মুস্তফা কামাল: সরকার নগর এলাকায় বসবাসরত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অধিক হারে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার ব্যাপারে বেশ সজাগ। যেহেতু বয়স্ক, শিশু, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তৃত হচ্ছে, তাই নগর এলাকার দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের এ নিরাপত্তাসুবিধা নিশ্চিত করা হবে। এ ছাড়া শিশু পরিচর্যা ও জাতীয় সামাজিক বিমা স্কিমের মতো কর্মসূচি নগর এলাকায় সর্বাধিক উপকার করবে।

প্রথম আলো: বেদে, কামার, কুমারসহ বিশেষ সম্প্রদায় এবং হাওর কিংবা উপকূলীয় এলাকার মতো বিশেষ অঞ্চলে দারিদ্র্য কমানোর জন্য সরকারের পরিকল্পনা কী?

মুস্তফা কামাল: সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠী লিঙ্গ, ধর্ম, জাতি, পেশা, অসুস্থতা ইত্যাদির ভিত্তিতে নানা ধরনের সামাজিক বঞ্চনার শিকার হয়। এদের মধ্যে বেদে, কুমার, কামারসহ বিশেষ সম্প্রদায় এবং হাওর কিংবা উপকূলীয় এলাকার মতো বিশেষ অঞ্চলের জনগণও অন্তর্ভুক্ত। সরকারি হিসাবে হাওর অঞ্চল ছাড়া এ সংখ্যা বর্তমানে ৫৬ লাখ ৬১ হাজার ৫৭৮। এসডিজি বাস্তবায়নে এ ব্যাপক জনগোষ্ঠীকে আমাদের অর্থনীতির মূলধারায় আনতে হবে। সরকার এসডিজির অন্যতম যে থিমের সঙ্গে একমত পোষণ করে তা হলো, নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড। আমাদের প্রধানমন্ত্রীও ব্যক্তিগতভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে থাকেন। ইতিমধ্যে তিনি এসব লোকজনকে অর্থনীতির মূলধারায় আনার জন্য কার্যক্রম পরিচালনা করতে পরিকল্পনা কমিশনকে নির্দেশনা দিয়েছেন।