পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে এগিয়ে আসব
>

২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে নারী শিক্ষানবিশ পাইলট হিসেবে প্রথমবারের মতো সফলভাবে প্রশিক্ষণ বিমানে একক ও দ্বৈত উড্ডয়ন পরিচালনা করেছেন। এখন তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর বৈমানিক।

শাহরিনা বিনতে আনোয়ার
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজ পরিচয়ে পরিচিত হব। স্বকীয়তায় প্রস্ফুটিত হতে সমাজে এমন একটি অবস্থান তৈরি করব, যেখান থেকে নিজের ভাবনাগুলোর বিকাশ ঘটানো সম্ভব। ছাত্রজীবন থেকেই আমি সুশৃঙ্খল বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে আকৃষ্ট হতাম। তাই মায়ের একান্ত আগ্রহ আর নিজের অধ্যাবসায়ে বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত করেছি। আমি আমার সেই স্বপ্নকে আরও রঙিন করেছি বাংলাদেশ সেনাবাহিনীর একজন বৈমানিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে।
আসলে আমি পুরোপুরি সফল হয়েছি সে কথা এখনই বলতে পারছি না। তবে স্বপ্ন পূরণের একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছি মাত্র। সত্যি বলতে আমার মা–ই আমার প্রেরণার মূল উত্স। তাঁর প্রেরণা ও সাহস সেই সঙ্গে আমার প্রশিক্ষকদের নিরলস পরিশ্রম ও সহায়তা, আমার অধ্যাবসায় আর পরম করুণাময়ের ইচ্ছায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আমার মতে একাগ্রতাই সাফল্যের চাবিকাঠি। লক্ষ্য স্থির রেখে একাগ্রতা ও আত্মবিশ্বাস নিয়ে অগ্রসর হলে সাফল্য মিলবেই।
আমার মনে হয় কোনো কিছু তখনই বাধায় পরিণত হয় যখন আমরা তাকে বাধা হিসেবে স্বীকার করে নিই। আমার বাধা আমার ব্যক্তিগত সীমাবদ্ধতারই বাহ্যিক রূপ। একজন নারী হিসেবে সেনাবাহিনীর বাইরে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। কারণ, বাংলাদেশ সেনাবাহিনীতে নারী সদস্যদের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান।
বাংলাদেশ মিলিটারী একাডেমি থেকে দীর্ঘ দুই বছর সামরিক প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেওয়াই আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। আর দ্বিতীয় টার্নিং পয়েন্ট ছিল একজন বৈমানিক হওয়ার গৌরব অর্জন করা। আমার সব শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণা এবং সহায়তায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি।
পরম করুণাময়ের অশেষ রহমতে আমি আমার এই ক্ষুদ্র জীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে অনেকাংশেই আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি আরও অনেক কিছুর স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি, একজন সফল বৈমানিক প্রশিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলার। আরও অনেককে আকাশে ডানা মেলার সুযোগ করে দিতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এগিয়ে আসতে চাই বাংলাদেশের বিভিন্ন স্তরের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে। ক্যারিয়ারের পাশাপাশি আমার সংসারটা আরও গুছিয়ে একটা সুন্দর জীবন যাপন করতে চাই।

নাজিয়া নুসরাত হোসেন
ছোটবেলায় বলতে গেলে সবারই একটা রোমাঞ্চকর স্বপ্ন থাকে—বড় হয়ে পাইলট হবে। কিন্তু আমার কখনোই এমন কোনো স্বপ্ন ছিল না। তবে যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই ইচ্ছে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরব। কারণ, সেনাবাহিনীর রোমাঞ্চকর জীবন আমাকে দারুণ টানত। মায়ের উত্সাহে সে স্বপ্ন পূরণ হয়েছে। এরপর যখন সুযোগ আসে তখন নতুন করে স্বপ্ন দেখেছিলাম বৈমানিক হওয়ার, সবার সহযোিগতায় এখানেও সাফল্য পেয়েছি।
সুপরিচিতি বা অভিনন্দন পাওয়ার জন্য আসলে কখনো কোনো কাজ করিনি। যে কাজটা করেছি তাতে যেন সফল হতে পারি এই লক্ষ্য নিয়ে সামনে এগিয়েছি। আমার এই সাফল্যের মূলে ছিল দৃঢ় মনোবল, সব সময় ইতিবাচক চিন্তাভাবনা ও কঠোর পরিশ্রম। আর পরিবারের সহযোিগতা ও উত্সাহ ছিল আমার অনেক বড় অবলম্বন।
স্বপ্ন পূরণের শুরুটা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে। অনেক কঠোর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সেনাবাহিনীতে একজন কর্মকর্তা হিসেবে আত্মপ্রকাশ করতে হয়। কিন্তু সত্যি বলতে সেটাকে কখনো বাধা বলে মনে হয়নি। বৈমানিক হওয়ার ক্ষেত্রে বাধা বলতে গেলে প্রথম একক উড্ডয়নের কথা মনে পরে। কঠিন হলেও কখনো অসম্ভব মনে হয়নি। কিন্তু আমার প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল রানা স্যারের সহযোগীতায় তা সফলভাবে সম্পন্ন করেছিলাম।
আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা এবং পরবর্তী টার্নিং পয়েন্ট হলো একজন সফল বৈমানিক হওয়ার গৌরব অর্জন করা।
ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। নিজের কাজের দক্ষতা বাড়ানোর জন্য আমি আরও পড়াশোনা করতে চাই। আমি এখানেই থেমে থাকতে চাই না। নিজের কাজের ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার স্বপ্ন দেখি।
আমি স্বপ্ন দেখি, বাংলাদেশের নাম একদিন উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে সগৌরবে উচ্চারিত হবে। বাংলাদেশের প্রত্যেক মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে এবং দেশের উন্নতির জন্য অবদান রাখবে। পৃথিবীর সবাই আমাদের চিনবে একটি সাহসী জাতি হিসেবে।