পুরস্কার আট কোটি টাকা মাত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ থেকে ৫০ পর্যন্ত সমস্ত জোড় সংখ্যাকে দুটি মৌলিক সংখ্যার যোগফল হিসেবে দেখানো হয়েছে।
৪ থেকে ৫০ পর্যন্ত সমস্ত জোড় সংখ্যাকে দুটি মৌলিক সংখ্যার যোগফল হিসেবে দেখানো হয়েছে।

কথিত আছে, পিথাগোরাসের কাছে তাঁর এক ছাত্র জানতে চেয়েছিল, ‘গণিত করে কী লাভ?’ এটা শুনে পিথাগোরাস মশায়ই রীতিমতো খেপে গিয়ে বলেছিলেন, ‘ওরে কে কোথায় আছিস! ওকে দুটো পয়সা দে। ব্যাটা গণিতের মধ্যে লাভ-লোকসান খোঁজে!’ কিন্তু আজকাল এ রকম প্রশ্ন করাই যায়। কারণ, বিশুদ্ধ গণিত চর্চা করেই এখন কামানো সম্ভব কোটি কোটি টাকা। কীভাবে? এই সহস্রাব্দের শুরুতে (কিংবা বলতে পারো গত সহস্রাব্দের শেষে), অর্থাৎ ২০০০ সালে একটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়, বাংলাদেশি টাকায় যা প্রায় আট কোটি টাকা! কী সেই সমস্যা?
সেই সমস্যা বুঝতে হলে সংখ্যার রকমফের নিয়ে কিছুটা ধারণা থাকা চাই। নানা ধরনের সংখ্যা নিয়ে আমাদের বসবাস। কেউ ধনাত্মক (যেমন: ১, ২, ৩,...); কেউ ঋণাত্মক (যেমন: -১, -২, -৩,...); কেউ বা আবার ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, একেবারে নির্দলীয় নিরপেক্ষ (যেমন: শূন্য)। পূর্ণসংখ্যা যেমন আছে, তেমন আছে ভগ্নাংশ। যেমন: ১/২, ০.৩৩৩, -০.০০১ ইত্যাদি। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের কোটি টাকার সমস্যার চেহারাটা বড় সাধাসিধে। তাতে ঋণাত্মক সংখ্যাও নেই, ভগ্নাংশও নেই, আছে কেবল ধনাত্মক পূর্ণসংখ্যা। অর্থাৎ, ১, ২, ৩...এগুলো। ধনাত্মক পূর্ণসংখ্যার মধ্যে এমন কিছু সংখ্যা আছে, যেগুলো একটু অন্য রকম। এদের আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না। যেমন ধরো, ৭-কে শুধু ১ কিংবা ৭ দিয়ে ভাগ করলেই কেবল নিঃশেষে বিভাজ্য হয়। ৭-এর মতো আরও সংখ্যা আছে, যেগুলোকে ১ এবং শুধু সেই সংখ্যা দিয়েই নিঃশেষে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে নয়। যেমন: ২, ৩, ৫, ১১, ১৩, ১৭, ১৯, ২৩...ইত্যাদি। এ ধরনের সংখ্যাগুলোকে বলে মৌলিক সংখ্যা। ধনাত্মক পূর্ণসংখ্যার মধ্যে যেগুলো মৌলিক নয়, সেগুলোকে (১ বাদে) বলে যৌগিক সংখ্যা। যেমন: ১২-কে ১ কিংবা ১২ ছাড়াও আরও সংখ্যা (যেমন: ২, ৩, ৪, ৬) দিয়ে নিঃশেষে ভাগ করা চলে। তাই ১২ একটি যৌগিক সংখ্যা। বলে রাখা ভালো, ১-কে মৌলিক কিংবা যৌগিক—কোনোটাই বলা যায় না। কেন বলা যায় না, সেটা পরে ভাবা যাবে। আপাতত কোটি টাকার সমস্যাটা দেখা যাক:
‘প্রমাণ করতে হবে, ২-এর চেয়ে বড় যেকোনো জোড় সংখ্যাকে অবশ্যই দুটি মৌলিক সংখ্যার যোগফল হিসেবে লেখা যায়।’
কয়েকটা উদাহরণ থেকে ব্যাপারটা সহজে বোঝা যায়। যেমন:
৪ = ২ + ২
৬ = ৩ + ৩
৮ = ৫ + ৩
১০ = ৩ + ৭ = ৫ + ৫
...
১০০ = ৩ + ৯৭ = ১১ + ৮৯ = ১৭ + ৮৩ = ২৯ + ৭১ = ৪১ + ৫৯ = ৪৭ + ৫৩
...

অয়লারের কাছে লেখা গোল্ডবাখের সেই চিঠি, যেখানে তিনি তাঁর বিখ্যাত অনুমানটি প্রথম উল্লেখ করেছিলেন।
অয়লারের কাছে লেখা গোল্ডবাখের সেই চিঠি, যেখানে তিনি তাঁর বিখ্যাত অনুমানটি প্রথম উল্লেখ করেছিলেন।

এভাবে ৪০,০০০,০০,০০,০০০,০০,০০,০০০ (চল্লিশ হাজার কোটি কোটি) পর্যন্ত সব জোড় সংখ্যার জন্য হিসাব করে দেখা গেছে, আসলেই তাই। প্রতিটিকে দুটো মৌলিক সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা চলে। তাহলে আর কী! অত বিশাল একটা সংখ্যা পর্যন্ত ব্যাপারটা যদি সত্যি হয়, তবে তো প্রমাণ হয়েই গেছে বলা যায়। কিন্তু গণিতবিদেরা এত ‘অল্পে’ সন্তুষ্ট হওয়ার পাত্র নন। তাঁরা বলবেন, যত পর্যন্ত এর সত্যতা পাওয়া গেছে, তার ঠিক পরের সংখ্যার জন্যই যে কথাটা মিথ্যা হয়ে যাবে না, তার নিশ্চয়তা কী? ঠিক এই কারণে এমন প্রমাণ চাই, যেটা যেকোনো সংখ্যার জন্য খাটে, তা সেটা যত বড় কিংবা যত ছোট হোক না কেন। অবশ্য কেউ যদি দেখাতে পারে, কোনো একটা সংখ্যার জন্য কথাটা মিথ্যা, তাহলেও চলে। তখন এটাই প্রমাণিত হবে যে কথাটা ঠিক নয়। সেও একরকম প্রমাণ বৈকি। কিন্তু এখন পর্যন্ত ওই সমস্যার কোনো সম্পূর্ণ প্রমাণ পাওয়া যায়নি—না পক্ষে, না বিপক্ষে। অবশ্য এ বছর (২০১৩) পেরুর গণিতবিদ হ্যারাল্ড অঁদ্রে হেলফগট (Harald Andrés Helfgott) আলোচ্য সমস্যার একটা ‘দুর্বল’ প্রমাণ বের করেছেন। দুর্বল বলা হচ্ছে এ কারণে যে তিনি আসল সমস্যার সমাধান না করে তার কাছাকাছি অন্য একটা জিনিস প্রমাণ করেছেন:
‘৫-এর চেয়ে বড় যেকোনো বিজোড় সংখ্যাকে অবশ্যই তিনটি মৌলিক সংখ্যার যোগফল হিসেবে লেখা যায়।’
কথাটি সত্যি হলে মূল সমস্যাটা যে প্রমাণিত হবে, তার কোনো নিশ্চয়তা নেই। উল্টো, মূল সমস্যাটা সত্য প্রমাণিত হলে সেখান থেকে খুব সহজে এ কথা প্রমাণ করা সম্ভব। হেলফগটের প্রমাণের এটাও একটা দুর্বলতা।
আপাতদৃষ্টিতে সমস্যাটি দেখতে বড় নিরীহ হলেও কত দিন ধরে তা এ রকম ঝুলন্ত অবস্থায় আছে, সেটা খানিকটা অবাক করার মতো। ২-এর চেয়ে বড় যেকোনো জোড় সংখ্যাকে যে সব সময়ই দুটি মৌলিক সংখ্যার যোগফল হিসেবে লেখা যেতে পারে, সেটা প্রথম আন্দাজ করেছিলেন জার্মান গণিতবিদ ক্রিশ্চিয়ান গোল্ডবাখ (Christian Goldbach)। তিনি তাঁর বন্ধু এবং বিখ্যাত গণিতবিদ লিওনার্দ অয়লারের (Leonhard Euler) কাছে ১৭৪২ সালে লেখা এক চিঠিতে সর্বপ্রথম এই মত ব্যক্ত করেন। অবশ্য এটা যে তিনি প্রমাণ করতে পারেননি, শুধুই অনুমান, সেটাও ওই চিঠিতে লেখা ছিল। চিঠিটা যখন লেখা হয়, তখন ১-কেও মৌলিক মনে করা হতো, তাই ‘২-এর চেয়ে বড়’—এই কথাটুকু ওই চিঠিতে লেখেননি গোল্ডবাখ। যা-ই হোক, তার পরও এই ধারণার জনক হিসেবে গোল্ডবাখের সম্মানে সমস্যাটির নাম দেওয়া হয়েছে ‘গোল্ডবাখের অনুমান’ (Goldbach’s conjecture)।

ক্রিশ্চিয়ান গোল্ডবাখ ও লিওনার্দ অয়লার
ক্রিশ্চিয়ান গোল্ডবাখ ও লিওনার্দ অয়লার

তারপর একে একে ২৭০ বছর কেটে গেল। কেউ আর এটা প্রমাণ করতে পারল না। হেলফগটের মতো কেউ কেউ এর আশপাশ দিয়ে এটা-সেটা প্রমাণ করেছেন বটে, কিন্তু গোল্ডবাখের যে আসল অনুমান, তার প্রমাণ (যদি থাকে) এখনো ধরাছোঁয়ার বাইরে।
এখন আবার পুরস্কারের প্রসঙ্গে ফিরে আসি। গোল্ডবাখের অনুমান প্রমাণ করার জন্য যে মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল, সেটা কিন্তু কোনো গণিতবিদ কিংবা বিশ্ববিদ্যালয় অথবা কোনো বিজ্ঞান সংগঠন থেকে করা হয়নি। টোনি ফেবার (Tony Faber) নামে এক ব্রিটিশ প্রকাশক ২০০০ সালে পুরস্কারটি ঘোষণা করেন। উদ্দেশ্য, তাঁর প্রকাশনা থেকে বের হওয়া একটা বইয়ের কাটতি বাড়ানো! বইটির নাম পেত্রস কাকু এবং গোল্ডবাখের অনুমান (Uncle Petros and Goldbach’s Conjecture)। এখন একটা দুঃসংবাদ দিই। টোনি ফেবারের ঘোষিত পুরস্কারের সময়সীমা শেষ হয়েছে ২০০২-এর এপ্রিলে, বইটি বেরোনোর ঠিক দুই বছর পর। এর মধ্যে কেউই পুরস্কারটি দাবি করেননি।
এই দুঃসংবাদ শুনে মন খারাপ করার আগে একটি সুসংবাদ দিই। টোনি ফেবার যে বছর গোল্ডবাখের অনুমান প্রমাণের জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন, ওই একই বছর, অর্থাৎ ২০০০ সালে ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউট (Clay Mathematics Institute) নামে একটি আন্তর্জাতিক গণিত সংস্থা সাতটি গাণিতিক সমস্যার একটি তালিকা প্রকাশ করে। এই ‘সহস্রাব্দ সমস্যাগুলো’র (millennium problem) প্রতিটির দাম এক মিলিয়ন ডলার। এই তালিকায় কেন জানি গোল্ডবাখের অনুমানটি অনুপস্থিত! সে যা-ই হোক, গোল্ডবাখের অনুমানের মতো এগুলোও এমন সব সমস্যা যার কোনো সমাধান এখনো কেউ বের করতে পারেনি। সমস্যাগুলো দেখা যাবে এই লিংকে: http://www.claymath.org/millennium/
অবশ্য এই সমস্যাগুলো প্রকাশিত হওয়ার পর একটি সমস্যার সমাধান করে পুরো এক মিলিয়ন ডলার জিতে নিয়েছেন রুশ গণিতবিদ ড. গ্রিগোরাই পেরেলমান (Dr. Grigoriy Perelman)। রইল বাকি ছয়। ফেবারের মতো ক্লে ইনস্টিটিউট কিন্তু সমাধান প্রকাশ করার কোনো সময়সীমা বেঁধে দেয়নি। তার মানে, ভালো করে গণিত চর্চা করলে এখনো কোটি কোটি টাকা জেতার সুযোগ আছে।
গণিত চর্চা করলে বড়লোক হওয়া যাবে, সেটা বোঝা গেল। কিন্তু গণিতচর্চার উদ্দেশ্য কি স্রেফ টাকা কামানো? গণিতবিদেরা সম্মান পান, যুগে যুগে বেঁচে থাকেন তাঁদের কাজের মধ্যে। এটাও কিন্তু গণিতচর্চার একটা উদ্দেশ্য হিসেবে ভাবা যায়। কেউ আবার বলতে পারে, উদ্দেশ্যের কী প্রয়োজন? লেখার শুরুতে পিথাগোরাসের একটি কাহিনি বলেছিলাম। তিনি গণিতকে দেখতেন বিশুদ্ধ জ্ঞানচর্চার একটি মাধ্যম হিসেবে। গণিতের আনন্দের জন্য গণিতচর্চা। হ্যাঁ, এটাও ঘুরেফিরে গণিতচর্চার একটা উদ্দেশ্য হতে পারে।