পেরোতে হবে আরও অনেক পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিদারিদ্র্য থেকে উত্তরণের সূচকসমূহ
অতিদারিদ্র্য থেকে উত্তরণের সূচকসমূহ

বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন আজ সারা বিশ্বে প্রশংসিত। এই সাফল্য অর্জনে সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো, ব্যক্তিমালিকানা খাত ও দাতাগোষ্ঠী। তবে উন্নয়নের মূল চালিকাশক্তি জনগণ। বছরের পর বছর ধরে প্রাকৃতিক ও মানবঘটিত দুর্যোগ মোকাবিলা করে পূর্ণ উদ্যমে উঠে দাঁড়ানোর অদম্য মনোবল এ দেশের মানুষের। আজকের এই অগ্রগতি তারই ফসল।
কৃষি, শিল্প, অবকাঠামো, জনশক্তি রপ্তানিসহ প্রধান খাতগুলোতে ধারাবাহিক উন্নতির কারণে দেশের দারিদ্র্য হ্রাসেও গতি এসেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের আওতায় ২০১৫ সাল নাগাদ দারিদ্র্যের হার ২৯ শতাংশে নামিয়ে আনার নির্ধারিত লক্ষ্যমাত্রা ২০১২ সালেই আমরা পূরণ করেছি। একই সঙ্গে হ্রাস পেয়েছে অতিদারিদ্র্য। বিশ্বব্যাংক সম্প্রতি জানিয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে দেশের অতিদারিদ্র্য কমে ১২ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে।
তবে সম্পূর্ণভাবে দারিদ্র্য নিরসনে আমাদের যেতে হবে আরও বহুদূর। ‘রূপকল্প ২০২১’ অনুযায়ী সরকারের লক্ষ্য ২০২১ সাল নাগাদ দারিদ্র্য ১৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা, যা ২০১৫ সাল নাগাদ ছিল ২৪ দশমিক ৮ শতাংশ। আবার জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য ২০৩০ সাল নাগাদ আমাদের অতিদরিদ্র জনসংখ্যা ৩ শতাংশে নামিয়ে আনতে হবে। বিশ্বব্যাংকের মতে, বর্তমান গতিতে দারিদ্র্য হ্রাস পেলে এসডিজির এই লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে। কঠিন হবে রূপকল্প ২০২১ পূরণও।
দরিদ্র মানুষের উন্নয়নে চার দশকব্যাপী কাজের অভিজ্ঞতায় ব্র্যাকের উপলব্ধি এই যে সমন্বিত, সার্বিক এবং টেকসই পদক্ষেপ ছাড়া স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। প্রতিষ্ঠানটি তাই সারা দেশে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মদক্ষতা প্রশিক্ষণ, আয়মূলক কর্মকাণ্ডসহ সমন্বিত উন্নয়নের মডেল বাস্তবায়ন করে চলেছে। এসব কর্মসূচির কেন্দ্রে আছে দরিদ্র জনগোষ্ঠীর, বিশেষ করে নারীর ক্ষমতায়ন।

মাঠপর্যায়ের ব্যাপক অভিজ্ঞতার আলোকে ব্র্যাকের একটি বিশেষ উপলব্ধি ছিল, সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগণকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে হলে পৃথক এবং আরও নিবিড়ভাবে পরিচালিত কর্মসূচি প্রয়োজন। এ উপলব্ধি থেকে ব্র্যাক ২০০২ সালে  ‘অতিদরিদ্র কর্মসূচি’ হাতে নেয়।

কর্মসূচিটির প্রধান বৈশিষ্ট্য দুটি—এক. এতে সম্পৃক্ত হওয়ার মতো আর্থসামাজিক অবস্থার পরিবার নির্বাচন এবং দুই. ‘গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ’ বা অতিদারিদ্র্য থেকে উত্তরণমুখী কৌশল।

ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচির প্রথম ধাপে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে একটি এলাকার প্রতিটি পরিবারের আর্থসামাজিক পরিস্থিতি যাচাই করার পর কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার উপযোগী পরিবারগুলোকে নির্বাচন করা হয়।

নির্বাচিত পরিবারগুলো দুই বছরে ধাপে ধাপে পরিচালিত আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়। দুই বছর শেষে কর্মসূচির অন্তর্গত পরিবার অতিদরিদ্র অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে কি না, তা নির্দিষ্ট কিছু সূচক ব্যবহার করে পরিমাপ করা হয়।

 ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ব্র্যাকের সহায়তায় প্রায় ১৭ লাখ পরিবার অতিদারিদ্র্য অতিক্রম করেছে। এদের অনেকেই এখন অর্থনৈতিক অবস্থা ও সামাজিক ক্ষমতায়নের নিরিখে সুপ্রতিষ্ঠিত। ব্র্যাক ২০১৫-২০ সময়ে বাংলাদেশে আরও ৫ লাখ অতিদরিদ্র পরিবারের সঙ্গে এই কর্মসূচি নিয়ে কাজ করবে।

বিশ্বে আজ ৪০টিরও বেশি দেশের সরকার ও বেসরকারি সংস্থাসমূহ ব্র্যাক উদ্ভাবিত এ মডেলটিকে তাদের দেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করেছে ও এখনো করছে। লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) মডেলটির কার্যকারিতা নিয়ে বেশ কয়েকটি দে​েশ গবেষণা করেছে, যার ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

দরিদ্র মানুষকে সুরক্ষা প্রদান ও আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে সরকার সম্প্রতি ‘জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল’ গ্রহণ করেছে। এতে ব্র্যাকের ‘গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ’ প্রশংসার সঙ্গে উল্লিখিত হয়েছে। আমরা যারা বেসরকারি পর্যায়ে সীমিত সামর্থ্য নিয়ে এ ক্ষেত্রে কাজ করছি, তারা সরকারের এ বলিষ্ঠ উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের বিশ্বাস, সরকার গৃহীত নতুন কৌশলের আওতায় অতিদরিদ্র পরিবার নির্বাচনপ্রক্রিয়া আরও সুষ্ঠু হবে এবং এসব পরিবার উপযুক্ত সহায়তার মাধ্যমে বরাবরের মতো দারিদ্র্যমুক্ত হবে। এই বিপুল কর্মযজ্ঞে সরকার বেসরকারি উন্নয়ন খাত ও ব্যক্তি খাতকেও সঙ্গে নেবে বলে আমরা আশা করি।

ডা. মুহাম্মাদ মুসা 

নির্বাহী পরিচালক, ব্র্যাক

ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচির গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ যেভাবে কাজ করে, তথ্যসূত্র: অতিদরিদ্র কর্মসূচি, ব্র্যাক
ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচির গ্র্যাজুয়েশন অ্যাপ্রোচ যেভাবে কাজ করে, তথ্যসূত্র: অতিদরিদ্র কর্মসূচি, ব্র্যাক