প্যাকেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হায়াত
আবুল হায়াত

টেলিভিশন নাটক নিয়ে চালু রয়েছে অদ্ভুত এক শব্দ—‘প্যাকেজ’। হ্যাঁ, প্যাকেজ নাটক। এই শব্দের উদ্ভাবক সম্ভবত বাংলাদেশ টেলিভিশন। তারাই সরকারি চত্বর থেকে টিভি নাটককে জনগণের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাতে বলা হয়েছিল, সপ্তাহে এক দিন বেসরকারিভাবে নির্মিত নাটক সরকারি চ্যানেলে প্রচারিত হবে। একটি মোড়কের মধ্যে সবকিছু—নাটক রচনা, পরিচালনা, অভিনয়, কারিগরি সহায়তা ইত্যাদি সব থাকবে।
১৯৯৫ সালে প্যাকেজ নাটক নির্মিত হলো এবং বিটিভিতে প্রচার শুরু হলো। যত দূর মনে পড়ে, বেসরকারি চ্যানেল বলতে ছিল কেবল এটিএন বাংলা। তারা তখনো নাটক প্রচার শুরু করেনি। সে সময় ইমপ্রেস টেলিফিল্ম প্রচুর নাটক নির্মাণ করে প্রচার করত বিটিভিতে।
প্রথম বেসরকারি নাটকটি নির্মাণ করেছিলেন আতিকুল হক চৌধুরী। প্রযোজক ছিলেন আরেফীন বাদল, অভিনয়ে বিপাশা, নোবেল ও আমি। নামটি বোধকরি প্রাচীর পেরিয়ে। নাটক খুব ভালো হয়েছিল, তা বলা যাবে না। তবে আজকের চ্যানেলগুলোতে নাটক নিয়ে যে রমরমা ব্যবসা চলছে, তার সূত্রপাত সেখান থেকেই।
এরপর অনেকেই কোমর বেঁধে নামলেন প্যাকেজ নাটক নির্মাণ করতে। নতুন নতুন প্রতিষ্ঠান জন্ম নিল এ কাজের জন্য। যেহেতু প্রাইভেট সেক্টর, বাধা রইল না কোনো, যে-কেউ নির্মাণ করতে পারেন নাটক। মানের প্রশ্ন? কে তোলে সে প্রশ্ন? সবার শুধু ফুটেজ চাই। তাই আজকাল বেশির ভাগ ক্ষেত্রেই ফুটেজ তৈরি হচ্ছে। অন্তত দর্শকের অভিযোগ তো তা-ই।

প্রথম দিকে যাঁরা নাট্য নির্মাণে এগিয়ে এলেন, তাঁদের মধ্যে রয়েছেন আখতার ফেরদৌস রানা, হ‌ুমায়ূন আহমেদ, মামুনুর রশীদ, আবদুল্লাহ আল-মামুন, সাইদুল আনাম টুটুল প্রমুখ। এই অধমও তালিকায় যুক্ত হলো একসময়। বলা যেতে পারে, সাড়া পড়ে গেল দিকে দিকে—প্যাকেজ নাটক বানাতে হবে। শুধু নাটকেই সীমাবদ্ধ রইল না প্যাকেজ। নাচ, গান, ম্যাগাজিন অনুষ্ঠান প্রভৃতি নিয়েও অনুষ্ঠান তৈরি হতে শুরু হলো। গড়ে উঠল বিরাট এক ইন্ডাস্ট্রি।

ইন্ডাস্ট্রি যত বড়ই হোক, প্যাকেজ শব্দটা রয়ে গেল যথাস্থানে, তবে কেউ কেউ প্যাকেটও বলেন রস করে। এই শব্দ নিয়ে নানা রঙ্গ, ব্যঙ্গ, তামাশা হতে থাকল। প্যাকেজের হাল-হকিকত নিয়ে নাট্যনির্মাতারাও নেমে পড়লেন মাঠে প্রহসন নির্মাণে। মনে পড়ে, হ‌ুমায়ূন আহমেদ—নিজেই ইন্ডাস্ট্রির অগ্রপথিক হয়ে প্যাকেজ নিয়ে ব্যঙ্গ করে নাটক নির্মাণ করেছিলেন। আসলেই হিড়িক পড়ে গিয়েছিল প্যাকেজ নাটক বানানোর। এই আমার কাছেই কত মানুষ আসতেন, এখনো আসেন; নাটক বানাবেন। বেশির ভাগেরই দুটো উদ্দেশ্য—এক. ব্যবসা করে লাভবান হবেন। দুই. নিজে অথবা স্ত্রী অথবা নিকটাত্মীয়কে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবেন। এঁদের কেউ ফিক্সড ডিপোজিটের টাকা তুলে আনতেন, কেউ মায়ের গয়না বিক্রি করে, কেউবা মাটির ব্যাংক ভেঙে। অনেকে এক ফালি জমি বিক্রির টাকা নিয়ে হাজির হতেন। আমি যে কতজনকে বুঝিয়ে ফিরিয়েছি, তার ইয়ত্তা নেই। তবে অনেকেই দুই নম্বরি নির্মাতাদের হাতে পড়ে, প্রতারিত হয়ে সর্বস্ব খুইয়ে বাড়ি ফিরে গেছেন।

একটা ঘটনা মনে পড়ে চারুকলায়। বিপাশার এক কার্পেন্টার একদিন তাকে প্রস্তাব করে, ‘আপা, একটা নাটক লিখছি। প্যাকেজ বানামু। আপনেরে পাট করতে হইব।’ অনেক কষ্টে বিপাশা তাকে দমন করেছিল এমন বাসনা থেকে।

তারপরও অনেকে এ ধরনের নাটক বানিয়েছেন, যা কোনো দিনই কোনো চ্যানেলের মাধ্যমে আলোর মুখ দেখেনি। এখন তাঁরা বাড়িতে বসে আত্মীয়স্বজন ডেকে ডিভিডিতে দেখে দেখে আশ মেটান এমন সৃষ্টির ‘আনন্দ-বিষাদে’।

একজনের কথা মনে পড়ছে এই মুহূর্তে—টাকা নিয়ে এসেছিলেন ফিক্সড ডিপোজিট থেকে তুলে। নাটক বানাবেন হবু শ্বশুরকে দেখানোর জন্য—তারপর নিজেকে একজন নাট্যশিল্পী হিসেবে পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব উপস্থাপন করবেন। আমি যথারীতি ফেরত দিলেও, তিনি নাটকটি বানিয়েছিলেন কাউকে দিয়ে, সেটা প্রচারও হলো। তাঁর হবু শ্বশুরবাড়ির সবাই দলবেঁধে দেখলেন। কিন্তু বিয়েটা আর হলো না। কারণ, অপ্রয়োজনীয় চরিত্র এবং সেই চরিত্রের ভদ্রলোকের অতি নিম্নমানের অভিনয়ের কারণে চ্যানেল থেকে নাটকের ওই অংশ কেটে বাদ দেওয়া হয়েছিল।

তা সে বিয়ে হোক আর না-ই হোক, প্যাকেজ কিন্তু এগিয়েছে। নাম হয়েছে অনেক। বদনামও কম হয়নি। নতুন নতুন মেধাবী ছেলেমেয়ে নাট্যকার, অভিনয়শিল্পী, নির্মাতা, চিত্রগ্রাহক, কলাকুশলী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। নাটকের মানও অভূতপূর্ব একটি অবস্থানে উন্নীত হয়েছে। অন্যদিকে, ওই বলেছিলাম বেশ কিছু ব্যক্তি ইন্ডাস্ট্রিতে জেঁকে বসে শুধুই ফুটেজ তৈরি করে ফুলে-ফেঁপে উঠেছেন।

যাঁরা শুধু সৃষ্টির লক্ষ্যে কাজ করতে চান, তাঁদেরই সমস্যার শেষ নেই। কারণ, এখন চ্যানেল সরাসরি নির্মাতাদের প্যাকেজ অফার করছে না। এজেন্সির মাধ্যমে যেতে হচ্ছে। ফলে মধ্যস্বত্বভোগীদের লাভের ব্যবসা রমরমা। নির্মাতাদের বাজেটে ‘কাট’ হচ্ছে—মানের ওপর প্রভাব পড়ছে অবধারিতভাবেই।

সরকারও লেগে পড়েছে নাটক নির্মাণের পেছনে। আমাদের কর পরিশোধকেরা লগ্নীকৃত টাকার ওপর ১০ শতাংশ কর বসিয়েছে। এভাবেই চলছে প্যাকেজ। তারপরও প্যাকেজ থেমে নেই। খরস্রোত বয়ে চলেছে প্যাকেজের। বিটিভি ঈদে প্যাকেজ নাটক নিয়ে স্পনসরের মাধ্যমে তা প্রচার করে। এতে অনেকে মোটা টাকা লাভ করেন। সুতরাং দেশের আপামর ব্যক্তি ঝাঁপিয়ে পড়ছেন এই কাজটির জন্য। শুনেছি বড় এমপি-মন্ত্রীরা পর্যন্ত নাকি জড়িত হয়ে পড়েছেন প্যাকেজ নাটকের ব্যবসায়।

আমি এসবকিছুকে খুব নেতিবাচক দৃষ্টিতে দেখতে চাই না। প্রতিযোগিতা হলেই তো মান-উন্নয়ন হবে! তাই না? হ্যাঁ, প্যাকেজের মাধ্যমে এই শিল্পের উন্নতি হয়েছেই। যতই ফালতু ফুটেজ তৈরি হোক—ভালো নাটক হচ্ছে, হবেও। এবং সেটা প্যাকেজের মাধ্যমেই। শুধু একটা কিছু ‘নীতি’ দরকার। নিয়ম দরকার। চ্যানেলগুলোর কঠোর খবরদারি দরকার মান নিয়ন্ত্রণের ব্যাপারে।

জয় হোক ‘প্যাকেজ নাটকের’।