প্রতিদিন পড়ো, নিজে থেকে পড়ো

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। এ পরীক্ষা নিয়ে তোমরা কোনো রকম ভয় পাবে না, টেনশন করবে না। মনে রাখবে, প্রতিটি বিষয়ের সবকিছুই তোমার পড়া পাঠ্যবইয়ের ভেতর থেকেই থাকবে।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় ভালো করতে হলে তোমার পাঠ্যবই খুব গুরুত্বপূর্ণ। তাই ভালো করে পাঠ্যবইটি পড়ো। সারা বছর যা পড়েছ, তা-ই এখন রিভিশন দাও মনোযোগ দিয়ে। দেখবে, সাফল্য আসবেই। মনে আত্মবিশ্বাস রেখো। দেখবে, পরীক্ষাটা খুব সহজেই ভালো হবে। অযথা কোনো রকম দুশ্চিন্তা করবে না।
প্রতিদিন পড়ো, নিজে থেকে পড়ো, বুঝে বুঝে পড়ো। সারা দিন শুধু পড়বে না, মাঝেমধ্যে বিশ্রাম নেবে, প্রয়োজনে শিক্ষক, মা-বাবার সঙ্গে কথা বলবে। পরীক্ষার আগে বেশি রাত জেগে পড়াশোনা করবে না।
প্রতিটি বিষয়ে ৫০ নম্বর প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক আর বাকি ৫০ নম্বর থাকবে গতানুগতিক ধারায়। যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জেনে-বুঝে যথাযথভাবে লিখবে।
সবশেষে বলব, পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমে খুব ভালো করে প্রশ্নটি পড়বে। লেখা শেষ করে পুরো খাতাটি রিভিশন দিতে ভুলবে না।
সবার জন্য আমার শুভেচ্ছা থাকল। তোমাদের জন্য মা-বাবা কত কষ্ট করেন, শিক্ষকেরা কত চিন্তায় থাকেন। সমাজ ও দেশ তোমাদের নিয়ে কত আশা করে। তোমরা অবশ্যই সাহস নিয়ে পরীক্ষা দেবে, মন খারাপ করবে না। আরও ভালো করার স্বপ্ন দেখবে। আশা করি, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমরা ভালো ফলাফলও করবে।
ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন
অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা