প্রথম প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়দেবপুরে জনতার প্রতিরোধযুদ্ধ
জয়দেবপুরে জনতার প্রতিরোধযুদ্ধ

অক্টোবর ১৯৭০ থেকে আমি দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ড ছিলাম। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে ক্রমবর্ধমান রাজনৈতিক সংকট আমাদের মনে আলোড়ন সৃষ্টি করে। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে দুটি দায়িত্ব দেওয়া হয়। প্রথমত, ময়মনসিংহ ও টাঙ্গাইলে আইনশৃঙ্খলা রক্ষা করা; দ্বিতীয়ত, রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলার অজুহাতে ভারত পূর্ব পাকিস্তান আক্রমণ করলে তা প্রতিরোধ করা। ১ মার্চ দুটি কোম্পানিসহ আমি টাঙ্গাইল ও ময়মনসিংহে অবস্থান নিই। সদর দপ্তর স্থাপন করি টাঙ্গাইলে। বাকি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ হোসেন খানের নেতৃত্বে জয়দেবপুর রাজবাড়িতে অবস্থান নেয়। সেনাবাহিনীর পরিকল্পনা আমার কাছে ধোঁকাবাজি বলে মনে হয়েছিল। সেখানে সৈন্য মোতায়েন করার মতো পরিস্থিতি ছিল না। উপরন্তু সীমান্ত থেকে ৮০ মাইল দূরে থাকা দুই কোম্পানি সৈন্য নিয়ে ভারতীয় আক্রমণ প্রতিহত করা কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না।
১ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া রেডিওর মাধ্যমে জাতীয় পরিষদ অধিবেশন স্থগিতের ঘোষণা করেন। ঘোষণাটি বাঙালির মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা রাস্তায় বেরিয়ে আসে। সৈনিকদের মনেও একই অবস্থার উদ্ভব হয়। আমাদের সৈনিকেরা নির্দেশের জন্য আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা নীরব মিনতির চোখে তাকিয়ে থাকি উৎসমুখের দিকে। ৭ মার্চ শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণ থেকে নির্দেশনা পাওয়ার আশায় আমরা অপেক্ষা করতে থাকি।
৭ মার্চের আগের দিনগুলোতে ছিল চাপা উত্তেজনা। টাঙ্গাইলে বেসামরিক প্রশাসনের প্রায় কোনো অস্তিত্বই ছিল না। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ শোনার জন্য বাঙালি জাতির সঙ্গে আমরাও আগ্রহভরে রেডিওর পাশে বসে থাকি। কিন্তু লাখো বাঙালিকে হতাশ করে ট্রান্সমিশন বন্ধ করে দেওয়া হয়। যাহোক, পরে শেখ মুজিবের ভাষণ প্রচারিত হয়। জাতি তাঁর অসহযোগ আন্দোলনে সাড়া দেয়। অনিশ্চিত আবহাওয়া এবং ভীতিকর ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমাদের সৈনিকেরা উচ্চ মানসিক শক্তি বজায় রাখে।
ইতিমধ্যে গভর্নরের দায়িত্ব নিয়ে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান ঢাকা পৌঁছে গেছেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল ইয়াকুব খানের কাছ থেকে পূর্বাঞ্চল কমান্ডের দায়িত্ব নেন। বিদায়ের প্রাক্কালে ইয়াকুব হেলিকপ্টারে জয়দেবপুরে এসে দ্বিতীয় বেঙ্গলের সমাবেশে ভাষণ দেন। বিশুদ্ধ বাংলায় দেওয়া তাঁর ভাষণের অংশবিশেষ হচ্ছে এ রকম: ‘প্রশিক্ষণকালে আপনারা সামরিক কার্যক্রমের ক্ষেত্রে যে কৌশলগত ক্ষমতার পরিচয় দিয়েছেন, তা দেখে আমি অভিভূত হয়েছি। শত্রুর মোকাবিলা করার জন্য আপনারা প্রশিক্ষণপ্রাপ্ত। আপনারা যে দক্ষতা অর্জন করেছেন তা উল্লেখ করতেই হয়। বর্তমানে চলমান অবস্থা থেকে দেশকে আপনারা উদ্ধার করবেন, দেশ ও জনগণ আপনাদের কাছে তা-ই প্রতাশা করে। আমি বিশ্বাস করি, টাইগারের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে দেশের কাজে আপনারা এগিয়ে আসবেন। আমার দৃঢ়বিশ্বাস, আপনারা আপনাদের ঐতিহ্য বজায় রাখবেন।’ এসব কথা বলার সময় তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
সার্বিক পরিস্থিতি খুবই ঘোলাটে মনে হচ্ছিল। সামনে কী হবে কিছুই বোঝা যাচ্ছিল না। নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করি। সৈনিকদের সতর্ক অবস্থায় রাখা হয়। রাজবাড়িতে এক কোম্পানি সৈন্য সশস্ত্র অবস্থায় প্রস্তুত রাখি। ঢাকা-ময়মনসিংহ সড়কে অস্বাভাবিক সৈন্য চলাচল হচ্ছে কি না দেখার জন্য এক প্লাটুন সৈনিক রাজবাড়ির বাইরে থাকে। চৌরাস্তার সিনেমা হলে একজন প্রহরীকে টেলিফোনসহ নিয়োজিত করা হয়। তার দায়িত্ব হলো জয়দেবপুরের দিকে অগ্রসরমাণ কোনো সামরিক যান দেখার সঙ্গে সঙ্গে ব্যাটালিয়ন সদর দপ্তরকে অবহিত করা। রাজবাড়ির ছাদে পানির ট্যাংকের ওপর মোতায়েন করা হয় আরেকজন প্রহরী।
আমাদের হাতে কিছু অতিরিক্ত অস্ত্র ছিল। এসব অস্ত্র জমা দেওয়ার নির্দেশ আসে। আমরা আদেশটি কার্যকর করার জন্য প্রস্তুতি নিই। গুজব ছড়িয়ে পড়ে যে আমাদের ব্যাটালিয়নকে নিরস্ত্র করা হচ্ছে। এলাকার জনগণ আমাদের নিরাপত্তার জন্য চিন্তিত হয়ে পড়ে। ১৭ মার্চ তারা জয়দেবপুর ও টঙ্গীর মধ্যবর্তী সড়কে কমপক্ষে ৫০টি ব্যারিকেড বা প্রতিবন্ধক তৈরি করে। টঙ্গী-জয়দেবপুর সড়কটি আমাদের সরবরাহ আনা-নেওয়ার জন্য একমাত্র সড়ক ছিল। এই ব্যারিকেডগুলো আমাদের জন্যও অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। আমরা জনসাধারণের সঙ্গে কোনো সংঘাতেও জড়াতে চাইনি। অনেক কষ্টে আমরা তাদের আমাদের সমস্যাটি বোঝাতে সক্ষম হই। তারপরেও ওরা ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে কথা বলতে চায়। ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল মাসুদ হোসেন খানও তাদের পরিস্থিতিটি বুঝিয়ে বলেন। ওরা ব্যারিকেড সরিয়ে নিতে সম্মত হলেও তা কার্যকর করেনি। এর ফলে আমাদের সৈনিকদেরই ব্যারিকেড সরাতে হয়। আমরা একদিকে ব্যারিকেড সরালে জনতা আরেক দিকে ব্যারিকেড তৈরি করে ফেলছিল। এভাবে ব্যারিকেড ভাঙা-গড়ার পালা চলছিল। পাকিস্তানি কমান্ডাররা আমাদের এ কাজ সন্দেহের চোখে দেখতে শুরু করে।
১৯ মার্চ সকাল ১০টায় ৫৭তম ব্রিগেড সদর দপ্তর থেকে বেতারবার্তা আসে, ‘কমান্ডার ব্রিগেডিয়ার আরবাব তাঁর সহযাত্রী রক্ষীদের নিয়ে আপনাদের সঙ্গে দুপুরের খাবার খাবেন। তিনি গাজীপুর অস্ত্র কারখানাও দেখবেন।’ বেলা ১২টায় ব্রিগেডিয়ারের কাছ থেকে আরেকটি বার্তা আসে, ‘আমি এখন চৌরাস্তায়। আমি এদিকের কয়েকটি ব্যারিকেড সরিয়ে দিয়েছি। ব্যারিকেড সরানোর কাজে জনসাধারণকে ব্যবহার করছি। আপনারাও আপনাদের দিকের ব্যারিকেড সরিয়ে ফেলুন এবং রাস্তায় এসে আমার সঙ্গে মিলিত হোন। যদি কোনো বাধা আসে, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন।’ নির্দেশ অনুযায়ী আমরা রওনা হলাম। ব্যারিকেড সরানোর কাজে আমাদের জওয়ানরা নিয়োজিত হলো। পক্ষান্তরে ব্রিগেডিয়ার আরবাব লোকজন ধরে এনে তাদের রাস্তা পরিষ্কার করাতে বাধ্য করান। আদেশ অমান্যকারীদের বেদম প্রহার করা হয়। বেলা দেড়টার সময় ব্রিগেডিয়ার তাঁর অনুচর নিয়ে জয়দেবপুরে পৌঁছান। অনুচরদের মধ্যে ছিলেন কয়েকজন অফিসারসহ নানা পদের ৭০ জন সৈনিক। সৈনিকেরা সবাই ৩২তম পাঞ্জাব রেজিমেন্ট থেকে আগত। ওদের প্রত্যেকের হাতে ৭ দশমিক ৬২ মিলিমিটার চীনা লাইট মেশিনগান। অর্থাৎ, একটি পুরো পদাতিক ব্যাটালিয়নের স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করার ক্ষমতা ওদের রয়েছে। ৭০ জন সশস্ত্র জওয়ান গাড়ি থেকে নেমে এক স্থানে জড়ো হয়। দৃশ্যটি আমাদের কাছে ভালো মনে হয়নি। ওরা যা করছে তা উসকানি ছাড়া আর কিছু নয়।
নিরস্ত্র করা বা অস্ত্র কেড়ে নেওয়ার আশঙ্কা আমাদের মনে কাজ করছিল। রাজবাড়িতে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা তৈরি ছিলাম। আমাদের জওয়ানরা যুদ্ধ-পোশাকে সশস্ত্র অবস্থায় তৈরি ছিল। ব্রিগেডিয়ার প্রাসাদ-প্রাঙ্গণে প্রবেশ করে ঘুরে ঘুরে রাজবাড়িটি দেখেন। আমাদের প্রস্তুতি দেখে তাঁর মনে সন্দেহ হয়। তিনি জিজ্ঞেস করেন, ‘এসব প্রস্তুতির অর্থ কী?’ আমি জবাব দিই, ‘এখনকার অবস্থা খারাপ। উন্মত্ত জনতা যেকোনো মুহূর্তে আমাদের আক্রমণ করতে পারে। তা ছাড়া সীমান্ত পরিস্থিতির কারণে আমাদের স্বল্প সময়ের নোটিশে বেরিয়ে যাওয়ার নির্দেশও রয়েছে।’ ব্রিগেডিয়ার গম্ভীর হয়ে ওঠেন।
দুপুরের খাওয়ার সময় খবর এল, একদল মারমুখো জনতা বাজার এলাকার রেলক্রসিংয়ে রেলওয়ে ওয়াগন দিয়ে বিশাল ব্যারিকেড তৈরি করেছে। এ সংবাদে ব্রিগেডিয়ার ক্রোধান্বিত হন এবং কর্নেল মাসুদকে নির্দেশ দেন, ‘২০ মিনিটের মধ্যে এই ব্যারিকেড সরাতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ শক্তি নিয়োগ করুন।’
ব্যারিকেড সরানোর দায়িত্ব দেওয়া হয় মেজর মঈনুল হোসেনকে। মঈন তাঁর কোম্পানি নিয়ে দ্রুতবেগে ব্যারিকেডের কাছে পৌঁছান। ব্যারিকেডের স্টেশনের দিকের চেয়ে বাজার এলাকার দিকের জনতা অপেক্ষাকৃত শান্ত ছিল। মঈন স্টেশনের দিকের জনতাকে ব্যারিকেড সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। মঈনের অনুরোধ জনতা প্রত্যাখ্যান করে। মঈন সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতা হাবিবুল্লাহ ও শ্রমিক নেতা আবদুল মোত্তালিবের কাছে যান এবং তাঁদের পরিস্থিতি সমাধানের জন্য অনুরোধ করেন। নেতারা জনতাকে মঈনের কথামতো কাজ করতে অনুরোধ করেন। এরই মধ্যে ব্রিগেডিয়ার আরবাব তাঁর সৈন্য দল নিয়ে ঘটনাস্থলে আসেন।
ব্রিগেডিয়ারকে দেখে জনতা উত্তেজিত হয়ে ওঠে। মঈন ব্রিগেডিয়ারকে জানান, নেতারা তাঁর সঙ্গে কথা বলতে চান। তিনি তাতে অসম্মতি জানান, তাচ্ছিল্যের সঙ্গে বলেন, ‘আমি ওদেরকে দেখতে চাই না। ওদের বলুন ব্যারিকেড সরিয়ে চলে যেতে।’ ব্রিগেডিয়ারের মেজাজ ও মঈনের সৈন্য সমাবেশ দেখে জনতা আতঙ্কিত ও বিশৃঙ্খল হয়ে ওঠে।
আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। রেশন নেওয়ার জন্য টাঙ্গাইল থেকে আমাদের পাঁচজন সৈনিক জয়দেবপুর আসছিল। জয়দেবপুরে কী ঘটছে, ওরা জানত না। বাজারে পৌঁছানোর পরে জনতা তাদের আটক করে পশ্চিম পাকিস্তানি সৈন্যদের ওপর গুলি চালাতে চাপ দেয়। সৈনিকেরা বিভ্রান্ত হয়ে পড়ে। কী করা উচিত, ওরা তা বুঝতে পারছিল না। জনতা তাদের মারধর করে একটি ঘরে নিয়ে গিয়ে তালাবদ্ধ করে রাখে। তাদের চারটি রাইফেল ও একটি সাব-মেশিনগান কেড়ে নেয়। দুজন বাঙালি সৈনিক, গাড়িচালক ও হেলপার কোনোভাবে সেখান থেকে পালিয়ে মঈনের কাছে আসে। পালিয়ে আসা সৈনিকেরা ব্রিগেডিয়ারকে জানায়, রাজবাড়িতে আসার পথে জনতা গাড়ি থামিয়ে তাদের পাঁচজন সৈনিককে ধরে নিয়ে গেছে এবং বল প্রয়োগ করে অস্ত্রশস্ত্র অপহরণ করেছে। ব্রিগেডিয়ার আরবাব ‘গুলিবর্ষণ করা ও ব্যারিকেড সরানোর’ আদেশ দেন। মঈন বিউগল বাজিয়ে পতাকা উত্তোলন করে জনতাকে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু জনতা নির্ভয়ে দাঁড়িয়ে থাকে। ছত্রভঙ্গ করার জন্য মঈন প্রথমে নিচের দিকে, আর পরে মাথার ওপর দিয়ে ফায়ার করার আদেশ দেন।
ব্রিগেডিয়ার আরবাব সরাসরি জনতার ওপর গুলি করার আদেশ করেন। জনতার মধ্য থেকেও গুলি হয়। সৈনিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সাব-মেশিনগান দিয়ে মসজিদের ছাদ থেকে ব্রিগেডিয়ারকে লক্ষ্য করে গুলি করা হয়। সৌভাগ্যক্রমে লক্ষ্য ব্যর্থ হয়ে তিনি বেঁচে যান। ব্রিগেডিয়ার উন্মত্ত হয়ে আবার নির্দেশ দেন, ‘আমি চাই প্রতিটি বুলেটের জন্য একটি করে লাশ। তোমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে আমি আমার সৈনিকদের ব্যবহার করব।’ ঘটনা বিপজ্জনক দিকে মোড় নেয়। মেজর মঈন সঠিক লক্ষ্যে গুলি করার নির্দেশ দেন। গুলিবিদ্ধ হয়ে একজন মাটিতে পড়ে যায়। জনতা ছত্রভঙ্গ হয়ে পড়ে। জনতার এলোপাতাড়ি গুলিতে আমাদের কয়েকজন সৈনিকও আহত হয়।
গুলির শব্দ শুনে আমি রাজবাড়িতে থাকা বাকি সৈন্যদের পশ্চিম পাকিস্তানি সৈন্যদের পেছনে অবস্থান নেওয়ার নির্দেশ দিই। আমার লক্ষ্য ছিল জনতা তাদের পরাস্ত করলে মেজর মঈনের কোম্পানিকে সাহায্য করা। আমি ব্রিগেডিয়ারসহ পশ্চিম পাকিস্তানি সৈন্যদের ওপরেও নজর রাখছিলাম। কেননা তাদেরও কুমতলব থাকতে পারে।
প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি লড়াই চলে। জনতার প্রতিরোধ ধীরে ধীরে স্তিমিত হতে থাকে। তারা এলাকা ছেড়ে চলে যাওয়ার পর আমরা ব্যারিকেড সরিয়ে ফেলি। ব্রিগেডিয়ার ঢাকার পথে রওনা হন। যাওয়ার আগে অস্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি গাজীপুর, জয়দেবপুর ও চৌরাস্তায় কারফিউ জারি করার নির্দেশ দিয়ে যান। জনতার হতাহতের সংখ্যা জেনে ব্রিগেডিয়ার হতাশ হন। প্রশ্ন করেন, মাত্র দুজনকে হত্যার জন্য কেন ৬৩ রাউন্ড গুলি খরচ হলো? ফেরার পথে জয়দেবপুর চৌরাস্তায় জনতাকে ছত্রভঙ্গ করার জন্য তিনি আবারও গুলি চালানোর নির্দেশ দেন। সেখানেও দুজন নিহত এবং অজ্ঞাতসংখ্যক আহত হয়।
ওই দিন পাঁচটার দিকে মসজিদের কাছাকাছি একটি ঘর থেকে আমরা নিখোঁজ জওয়ানদের উদ্ধার করি। পরদিন লোকজনের সাহায্যে চারটি রাইফেলও পাওয়া যায়। তিন-চার দিন পরে গফরগাঁও থেকে সাব-মেশিনগানটি উদ্ধার করা হয়।
এমন পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দেওয়া হলে দুর্ভাগ্যজনক ঘটনাটি সহজেই এড়ানো যেত। প্রয়োজন ছিল শুধু ধৈর্য ও কৌশলের, উসকানির নয়। ক্ষমতার আস্ফালন ও ‘সর্বোচ্চ বলপ্রয়োগ’ জনতাকে উন্মত্ত করে তোলে। ওদের গুলি করা হলে আত্মরক্ষার্থে ওরাও পাল্টা গুলি করে। আমরা নিজের মানুষদের হত্যা করতে পারি কি না, আমাদের জন্য ঘটনাটি ছিল তারও একটি পরীক্ষা। এ পরীক্ষায় আমরা ব্যর্থ হই।
১৯ মার্চে জয়দেবপুরের প্রতিরোধযুদ্ধই ছিল ২৬ মার্চের আগে জনতার একমাত্র প্রতিরোধযুদ্ধ। এই ঘটনা বাঙালি সৈনিকদের ওপর বিরাট প্রভাব ফেলে। তারা বেশ ক্ষুব্ধ হয়। ওই রাতেই আমাদের পাঁচজন সৈনিক ব্যাটালিয়ন ছেড়ে পালিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় গোলাবারুদসহ চারটি রাইফেল আর একটি সাব-মেশিনগান।
মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম: মুক্তিযুদ্ধকালে এস ফোর্স ও ৩ নম্বর সেক্টরের অধিনায়ক; সাবেক সেনাপ্রধান।