প্রথমে থাপ্পড়, পরে চুমু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক তুলসী রঞ্জন ধর ও তাঁর ছাত্র কামরুল হাসান।
শিক্ষক তুলসী রঞ্জন ধর ও তাঁর ছাত্র কামরুল হাসান।

শুরুর দিকে আমি খুব সাধারণ মানের ছাত্র ছিলাম। তখন কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ি। প্রথম সাময়িক পরীক্ষায় গণিতে ৪৬ নম্বর পেয়েছি বলে আমার প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় তুলসী রঞ্জন ধর আমার বাম গালে একটা থাপ্পড় দিয়ে লাল করে দিয়েছিলেন। থাপ্পড়টা নম্বরের জন্য দেননি, দিয়েছিলেন গণিতকে অহেতুক ভয় পেতাম বলে।

স্যার তারপর লেগে পড়লেন আমাকে নিয়ে। এমনকি শুক্রবারেও স্যার আমাকে গণিত বোঝাতেন। স্যার আমার ভেতর থেকে গণিতভীতি দূর করে দিয়েছিলেন। সব থেকে বড় কথা, আমার মতো মাঝারি মানের ছাত্রও যে পরিশ্রম করলে শুধু গণিতে না, জীবনেও খুব ভালো করতে পারব—এই বিশ্বাসটা মনের ভেতর ঢুকিয়ে পাল্টে দিয়েছিলেন আমার পরবর্তী জীবনের গতিপথ।

বিশ্ববিদ্যালয়ে আসার পর বুঝেছি, পড়াশোনার বাইরে স্যার আমাকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা শিখিয়েছেন তা হলো—সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা। আমি তো স্যারের খাবার খাওয়ার কক্ষে গিয়েও পড়তাম। আমাদের ভেতর ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। পুরো পাঁচটা বছর স্যার আমাদের এভাবেই মানুষ করেছেন। স্যারের সহধর্মিণী, মানে আমাদের আন্টি প্রায়ই মাথায় হাত বুলিয়ে দিতেন। সেই মাতৃস্নেহ কি আর ভোলা যায়?

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয়। ছবি: লেখক
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয়। ছবি: লেখক



তারপর সময় গড়িয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা এল। পরীক্ষা শেষে ফলাফল প্রকাশিত হলো। ক্লাসের সবাইকে অবাক করে আমি গণিতে যৌথভাবে সর্বোচ্চ ৯২ নম্বর পেলাম। উত্তরপত্র নিয়ে যখন স্যারের বাসায় যাই, স্যার আমাকে জড়িয়ে ধরে পরিবারের সবার সামনে ওই বাম গালেই চুমু দিয়ে দিলেন। বললেন, ‘আগের বার থাপ্পড় দিয়ে লাল করেছিলাম, এবার চুমু দিয়ে লাল করে দিলাম।’

আমার শৈশবের ওই তুলতুলে গালটা কি চুমুর জন্য লাল হয়েছিল নাকি লজ্জায়—সেই রহস্য আজও উদ্ধার করতে পারিনি।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়